ব্রেক্সিট: ইউরোপের পররাষ্ট্রনীতিতে যুক্তরাজ্যের ভূমিকা কী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয়টার্স ফাইল ছবি।
রয়টার্স ফাইল ছবি।

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করার সঙ্গে সঙ্গে এই সপ্তাহে প্রায় ৫০ বছরের মধ্যে ব্রিটিশ বৈদেশিক নীতিতে সবচেয়ে বড় পরিবর্তন সংঘটিত হয়েছে। ইইউর সদস্য হিসেবে যুক্তরাজ্য ইউরোপের পররাষ্ট্রনীতির একটি আকার দিয়েছিল—রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা থেকে ইরান পারমাণবিক চুক্তি পর্যন্ত। যুক্তরাজ্য এখন ইউরোপের পররাষ্ট্রনীতিতে একটি প্রভাবশালী পক্ষ হিসেবে থাকতে চায়, কিন্তু ইইউর বাইরে থেকে কীভাবে তারা এটা করবে?

গত মাসে যখন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরান নিয়ে আলোচনা করেছিলেন, ব্রিটিশরা সেখানে উপস্থিত ছিলেন; কিন্তু ভবিষ্যতে এ ধরনের কোনো আলোচনায় তাঁরা উপস্থিত থাকতে পারবেন না। ব্রেক্সিটের পরও ইউরোপের পররাষ্ট্রনীতি গঠনে যুক্তরাজ্য এখনো অগ্রণী ভূমিকা নিতে পারে। এ জন্য ইউরোপের সঙ্গে ভিন্নভাবে জড়িত হওয়া দরকার। 

২০১৬ সাল পর্যন্ত ব্রিটিশ বৈদেশিক নীতি তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে ছিল। প্রথমটি, আটলান্টিসিজম। লন্ডন নিয়মিতভাবে আন্তর্জাতিক ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করত এবং ট্রান্স–আটলান্টিক সেতু হিসেবে কাজ করত। যুক্তরাজ্য যেকোনো আন্তর্জাতিক ইস্যুতে ইউরোপীয় দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা করত এবং ওয়াশিংটনও একইভাবে লন্ডনের কাছে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরত। দ্বিতীয়টি হচ্ছে ইইউতে নেতৃত্ব, বিশেষ করে ইইউর অভিন্ন পররাষ্ট্র এবং সুরক্ষানীতির (সিএফএসপি) ক্ষেত্রে। তৃতীয়টি হচ্ছে বহুপাক্ষিকতা, এটা বৈশ্বিক স্বার্থের সঙ্গে একটি মাঝারি আকারের শক্তি হিসেবে এবং একটি কার্যকর নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ব্রিটিশ স্বার্থকে এগিয়ে নিচ্ছিল। 

এই স্তম্ভগুলোর প্রতিটিই এখন চ্যালেঞ্জের মুখে। প্রথমত, ব্রেক্সিট যুক্তরাজ্যকে সিএফএসপির বাইরে নিয়ে গেছে। দ্বিতীয়ত, নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রাশিয়া, চীন এবং কিছুটা হলেও যুক্তরাষ্ট্রের দ্বারা ক্ষুণ্ন করা হচ্ছে। তৃতীয়ত, ট্রাম্প প্রশাসনের অধীনে ওয়াশিংটনের ট্রান্স–আটলান্টিক দৃষ্টিভঙ্গি এখন জাতীয়তাবাদী, লেনদেন ও বাণিজ্যকেন্দ্রিক হয়ে উঠেছে। কখনো কখনো এমন সন্দেহ হয় যে ইইউ ও ন্যাটোর প্রতি তারা বৈরী মনোভাব পোষণ করছে। 

 ২০১৬ সালের পর ইংলিশ চ্যানেল এবং আটলান্টিক উভয়ই আরও প্রশস্ত হয়েছে। তাহলে যুক্তরাজ্য কীভাবে ব্রেক্সিটের পরে ইউরোপীয় বৈদেশিক নীতিতে নেতৃত্ব দিতে পারে? এটা সম্ভব চারটি নতুন পদক্ষেপের মাধ্যমে। 

প্রথমত, ইউরোপীয় দেশগুলো, বিশেষত ফ্রান্স ও জার্মানির সঙ্গে বেশি বেশি করে দ্বিপক্ষীয় আলোচনা করা। এ জন্য নতুন শীর্ষ সম্মেলন ও সংলাপের আয়োজন করা যেতে পারে। চুক্তিগুলো পর্যালোচনা করা যেতে পারে। 

 দ্বিতীয়ত, ইউরোপীয় বৈদেশিক নীতির অবস্থান ও ক্রিয়াকলাপকে সমন্বয় করতে অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করা। তথাকথিত ‘ই–থ্রি’ (জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য) ইরানের ওপর ভালো কাজ করে—আঙ্গেলা ম্যার্কেল, এমানুয়েল মাখোঁ এবং বরিস জনসন সোলায়মানির ওপর একটি যৌথ বিবৃতি জারি করেছিলেন—এবং অন্যান্য ইস্যুতেও এর সম্প্রসারণ করা যেতে পারে। জি-৭ গোষ্ঠী বৈদেশিক নীতির ক্ষেত্রে আরও বড় ভূমিকা নিতে পারে। 

তৃতীয়ত, ইইউর সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তার সম্পর্ক নিয়ে এ বছরের আলোচনার অংশ হিসেবে লন্ডন ও ব্রাসেলস পররাষ্ট্রনীতি বিষয়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ব্যাপারে সম্মত হতে পারে। এ ক্ষেত্রে বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা সম্ভব। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করে ইউরোপীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের পরামর্শ দিয়েছেন। বিকল্পভাবে, যুক্তরাজ্য মাঝেমধ্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রিত হতে পারে, যেমনটি আমন্ত্রিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। এ ছাড়া বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্য ও ইইউ তাদের ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর জন্য যৌথ বিবৃতি দিতে পারে। 

চতুর্থত, অন্যান্য আন্তর্জাতিক সংস্থায়, বিশেষত জাতিসংঘে ইইউর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে যুক্তরাজ্য জড়িত হতে পারে। এটি বহুপক্ষীয়তা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও সহায়তা করবে এবং দেখাবে যে যুক্তরাজ্য বিশ্বব্যাপী একটি অবস্থানে আছে। 

যুক্তরাজ্য যদি এসব পদক্ষেপ নেয়, তাহলে ইউরোপের সেগুলোকে সমর্থন করা উচিত। কেননা ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে বা বাইরে, যুক্তরাজ্য একটি প্রধান ইউরোপীয় রাজনৈতিক এবং সামরিক শক্তি এবং কেবল দুটি ইউরোপীয় পারমাণবিক রাষ্ট্রের মধ্যে একটি। এ ছাড়া যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য। 

ব্রেক্সিট সত্ত্বেও ২০১৬ সালের গণভোটের পর থেকে যুক্তরাজ্য বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, ইরান, চীনসহ বড় ট্রান্স–আটলান্টিক মতবিরোধের বিষয়ে যুক্তরাষ্ট্রকে নয়, বরং ইইউকেই সমর্থন করেছে। তাই যুক্তরাজ্যকে জড়িত হওয়ার সুযোগ ইইউকে দিতে হবে। 

দ্য হিল থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত


ডেভিড হুইনারে নিউইয়র্ক ইউনিভার্সিটির ভিজিটিং অধ্যাপক