ভারত যখন সুপেয় পানির মহাসংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষকদের মতে, ভারত ইতিহাসের সবচেয়ে কঠিন পানি সংকটে আছে এখন
ছবি: এএফপি

ভারত সুপেয় পানির চরম সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সংকটের কথা জানেন। এ সংকট এতটাই প্রকট হয়ে উঠেছে যে যদি এখনই ভারত সরকার সমাধানের বিষয়ে উদ্যোগী না হয়, তাহলে ভারতে, এমনকি গোটা উপমহাদেশে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থায় অস্থিরতা দেখা দেবে। শাসনব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন টেকসই হওয়ার নিশ্চয়তাও ভঙ্গুর হয়ে উঠবে। চলতি মাসের শুরুতে মোদি ‘জল জীবন মিশন’ নামের একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন। সেই পরিকল্পনায় সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

জল জীবন মিশনে বৃষ্টির পানি ও জলাধারের পানি সংরক্ষণ করা, নদী দূষণ রোধ করে নদীর পানিকে খাওয়ার উপযোগী করে তা নাগরিকদের মধ্যে সুষমভাবে বণ্টন এবং সঠিকভাবে পানি ব্যবস্থাপনার কাজ এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এ কাজগুলো মোটেও মামুলি কাজ নয়, এটি একটি বিশাল প্রকল্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিচালিত গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়ার (নিটি আয়োগ) ২০১৮ সালের কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইনডেক্সের উপসংহারে যা বলা হয়েছে তা ভারতের জন্য সতর্কবার্তার মতো। সেখানে বলা হয়েছে, পানির মানের দিক থেকে ১২২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১২০তম। এ দেশের প্রায় ৭০ শতাংশ পানি দূষিত।

২০৩০ সাল নাগাদ ৪০ শতাংশ ভারতীয় নাগরিকের খাওয়ার পানি হাতের নাগালের বাইরে চলে যাবে। ইতিমধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদের পানি অনেক আগে থেকেই শুকিয়ে যেতে শুরু করেছে। দেশজুড়ে পাঁচ হাজারের বেশি বাঁধ দিয়েছে ভারত। এ বাঁধের কারণেও পানির স্বাভাবিক প্রাপ্যতা নষ্ট হয়ে যাচ্ছে।

অন্য সব গবেষণায় দেখা যাচ্ছে, এই অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। নিটি আয়োগের গবেষণাতেই বলা হয়েছে, ভারত ইতিহাসের সবচেয়ে কঠিন পানি সংকটে আছে। কোটি কোটি মানুষ ও পশুপাখি হুমকির মধ্যে পড়েছে। ৬০ কোটি ভারতীয় তীব্র পানি সংকটের শিকার এবং নিরাপদ পানি না পাওয়ার কারণে প্রতিবছর এখানে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু হয়। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান উড্রো উইলসন সেন্টার সম্প্রতি বলেছে, ভারত বিশ্বের সবচেয়ে বেশি ভূগর্ভস্থ পানি উত্তোলন করে। দেশটিতে ২ কোটি ৭০ লাখের বেশি টিউবওয়েল আছে। এর বাইরে আরও অন্যান্য উপায়ে প্রতিদিন ভূগর্ভের পানি উত্তোলন করা হচ্ছে। এতে প্রতিনিয়ত ভূগর্ভের পানির ওপর চাপ পড়ছে, যা ভূত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রতিষ্ঠানটির ২০১৯ সালের সূচকে দেখা যাচ্ছে জমির সেচ দেওয়ার জন্য গভীর নলকূপ বসিয়ে চাষিরা পানি উত্তোলন করেন। ভারতে মোট যে পরিমাণ পানি ভূগর্ভ থেকে তোলা হয়, তার ৯০ শতাংশই সেচের কাজে লাগানো হয়। অতিমাত্রায় পানি তোলার কারণে ৬১ শতাংশ কূপ ও নলকূপ আর আগের মতো পানি তুলতে পারছে না। কারণ, পানির স্তর নিচে নেমে গেছে। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে অনেক জেলাতে নলকূপ নিষিদ্ধ করার জন্য আন্দোলন হয়েছে।

নিটি আয়োগের ২০১৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদের ২১ শহরের ভূগর্ভস্থ পানি যদি ২০২০ সালের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে ২০৩০ সাল নাগাদ ৪০ শতাংশ ভারতীয় নাগরিকের খাওয়ার পানি হাতের নাগালের বাইরে চলে যাবে। ইতিমধ্যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদের পানি অনেক আগে থেকেই শুকিয়ে যেতে শুরু করেছে। দেশজুড়ে পাঁচ হাজারের বেশি বাঁধ দিয়েছে ভারত। এ বাঁধের কারণেও পানির স্বাভাবিক প্রাপ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। কোভিড-১৯ মহামারি ভারতের ৩৩টির বেশি জেলাতে পানি সংকট বাড়িয়ে দিয়েছে।

এ অবস্থা থেকে বের হতে হলে ভারতের কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ের সব কর্তৃপক্ষকে এক করে সুপেয় পানির সুষম বণ্টন ও সুব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ভারতের পানি বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এশিয়া টাইমস থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত।

জাভিয়ের এম. পিয়েদ্রা মার্কিন দাতা সংস্থা ইউএসএইডির প্রাক্তন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা।