
ফ্রান্সে ইমানুয়েল ম্যাখোঁর বিজয়ে ইউরোপ এবং তার বাইরে অনেকেই এখন স্বস্তির নিশ্বাস ছাড়তে পারছেন। এর আগে অস্বস্তির পালাটা একটু দীর্ঘায়িত হচ্ছিল। এর শুরুটা ছিল ব্রিটেনে হুজুগের ওপর অনুষ্ঠিত গণভোটে। ইউরোপের সঙ্গে রাজনৈতিক বন্ধনের বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত, ব্রেক্সিট সংকীর্ণ জাতীয়তাবাদী এবং অভিবাসনবিরোধী অসহিষ্ণু রাজনীতিতে হঠাৎই প্রাণসঞ্চার করে। এরপর আটলান্টিকের উভয় পারেই রাজনীতির নতুন ভাষা হয়ে দাঁড়ায় অসহিষ্ণুতা ও অভিবাসনবিরোধিতা এবং কিছুটা ইসলামবিদ্বেষ।
ম্যাখোঁর নির্বাচনী সাফল্যে অধিকাংশের স্বস্তির পাশাপাশি কারও কারও মধ্যে অস্বস্তিও আছে। যেমন ধরে নেওয়া যায় অস্বস্তিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এর আগে প্রকাশ্যে মারি লো পেনের প্রশংসা করেছেন। ইসলামবিদ্বেষ এবং অভিবাসনবিরোধী নীতিতে তাঁদের দুজনের যে দারুণ মিল! তবে, তার চেয়েও বড় কারণ সম্ভবত তাঁর পূর্বসূরি ওবামা। ওবামা হঠাৎ করেই দ্বিতীয় দফা ভোটের আগে এক ভিডিও বার্তায় ম্যাখোঁর প্রতি সমর্থনের কথা জানান। আর এত দিনে তো সবাই জেনে গেছেন যুক্তরাষ্ট্রের এবং তাবৎ বিশ্বের সব সমস্যার জন্য ওবামাকে দায়ী করাটা প্রেসিডেন্ট ট্রাম্পের নেশায় পরিণত হয়েছে।
ম্যাখোঁর বিজয় অন্য যাঁদের জন্য অস্বস্তির কারণ হচ্ছে, তাঁদের মধ্যে নিশ্চয় রুশ প্রেসিডেন্ট পুতিনও আছেন। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও সময় করে মারি লো পেন মস্কো গিয়ে পুতিনের সঙ্গে দেখা করে এসেছেন। বলা চলে আশীর্বাদ নিয়ে এসেছেন। কেননা, এখন জানা যাচ্ছে, ম্যাখোঁর ই-মেইল হ্যাকিংয়ের কাজটিও করেছে রুশ হ্যাকাররা। কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট পুতিনের দেশে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা না থাকলে কারও পক্ষে এ ধরনের বেআইনি হ্যাকিং যে সম্ভব নয়, তা বলার অপেক্ষা রাখে না। পুতিন এখন তাঁর হ্যাকারদের ওপর হয়তো একটু বিরক্তই হবেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিলারির বিরুদ্ধে যে হ্যাকাররা সফল হলো, তাঁরা ফরাসি নবিশ রাজনীতিকের বিরুদ্ধে পেরে উঠল না কেন—সেটাই এখন তাঁর একটা মাথাব্যথার কারণ হবে। ব্রিটেন ও জার্মানির নির্বাচনের জন্য হয়তো এখন তাঁকে নতুন করে ভাবতে হবে।
ব্রিটেনের সঙ্গে ফ্রান্সের সম্পর্কটা ঐতিহাসিকভাবে অম্লমধুর। সব সময়েই এদের মধ্যে একটা শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা আছে। আবার ঘনিষ্ঠতাও ভৌগোলিক নৈকট্যের চেয়ে কম কিছু নয়। ফ্রান্স এখন ইউরোপীয় সংহতি জোরদার করার পক্ষে। আর ব্রিটেন ইউরোপের রাজনৈতিক প্রভাব কোনোভাবেই মানতে রাজি নয়। ফলে ম্যাখোঁর জয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কিছুটা অস্বস্তি হওয়ারই কথা। দ্য টেলিগ্রাফের শিরোনাম ‘ফ্রান্সে’স নিউ হোপ পুটস ক্লাউড ওভার ব্রেক্সিট’ সে কথাই বলছে। ম্যাখোঁ তাঁর নির্বাচনী প্রচারে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক সংহতি দৃঢ়তর করার অঙ্গীকার করেছেন। যার মানে হচ্ছে, ব্রিটেনের সঙ্গে বিচ্ছেদের দর-কষাকষিতে ফ্রান্সের অবস্থান কঠোর হবে। অথচ মারি লো পেন নির্বাচিত হলে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎই ঝুঁকির মুখে পড়ত। কেননা মারি লো পেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ফ্রান্সের বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন—যাকে বলা হচ্ছিল ফ্রেক্সিট। থেরেসা মের জন্য সমস্যা হচ্ছে, ম্যাখোঁর ইউরোপীয় নীতির কারণে বিচ্ছেদের আলোচনায় ব্রিটেনের জন্য কোনো বিশেষ সুবিধা বা ছাড় আদায় করা সম্ভব হবে না। ফলে ব্রিটিশ অর্থনীতির জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে—এমন শর্তে তাঁকে বিচ্ছেদ মেনে নিতে হবে। এই সম্ভাবনাকে বলা হচ্ছে হার্ড ব্রেক্সিট। অবশ্য, কোনো কোনো বিশ্লেষকের মতে, ম্যাখোঁর বিজয়ের কারণে থেরেসা মে পরোক্ষে লাভবানও হতে পারেন। কারণ, আগামী জুনের নির্বাচনে ভোটাররা একজন ব্রিটিশ স্বার্থের পক্ষে দৃঢ়চেতা নেতৃত্বের জন্য তাঁর ওপরই বেশি আস্থা রাখতে পারেন। এখন পর্যন্ত জনমত জরিপগুলোতে তাঁর নেতৃত্বকে ভোটাররা দৃঢ় বলেই রায় দিয়ে এসেছেন।
ম্যাখোঁর বিজয়ে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। কেননা, ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ প্রধানত ইউরোপের যে দুই বৃহৎ অর্থনীতির ওপর নির্ভরশীল, তারা হচ্ছে জার্মানি ও ফ্রান্স। ফ্রেক্সিটের বিরুদ্ধে ইউরোপীয় সংহতির বার্তা জয়ী হয়েছে; সেই বিজয়ের ভিত্তিটাও খুবই শক্তিশালী—৬৫ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান প্রায় ৩০ শতাংশের বেশি। ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৭টি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানেরাও এখন কিছুটা আশ্বস্ত হতে পারছেন এই ভেবে যে কথিত জনতুষ্টিবাদী রাজনীতির স্রোতকে আপাতত আটলান্টিক সাগরেই ফিরিয়ে দেওয়া গেছে, তা তটরেখাকে ভাসিয়ে দিতে পারছে না।
ফরাসি এই নির্বাচন থেকে ইউরোপের বাইরে আমাদেরও কিছু শেখার আছে। দেশটির রাজনীতি প্রধানত দুটি দল—সোশ্যালিস্ট ও রিপাবলিকানের বৃত্তে আবর্তিত হচ্ছিল। কিন্তু সেই দ্বিদলীয় রাজনীতির বৃত্ত ভেঙে ফেলা যে সম্ভব, তা প্রমাণ করেছেন রাজনীতির একজন নবিশ—ইমানুয়েল ম্যাখোঁ। সাধারণ ভোটাররাও ওই দুই প্রধান দলকে জানিয়ে দিয়েছেন তাঁদের রাজনীতি আর যুগোপযোগী নয়—নবায়নের সময় এসেছে। বিদায়ী প্রেসিডেন্ট ওঁলাদের সোশ্যালিস্ট পার্টি এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ডানপন্থী রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থীরা প্রথম দফায় ভোট পেয়েছেন ২০ শতাংশের কম। অথচ ওলাঁদের অর্থমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ২০১৬-এর এপ্রিলে এন মাশে বা জনতার মঞ্চ গড়ে মাত্র ১৫ মাসের মধ্যেই ফরাসিদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন ম্যাখোঁ। আগামী মাসে যে পার্লামেন্টারি নির্বাচন হবে, সেখানে এখন তাঁর অনুসারীদেরকে নতুন দলীয় পরিচয়ে জিতিয়ে আনা তাঁর জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে সফল না হলে তাঁর পক্ষে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সংস্কারগুলোর বাস্তবায়ন সম্ভব হবে না। তবে, আশার কথা, উভয় দলের মধ্যপন্থীদের অনেকেই এখন তাঁর প্রতি ঝুঁকছেন। ফলে রাজনীতির নতুন মেরুকরণে তিনি সফল হবেন—এমন আশা করা একেবারে অসম্ভব কিছু নয়।
আমাদের অঞ্চলে অবশ্য এ ধরনের রূপান্তরের নজির খুব একটা নেই। দ্বিদলীয় রাজনীতির অভ্যস্ততা থেকে বের করে আনার মতো নেতৃত্বের অনুপস্থিতিও তার একটা বড় কারণ। আমরা বরং দেখি অশীতিপর এক পতিত স্বৈরাচারের রাজনৈতিক কৌতুক—নামগোত্রহীনদের নবযাত্রার প্রহসন।