ব্রিটিশদের বিচ্ছেদের পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে স্বার্থের উপনিবেশবাদী ভূখণ্ডে যাদের সূর্য অস্ত যেত না, সেই ব্রিটিশ সাম্রাজ্যের ভূখণ্ড ক্রমেই সংকুচিত হয়ে আসছে। নিজ মহাদেশীয় ঐক্য থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে আরও স্বদেশীয় স্বার্থের তাগিদে।

৪৪ বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একজোট হয়ে থাকার পর গত ২৯ মার্চ ব্রাসেলসে জোটের বিধি অনুযায়ী থেরেসা মের সরকার জোট থেকে বের হয়ে যাওয়ার চিঠি দাখিল করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপে যখন জাতিতে জাতিতে অবিশ্বাস আর সন্দেহের দোলাচল, সেই সময় ১৯৪৬ সালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল জুরিখ বিশ্ববিদ্যালয়ে একটি বিখ্যাত বক্তৃতায় বলেছিলেন, ‘ইউরোপে আমাদের একধরনের যুক্ত ইউরোপীয় রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করা প্রয়োজন। আর ফ্রান্স ও জার্মানি এ ধরনের জোটের দায়িত্ব নিতে পারে।’

১৯৭৩ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের নেতৃত্বে ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগ দিলেও অনেক রক্ষণশীল ও লেবার দলীয় ব্রিটিশ প্রধানমন্ত্রীরা বা তাঁদের সরকার প্রথম থেকেই ইউরোপীয় ইউনিয়নকে মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। জোটের মধ্যে ব্রিটিশদের ধরি মাছ না ছুঁই পানি আচরণে বিরক্ত হয়ে ১৯৮৩ সালে ফরাসি প্রেসিডেন্ট চার্লস দ্য গল বিরক্ত হয়ে বলেছিলেন, ব্রিটিশরা আদতে ইউরোপে শুধু একটি দ্বীপরাষ্ট্র।

ইউরোপীয় ইউনিয়নে থাকার কারণে যুক্তরাজ্যের কী ক্ষতি বা লাভ হচ্ছে, এই বিষয়টি এখন পুনরায় সামনে এসেছে। সামাজিক, অর্থনৈতিক ও লন্ডনের ব্যাংক সেক্টরগুলোতে যুক্তরাজ্যের দৈন্যদশা হঠাৎ করেই শুরু হয়ে যায়নি আর সমস্যাগুলো অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হয়েছে।

পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে ক্ষমতার ও অর্থনৈতিক বাজেটের বিকেন্দ্রীকরণের যে ব্যবস্থা চালু রয়েছে, যুক্তরাজ্যের ক্ষেত্রে তা ততোধিক কেন্দ্রীয় বা লন্ডন থেকে শাসিত। ২০১০ সাল থেকে ডেভিড ক্যামেরনের লিবারেল-রক্ষণশীল সরকার বিকেন্দ্রীকরণের প্রচেষ্টা নিয়ে ম্যানচেস্টার, লিভারপুল, লিডস, শেফিল্ড, নিউক্যাসল প্রভৃতি শহরে নতুন করে বাণিজ্য ও বিনিয়োগ কাঠামো গঠনের চেষ্টা করেছেন। এসবের বাইরে শিক্ষাক্ষেত্রেও মার্গারেট থ্যাচারের সময় ভোকেশনাল ট্রেনিং স্কুলগুলো তুলে দেওয়ার ফলে যুক্তরাজ্যের অনেক ছোট ও বড় শিল্পকারখানায় দক্ষ শ্রমিকদের অভাব ছিল।

২০০৪ সালে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নিউ লেবার–দলীয় সরকার ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্যদেশগুলোর শ্রমিকদের যুক্তরাজ্যে চাকরি করার অনুমতি দিয়েছিল। ওই সময় যুক্তরাজ্যজুড়ে নানা শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ অথচ সুলভ শ্রমিকদের চাহিদা মেটাতে থাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর বেকার অথচ দক্ষ শ্রমিকেরা। এভাবে পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়াসহ আরও কিছু দেশের বিপুলসংখ্যক সুলভ শ্রমিক যুক্তরাজ্যের নানা সেক্টরে কাজ করছেন।

যুক্তরাজ্যে এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর প্রায় ৩৩ লাখ নাগরিক অবস্থান করছেন, আর তাঁদের মধ্য চাকরিতে নিয়োজিত রয়েছেন ২১ লাখ মানুষ। অন্যদিকে ইউনিয়নভুক্ত দেশগুলোতে ১২ লাখ যুক্তরাজ্যের নাগরিক বসবাস করছেন, আর চাকরিতে নিয়োজিত রয়েছেন ৮ লাখ মানুষ।

দুই বছর আগে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে শরণার্থীদের ইউরোপমুখী হওয়ার সময় ও পরবর্তী সময়ে শরণার্থীদের সদস্য দেশগুলোতে বণ্টনের সিদ্ধান্ত হলেও যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ শরণার্থীদের গ্রহণে অপারগতা জানিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্য যে শুল্কমুক্ত একক বাজারের প্রথা রয়েছে, সেখানে সদস্যদেশগুলোর অবাধ পণ্য বিনিময়ের ক্ষেত্রে কোনো শুল্ক দেওয়ার রেওয়াজ নেই। তবে সদস্য না হয়ে বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব অনুযায়ী বিভিন্ন শতাংশের শুল্ক ধার্য আছে। এ ক্ষেত্রে ব্রেক্সিট বিচ্ছেদ আলোচনায় কোনো সমঝোতা না হলে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির ক্ষেত্রে এসব শুল্ক পরিশোধ করতে হবে। যুক্তরাজ্যের জনপ্রিয় ইজি জেট এ মুহূর্তে ইউরোপের অনেক বড় শহর থেকে লন্ডন এবং অন্যত্র যাতায়াত করছে, ব্রেক্সিটের কারণে ভবিষ্যতে ইজি জেটের এই অপারেটিং সিস্টেম হাতছাড়া হবে।

ব্রেক্সিট বিচ্ছেদ আলোচনা সফল না হলে যুক্তরাজ্যের জন্য বিকল্প রয়েছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বিনিময়ের হার বৃদ্ধি বা নতুন কোনো পণ্যবাজার খুঁজে বের করা। তবে এযাবৎ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের পণ্য লেনদেনের হার আশানুরূপ নয়। এই মুহূর্তে কমনওয়েলথভুক্ত বড় দেশ কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর বা দক্ষিণ আফ্রিকা থেকে যত পণ্য যুক্তরাজ্য আমদানি করে, তা কেবল ছোট দেশ নেদারল্যান্ডস থেকে আমদানির সমান। আবার রপ্তানির ক্ষেত্রেও যুক্তরাজ্য যে পরিমাণ পণ্য শুধু ফ্রান্সে রপ্তানি করে, সেই পরিমাণ পণ্য কমনওয়েলথভুক্ত দেশগুলোতে রপ্তানি করে থাকে।

যুক্তরাজ্যে বেক্সিট আন্দোলন দানা বেঁধে উঠলে এবং যুক্তরাজ্য ইইউর সঙ্গে নানা বিষয়ে দর-কষাকষি শুরু করলে ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যকে ছাড় দিয়েছিল। তবে বেশ কিছুদিন আগে থেকেই যুক্তরাজ্যের নানা খাতে সেবার হার ও পুঁজি ক্রমেই সংকুচিত হয়ে আসছিল। আর ব্রেক্সিট করেই এসব সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে, তা-ও নিশ্চিত নয়।

যুক্তরাজ্যে রক্ষণশীল ও লেবার দলের সরকারগুলো তাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে নানা রকম সামাজিক ও অর্থনৈতিক সংস্কার করেছে, তবে সংকট থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি, আর এই সংস্কারের শেষ যুক্তি বা অস্ত্র ছিল যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে নিষ্কৃতি হওয়া।

ব্রেক্সিট বিচ্ছেদ-প্রক্রিয়ার শেষ ধাপে আলাপ-আলোচনার মাধ্যমে ৪৪ বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার ব্যাপারটিও সহজ হবে বলে মনে হচ্ছে না। উভয় পক্ষই শক্ত অবস্থান থেকে কথা বলছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন, ব্রেক্সিটের ব্যাপারে একটি সার্বিক চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে অপরাধ দমন এবং নিরাপত্তা ও গোয়েন্দা ইস্যুতে সহযোগিতার সম্পর্ক শিথিল হয়ে পড়বে। এর পরপরই ইউরোপীয় পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও পরিকল্পনা-বিষয়ক প্রধান গুন্টার ওটিংগের বলেছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে গেলেও শর্ত অনুযায়ী ২০২০ সাল পর্যন্ত যুক্তরাজ্যের কাছে পাওনা বাবদ ৬০ কোটি ইউরো পরিশোধ করতে হবে।

ব্রেক্সিট বিচ্ছেদ নিয়ে সদ্য নির্বাচিত জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার একটি সময়োপযোগী কথা বলেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যখন ইউরোপের দ্বিতীয় প্রজন্মের মানুষের কাছে এক দেশ এক মহাদেশ হিসেবে বিবেচিত হচ্ছে, তখন এই বেরিয়ে যাওয়া দুঃখজনক বিষয় এবং ব্রেক্সিটের ঘটনা ইউরোপের ডানপন্থী রক্ষণশীলদের হাতকেই কেবল শক্তিশালী করবে।

সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।