
সন্ধ্যা হয়ে গেছে তখন। বনের অনেক ভেতরে বাগচালা গ্রাম। চওড়া পাথরের মতো শক্ত হলুদ মাটির পথ চার-পাঁচ মাইল পেরোলে তবেই সেখানে যাওয়া যায়। সেই গ্রামের একপাশে ৩১ ঘর বর্মণ পরিবারের বাস। লোকসংখ্যা টেনেটুনে দেড় শ। বাড়ির সামনে গোয়ালঘর, উঠানের একপাশে বড় বড় মোরগ ফুলের গাছ। রাতের রান্নার চুলাগুলো জ্বলে উঠছে উঠানে-উঠানে। তারই ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। এর মধ্যে চুলার আগুনের ওম নিচ্ছিলেন ষাটোর্ধ্ব প্রিয়বালা বর্মণ। দেবীবৃক্ষের কথা জিজ্ঞাসা করলে জ্বালা ধরা গলায় বললেন, ‘আমাগো জোর নাই, মুলুকও নাই। আমাগো খোঁটাও নরম, মনও নরম।’ খোঁটা মানে খুঁটি—ক্ষমতার খুঁটি।
বাগপাড়ার ক্ষমতার অন্যতম খুঁটি স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব। বর্মণ সম্প্রদায়ের মানুষেরা দলে দলে ভোট দিয়েছিলেন প্রতিবেশী হাবিবুর রহমানকে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের এই নেতা জমি বেচা-কেনার ‘ব্যবসা’ করেন, লোকমুখে যার নাম জমির দালালি। যাঁদের ভোটে তিনি নির্বাচিত, যাঁরা তাঁর প্রতিবেশী, তাঁদের জমিতেই হাত দিতে কসুর করেননি তিনি। প্রায় আড়াই শ বছর আগে বর্মণেরা বাড়ির পাশের জংলা ভিটায় কামাখ্যা দেবীর পূজা চালু করে। দেবীর মূর্তি নেই, প্রাচীন কয়েকটি বটবৃক্ষই সেখানে দেবীজ্ঞানে ভক্তি পায়। মাঘ-ফাল্গুন মাসে সেখানে নিম্নবর্গীয় হিন্দুরা কামাখ্যা ও শীতলা দেবীর পূজা করে। বাগচালার বর্মণদের কাছে বটবৃক্ষগুলো পূর্বপুরুষদের চিহ্ন, পূজার ঠান। এই বৃক্ষগুলোই তাঁদের দেখে রাখে বলে বিশ্বাস। মহাদেব বর্মণের ভাষায়, ‘গাছই হলো দেশ, ব্যক্তি, পরিবার।’ সাধক গাছের মধ্যে দেখেন প্রাণ, ব্যবসায়ী দেখেন কাঠ। হাবিবুর রহমান দেখেছেন আরও বেশি কিছু। সেই মহার্ঘ্য জিনিসের নাম জমি, যা এখন সোনার চেয়েও দামি!
মার্কিন গোল্ড-রাশের সময় সোনা নিয়ে বিস্তর খুনোখুনি হয়েছিল। জমিই এখন বাংলাদেশের সোনা; তার জন্য চলছে ল্যান্ড-রাশ! ভূমিগ্রাসের সেই হাত ভাওয়াল অরণ্য বলে খ্যাত গাজীপুরের কালিয়াকৈর অরণ্যঘেরা গ্রাম বাগচালাকেও নিস্তার দেয়নি। গাজীপুর শিল্প শহর ও অবকাশকেন্দ্র হিসেবে যতই লোভনীয় হচ্ছে, ততই সেখানকার জমির দামও ধাঁই ধাঁই করে বাড়ছে। এই কলিকালে টাকা যেদিকে, সাধু-শয়তান সেদিকেই ছোটে। কাজেই জমির দালালি লোভনীয় ব্যবসা। শত শত সুযোগসন্ধানী এতে ব্যস্ত। তারা হন্যে হয়ে অরক্ষিত জমি খোঁজে, গরিব মুসলিম কৃষক অথবা প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের টার্গেট করে। কারণ প্রিয়বালার ভাষায়, এঁদের ‘খোঁটাও নরম, মনও নরম’। থানা, পুলিশ, ভূমি দপ্তরে এই দালালদের যে দাপট, সেটা এরা কীভাবে সামলাবে? ক্ষমতার সব খুঁটি একসঙ্গে মিলে জবরদস্ত সিন্ডিকেটের চাপে ‘হয় বেচো, নয়তো ভাগো’ অবস্থায় পড়েছে অনেক মানুষ।
যে এক খণ্ড জমি নিয়ে বিবাদ, শ্রীফলতলীর জমিদার খালেক নেওয়াজ চৌধুরী সেটি বর্মণদের দেবোত্তর সম্পত্তি করে দিয়েছিলেন। পুরোনো ভূমি রেকর্ড তথা এসএ খতিয়ান সেটাই বলে। কিন্তু হাল আমলের আরএস খতিয়ানে জমিটি হাবিবুর রহমানের নামে নথিভুক্ত হয়ে গেছে। জমির কারবারিরা ভালো করেই জানেন, ভূমি দপ্তরের যোগসাজশে নকল দলিল বানিয়ে আরএস খতিয়ানে নাম তুলে জমি আত্মসাৎ করা কঠিন কিছু নয়। দরিদ্র বর্মণেরা এত কিছু জানে না। শ্রমিক লীগের ওয়ার্ড কমিটির সভাপতি এবং পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তমকুমার বর্মণ কেবল জমিদারের দেওয়া দানের দলিল ও এসএ খতিয়ানভুক্তির প্রমাণ দেখাতে পারলেন। কিন্তু কীভাবে আরএস রেকর্ডে ওই জমি অন্যের নামে চলে গেছে, তা তিনি জানেন না। এভাবে জমি গ্রাসের শিকার তাঁরা আগেও হয়েছেন। সরকারি মাপজোখের শুভংকরের ফাঁকিতে উত্তমের ১৫ শতাংশ জমি নিয়ে গেছেন হাবিবুর রহমান।
তবে হাবিবুর রহমানের দাবি, বিবদমান ৫৯ শতাংশ জমির ৪০ শতাংশ তাঁর বাবা কিনেছিলেন। বাকি ১৯ শতাংশ কিনেছেন তিনি ও তাঁর ভাইয়েরা। কবে কিনেছেন, কীভাবে কিনেছেন, কত টাকায় কিনেছেন; এর কিছুই তিনি জানাতে পারলেন না। তবু তাঁর দাবি, ‘গাছ ওদের, জমি আমাদের।’ বটগাছগুলো যদি বর্মণদেরই হবে, তাহলে সেটা কাটতে গেলেন কেন? আগেভাগে জানাননি কেন? জবাব নেই হাবিবুরের। প্রতিবেশী কৃষক শামসুলও বললেন, ‘কেমন করে কিনসে তা বলা যায় না।’
সামনেই পূজা। উত্তমকুমারের আক্ষেপ, ‘ক্ষত্রিয়দের মূল উৎস কামাখ্যা দেবী। এইটা আমাগো জাতিগত পূজা। এই পূজা আমাগো করতে অইবই।’ দুটি গাছের কাটা পড়া শাখাগুলোর দিকে দেখিয়ে বললেন, ‘কেটে ফেলেছে, আবার হবে। কিন্তু মনের ওপর আঘাত কেমনে যাবে?’ উত্তমকুমার আওয়ামী লীগের কর্মী হয়েও দলের নেতাদের কাছে ধরনা দিয়ে সমাধান পাননি।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট বিজয়ী হয়ে সরকার গঠন করার কয়েক দিন পরে, এলাকার লীগকর্মী যতীন্দ্র বর্মণ হুমকি-ধমকির মুখে পড়েন। সে কারণেই তাঁরা ভরসা করতে চেয়েছেন আওয়ামী লীগের ওপর। অথচ লীগেরই কর্মী হাবিবুর রহমানের দাপটের মুখে এখন তাঁরা ভীত। প্রিয়বালাও বলছিলেন, ‘পোড়া রায়টের’ পর আর কখনো তাঁরা এ রকম আক্রান্ত হননি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হানাদারদের হাতে মানুষের, বিশেষত হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাকেই তাঁরা স্মরণ করেন ‘পোড়া রায়ট’ বলে। সেই পুরোনো ভয় আবার তাঁদের মনে উঁকি দিচ্ছে দেবোপম বটবৃক্ষের শাখা ভূমিসাৎ হওয়ার পর। এমনকি আদিবাসী মুক্তিযোদ্ধা রেবতী বর্মণও ভাবেননি, ‘স্বাধীন দ্যাশে এমনটা হইব!’
যা হওয়ার কথা নয়, তা-ই ঘটছে। সরকার-সমর্থিত দলের কর্মীদের হাত থেকেও তাঁরা নিরাপদ নন। অথচ প্রতিবেশী সাধারণ মুসলমানদের নিয়ে তাঁদের অভিযোগ নেই। স্থানীয় যুবক লোবান দেওয়ানও বললেন, ‘এত বছর ধইরা আছি, সমস্যা হয় নাই।’ সমবেত বর্মণেরা জানালেন, গত ১৫-২০ বছরে বর্মণদের কেউ গ্রাম বা দেশ থেকে কোথাও যায়নি। এর আগেও কখনো ধর্মস্থানে হামলা হয়নি। তাহলে নতুন কী ঘটল তাঁদের জীবনে?
এই সমস্যার উৎপত্তি গ্রামের ভেতরে নয়। সর্বগ্রাসী ভূমি ব্যবসা টাকাকে মাটি বানাচ্ছে, মাটি থেকে টাকা বানাচ্ছে। সমগ্র গাজীপুর জেলায় খুনখারাবির হার দেখলেও বোঝা যায়, ভূমি, রাজনীতি, ব্যবসা ও মাস্তানতন্ত্র কতটা বেপরোয়া।
উন্নয়ন অর্থনীতির পুরোধারা বারবার বলে আসছেন, সম্পত্তির অধিকার তথা প্রপার্টি রাইট ঠিক না হলে সুশাসন আসবে না, অপরাধ কমবে না, বিনিয়োগ নিরাপদ হবে না। এসএ, আরএস, ডিএস নামক জমির মালিকানা ও পরিমাপের পরস্পরবিরোধী রেকর্ড আছে। এগুলোর গরমিল থেকেই জন্ম নিচ্ছে ভূমি বিবাদ, সুযোগ পাচ্ছে ভূমিগ্রাসীরা এবং বাড়ছে হানাহানি। বাংলাদেশের দরিদ্র মুসলমান, সংখ্যালঘু হিন্দু এবং আদিবাসী—কেউই পার পাচ্ছে না। যত দিন ভূমির রেকর্ডে এই বিশৃঙ্খলা থাকবে, তত দিন প্রান্তিক মানুষের সম্পত্তি হাতছাড়া করার সুযোগ থাকবে, তত দিন সাম্প্রদায়িকতার নামে, উন্নয়নের নামে, ক্রয়-বিক্রয়ের নামে জমি বেহাত হবেই। ভাওয়াল অরণ্যের রাজবংশী বর্মণেরা আসলে চাইছেন ব্যক্তিগত ও গোষ্ঠীগত সম্পত্তি রক্ষার অধিকার।
আশুলিয়া থেকে গাজীপুর হয়ে কালিয়াকৈর মহাসড়ক দিয়ে তুরাগ পেরিয়ে ভাওয়াল অরণ্যের ভেতর পর্যন্ত রাস্তার দুপাশে অজস্র সাইনবোর্ড: ‘ক্রয়সূত্রে এই জমির মালিক...’। এসব থেকে জানা যাবে না ক্রয়ের সূত্রের মধ্যে অন্যায়-অবিচার ছিল কি না। বাগচালার হাত-পা কাটা বটবৃক্ষগুলো ভাষা পেলে জানাতে পারত, শত শত বছর ধরে বর্মণেরা তাদের ভক্তি দিয়েছে, যত্ন নিয়েছে। পূজার দিন নারীরা গাছগুলো ঘিরে গীত গেয়েছে। নকল দলিল, বাজারের চাহিদা, উন্নয়নের জৌলুশের সামনে এসব মানবিক দাবি হাতে দলিল নিয়ে বলতে পারছে না: শিকড় যেখানে বসত যেখানে, অধিকারও সেখানেই!
ফেরার পথে দেখি সংবাদ পাঠাচ্ছেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি: মারপিটে খুন একজন। হঠাৎ থমকে গেল গাড়ি। দেখি অরণ্যের অন্ধকারে লাঠি-বর্শা-সড়কি হাতে দাঁড়িয়ে আছে একদল মানুষ। সম্ভবত ওরা ডাকাত অথবা প্রহরী গ্রামবাসী। সাংবাদিক বলে সহজে ছাড়া পেলাম; কিন্তু ভাওয়াল অরণ্যে কে যে ডাকাত আর কে যে প্রহরী, কে যে জনপ্রতিনিধি আর কে যে ভূমিগ্রাসী, কে রক্ষক আর কে ভক্ষক, তা বোঝা দায়। বনদস্যু তবু চেনা যায়, ভূমিদস্যুদের চেনা কঠিন।
রাত বাড়ার আগেই তাই চলে আসি। বর্মণপাড়ার অশীতিপর বৃদ্ধার একটি কথা মনে গেঁথে গেছে: এই রহম অইব ক্যা, ক্যা? বৃদ্ধা কানে কম শোনেন, সরকারও মনে হয় কানে খাটো। তাই দুর্গত মানুষদের চিৎকার করেই বলতে হয়: এমন হবে কেন? এমন কি হওয়ার কথা ছিল?
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]