ব্রেক্সিটের মানে যা দাঁড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফরি ডি স্যাক্স
জেফরি ডি স্যাক্স

ব্রেক্সিট ভোটের মাধ্যমে আসলে তিন ধরনের প্রতিবাদ জানানো হয়েছে: ক্রমবর্ধমান অভিবাসন, সিটি অব লন্ডনের ব্যাংকার ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর ফলাফলও অনেক বড় হবে। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা আরও জোরদার হবে। একই সঙ্গে অন্যান্য অভিবাসনবিরোধী রাজনীতিকদের পালেও হাওয়া লাগবে। তা ছাড়া, ইউরোপীয় ইউনিয়ন ছাড়লে ব্রিটেনের অনেক অর্থনৈতিক ক্ষতিও হবে, তাতে আবার স্কটল্যান্ডও যুক্তরাজ্য ছাড়তে প্ররোচিত হতে পারে। ইউরোপীয় একতার ভবিষ্যৎ নিয়ে আর কিছু না-ই বা বললাম।
ব্রেক্সিট আসলে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা, যাতে বোঝা যাচ্ছে, বিশ্বায়নের নতুন ঘরানার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে, এই ব্রেক্সিটের মাধ্যমে প্রত্যাখ্যাত বিদ্যমান অবস্থার (স্ট্যাটাস কৌ) চেয়ে যেটা অনেক উন্নত হতে পারে।
আসল কথা হলো, ব্রেক্সিটের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, উচ্চ আয়ের দেশগুলোতে অভিবাসীদের ওপর খড়্গহস্ত হওয়ার সর্বব্যাপক প্রবণতা সৃষ্টি হয়েছে। খসড়া হিসাবে দেখা যায়, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনগোষ্ঠী, যারা মূলত শ্রমিকশ্রেণি, বিশ্বাস করে—অভিবাসন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেটা আসলে জনজীবনের শৃঙ্খলা ও সাংস্কৃতিক মানদণ্ডের প্রতি হুমকি হয়ে উঠেছে।
ব্রেক্সিটের প্রচারণার মাঝামাঝি সময়ে অর্থাৎ মে মাসে জানা যায়, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৩ হাজার অভিবাসী প্রবেশ করেছেন, যেখানে সরকারের লক্ষ্য ছিল ১ লাখ। অর্থাৎ সরকারের লক্ষ্যের তিন গুণেরও বেশি লোক এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন। হ্যাঁ, এই খবর এসেছে সিরিয়ার শরণার্থী-সংকটের একদম চূড়ান্ত সময়ে; তার সঙ্গে আমরা শুনেছি, সিরিয়ার শরণার্থীরা সন্ত্রাসী হামলা চালিয়েছেন। আবার জার্মানি ও অন্যান্য জায়গায় শরণার্থীরা নারীদের সঙ্গে অশালীন আচরণ করেছেন, এমন খবরও আমরা পেয়েছি।
ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সমর্থকেরাও একইভাবে দেশটির প্রায় ১ কোটি ১০ লাখ নিবন্ধনহীন লোককে গালাগাল করেন, যাঁরা মূলত হিস্পানিক। অথচ এই লোকগুলো বেশ প্রশংসনীয়ভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করেন, যদিও তাঁদের ভিসা ও কাজের অনুমতি নেই। ট্রাম্পের অনেক সমর্থকের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে অরল্যান্ডোর এই সাম্প্রতিক হামলাকারী একজন আফগান অভিবাসী মুসলমানের সন্তান, যিনি মার্কিনবিরোধী মনোভাব থেকে এই হামলা চালিয়েছিলেন (যদিও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে যারা গণহত্যা চালায়, তারা সবাই মার্কিন)।
ব্রেক্সিট হলে যে ব্রিটিশদের আয় কমে যাবে, এমন সতর্কসংকেত একদম খারিজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটা ভয়ের ব্যবসা, অথবা ত্যাগবাদীদের সীমান্ত নিয়ন্ত্রণের সঙ্গে এর তুলনা দেওয়া হয়েছে। অন্তর্নিহিত শ্রেণিদ্বন্দ্বই হচ্ছে আসল ব্যাপার। ‘ত্যাগবাদীদের’ মধ্যকার শ্রমিকেরা যুক্তি দিয়েছেন, আয় যদি কারও কমে, তাহলে সেটা ধনীদেরই কমবে; বিশেষ করে, সিটি অব লন্ডনের ঘৃণিত ব্যাংকারদের আয়ই সবচেয়ে বেশি কমবে।
মার্কিনরা যেভাবে ওয়াল স্ট্রিটের লোভী ও অপরাধী চরিত্রকে ঘৃণা করেন, ঠিক তেমনি ব্রিটিশ শ্রমিকশ্রেণি সিটি অব লন্ডনকে ঘৃণা করে। এতেও ডোনাল্ড ট্রাম্প বড় একটা সুবিধা পেয়ে যাবেন, কারণ হিলারির নির্বাচনী খরচের বড় একটি অংশই আসবে এই ওয়াল স্ট্রিট থেকে। হিলারির উচিত হবে এ বিষয়টি আমলে নিয়ে ওয়াল স্ট্রিট থেকে নিজেকে বিচ্ছিন্ন করা।
যুক্তরাজ্যে এই অভিবাসনবিরোধী মনোভাব ও শ্রেণিদ্বন্দ্বের সঙ্গে আরও একটি সর্বব্যাপক মনোভাব যুক্ত হয়েছে, আর সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলো অকার্যকর। হ্যাঁ, সেটা ঠিক। শুধু গত ছয় বছর ধরে গ্রিক সংকটের কথাই ধরুন, রাজনীতিকেরা স্রেফ স্বার্থপর ও ক্ষীণদৃষ্টি দিয়ে কীভাবে এই সংকট মোকাবিলা করেছেন, সেটা দেখুন। আর ইউরোজোনে এখনো যা ঘটছে, তাতে যুক্তরাজ্যের অনেক ভোটারই ইইউ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, বোধগম্যভাবেই।
ব্রেক্সিটের স্বল্পমেয়াদি প্রভাব ইতিমধ্যে অনুভূত হতে শুরু করেছে: ৩১ বছরের মধ্যে পাউন্ডের মূল্য সবচেয়ে বেশি পড়ে গেছে। অন্যদিকে সিটি অব লন্ডনও খুব শিগগির বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে; লোকের যেমন চাকরি যাবে, তেমনি বোনাসের হারও কমবে। লন্ডনের সম্পত্তির মূল্যও কমে যাবে। ইউরোপে দীর্ঘ মেয়াদে সম্ভাব্য আরও যেসব প্রভাব পড়বে সেগুলো হলো: স্কটল্যান্ডের স্বাধীনতা, কাতালোনিয়ার সম্ভাব্য স্বাধীনতা, ইউরোপের জনগণের অবাধ চলাচল হ্রাস, অভিবাসনবিরোধী রাজনীতির বাড়বাড়ন্ত হওয়া ইত্যাদি। এগুলোর প্রভাব হবে সর্বব্যাপী। অন্যান্য দেশও নিজের মতো করে গণভোট আয়োজন করতে পারে, তাদের অনেকে আবার ইইউ ছাড়তেও পারে।
এদিকে ইউরোপে রব উঠেছে, যারা ব্রেক্সিটের চিন্তা করছে, তাদের সতর্ক করে দেওয়ার জন্য দ্রুত ব্রিটেনকে শাস্তি দিতে হবে। এটা ইউরোপীয় রাজনীতির চরম মূর্খতা (গ্রিসের বেলায় যেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে)। ইউরোপের অভিন্ন বাজারে ব্রিটেনকে ঢুকতে বাধা দেওয়া হলে ইউরোপীয় ইউনিয়নের বন্ধন শুধু শিথিলই হতে থাকবে।
তাহলে কী করা উচিত? আমি কিছু পরামর্শ দেব। প্রথমত, সিরিয়ার যুদ্ধ শেষ করে শরণার্থীদের স্রোত বন্ধ করতে হবে। আর সিআইএ-সৌদি জোট, যা বাশার আল-আসাদকে উৎখাত করতে চায়, তা ভেঙে দিতে হবে। এর মধ্য দিয়ে ইসলামিক স্টেটকে পরাজিত ও সিরিয়াকে স্থিতিশীল করা যাবে (প্রতিবেশী ইরাকেও একই মনোভঙ্গি নেওয়া যায়)। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের তো বিভিন্ন দেশের সরকার হটানোর বাতিক আছে, আর সেটাই হচ্ছে এই শরণার্থী-সংকটের গভীর কারণ। যুক্তরাষ্ট্রের এই বাতিক যদি দূর হয়, তাহলেই কেবল শরণার্থীরা ঘরে ফিরতে পারেন।
দ্বিতীয়ত, ন্যাটো যেন ইউক্রেন ও জর্জিয়ায় সম্প্রসারণ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যে নতুন ধরনের শীতল যুদ্ধ শুরু করেছে, সেটা তার আরেক অবিমৃশ্যকারিতা, যেখানে আবার ইউরোপীয় দেশগুলোরও বোকামি আছে। ন্যাটোর সম্প্রসারণ বন্ধ হলে উত্তেজনা কমে আসবে, আর তাতে রাশিয়ার সঙ্গে সম্পর্কও স্বাভাবিক হবে, ইউক্রেন স্থিতিশীল হবে। এতে ইউরোপীয় অর্থনীতি ও প্রকল্পের গুরুত্ব নতুন করে সৃষ্টি হবে।
তৃতীয়ত, ব্রিটেনকে শাস্তি দেওয়া যাবে না। এর বদলে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জাতীয় ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে পুলিশি টহল বাড়াতে হবে। এটা তো সাধারণ জ্ঞান দিয়েই বোঝা যায়, বিশ্বের সবচেয়ে উদার ও সমাজকল্যাণমূলক রাষ্ট্রগুলো (পশ্চিম ইউরোপ) লাখ লাখ সম্ভাব্য অভিবাসীদের ঢুকতে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বেলায়ও একই কথা খাটে।
চতুর্থত, বিরূপ হয়ে যাওয়া শ্রমিকশ্রেণির মনে ন্যায্যতার বোধ সৃষ্টি করতে হবে। আর্থিক সংকট ও চাকরির আউটসোর্সিংয়ের জন্য তাঁদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মানে হচ্ছে, সামাজিক-গণতন্ত্রের কেন্দ্রীয় মূল্যবোধগুলো অনুসরণ করতে হবে, অর্থাৎ ধনীদের কাছ থেকে কর আদায় করে এবং কর স্বর্গগুলো বন্ধ করে স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে ব্যয় করতে হবে। এই কর স্বর্গের কারণে অর্থনৈতিক অসমতা আরও তীব্র হচ্ছে। আরও কথা আছে, সেটি হলো—গ্রিসের ঋণসংকট দূর করে ইউরোজোনের দীর্ঘ সংকটের অবসান ঘটাতে হবে।
পঞ্চমত, নিম্ন আয়ের দেশগুলোতে যুদ্ধ খাতে অর্থ ব্যয় না করে অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করতে হবে, তার জন্য সম্পদ জোগাড় করতে হবে। কথা হচ্ছে, জলবায়ু পরিবর্তন, চরম দারিদ্র্য, দক্ষতার অভাব ও শিক্ষাহীনতার কারণে যদি আফ্রিকা, মধ্য আমেরিকা, ক্যারিবীয়, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার উন্নয়নের সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা না যায়, তাহলে দরিদ্র ও যুদ্ধ-জর্জরিত দেশগুলো থেকে আসা শরণার্থীদের স্রোত ঠেকানো যাবে না।
এসব থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে যুদ্ধের নীতি থেকে বেরিয়ে টেকসই উন্নয়নের নীতি গ্রহণ করতে হবে। দেয়াল ও বেড়া দিয়ে শরণার্থীদের ঠেকানো যাবে না, বৈশ্বিক সহযোগিতার মাধ্যমেই এটা সম্ভব।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেফরি ডি স্যাক্স: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।