বড়দের চেয়ে শিশুরা বড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘায় দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষাকারী দুই শিশু সিহাবুর রহমান (বাঁয়ে) ও টিটোন আলী l ছবি: সংগৃহীত
রাজশাহীর বাঘায় দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষাকারী দুই শিশু সিহাবুর রহমান (বাঁয়ে) ও টিটোন আলী l ছবি: সংগৃহীত

পৃথিবীর সব শিশুই সুন্দর। কিন্তু এ কথা বলা যাবে না যে সব বড় (বয়স্ক অর্থে) মানুষই সুন্দর। সব বয়স্ক মানুষ যদি সুন্দর হতো, তাহলে পৃথিবীতে কোনো হানাহানি-কাটাকাটি থাকত না। মানুষের হাতে মানুষ মারা যেত না।

আজ মঙ্গলবার প্রথম আলোয় ‘লাল মাফলারে ট্রেন রক্ষা’ শিরোনামের খবরটি পড়ে এত ভালো লাগল যে সেই অনুভূতি পাঠকদের সঙ্গে শরিক করতে চাই। রিপোর্টটির নায়ক দুই শিশু চরিত্র। তারা হলো ঝিনা গ্রামের শিহাবুর রহমান ও টিটোন আলী। বয়স ছয় ও সাত বছর। রেললাইনের পাশেই বাড়ি। সোমবার সকাল আটটার দিকে একটি ট্রেন যেতেই ঝিনা রেলগেটের কাছে তারা বিকট শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে শিশু দুটি দেখতে পায়, রেললাইনের কিছু অংশ ভাঙা। এর কিছুক্ষণ পর একই দিক দিয়ে আরেকটি ট্রেন আসছিল। তখনই তারা বুদ্ধি করে গলায় থাকা মাফলার নাড়িয়ে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। প্রথমে ট্রেনচালক ভ্রুক্ষেপ না করলেও পরে ট্রেনের গতি কমিয়ে দেন। ট্রেনটি পুরোপুরি থামালে দুর্ঘটনা থেকে রেহাই পায়। সেটি ছিল একটি মালবাহী ট্রেন। ট্রেনটি যখন আসে, তখন সেখানে কোনো লাইনম্যান ছিলেন না।

শিশু দুটির উপস্থিত বুদ্ধিতে ট্রেনটি রক্ষা পায়। স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই শিশুকে পড়াশোনার জন্য প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন। বলেছেন, স্কুলের পাঠ শেষে তারা যদি উচ্চশিক্ষা নিতে চায়, সেই দায়িত্বও তিনি নেবেন।

এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম যে বড়দের অনেকেই দায়িত্বশীল নয়। ছোটরাই দায়িত্বশীল। তারা যখন মনে করেছে দুর্ঘটনা ঘটতে পারে, সেটি বন্ধ করতে নিজেদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছে। শিশু দুটি চালককে সংকেত না দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ট্রেনটি যাত্রীবাহী না হলেও দুর্ঘটনা ঘটলে চালকের প্রাণহানির আশঙ্কা ছিল। শিশু দুটি আমাদের শিক্ষা দিল যে কারও অপেক্ষায় না থেকে মানুষের বিপদে এগিয়ে আসতে হয়।

এই প্রসঙ্গে একটি কথা মনে হলো। যদি ওই দুটি শিশুর স্থলে বড় কেউ থাকত, তাহলে দুর্ঘটনা রোধ করার আগে হয়তো ব্যক্তিগত লাভালাভ নিয়ে বেশি চিন্তা করত। আর দুজন লোকের মধ্যে যদি একজন আওয়ামী লীগের, আরেকজন বিএনপির সমর্থক হতেন, তাহলে তাঁরা কোনো অবস্থায় একমত হতে পারতেন না। একজন ট্রেন থামাতে চাইলে আরেকজন তার ভেতর রাষ্ট্রদ্রোহ কিছু দেখতেন। আবার দুজন যদি ট্রেন থামানোর চেষ্টাও করে থাকেন, কে আগে করেছেন, কার রুমাল বেশি লাল ছিল, সেটি নিয়ে মহাবিতর্কে লিপ্ত হতেন।

অনলাইনে প্রথম আলোর পাঠকদের অনেকেই শিশু দুটির তারিফ করেছেন। একজন পাঠক লিখেছেন, ওদের রাষ্ট্রীয় সম্মান দেয়া উচিত, ওদের জন্য শুভ কামনা রইলো। আরেকজন লিখেছেন, সাবাশ এই শিশু দুই টিকে । তৃতীয়জনের মন্তব্য: অনেক অনেক শুভ কামনা বুদ্ধিদীপ্ত দুই শিশুর জন্য । চতুর্থজন লিখেছেন, শিশু দুটির দায়িত্বশীলতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিয়েছে! ওরাই আসলে আসল বাংলাদেশী বীর ও মহান দেশপ্রেমিক।

এই কথাগুলো আমাদের রাষ্ট্র ও রাজনীতির অভিভাবকেরা কি মনে রাখবেন? ভরসা পাই না। কেননা বড়রা ভুল থেকে শিক্ষা নেয় না। বড়দের চেয়ে ছোটরা ভালো। ছোটরা নিষ্পাপ। কোনো কালিমা তাদের স্পর্শ করেনি। প্রাণের গভীর থেকে ওই দুটি শিশুকে অভিনন্দন। তাদের জন্য রইল ভালোবাসা, শুভকামনা।

এ প্রসঙ্গে প্রখ্যাত রুশ লেখক টলস্টয়ের গল্পের কথা মনে পড়ে। দুই শিশুর মধ্যে ঝগড়া বেধেছে। সেই ঝগড়ায় শামিল হয়েছে দুই শিশুর বাবা-মাও। তাদের মধ্যে বাদানুবাদ একপর্যায়ে সংঘাতে রূপ নেয়। তারপর যখন দুই পক্ষই মারামারি করে পরিশ্রান্ত, তখন দেখতে পায় ঝগড়া করা শিশু দুটি আবার মিলে গেছে। তারা একসঙ্গে বসে গল্প করছে।

আমাদের বড় মানুষেরা রুশ গল্পের কিংবা মাফলার উড়িয়ে ট্রেন থামানো দুই শিশুর কাছ থেকে শিক্ষা নিলে দেশে হানাহানি অনেকাংশে কমে যেত। আমরা বড়রা শিশুদের মতো বড় না হতে পারি, অন্তত তাদের ভুল শিক্ষা না দিই। প্রশ্নপত্র ফাঁস করে তাদের জীবনটাকে ফাঁদে না ফেলি।

সোহরাব হাসান: কবি ও সাংবাদিক।