ভবন ও জায়গা ফিরিয়ে দেওয়া হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবরেণ্য এসব স্বনামধন্য ব্যক্তির মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকার নবাব আবদুল গনি, উদ্ভিদবিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু, পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা, অমর কথাসাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক বুদ্ধদেব বসু, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী, জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বাঙালি উপাচার্য ড. রমেশচন্দ্র মজুমদার, সব্যসাচী কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, বিপ্লবী দীনেশ গুপ্ত প্রমুখ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, পাকিস্তান স্বাধীনতালাভের পর পশ্চিমা শাসকগোষ্ঠী স্কুলটিকে তার মূল ভবন থেকে সরিয়ে দেয়। ভবনটিতে স্টেট ব্যাংক অব পাকিস্তান প্রতিষ্ঠা করা হয়। ফলে ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশের স্বাধীনতার পর স্টেট ব্যাংক অব পাকিস্তান হয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মতিঝিলে তাদের নিজস্ব ভবনে চলে যাওয়ার পরও ঢাকা কলেজিয়েট স্কুলের ভবন ও জায়গা বিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হয়নি, যা ছিল ঢাকা কলেজিয়েট স্কুলের নিজস্ব সম্পত্তি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্কুলের জায়গা ও ভবনটি তৎকালীন জগন্নাথ কলেজকে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) অন্যায়ভাবে দিয়ে দেন। এ ঘটনায় স্কুলের সব প্রাক্তন ছাত্র মর্মাহত হন। ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র স্বনামধন্য কথাসাহিত্যিক কবি সৈয়দ শামসুল হক লন্ডনে চিকিৎসায় গিয়েও কথাসাহিত্যিক আবদুল গাফ্ফার চৌধুরীর কাছে এই বেদনা প্রকাশ করেছেন।

 প্রগতিশীল চিন্তাচেতনা ও আধুনিক মননশীলতার বিকাশে ঢাকা কলেজিয়েট স্কুলের অবদান অতুলনীয়। অথচ অতীতে স্কুলটিকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, আজও সেই বঞ্চনার অবসান ঘটেনি। স্বাধীনতা-পূর্ব ও স্বাধীনতা-পরবর্তীকালে বিভিন্ন সরকারের আমলে স্কুলটির প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়েছে এবং তাদের অবহেলা, অনাদর ও উপেক্ষায় স্কুলটির অতীতের সুনাম ক্ষুণ্ন হতে বসেছে। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া জায়গা ও স্থাপনাসমূহ ঢাকা কলেজিয়েট স্কুলকে ফিরিয়ে দেওয়া হলে স্কুলটির হৃতগৌরব ফিরে আসবে বলে আমি মনে করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ তাঁর ‘ঢাকা কলেজিয়েট স্কুল—আদি ইতিহাস’ রচনায় লিখেছেন, ‘ঢাকা কলেজিয়েট স্কুল বাংলাদেশে ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি বিস্তারে পথিকৃতের ভূমিকা পালন করে। এ স্কুলটি না হলে বাংলাদেশ কেমন হতো, তা ভাবতেও পারা যায় না। যে প্রতিষ্ঠানটি প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশের মানুষকে শিক্ষিত করেছে, আলোকিত করেছে, খ্যাতি দিয়েছে এবং এই ভূখণ্ডকে আধুনিক সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তরিত করেছে তার পূর্ণাঙ্গ ইতিহাস এবং অবদানের কথা বস্তুনিষ্ঠভাবে পুনর্গঠন করা এখন সময়ের দাবি।’

ঢাকা কলেজিয়েট স্কুলের ইতিহাস মানেই পূর্ব বাংলায় আধুনিক শিক্ষাবিস্তারের সফল ইতিহাস। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্রদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ স্কুলের অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জনে অবদান রেখেছেন। যে স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই বিস্ময়করভাবে সাফল্যের চরম শিখরে আরোহণ করে, তার আজকের করুণ পরিণতি মেনে নেওয়া যায় না।

 দেশের বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় উন্নত ও আধুনিক সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করেছে। অতীতের গৌরবময় ইতিহাস ও বর্তমান পরিণতির কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের আগের জায়গা ও স্থাপনাসমূহ ফিরিয়ে দিয়ে শিক্ষাবিস্তারে অতীতের মতো স্কুলটির অবদান রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. হারুন অর রশীদ: সাধারণ সম্পাদক, ঢাকা কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন।