
যুক্তরাজ্যের এই ব্রেক্সিট শীর্ষক গণভোটের মাজেজা বুঝতে ব্রিটেন, ইউরোপসহ পৃথিবীর অনেক সময় লাগবে। এর মধ্যে সবচেয়ে গভীর ফলাফল সৃষ্টি হবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ ব্রিটেনের ইউনিয়ন ছাড়ার পরিপ্রেক্ষিতে তারা কী করে। শুরুতে অনেক মানুষ মনে করেছিল, ইউরোপীয় ইউনিয়ন অন্তত নিজের নাক কেটে পরের (ব্রিটেনের) যাত্রা ভঙ্গ করবে না। কারণ, বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদ তো সবার জন্যই ভালো ছিল। কিন্তু এই বিচ্ছেদটা ঝামেলাপূর্ণ হতে পারে।
যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকলে উভয়ের জন্যই তা লাভজনক হবে। কিন্তু ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও লুক্সেমবুর্গের সেই বিশাল করপোরেট কর ফাঁকির হোতা জঁ ক্লদ ইয়ুঙ্কার এর মধ্যে চরম অবস্থান নিয়েছেন, ‘ত্যাগ মানে ত্যাগই।’ তিনি বলেন, অন্যান্য দেশ যাতে ইউরোপীয় ইউনিয়ন না ছাড়ে, সে জন্য সংস্থাটিকে আপসহীন হতে হবে। এমনকি তিনি এমন কট্টর অবস্থানে গেছেন যে বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি অনুসারে ব্রিটেনের যা প্রাপ্য, তিনি দেশটিকে তার চেয়েও কম সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন।
অন্যকথায়, একতার সুবিধার বিনিময়ে ইউরোপ একত্র থাকবে না, যেটা তার মূল্যের চেয়েও অনেক বেশি। ইয়ুঙ্কার মনে করেন, একতার বোধ ও ইউরোপীয় সত্তার গর্বই যথেষ্ট নয়। হুমকি, ভীতি ও আতঙ্কের মধ্য দিয়ে ইউরোপকে একত্র রাখতে হবে।
যারা এই অবস্থান নেয়, তারা ব্রেক্সিট ভোট ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনের শিক্ষাকে অগ্রাহ্য করে—জনসংখ্যার বড় অংশের অবস্থা ভালো নয়। গত চার দশকে যে নব্য উদারনৈতিক অর্থনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে, তা ওপরের তলার ১ শতাংশ মানুষের জন্য ভালো হলেও বাকিদের জন্য ভালো নয়। আমি বহুদিন ধরেই বলে আসছি, এই অচলাবস্থার রাজনৈতিক ফলাফল অনুভূত হবে। সে দিনটি চলে এসেছে।
আটলান্টিক মহাসাগরের উভয় পারের মানুষই মনে করছে, বাণিজ্য চুক্তিই তাদের দুর্গতির কারণ। এটা বেশি সরলীকরণ হলেও বোধগম্য। আজকের দিনের বাণিজ্য চুক্তিগুলো গোপনে হয়, সেখানে করপোরেট স্বার্থ ভালোভাবে রক্ষিত হলেও সাধারণ নাগরিক ও শ্রমিকেরা একেবারেই উপেক্ষিত হন।
বাণিজ্য চুক্তি মানুষের মধ্যে অসমতা বাড়ায়। আবার আরও কিছু ব্যাপার আছে, যেগুলো রাজনীতিকে পুঁজির দাসানুদাসে পরিণত করছে। যেমন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের কথা বলা যায়, যার কারণে ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বাড়ানোর ক্ষমতা বেড়েছে। কিন্তু কথা হচ্ছে, করপোরেশনগুলোর বাজারি শক্তি বাড়া মানে কার্যত প্রকৃত মজুরি কমে যাওয়া। অর্থাৎ অসমতা বাড়া, যেটা আজকের দিনে উন্নত দেশগুলোর বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।
একদিকে পৃথিবীতে শ্রমিকের অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে, অন্যদিকে অভিবাসন বাড়ছে। এ দুয়ে মিলে এক বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। পশ্চিমের মদদে পৃথিবীর বিভিন্ন স্থানে শরণার্থীর সংকট সৃষ্টি হচ্ছে। ফলে তাদের সহযোগিতা করা পশ্চিমের নৈতিক দায়িত্ব।
অনেকে এ কথা স্বীকার না করলেও বলা যায়, নিম্ন দক্ষতার শ্রমিকের সংখ্যা বাড়লে মজুরি কমে। আর যখন মজুরি কমানো যায় না, তখন বেকারত্ব বাড়ে। অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে যেসব দেশে ইতিমধ্যে বেকারত্বের সার্বিক হার বেড়ে গেছে, সেসব দেশের জন্য এটা বড় মাথাব্যথার কারণ। ইউরোপ, বিশেষ করে ইউরোজোনের অব্যবস্থাপনা সাম্প্রতিক সময়ে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। ফলে সেসব দেশের বেকারত্বের হার দুই অঙ্কের ঘরে উঠেছে।
কথা হচ্ছে, ইউরোপের মধ্যে যদি মুক্ত চলাচল থাকে, তাহলে যেসব দেশে বেকারত্বের হার কম, সেসব দেশেই বেশি মানুষ ভিড় করবে। ফলে তাদের হয়তো নির্ধারিত কোটার চেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দিতে হবে। হ্যাঁ, অভ্যন্তরীণ অভিবাসনের সুবিধা নিয়ে অনেক কথা হয়েছে। যেসব দেশে সামাজিক নিরাপত্তার জাল অতটা বিস্তৃত নয়, সেসব দেশের জন্য এটা সত্য হতে পারে। কিন্তু যেসব দেশের সামাজিক নিরাপত্তা অনেক শক্তিশালী, সেসব দেশের ক্ষেত্রে বিপরীত ঘটনাই সত্য।
মজুরি ও সরকারি সেবা কমে যাওয়ার কারণে মধ্যবিত্তের অবস্থা খারাপ হয়ে গেছে। কথা হচ্ছে, মধ্যবিত্ত ও শ্রমিকশ্রেণি অর্থনৈতিক প্রবৃদ্ধির ফসল ভোগ করেনি। তারা দেখল, ব্যাংকগুলোই ২০০৮ সালের আর্থিক সংকট সৃষ্টি করল। কিন্তু আবার সেই ব্যাংক বাঁচাতেই বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়া হলো, এই মানুষদের চাকরি ও বাড়ি বাঁচাতে কিছুই দেওয়া হলো না।
রাজনীতিকেরা পরিবর্তনের প্রতিশ্রুতি দেন, কিন্তু তাঁরা প্রত্যাশিত কাজ করতে পারেন না। আমজনতা বোঝে, এই ব্যবস্থা অন্যায্য। কিন্তু তারা দেখে, পরিস্থিতি তাদের কল্পনার চেয়েও খারাপ। কিন্তু রেগেমেগে ভোটের মাধ্যমে গণেশ উল্টে দিলেই লাভ হয় না, কারণ এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
অতীতকে ভুলে যাওয়া অর্থনীতির একটি মৌল নীতি। ইংলিশ চ্যানেলের উভয় পাশের রাজনীতিকদের এখন বোঝা উচিত, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতাকাঠামো সাধারণ নাগরিকদের এতটা অবজ্ঞা করতে পারে না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি সরকারেরই উচিত হবে আমজনতার জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়া। নব্য উদারনীতিবাদী আদর্শ আর কাজে আসবে না। আর আমাদের লক্ষ্যের সঙ্গে উপায়কে গুলিয়ে ফেলা উচিত হবে না।
বিদ্যমান নব্য উদারনীতিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বিকল্প আছে, যার মাধ্যমে অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করা যায়। আবার এমন বিকল্প ব্যবস্থাও আছে, যার কারণে মানুষের আরও বেশি ক্ষতি হতে পারে, যেমন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ডিল, যেটা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়ার কথা। আজকের চ্যালেঞ্জ হচ্ছে, অতীত থেকে শিক্ষা নেওয়া, যাতে বর্তমানকে আলিঙ্গন করে অতীতকে এড়ানো যায়।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জোসেফ ই স্টিগলিৎস: নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।