ব্রেক্সিটের প্রধানমন্ত্রী এবং অস্থির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেরেসা মে
টেরেসা মে

ব্রিটেনে একজন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, যাঁকে সবাই ব্রেক্সিটের প্রধানমন্ত্রী বলে অভিহিত করছেন। কেননা, নতুন প্রধানমন্ত্রী টেরেসা মের ঘাড়েই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ চূড়ান্ত করা এবং বাস্তবায়নের দায়িত্ব পড়েছে। তবে পরিহাসের বিষয় হচ্ছে, টেরেসা মে এই বিচ্ছেদ চাননি। বরং ইউরোপের সঙ্গে ব্রিটেনের সমৃদ্ধি ও ভাগ্য জড়িত বলে তিনি তাঁর নেতা সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একযোগে প্রচারণা চালিয়েছেন। যে কাজ তিনি করতে চাননি, করা উচিত নয় বলে বিশ্বাস করেছেন, সেই কাজই এখন তাঁকে করতে হবে। ফলে ব্রেক্সিটের আশঙ্কা সত্য হওয়ায় ব্রিটেনে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তা যে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কাই প্রবল।
ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ডেভিড ক্যামেরনের গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে অনেকে নিজেই নিজের কবর খোঁড়ার মতো কাজ বলে মন্তব্য করেছিলেন। ক্ষমতাসীন টোরি পার্টির কট্টর ডানপন্থীদের চাপের মুখে তাঁদের তুষ্ট করার সিদ্ধান্তটি যে শুধু তাঁর জন্য আত্মঘাতী হয়েছে তা-ই নয়, পুরো মূলধারার রাজনীতিকে ওলট-পালট করে দিয়েছে। ব্রিটেনের ইউরোপ থেকে এক্সিটকে ব্রেক্সিট বলা হলেও কার্যত এটি প্রথম সারির রাজনীতিকদের অনেকেরই মহাপ্রস্থান বা গ্রেক্সিটে রূপান্তরিত হয়েছে। ব্রেক্সিটের পক্ষে প্রচারণায় যাঁরা নেতৃত্ব দিলেন, তাঁদের যখন পথ দেখানোর কথা, তখন তাঁরাও সরে যেতে বাধ্য হলেন। টোরি পার্টির ডানপন্থী অংশের নেতৃত্ব দিয়েছিলেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন ও আইনমন্ত্রী মাইকেল গোভ। টোরি পার্টির বাইরে এই প্রচারণার নেতৃত্বে ছিলেন উগ্র জাতীয়তাবাদী ইউকে ইনডিপেনডেন্টস পার্টির (ইউকিপ) নাইজেল ফারাজ। ব্রেক্সিটের চ্যাম্পিয়ন এই তিনজনই এখন হয় অবসরে, নয়তো পেছনের সারিতে।
গণভোটের আগে ক্যামেরন বলেছিলেন, ব্রিটিশ ভোটাররা যে রায় দেবেন, সেটাই তিনি বাস্তবায়ন করবেন। অর্থাৎ ব্রেক্সিট বা ইউরোপের সঙ্গে বিচ্ছেদের শর্তগুলো ঠিক করা এবং সেগুলো বাস্তবায়ন। কিন্তু গণভোটে প্রতিপক্ষের বিজয়ের পর ব্যর্থতার দায় নিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে উত্তরসূরি নির্বাচনে সময় চাইলেন তিন মাস। ধারণা করা হচ্ছিল, দলের ভেতরে নেতৃত্বের জন্য একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনের রাজনৈতিক উচ্চাশার কথা অনেক দিন ধরেই আলোচনায় ছিল এবং তিনিই ক্যামেরনের উত্তরসূরি হবেন বলে বাজিকরেরা বাজি ধরছিলেন। কিন্তু সাবেক বিশ্বস্ত মিত্র মাইকেল গোভের বিশ্বাসঘাতকতায় বরিস জনসনের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। টেরেসা মের বিরুদ্ধে মি. গোভ প্রার্থী হলেও এমপিরা তাঁর ওপর আস্থা রাখতে পারলেন না। ফলে দলের সাধারণ সদস্যদের সামনে যে দুজনকে প্রার্থী হিসেবে দলীয় এমপিরা বাছাই করে দিলেন, তাঁদের মধ্যে একমাত্র ব্রেক্সিটপন্থী থাকলেন এন্ড্রিয়া লিডসাম। কিন্তু টেরেসা মের প্রতি দায়িত্বজ্ঞানহীন কটাক্ষের (বন্ধ্যত্বের খোঁটা) চরম মূল্য দিয়ে তাঁকে সরে দাঁড়াতে হলো। ফলে বিনা ভোটেই নতুন প্রধানমন্ত্রী হলেন টেরেসা মে। ব্রেক্সিটপন্থীদের জন্য এটি নিশ্চয়ই একটি হতাশার বিষয় যে তাঁদের আদর্শিক লক্ষ্য অর্জনে তাঁরা বড় ধরনের সাফল্য পেলেও তাঁদের রাজনীতিকে ধারণ করার নেতৃত্ব তৈরি হলো না।
ব্রিটিশ রাজনীতির মূলধারায় ব্রেক্সিট যে তোলপাড় সৃষ্টি করেছে, তাতে বিরোধী দল লেবার পার্টি কোনোভাবেই পিছিয়ে নেই। বরং বলা চলে লেবার পার্টিতে নাটকীয়তা চরমে। কট্টর বামপন্থী এমপি জেরেমি করবিন ১০ মাস আগে যখন লেবার পার্টির নেতা নির্বাচিত হন, তখনই অভিজাত শ্রেণির রাজনীতিকেরা নড়েচড়ে ওঠেন। এঁরা এখনো অবিশ্বাসের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। জেরেমি করবিন কিছুটা বিদ্রোহী র্যা ডিকেল বামপন্থী। মধ্যপন্থা বা আপসের রাজনীতিতে তিনি অভ্যস্ত নন। রাজনীতিকদের স্বার্থের চেয়ে খেটে খাওয়া মানুষের স্বার্থ তাঁর কাছে অগ্রাধিকার পায়। ফলে বছরের পর বছর যে অভিজাত এমপিরা দলের ভেতরে বিশেষ সমাদর পেয়ে এসেছেন, তাঁরা করবিনের ভাবধারা ও কাজের ধরনকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই বিরোধ এখন এমন পর্যায়ে এসে ঠেকেছে যে দলের কর্তৃত্ব বা মালিকানা নিয়েই একধরনের বিরোধ দৃশ্যমান হয়ে উঠছে। লেবার পার্টি এমপিদের, নাকি তৃণমূলের সদস্যদের—এ প্রশ্নই এখন প্রধান হয়ে উঠছে।
গণভোটে ব্রেক্সিটের রায় আসার জন্য বিরোধী দলের এমপিদের একটা বড় অভিযোগ করবিনের বিরুদ্ধে। তাঁরা বলছেন, করবিন আরও চেষ্টা করলে গণভোটের ফলাফল অন্য রকম হতে পারত। ভোটারদের ম্যান্ডেট লাভে ব্যর্থতার জন্য এঁরা প্রধানমন্ত্রীকে দায়ী না করে বিরোধী নেতাকে কেন দুষছেন, তা অনেকের কাছেই একটা বড় রহস্য। অবশ্য এই প্রশ্নের জবাব মিলেছে বিবিসিকে মি. করবিনের
দেওয়া এক সাক্ষাৎকারে। করবিন যখন গণভোটের প্রচারণায় ব্যস্ত, তখন তাঁর ছায়া মন্ত্রিসভার অনেকেই এমপিদের স্বাক্ষর সংগ্রহে ব্যস্ত, যাতে তাঁরা তাঁদের নেতার বিরুদ্ধে অনাস্থা আনতে পারেন। এককথায় দলীয় নেতার বিরুদ্ধে ক্যুর (অভ্যুত্থান) প্রস্তুতি। দলীয় এমপিদের এই অভ্যুত্থানচেষ্টায় করবিন অবশ্য একটুও দমলেন না। তিনি ছায়া মন্ত্রিসভা থেকে পররাষ্ট্রের দায়িত্বে থাকা হিলারি বেনকে তাঁর দায়িত্ব থেকে অপসারণ করলেন। প্রায় সঙ্গে সঙ্গে তাঁর ছায়া মন্ত্রিসভার জনা চল্লিশেক সদস্য একে একে পদত্যাগ করলেন। পার্লামেন্টারি পার্টিতেও তাঁর বিরুদ্ধে আনা হলো অনাস্থা প্রস্তাব। ৮০ শতাংশ এমপিই তাঁর বিরুদ্ধে দাঁড়ালেন। প্রধানমন্ত্রীও পার্লামেন্টে সুযোগটি ছাড়লেন না। তাঁকে সরে যাওয়ার পরামর্শ দিলেন। বিস্ময়করভাবে বিরোধী নেতার আসনে করবিন টিকে আছেন, পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রীর আসনে।
জেরেমি করবিন এখনো অনড়। তাঁর নেতৃত্বের বিরুদ্ধে এখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অ্যাঞ্জেলা ইগল। দলে নেতৃত্বের পদে শিগগিরই নির্বাচন হবে এবং করবিন সেই প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। তাঁর শক্তির উৎস দলের তৃণমূল। করবিন দলের নেতা নির্বাচিত হওয়ার পর লেবার পার্টিতে রেকর্ডসংখ্যক নতুন সদস্য যোগ দিয়েছেন এবং ব্রেক্সিটের জন্য এমপিরা যখন তাঁকে দায়ী করছেন, তখনো এই যোগদানের ধারা অব্যাহত আছে। এঁরা কেউই বিনা পয়সার সদস্য নন, মাসিক চাঁদা দেওয়া সদস্য। ব্রিটিশ রাজনীতিতে এত দিন অভিজাত শ্রেণির যে প্রাধান্য ছিল, তা এখন এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। লেবার পার্টির এসব সদস্য আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নে বর্তমান এমপিদের অনেককেই বাদ দেবেন—এই আশঙ্কায় দলীয় এমপিরাও উদ্বিগ্ন। সুতরাং তাঁরা যেকোনো মূল্যে করবিনকে হারাতে চান। অভ্যুত্থান আপাতত সফল না হলেও তাঁরা মরিয়া। তৃণমূলের ভোটে করবিন আবারও জয়ী হবেন বলেই পর্যবেক্ষকদের ধারণা। কিন্তু সে ক্ষেত্রে লেবার পার্টিতে ভাঙন অনিবার্য বলেই তাঁদের আশঙ্কা। লেবার পার্টিতে করবিন যে নতুন ধারার রাজনীতি প্রবর্তনের চেষ্টা করছেন, তা সমাজের একটি অংশকে রাজনীতিতে আকৃষ্ট করছে ঠিকই, কিন্তু দলের রূপান্তর ক্রমশই দুরূহ হয়ে পড়ছে। ব্রেক্সিটের পরিণতিতে তাই লেবার পার্টিতে বিভাজন ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নজিরবিহীন নাটকীয়তার মধ্যে ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব নিলেন, সেই টেরেসা মের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্রেক্সিটের ব্যবস্থাপনা। গণভোটের রায় অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের নোটিশ দেওয়ার জন্য এখন তাঁর ওপর চাপ বাড়বে। এই নোটিশকেই ইউরোপীয় ইউনিয়ন সনদের আর্টিকেল ফিফটি সক্রিয়করণ বলা হয়। আর্টিকেল ফিফটি সক্রিয় হলে বিচ্ছেদের সবকিছু চূড়ান্ত করার জন্য সময় থাকবে দুই বছর। ব্রেক্সিটের স্বপ্ন যাঁরা দেখিয়েছেন, তাঁরা চেয়েছেন ইউরোপীয় অভিন্ন বাজারে ব্রিটেনের বিনা শুল্কে বাণিজ্যের সুবিধা বজায় থাকবে; কিন্তু পণ্য উৎপাদনের শ্রমমান, পণ্যের মান ইত্যাদি বিষয়ে ইউরোপের কোনো খবরদারি চলবে না।
ইউরোপীয়দের অবাধে চলাচল এবং কাজ করার অধিকার খর্বের প্রস্তাবে ইউরোপীয়দের রাজি করানোর মতো দুঃসাধ্য কাজটিও টেরেসার ঘাড়েই পড়েছে। আর্থিক খাতের ব্যবসায় লন্ডনের যে শীর্ষ অবস্থান, তা ধরে রাখার চ্যালেঞ্জটিও কম বড় নয়। কেননা, ইতিমধ্যে অনেক বিনিয়োগ প্রতিষ্ঠান ও বহুজাতিক ব্যাংক লন্ডনের বদলে প্যারিস বা ইউরোপের অন্যান্য শহরে তাদের কার্যক্রম স্থানান্তরের কথা বলেছে। ইউরোপকে কোনো ছাড় দেওয়া অথবা ব্রেক্সিট বাস্তবায়নে কোনো ধরনের নমনীয়তা দেখানো তাঁর জন্য খুবই কঠিন। কেননা, তাতে করে দলের ভেতরেই তাঁকে চাপের মুখে পড়তে হবে। তা ছাড়া ব্রেক্সিটের নেতারা ইউরোপ থেকে বিচ্ছিন্ন হওয়ার ধারাটা কী হওয়া উচিত এবং ভবিষ্যতের ব্রিটেন কেমন হবে, তার কোনো চিত্রকল্প তৈরি করেননি, কোনো পরিকল্পনাও দেননি। ফলে তাঁকে শুরু করতে হবে শূন্য থেকে।
আপাতত দলের ভেতরে টেরেসার নেতৃত্বের প্রতি সবার আন্তরিক সমর্থনের যে বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, তার কারণ প্রধানত দুটো। প্রথমত, বিরোধী দল এতটাই সংকটে যে তাদের পক্ষে এখনই কোনো ধরনের বড় চ্যালেঞ্জ তৈরি সম্ভব নয়। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মন্ত্রিসভা পুনর্গঠন করবেন, সেখানে তাঁর সুদৃষ্টির আশা। কিন্তু অদূর ভবিষ্যতে আরেকটি নির্বাচনের দাবি যে জোরেশোরে উঠবে না, সে কথা বলা যায় না। ইতিমধ্যে লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটরা এই দাবির কথা জানিয়ে রেখেছে। টনি ব্লেয়ারের কাছ থেকে তাঁর উত্তরসূরি গর্ডন ব্রাউন যখন এভাবে দায়িত্ব নিয়েছিলেন, তখন টোরি পার্টি থেকে দাবি উঠেছিল যে প্রধানমন্ত্রী হিসেবে ব্রাউনের নতুন করে ম্যান্ডেট নেওয়া উচিত। সেই ম্যান্ডেট না নেওয়াকেই পরবর্তী নির্বাচনে তাঁর পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করা হয়। টেরেসা মে–ও কি সেই একই ফাঁদে পা দিচ্ছেন? দলীয় সদস্যরাও তো তাঁকে ভোট দেওয়ার সুযোগ পাননি!
অনেকের মনেই প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী হিসেবে কি আরেকজন ম্যাগি থ্যাচারের আবির্ভাব ঘটছে? এ রকম মনে হওয়াটাই স্বাভাবিক। মার্গারেট থ্যাচার লৌহমানবী খেতাব পেয়েছিলেন ট্রেড ইউনিয়ন দমন এবং ফকল্যান্ডস যুদ্ধে তাঁর অনমনীয় ভূমিকার কারণে। পার্লামেন্টে টেরেসা মের ভোটের রেকর্ড বলছে, তিনি ইরাক যুদ্ধের পক্ষে ছিলেন, সিরিয়া ও লিবিয়ায় সামরিক অভিযানের সমর্থনে ভোট দিয়েছিলেন। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে তাঁর আমলেই সবচেয়ে বেশি ধরপাকড় হয়েছে এবং সরকারি প্রচারণাও ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার প্রশ্নে ব্যক্তির গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপের মতো আইন করার ক্ষেত্রেও তিনি সমালোচকদের প্রতিবাদ গায়ে মাখেননি। আর মানবাধিকার প্রশ্নে তিনি ছিলেন ইউরোপীয় মানবাধিকার সনদের বিরুদ্ধে।
কামাল আহমেদ: সাংবাদিক।