যুক্তরাজ্যের জনগণ সম্প্রতি এক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। জুন মাসের ২৩ তারিখে অনুষ্ঠিত ওই গণভোটে শতকরা ৫৩ ভাগ বেরিয়ে যাওয়ার পক্ষে ছিলেন। এর পরপরই যুক্তরাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। দীর্ঘ ৪৩ বছর একসঙ্গে থাকার পর এই বিচ্ছেদের সিদ্ধান্ত, যা ব্রেক্সিট নামে পরিচিত, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অনেককেই বিস্মিত করেছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করেন এবং নতুন প্রধানমন্ত্রী হন থেরেসা মে। ব্রিটেনের বের হওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা যায় কি না, এমন জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী মে ঘোষণা দেন, ‘ব্রেক্সিট মানে বেক্সিট’। তারপরও খোদ যুক্তরাজ্যেই ইইউ থেকে বেরিয়ে যাওয়া কীভাবে সম্পন্ন হবে, তা নিয়ে জোর বিতর্ক এখনো চালু আছে।
বাংলাদেশে ব্রেক্সিট নিয়ে নীতিনির্ধারক মহলে তেমন কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। প্রায় তিন দশক ধরে বাংলাদেশের মোট রপ্তানির অর্ধেকের বেশি যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাজারে। এর প্রায় শতকরা ৮৫ ভাগই তৈরি পোশাক। এই রপ্তানির প্রায় সবকিছুই যায় শুল্কমুক্তভাবে। এর এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ যায় যুক্তরাজ্যের বাজারে। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া কার্যকর হলে এ বাণিজ্যের কী হবে, এটাই আমাদের ভাবনার বিষয়।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া কী প্রক্রিয়ায় সম্পন্ন হবে, তা নিয়ে সে দেশে অনেক আলোচনা চলছে। সাধারণভাবে দেখলে মনে হবে, লিসবন চুক্তির ৫০ নম্বর ধারা প্রয়োগ করেই যেকোনো সদস্যদেশ ইইউ থেকে বেরিয়ে যেতে পারে। এ ধারায় বেরিয়ে যাওয়ার কথা জানিয়ে দিলে সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন করতে দুই বছর সময় পাওয়া যায়। ব্যাপারটি কিন্তু এতটা সরল নয়। যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যেতে যে বিষয়গুলো নিয়ে একমত হতে চায়, তার প্রতি ইইউর সদস্যরাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠের সমর্থনের প্রয়োজন হবে। এটি একটি অনন্য সংখ্যাগরিষ্ঠতা, যেখানে সদস্যরাষ্ট্রগুলোর ন্যূনতম শতকরা ৫৫ ভাগের সম্মতি ও একই সঙ্গে সম্মতি প্রদানকারী সদস্যরাষ্ট্রের জনসংখ্যা ইইউর মোট জনসংখ্যার ৬৫ শতাংশ হতে হবে।
যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনেকখানিই ছিল দেশটিতে অভিবাসীদের সংখ্যা ক্রমশ বেড়ে যাওয়া নিয়ে আশঙ্কা থেকে। এই অভিবাসীদের একটি বড় অংশ এসেছেন পূর্ব ইউরোপের দেশগুলো থেকে। কিছুদিন আগে পূর্ব ইউরোপের চারটি সদস্যরাষ্ট্র ইইউকে জানিয়ে দিয়েছে, যদি তাদের নাগরিকদের যুক্তরাজ্যে থেকে যাওয়ার অধিকার ÿক্ষুণ্ন হয়, তাহলে যুক্তরাজ্যকে ব্রেক্সিট চুক্তিতে কোনো ছাড়ই দেওয়া যাবে না। মনে রাখতে হবে, ইইউর সদস্যরাষ্ট্রগুলোর নাগরিকেরা এই অধিকার পেয়েছিলেন ইইউর একক বাজার বা সিঙ্গেল মার্কেটের সুবাদে। এখন পর্যন্ত যুক্তরাজ্যের প্রচেষ্টা আছে একক বাজারের সদস্য থাকার, কিন্তু শ্রমের মুক্ত চলাচল বাদ দিয়ে।
এ ছাড়া আরও অনেক জটিলতা আছে। ইইউ থেকে বের হওয়ার পর যুক্তরাজ্যকে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬৪ সদস্যরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মতিতে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুনভাবে শুল্ক নির্ধারণ করতে হবে। চার দশক ধরে ইইউর সব সদস্যরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপারে সবকিছুর দায়িত্ব পালন করে আসছিল ইউরোপীয় কমিশন। ইতিমধ্যে ৫০টির বেশি মুক্তবাণিজ্যের চুক্তি করছে ইইউ, সেগুলোর কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও ভিয়েতনামের সঙ্গে ইইউর আরও কিছু মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া অনেকখানি এগিয়ে গেছে। যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে গেলে এসব মুক্তবাণিজ্য চুক্তি তাকে নিজের মতো করে সাজাতে হবে। এগুলোর জন্য দক্ষ বাণিজ্য বিশেষজ্ঞ প্রয়োজন। সংগত কারণেই এত দিন তাঁদের প্রয়োজনীয়তার কথা ভাবা হয়নি।
এসব জটিলতার বাইরেও কিছু আইনি প্রশ্ন আছে। যুক্তরাজ্যের কয়েকজন আইনজীবী হাইকোর্টে মামলা ঠুকে দিয়েছেন যে প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টের অনুমোদন ছাড়া ইইউ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁদের যুক্তি হচ্ছে, ১৯৭২ সালে পার্লামেন্ট ইউরোপীয় কমিউনিটিস আইন পাস করে যুক্তরাজ্য ইইউর পূর্বসূরি ইসিতে যোগ দিয়েছিল। এখন বের হতে হলে আবারও আইন পাস করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মামলাটির শুনানি শুরু হচ্ছে। তবে সর্বশেষ খবরে জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রিটিশ পার্লামেন্টে ‘গ্রেট রিপিল বিল’ এনে ১৯৭২-এর আইন বাতিল করে ইইউ-সংক্রান্ত আইনগুলোকে অভ্যন্তরীণ বা দেশীয় আইনে পরিণত করবেন। তা ছাড়া তিনি ২০১৭ সালের মার্চ মাসের শেষে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগ করবেন। এর অর্থ, ২০১৯ সালের এপ্রিল মাসের মধ্যে অবশ্যই যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে যাবে। তবে বিলটি পাস করানোর চ্যালেঞ্জ রয়ে গেল।
হয়তো ব্রেক্সিট এখনো বেশ দূরে আছে। সে ক্ষেত্রে এটি নিয়ে বাংলাদেশের চিন্তাভাবনা কি আপাতত দূরে সরে থাকবে? গত বছর ইইউতে বাংলাদেশের রপ্তানির প্রায় ২০ শতাংশ গেছে যুক্তরাজ্যে। এর সিংহভাগই তৈরি পোশাক। তবে মনে রাখতে হবে, তৈরি পোশাকের তুলনায় মূল্যমানে অনেক কম হলেও ইইউর বাজারে বাংলাদেশ যে পরিমাণ কৃষিপণ্য রপ্তানি করে, তার ৫০ শতাংশ এবং মৎস্যজাতীয় পণ্য, যার বেশির ভাগই হিমায়িত চিংড়ি, তার ৩০ শতাংশ যায় যুক্তরাজ্যের বাজারে। এই রপ্তানির সব পণ্য যাচ্ছে শুল্কমুক্তভাবে এবং অত্যন্ত শিথিল রুলস অব অরিজিনে বা শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আইনে। যেমন তৈরি পোশাকে পৃথিবীর যেকোনো দেশ থেকে কাপড় আমদানি করে জামা সেলাই করে শুল্কমুক্তভাবে রপ্তানি করা যায়। আর শিল্পজাত পণ্য, যেমন বাইসাইকেলের ক্ষেত্রে শতকরা ৩০ ভাগ মূল্যমানের দেশীয় অংশ সংযোজন করলেই শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায়। এ সুবিধা বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে ইইউতে জিএসপির আওতায় পেয়ে আসছে। যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে গেলে এসব বাণিজ্য-সুবিধার অবস্থা কী দাঁড়াবে, তা এখনই বলা যাচ্ছে না। সবকিছুই নির্ভর করবে যুক্তরাজ্য ইইউর একক বাজারে থাকবে কি থাকবে না, তার ওপর।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে প্রতিযোগী দেশগুলো অবশ্য ব্রেক্সিট নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। এসব দেশ কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনাও শুরু করেছে। এসব দেশের যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যের ভিন্নতাও আছে। যেমন পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশ যায় ইইউর বাজারে। তার মাত্র ৭ শতাংশ যায় যুক্তরাজ্যে। তবে ইসলামাবাদের মূল আশঙ্কা, জিএসপি পাসের অধীনে শুল্কমুক্ত সুবিধা হারানো নিয়ে। ভিয়েতনামের সঙ্গে ইইউর মুক্তবাণিজ্য চুক্তি অনেকখানি এগিয়ে আছে। ভিয়েতনাম ইইউতে যত রপ্তানি করে, তার ১০ থেকে ১২ শতাংশ যায় যুক্তরাজ্যের বাজারে। ভিয়েতনাম যুক্তরাজ্যের সঙ্গে আলাদা মুক্তবাণিজ্য চুক্তির কথা ভাবছে। তৈরি পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের বড় প্রতিযোগী ভারত অনেক বছর ধরেই ইইউর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল। কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধের কারণে চুক্তিটি অসমাপ্ত অবস্থায় ঝুলে আছে। এখন ভারত ও যুক্তরাজ্য ইইউর কঠোর অবস্থানের বাইরে গিয়ে আলাদা মুক্তবাণিজ্য চুক্তি করতে পারবে। ইইউতে রপ্তানির প্রায় শতকরা ২৫ ভাগ ভারত যুক্তরাজ্যে পাঠায়, তবে পুরো শুল্কমুক্তভাবে নয়। এর প্রায় শতকরা ২০ ভাগই হচ্ছে বস্ত্রজাত পণ্য, যার বেশ কিছু হচ্ছে
তৈরি পোশাক।
যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানি কয়েক দশক ধরে চলে আসছে ইইউর আইনকানুনের ভিত্তিতে। শুল্কমুক্ত-সুবিধা ছাড়াও অনেক বিষয়ে, যেমন পণ্যের মান নির্ণয়ের ক্ষেত্রে, বাংলাদেশকে ইইউর আইন মেনে চলতে হয়। এর জন্য ইইউর সঙ্গে প্রশাসনিক তত্ত্বাবধানের ব্যবস্থা স্থির করা আছে। আশা করা যায়, যুক্তরাজ্য ইইউ ছেড়ে গেলেও বড় ধরনের কোনো পরিবর্তন বাংলাদেশকে সমস্যায় ফেলবে না। অনেকেরই ধারণা, যুক্তরাজ্য হয়তো ইইউর বাইরের দুটি দেশ, অর্থাৎ নরওয়ে ও সুইজারল্যান্ডের মতো করে মুক্তবাণিজ্যে থেকে যাবে। ইইউর যে সুবিধা ওই দুটি দেশ পাচ্ছে, বাংলাদেশও তেমনিভাবেই যুক্তরাজ্যে শুল্কমুক্তভাবে রপ্তানি করতে পারবে।
মনে রাখা দরকার, ব্রেক্সিট শুধুই ইইউ থেকে বের হওয়ার জন্য আইনি ও শাসনতান্ত্রিক একটি পথ মাত্র। বাণিজ্য বিষয়ে যুক্তরাজ্যকে আলাদাভাবে আলোচনার ভিত্তিতে ইইউর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। সেটি অবশ্যই অনেক সময়ের ব্যাপার। যুক্তরাজ্য হয়তো ব্রেক্সিট কার্যকর হওয়ার আগেই এ ব্যাপারে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় ইইউর সঙ্গে একমত হয়ে দীর্ঘ আলোচনা শুরু করতে পারে। ইদানীং ‘হার্ড ব্রেক্সিট’ ও ‘সফট ব্রেক্সিট’-এর কথা শোনা যাচ্ছে। প্রথমটি যুক্তরাজ্যের কোনো রকম সমঝোতা ছাড়াই ইইউ থেকে বের হওয়া। দ্বিতীয়টি দুই পক্ষের ছাড় দেওয়ার ভিত্তিতে বেরিয়ে যাওয়া।
‘হার্ড ব্রেক্সিট’ হলে যুক্তরাজ্যে এখনকার বাণিজ্যিক সুবিধাগুলো বহাল রাখার জন্য বাংলাদেশকে সম্ভবত দেনদরবার করতে হবে। ধারণা করা যায়, ইইউর সঙ্গে সমঝোতা করে যুক্তরাজ্য বেরিয়ে গেলে বাংলাদেশকে কোনো সমস্যায় পড়তে হবে না। কোনটি শেষ পর্যন্ত হবে বা আগামী বছরগুলো অনিশ্চয়তায় কাটবে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের এসব ব্যাপারে নির্লিপ্ত থাকা যুক্তিযুক্ত নয়। সমস্যা বাংলাদেশের একার নয়, অন্য স্বল্পোন্নত দেশগুলোও যুক্তরাজ্যে ইইউ জিএসপির আওতায় শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করে। তাদের সঙ্গে নিয়ে এখনই যুক্তরাজ্যের সঙ্গে অন্তত অনানুষ্ঠানিক পর্যায়ে আলোচনা শুরু করা যেতে পারে। যুক্তরাজ্য এখন ইইউ আইনে বিশদ বাণিজ্য আলোচনায় বসতে পারবে না। কিন্তু বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে যুক্তরাজ্যের কাছ থেকে শুল্কমুক্ত রপ্তানি অব্যাহত রাখার রাজনৈতিক প্রতিশ্রুতি পাওয়ার আশা করতে পারে। মনে রাখতে হবে, আমাদের প্রতিযোগী দেশগুলো বসে নেই। চীন যুক্তরাজ্যকে মুক্তবাণিজ্যের প্রস্তাব দিয়েছে, যুক্তরাজ্য সেটা ইতিবাচকভাবে নিয়েছে। যুক্তরাজ্য ও সমগ্র ইইউ চীনের সঙ্গে বাণিজ্য প্রতিযোগিতায় টিকতে পারছে না। কিন্তু যুক্তরাজ্যের অর্থনীতির বড় চালিকাশক্তি সেবা খাত। চীনের বাজারে সেবা খাতের বিশাল সুযোগই যুক্তরাজ্যকে মুক্তবাণিজ্যের ব্যাপারে আকৃষ্ট করেছে।
ব্রেক্সিট নিয়ে বাংলাদেশের ভাবনা স্বাভাবিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়েরই হওয়ার কথা। এ বিষয়ে কোনো কর্মকৌশল নির্ধারণ করতে এ মন্ত্রণালয়কেই নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশের পিছিয়ে পড়লে চলবে না। কিছুটা হোমওয়ার্ক এখনই শুরু করা উচিত। বাংলাদেশ দ্বিপক্ষীয়ভাবে স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায়, এমনকি কমনওয়েলথের সদস্যরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে পারে। মূল উদ্দেশ্য হওয়া উচিত যুক্তরাজ্যে বর্তমানের শুল্কমুক্ত রপ্তানি অব্যাহত রাখা।
জিল্লুল হাই রাজী: ইউরোপীয় ইউনিয়নের ঢাকা অফিসের সাবেক বাণিজ্য উপদেষ্টা।
hye.razi@gmail. com