ব্রেক্সিটের পর বিশ্বরাজনীতিতে ব্রিটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে ব্রেক্সিট–বিরোধীদের বিক্ষোভ
১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে ব্রেক্সিট–বিরোধীদের বিক্ষোভ

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কারণে বিশ্বরাজনীতি থেকে ব্রিটেন রাতারাতি হারিয়ে যাবে না, কিন্তু এতে সম্ভবত তার অবস্থান মারাত্মকভাবে দুর্বল হবে চিরতরে। পররাষ্ট্রনীতি–বিষয়ক বিশ্লেষকেরা বলছেন, এই ভোটের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জি–৭ ও ন্যাটোতে ব্রিটেনের বৈশ্বিক প্রভাব ক্রমেই দুর্বল হবে।
আসলে এই ঘটনার প্রভাব নানা ব্যঞ্জনা নিয়ে হাজির হবে, সেটা একদম সোজাসাপ্টা হবে না। ব্রেক্সিট-উত্তর পৃথিবীতে ব্রিটেন বিশ্বের অভিজাত ক্লাবগুলোর সদস্যপদ হারাবে না, যার মধ্য দিয়ে ঐতিহাসিকভাবে সে বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে, নিজের অবস্থান সংহত করেছে।
এমনকি এর অভিঘাতে স্কটল্যান্ড যদি আগামী দুই বছরের মধ্যে যুক্তরাজ্য ছেড়ে চলে যায়, তারপরও ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিজের স্থায়ী আসন ধরে রাখবে, ঠিক যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়া তার উত্তরাধিকার হয়েছিল।
বলা যায়, যুক্তরাজ্য ভেঙে গেলে এক দীর্ঘ ও পুরোনো বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার যে পাঁচটি দেশ নিজেদের জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে ঘোষণা দিয়েছিল, তারা আজ ৭০ বছর পরও কেন সেটা ধরে রেখেছে।
ওদিকে স্কটল্যান্ড ব্রিটেনের অর্থনীতির ১০ ভাগ জোগান দেয়, ফলে তারা যদি বেরিয়ে যায়, তাহলে বিশ্বের সবচেয়ে ধনী ও শিল্পোন্নত দেশগুলোর ক্লাব জি–৭-এ ব্রিটেনের সদস্যপদ প্রশ্নের মুখে পড়বে।
এদিকে ব্রেক্সিটের পর ব্রিটেনের অর্থনৈতিক সক্ষমতা ইতিমধ্যে চাপের মুখে পড়েছে, কারণ পাউন্ডের দাম পড়ে যাওয়ায় ব্রিটেন ইতিমধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির জায়গা হারিয়ে ফেলেছে, তার জায়গা নিয়েছে ফ্রান্স। হ্যাঁ, স্কটল্যান্ড চলে গেলেও হয়তো সে জি–৭-এর সদস্যপদ পাবে, কিন্তু তার মর্যাদা খাটো হবে। আর এই গণভোটের পর ব্রিটেন এএএ ক্রেডিট রেটিংও হারাতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে অনেক কথা বলা হলেও লন্ডন এক শতকেরও বেশি সময় ধরে ওয়াশিংটনের ঘনিষ্ঠতম ইউরোপীয় মিত্র হিসেবে কাজ করছে। ওদিকে যুক্তরাজ্য তো ন্যাটোরও সদস্য। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলে দিয়েছেন ব্রিটেনের সঙ্গে সম্পর্কের মূল্য তঁাদের কাছে আছে, কারণ যুক্তরাজ্যের অবস্থান ইউরোপের একদম হৃদয়ের মধ্যে।
যুক্তরাষ্ট্রের সাবেক রাজনীতি–বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস, যিনি এখন হিলারি ক্লিনটনের উপদেষ্টা, বলেছেন, ‘এসব সত্ত্বেও যুক্তরাজ্য আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু হয়েই থাকবে। তবে এটা অস্বীকার করার জো নেই যে এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে জার্মান-মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
গত বছর ইরানের সঙ্গে পরমাণু–বিষয়ক আলোচনায়ও ব্রিটেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটা আসলে ছিল ইউরোপীয় প্রকল্প। আর তেহরানের সঙ্গে শুরুতে যোগাযোগও করেছিল কয়েকটি ইউরোপীয় দেশ।
তবে ব্রিটেনের ন্যাটো সদস্যপদ নিয়ে সমস্যা নেই। কিন্তু সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এ কথা পরিষ্কার করে বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ও মিত্র দেশগুলোর মধ্যে সেতুবন্ধের কাজ করত, ফলে এখন আর ব্রিটেনের সেই ভূমিকা পালন করার অবকাশ নেই। সেই সেতুটি ভেঙে গেছে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের উপমহাসচিব ম্যালকম চামার্স বলেছেন, ‘আমি মনে করি, এতে ন্যাটোতে ব্রিটেনের প্রভাব খাটো হবে। কারণ, তার কারণেই ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্যরা ন্যাটোতে যোগ দিয়েছিল, আর তাদের ওপর ন্যাটোর প্রভাবও ছিল।’
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
জুলিয়ান বোরজার: দ্য গার্ডিয়ান-এর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পাদক।