ভবিষ্যৎ ঝঞ্ঝাবিক্ষুব্ধ, ভয়ানক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফ এক মাস গোসসা করে চুপচাপ থাকার পর আবার পরস্পরের মুখোমুখি হয়েছেন। এতে মানুষ নানা কথাই বলবে। কারণ, তাঁরা প্রতি মাসে নিয়ম করে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে সামরিক-বেসামরিক ঐক্য দেখানোর জন্য এই অনুষ্ঠানে বা সেই অনুষ্ঠানে একত্রে ছবি তুলতেন। তাই মানুষ ভাবছে, তাঁদের সম্পর্কে দারুণ টানাপোড়েন চলছে, যেটা দেশটির রাজনৈতিক উপরিকাঠামোকে নাড়িয়ে দিতে পারে।
এই উত্তেজনার প্রথম কারণ হচ্ছে নওয়াজ শরিফ সাবেক সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফকে দেশদ্রোহের অভিযোগে বিচার করার সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এটা সহ্য করতে পারে না যে একজন সাবেক সেনাপ্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তা সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। এর চেয়েও বড় বিবেচনা হচ্ছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য জেনারেল মোশাররফের কাছে কৃতজ্ঞ। এই মামলার নানা বাঁক পরিবর্তনের কারণে উভয় পক্ষই হতাশ হয়েছে, যেটা তঁাদের মধ্যে ভুল-বোঝাবুঝিও সৃষ্টি করেছে।
নওয়াজ শরিফ ২০১৪ সালের বসন্তে পাকিস্তানি তালেবানদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যখন রাহিল শরিফ একদম সমর প্রস্তুতি নিয়ে ওয়াজিরিস্তানে ঢোকার জন্য প্রস্তুত ছিলেন—তাঁদের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হওয়ার এটি দ্বিতীয় কারণ। এই সুযোগে তালেবানরা হটে গিয়ে নিজেদের পুনর্গঠিত করার সুযোগ পেয়ে যায়, এতে জেনারেল রাহিল শরিফের কাজ আরও কঠিন হয়ে যায়। ২০১৪ সালের জুন মাসে তাঁরা অভিযান চালানোর সবুজ সংকেত পান, কিন্তু তত দিনে দেশজুড়ে তালেবান নিরাপত্তা স্থাপনা ও রক্ষীদের ওপর কয়েকটি হামলা চালিয়েছে।
এই উত্তেজনা সৃষ্টির তৃতীয় কারণটি হচ্ছে আইএসআইয়ের ভূমিকা। দুই বছর আগে তারা উসকানি দিয়ে ইমরান খানকে ধরনা আন্দোলন করিয়েছিল, যার লক্ষ্য ছিল নওয়াজ শরিফকে উৎখাত করা। জেনারেল রাহিল গোয়েন্দা সংস্থাটির এই গোপন অভিযান সম্পর্কে পুরোপুরি জানতেন না, যদিও তিনি তা প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেননি। ফলে নওয়াজ শরিফ জেনারেল রাহিলের ওপর ভরসা হারাতে শুরু করেন।
উত্তেজনার চতুর্থ কারণটি হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক শান্তি স্থাপনে ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আকাঙ্ক্ষা। কিন্তু সামরিক বাহিনী প্রতিষ্ঠান হিসেবে এ রকম কৌশলগত উদ্যোগের বিরোধী। সে কারণে নওয়াজ শরিফ যখন ২০১৪ সালে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন, তখন সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীকালে যখন কাশ্মীর প্রশ্নে কোনো ছাড় ব্যতীত সচিব পর্যায়ের বৈঠক আয়োজন করা হয়, তখনো সেনাবাহিনী ক্ষুব্ধ হয়। আর সম্প্রতি নওয়াজ শরিফ পাঠানকোট হামলায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে এফআইআর নিবন্ধনের আদেশ দিলেও সেনাবাহিনী একইভাবে ক্ষুব্ধ হয়। সরকার এক ভারতীয় গোয়েন্দাকে ধরার খবর আন্তর্জাতিকভাবে ফলাও করে প্রচার না করার কারণেও তারা ক্ষুব্ধ হয়েছে।
উত্তেজনার পঞ্চম কারণটি হলো করাচির মতো পাকিস্তান সেনাবাহিনীর পাঞ্জাবে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আগ্রহে নওয়াজ শরিফের জল ঢেলে দেওয়া। তিনি চাননি পাঞ্জাবে তাঁর ‘সুশাসনের’ যে ভাবমূর্তি রয়েছে, সেটা কেউ ভাঙুক, সিন্ধু প্রদেশে তারা যেভাবে পিপিপির ভাবমূর্তি ধসিয়ে দিয়েছিল।
এই তালিকার ষষ্ঠ কারণটি হলো সামরিক বাহিনী সন্ত্রাসবাদের সঙ্গে দুর্নীতিকে যুক্ত করতে চেয়েছিল। তারা বেসামরিক প্রশাসনকে অগ্রাহ্য করে এটি করতে চেয়েছিল। নওয়াজ শরিফ বিশেষ করে এ কারণে বিরক্ত হয়েছেন যে পানামা পেপারস ফাঁসের পর জেনারেল রাহিল শরিফ বলেছিলেন, সরকারের সবাই এর জন্য দায়ী। আবার দুর্নীতির অভিযোগ আছে এমন কয়েকজন জেনারেলকে বরখাস্ত করে আইএসপিআর দেখানোর চেষ্টা করে, তারা দায়মোচন করেছে। নওয়াজ শরিফ সন্দেহ করেন, জেনারেল রাহিল নিজেকে প্রদর্শন করে তাঁকে খতম করতে চান। পানামা পেপারস ফাঁসের সময়সূচি তাঁর সন্দেহের পালে হাওয়া দিচ্ছে।
আরও কিছু ব্যাপার আছে। সামরিক বাহিনী সিপিইসি নির্মাণে লুটের ভাগ চায়, কিন্তু সরকার তাকে দূরেই রাখছে। আবার সরকার আইএসআইয়ের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ইনটেলিজেন্স ব্যুরোকে শক্তিশালী করছে, সেনাবাহিনী সেটাও পছন্দ করছে না। ওয়াজিরিস্তানে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য তারা আরও টাকা চায়। পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে এফ-১৬ বিমান কেনার চুক্তি করতে পারেনি, ফলে সংস্থাটি হতাশ হয়েছে। আর এই কথাটা শেষে বললেও তা গুরুত্বহীন নয় যে, আইএসপিআর জেনারেল রাহিল শরিফকে একজন ‘অপেক্ষমাণ-উদ্ধারকর্তা’ হিসেবে দেখানোর চেষ্টা করছে, এর বিপরীতে তারা নওয়াজ শরিফকে ‘দুর্নীতিবাজ ও অযোগ্য’ চিত্রিত করার চেষ্টা করছে।
এই পরিপ্রেক্ষিতে মানুষের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের মধ্যকার এই বৈঠকটি কি সামরিক-বেসামরিক সম্পর্ক স্থিতিশীল করতে সহায়তা করবে? এর ফলে কি নওয়াজ শরিফ সামরিক বাহিনীর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে ‘নিষ্ক্রিয়’ করে পানামা পেপারস লিক নিয়ে সৃষ্ট ঝড়ের রাশ টানার সক্ষমতা অর্জন করবেন?
তবে এটা নিশ্চিত, একটি বৈঠকের মধ্য দিয়ে এত দিনের প্রাতিষ্ঠানিক অবিশ্বাসের বরফ গলবে না। কিন্তু প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষে তিনটি হেতু রয়েছে। প্রথমত, বিরোধী শিবির বিভক্ত, একমাত্র পিটিআই ছাড়া কেউই সামরিক হস্তক্ষেপ চায় না। দ্বিতীয়ত, আগামী তিন মাসের মধ্যে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হলে জেনারেল শরিফের ‘সুযোগের জানালা’ বন্ধ হয়ে যাবে। তখন তিনি খোঁড়া হাঁস হয়ে যাবেন। তৃতীয়ত, কোনো সেনাপ্রধান অভ্যুত্থানের চেষ্টা করলে তাঁকে নিজ কাজের জন্য কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। এক পিটিআই ছাড়া সব প্রধান রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বিচার বিভাগ ও শক্তিশালী গণমাধ্যম সামরিক একনায়কের বিরুদ্ধে একত্র হবে, যেটা অনিবার্যভাবেই তাদের স্বাধীনতা খর্ব করবে। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করবে, আর ভারত ও আফগানিস্তান দেশটিকে অস্থিতিশীল করে দেবে। এরপর অভ্যুত্থানকারী শিগগিরই বুঝে যাবেন, তিনি এক বাঘের পিঠে সওয়ার হয়েছেন, যে বাঘ রোমাঞ্চপ্রিয় পূর্বসূরিদের মতো তাঁর গায়েও থাবা মারবে।
এসব সুবিধা-অসুবিধা বিবেচনা করে বলা যায়, আগামী উত্তপ্ত দিনগুলো ঝঞ্ঝাবিক্ষুব্ধ হবে, কিন্তু ভয়ানক কিছু ঘটবে না।
পাকিস্তানি সাপ্তাহিক দ্য ফ্রাইডে টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
নাজাম শেঠি: সম্পাদক, ফ্রাইডে টাইমস।