টরন্টোতে বসে কানাডায় অভিবাসী এক ভারতীয়র সঙ্গে প্রাথমিক পরিচয়পর্ব শেষ হওয়ার পরই তিনি জানালেন যে বাংলাদেশের ঢাকায় আবার একটা ভবনধসের ঘটনা ঘটেছে। এ রকম একটা খবর বাংলাদেশি হিসেবে আমার মাথা হেঁট করে দিলেও আমি বিব্রত ভাবটা গোপন করে পুরো ঘটনার জন্য ভবন তৈরির সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের একটা অজুহাত খাড়া করে মুখরক্ষার ব্যর্থ চেষ্টা করি। ভবন নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ইচ্ছাকৃতভাবে উচ্চমানের নির্মাণসামগ্রীর অপর্যাপ্ত পরিমাণ ব্যবহারের মধ্যে যে কোনো তফাত নেই, সেটা বোঝার ক্ষমতা গড়পড়তা বুদ্ধিমান মানুষমাত্রেরই আছে। ভেজাল সিমেন্ট, বাজে মানের রড কিংবা দুই নম্বর ইট দিয়ে গ্রামদেশের সাধারণ একতলা দালান নির্মাণ হওয়াটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, তাতে দুর্ঘটনার আশঙ্কাও থাকে কম, কিন্তু সঠিক মানের সামগ্রী পর্যাপ্ত অনুপাতে না দিয়ে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের যে বিপদ, জীবন দিয়ে তার প্রমাণ দিয়ে গেছে নিম্ন আয়ে করুণতম জীবনযাপনকারী তৈরি পোশাক কারখানার শত শত শ্রমিক। দুর্ভাগ্যবশত আমাদের এমনই একটা দেশ, যেখানে প্রকৃত অপরাধীরা কখনোই শাস্তি পায় না, সামাজিক এবং আর্থিক প্রতিপত্তির কারণে বিচারের অসম প্রয়োগই আমাদের মতো দেশগুলোতে অপরাধ সংঘটন প্রবণতার ক্রমবর্ধমান হারের প্রধান কারণ। মানুষের দুর্দমনীয় লোভ, দ্রুততম সময়ে যেকোনো মূল্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য একশ্রেণীর মানুষ ক্রমাগত আইন অমান্য করে। কারণ, আমাদের বাস্তবতায় প্রভাবশালী আইন ভঙ্গকারীরা পার পেয়ে যেতে পারে সহজেই। উল্লেখ্য, এই শ্রেণীর মধ্যে সব ধরনের মানুষই আছে, মফস্বলের বা গ্রামের স্বল্প প্রভাবশালী থেকে শুরু করে জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী, সামাজিকভাবে পরিচিত এবং আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত মানুষেরাই বিভিন্ন উপায়ে ও ছলে আইন অমান্য করে থাকে। এর জন্য দায়ী আমাদের আমলাতান্ত্রিক অব্যবস্থা এবং তার সুযোগ নিয়ে সম্পূর্ণ বেআইনি কাজের সুরক্ষার নিশ্চয়তা। ঢাকা শহরে আন্তর্জাতিক চেইনের আবাসিক হোটেল থেকে শুরু করে বহু সুপ্রসিদ্ধ ভবন রাজউকের নিয়ম লঙ্ঘন করে সদম্ভে দাঁড়িয়ে আছে, কিন্তু সেসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ধসে পড়া ভবনটির অনুমোদনের বিষয়ে রাজউকের এক কর্মকর্তা নাকি সাফ জবাব দিয়েছেন যে সাভারের এই ভবনটির অনুমোদন রাজউক দেয়নি, দিয়েছে সাভার পৌরসভা। অথচ রাজউক নিয়ন্ত্রিত এলাকার মধ্যে তাদের নাকের ডগা দিয়ে অবৈধ ভবন নির্মাণ কিংবা হেলে পড়ার ঘটনা মোটেই নতুন নয়। হাতিরঝিলের ওপর বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা বিজিএমইএ ভবনের ভবিষ্যৎ নির্ধারিত হবে আইন এবং প্রভাবের মধ্যকার সম্পর্কের জয়-পরাজয়ের ফয়সালায়। ঢাকায় ভবনধসের এই ঘটনায় হূদয়বিদারক প্রাণহানির ঘটনাটি অতীতের আরও কয়েকটি মারাত্মক দুর্ঘটনার মতো আমরা কিছুদিন পরই বিস্মৃত হব। স্বজনদের কাছেও একদিন হয়তো ফিকে হয়ে আসবে মৃত মানুষদের স্মৃতি। কিন্তু গুরুতর অঙ্গহানির শিকার মানুষগুলো আমৃত্যু বয়ে বেড়াবে মানবেতর জীবনের অভিশাপ। যাদের লোভ এবং দুর্নীতির কারণে এতগুলো প্রাণের অবসান ঘটল, তারাও থাকবে বহাল তবিয়তে, অব্যাহত রাখবে তাদের অপকর্মগুলো। কারণ, অতীতের অন্যান্য ঘটনার মতো এবারও তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু বিদেশি ক্রেতা এবং বিপণন প্রতিষ্ঠানগুলো আমাদের মতো বিস্মৃতিপরায়ণ নয়। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। উন্নত দেশগুলোর নীতিপরায়ণ ক্রেতারা সামাজিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে তৈরি কোনো বিশেষ ব্র্যান্ডের পণ্য বা পোশাক বর্জন করার আহ্বান জানাচ্ছেন। কানাডার বৃহত্তম রিটেইল চেইন স্টোর ‘লোব্ল’ ঢাকার এই ঘটনার পর আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তাদের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘জো ফ্রেশ’ এই ব্র্যান্ডটি যে কারখানায় তৈরি করাত, সেটিও অবস্থিত ছিল ধসে পড়া ভবনটিতে। ভবনধসের বীভৎস সব ছবি সংবাদমাধ্যমে দেখে জো ফ্রেশের জনৈক ক্রেতা মন্তব্য করেছেন, ‘আপনাদের পোশাকে আমাকে সুন্দর দেখাতে পারে, কিন্তু আমার আর ভালো লাগছে না।’ অন্য একজন ক্রেতা জানিয়েছেন ‘লোব্ল’ যদি পোশাক তৈরির কারখানা ভবনে অগ্নি এবং নিরাপত্তার বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তিনি আর তাদের ব্র্যান্ডের পেছনে কোনো টাকা খরচ করবেন না। এসব খবর জানিয়ে নাতিদীর্ঘ এক সচিত্র প্রতিবেদন ছেপেছে কানাডার প্রভাবশালী দৈনিক টরন্টো স্টার। দ্বিতীয় দিনেও প্রকাশিত হয়েছে দীর্ঘতর সচিত্র ফলোআপ প্রতিবেদন। যদিও বাংলাদেশের তৈরি পোশাকের মাত্র ৫ শতাংশ রপ্তানি হয় কানাডায়। বাংলাদেশি তৈরি পোশাকের সঙ্গে কানাডার তুলনামূলকভাবে এই সামান্য সম্পৃক্ততা সত্ত্বেও কাগজটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে বিস্তারিত সংবাদ। কারণ, তাদের দেশের ক্রেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিছু মানুষের দুর্নীতিজনিত কারণে ঘটা এই মানবিক বিপর্যয়ে। প্রতিবেদনে ২০০৫ সাল থেকে ঘটা বিভিন্ন দুর্ঘটনায় প্রায় ৭০০ পোশাককর্মীর মৃত্যুর হিসাব দিয়ে মন্তব্য করা হয়েছে যে এ-জাতীয় ঘটনা পোশাকশ্রমিকদের নিরাপত্তা এবং তাঁদের নিম্ন মজুরির বিষয়ে গুরুতর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং তা সস্তা ব্যয়ে উৎপাদনকারী দক্ষিণ এশীয় দেশটির সুনামহানি করতে পারে। মাত্র ৫ শতাংশ পণ্যের গন্তব্য কানাডাতে যদি এ রকম প্রতিক্রিয়া ঘটে, তাহলে ৬০ শতাংশ তৈরি পোশাকের ক্রেতা ইউরোপ কিংবা ২৩ শতাংশের যুক্তরাষ্ট্রে কী প্রতিক্রিয়া হতে পারে, তা বুঝে নিতে হবে। সেখানেও যদি ক্রেতাদের এ রকম ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়, তাহলে আমাদের দেশের পণ্যের প্রতি একটা বড় বাজারের ক্রেতাদের অনীহা পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় স্থানের আসনটিকে সহজেই ধসিয়ে দিতে পারে। কারণ, দুর্নীতি এবং লোভের কারণে ভবন নির্মাণ প্রতিষ্ঠান, ভবনের মালিক, অনুমোদনকারী এবং নজরদারি সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের এই অমিত সম্ভাবনার বিষয়টিকে উপেক্ষা করে আসছে ক্রমাগত। এমনকি কিছু পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকও লাভের অঙ্ক স্ফীত করা কিংবা জ্ঞান ও বিবেচনাবোধের অভাবের কারণে কারখানা ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি কখনোই আমলে আনেন না। যদিও বাংলাদেশের বেশ কিছু বড় পোশাক কারখানা উচ্চ আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদনশীল, কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে সেই মান নিশ্চিত করার কাজটি হয়েছে ক্রেতাদের আরোপিত কঠোর শর্ত ও নির্দেশনার কারণে। তৈরি পোশাক কারখানার নিরাপত্তা ও মানোন্নয়নে অবহেলার মূল কারণ যেমন একদিকে মালিকপক্ষের অবহেলা ও বাড়তি মুনাফার লোভ, তেমনি রয়েছে বিদেশি ক্রেতাদের উচ্চ দর-কষাকষির ক্ষমতার কারণে দাম কম রাখার উদ্দেশ্যে উৎপাদন ব্যয় কমানোর চেষ্টা। এই চেষ্টায় চরমভাবে লঙ্ঘিত হয় শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার দিকটি। তৈরি পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কারও অজানা নেই যে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের ক্রয়মূল্যের তুলনায় আমাদের দেশের তৈরি পোশাকের ওপর বহু গুণ মুনাফা বজায় রাখতে পারে। কেলভিন ক্লেইন, টমি হিলফিগার, ওয়ালমার্টের মতো নামীদামি ব্র্যান্ডের বিদেশি কোম্পানিগুলো তাদের উচ্চ মুনাফা নিশ্চিত করেও বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোর নিরাপত্তা ও মান উন্নয়নে বাড়তি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এই আগ্রহ থেকে প্রমাণিত হয়, তাদের মুনাফার উচ্চ মাত্রা। সুতরাং বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা ও পরিবেশের মান উন্নয়ন না করলে এসব কোম্পানির বাজার হারাতে পারে, এই বিষয়টি বিজিএমইএ এবং সরকার যদি মুনাফালোভী পোশাকশিল্পের মালিকদের উপলব্ধি করাতে না পারে, তাহলে আমাদের রপ্তানি বাণিজ্যের ভবিষ্যৎ অন্ধকার। বিদেশের বাজার পর্যবেক্ষকদের ধারণা, কারখানার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টির সঙ্গে ব্যয়ের চেয়ে বেশি জড়িত মালিকদের সদিচ্ছার প্রশ্ন। কানাডীয় পোশাক সমিতির একজন কর্মকর্তার মতে, বাংলাদেশের তৈরি পোশাকের প্রতি কানাডার আগ্রহের প্রধান কারণ শুল্কমুক্ত বাজারের ব্যবস্থা, যা বাংলাদেশের জন্য একধরনের ভর্তুকি। সুতরাং এই বাজার ধরে রাখার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশকে বোঝানোর দায়িত্বও কানাডার। চরম রাজনৈতিক হানাহানির পাশাপাশি নিরাপত্তা ও শ্রমিক কল্যাণমূলক ব্যবস্থাসংবলিত পোশাক কারখানার অভাব বাংলাদেশের রপ্তানি-ভবিষ্যতের জন্য একটা সতর্কসংকেত। এই পূর্বাভাস বিবেচনায় না নিলে স্বর্ণডিম্ব প্রসবকারী রাজহাঁসের মতো এই খাতটিও প্রাণ দিতে পারে আমাদের লোভের কারণে। টরন্টো, কানাডাফারুক মঈনউদ্দীন: লেখক, ব্যাংকার।[email protected]