ভারত-সোভিয়েত মৈত্রী ও নিক্সন-কিসিঞ্জারের ক্রোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বাংলাদেশে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসের তৎকালীন ডেপুটি চিফ অব মিশন মহারাজাকৃষ্ণ রাসগোত্রার আত্মজীবনী আ লাইফ ইন ডিপ্লোম্যাসিতে সে দ্বন্দ্বের কিছু বিবরণ পাওয়া যায়। এবারের আয়োজন শুরু হলো এই বই দিয়ে, এর নির্বাচিত অংশের অনুবাদের শেষ পর্ব আজ ছাপা হলো।
প্রেসিডেন্ট নিক্সন ভারত ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অ​বজ্ঞার চোখে দেখতেন
প্রেসিডেন্ট নিক্সন ভারত ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অ​বজ্ঞার চোখে দেখতেন

জয়প্রকাশ নারায়ণ এক সপ্তাহ ওয়াশিংটন ডিসিতে ছিলেন। রাষ্ট্রদূত ঝা নিজের বাসভবনে তাঁর থাকার সুব্যবস্থা করেন। আমি মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও সিনেট ফরেন রিলেশনস কমিটিসহ নানা স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে জয়প্রকাশের বৈঠক ও সাক্ষাতের ব্যবস্থা করি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ সিসকো, যিনি জয়প্রকাশকে চিনতেন, তাঁকে অনুরোধ করি, তিনি যেন হেনরি কিসিঞ্জার ও পররাষ্ট্র বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের ব্যবস্থা করে দেন এবং তিনি নিজেও তাঁকে সাক্ষাৎ দেন। সেসব সাক্ষাৎ ও বৈঠকে জয়প্রকাশের আন্তরিকতা ও মানবাধিকারের ব্যাপারে প্রকৃত উদ্বেগ, পূর্ব পাকিস্তানের গণহত্যার অবসান ও স্বাধীনতার পক্ষে তাঁর আবেগপূর্ণ আবেদন-নিবেদন সবাইকে নাড়া দেয়। তাঁরা তাঁর এই মিশনের প্রতি সহানভূতি-সমর্থন ব্যক্ত করেন এবং তাতে জয়প্রকাশ আরও অনুপ্রাণিত বোধ করেন। তাঁর আমেরিকা সফরের সময় ফুরিয়ে আসছিল, ভারতে ফেরার আগে তাঁর ছিল আর মাত্র দুই দিন। কিন্তু তাঁর সবচেয়ে কাঙ্ক্ষিত বৈঠকটি তখনো হয়নি।

তাই তিনি আমাকে বললেন, ‘রাসগোত্রাজি, আমার এই সফর ফলপ্রসূ করার জন্য আপনি তো অনেক কিছুই করলেন, কিন্তু আমার এ দেশে আসার প্রধান উদ্দেশ্যটাই যে অপূর্ণ থেকে গেল।’ আমি জানতে চাইলাম, তিনি আমাকে সুনির্দিষ্টভাবে কী করতে বলছেন। তখন তিনি বললেন, ‘আমাকে হেনরি কিসিঞ্জারের সঙ্গে অবশ্যই দেখা করতে হবে। আমি চাই, তিনি সত্যটা জানুন। (পূর্ব পাকিস্তানের) ভয়াবহ পরিস্থিতি এবং তা মোকাবিলার জন্য কী করতে হবে, এ বিষয়ে আমাদের অবস্থানের সঙ্গে আমি তাঁকে একাত্ম করতে চাই।’ আমি তাঁকে জানালাম যে কিসিঞ্জারের সঙ্গে তাঁর সাক্ষাতের অনুরোধ দাপ্তরিক মাধ্যমে করে রাখা হয়েছে, কিন্তু কিসিঞ্জার সাড়া দেননি। আমি জয়প্রকাশকে কথা দিলাম, তিনি দিল্লি রওনা করার আগেই কিছু সময়ের জন্য কিসিঞ্জারের সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা আমি করব।
অনেক দেনদরবারের পর কিসিঞ্জার পরদিন জয়প্রকাশের জন্য মাত্র ২০ মিনিট সময় দিতে সম্মত হলেন। নির্ধারিত সময়ে তিনি হোয়াইট হাউসের বেসমেন্টে নিজ কক্ষে জয়প্রকাশ ও আমাকে অভ্যর্থনা জানালেন। তিনি শরণার্থীদের আগমনে ভারতে যে জটিল সমস্যা সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ভারতের ধৈর্য ও সংযমের প্রশংসা করলেন। জয়প্রকাশ তাঁকে বললেন, পরিস্থিতি ভারতের জন্য অসহনীয় হয়ে উঠছে। এখন যুক্তরাষ্ট্রই কেবল ভারত-পাকিস্তানকে যুদ্ধে লিপ্ত হওয়া থেকে নিবৃত্ত করতে পারে, যদি তারা ইয়াহিয়া খানকে অনুরোধ করে পূর্ব পাকিস্তানে সন্ত্রাসের রাজত্ব বন্ধ করাতে পারে। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের মিল নেই। ফলে তারা বিচ্ছিন্ন হতে চায়। মানবতা ও মানবাধিকার, সত্য, নৈতিকতা ও মানবীয় শালীনতার স্বার্থে জয়প্রকাশ বারবার কিসিঞ্জারকে অনুরোধ করেন, যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশের মানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য সরাসরি ও কার্যকরভাবে হস্তক্ষেপ করে।
কিসিঞ্জার বারবার নারায়ণকে বলেন যে যুক্তরাষ্ট্র ও ভারতের লক্ষ্য এক, যদিও দুই দেশের মনোভঙ্গি কিছুটা ভিন্ন হতে পারে। তিনি বলেন, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের ব্যাপারে তো আগেই সিদ্ধান্ত হয়ে গেছে, আর পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়াও অনিবার্য হতে পারে। কিসিঞ্জার আশা প্রকাশ করেন, ভারত আগের মতোই সংযম দেখিয়ে যাবে, এই শরণার্থী সমস্যা নিয়ে যুদ্ধে জড়াবে না। জয়প্রকাশ বিদায় নেওয়ার আগে ‘উচ্চ নৈতিকতা ও বৈশ্বিক দায়িত্বশীলতা’র অধিকারী কিসিঞ্জারের প্রতি এক ‘সনির্বন্ধ আন্তরিক’ আবেদন রাখেন: তিনি যেন তাঁর বিপুল ক্ষমতা নিয়ে বাঙালি জনগণের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য পক্ষে দাঁড়ান, সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ান।
বৈঠক শেষে ফেরার পথে জয়প্রকাশ আমাকে বললেন, ‘রাসগোত্রাজি, আপনার কী মনে হয়, বৈঠক কেমন হলো?’ আমি বললাম, ‘বৈঠক যথেষ্ট ভালো হয়েছে। পূর্ব পাকিস্তানে সামরিক অভিযানের সব গূঢ় অর্থ ও বিপদ সম্পর্কে আপনি বলেছেন, কিসিঞ্জারও মনোযোগ দিয়ে আপনার কথা শুনেছেন।’ একপর্যায়ে তিনি বললেন, ‘মনে হয়, আমি তাঁকে আমার মতে শামিল করতে পেরেছি। আমরা আশা করতে পারি, তাঁদের নীতিতে পরিবর্তন আসবে?’ আমি তাঁকে বললাম, ‘স্যার, আমাদের অপেক্ষা করে দেখতে হবে। আমার অভিজ্ঞতা হচ্ছে, তাদের মুখের কথা সব সময় মনের কথা নয়।’
১৯৭১ সালজুড়ে কিসিঞ্জার ভারতের সঙ্গে দুই সুরে কথা বলেছেন। তিনি জুলাই মাসে পাকিস্তান ও চীন সফরে যাওয়ার আগে দুই দিন নয়াদিল্লিতে ছিলেন। সে সময় তিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মুখ্য সচিব পি এন হাকসার ও পররাষ্ট্রসচিব টি এন কাউলকে আগবাড়িয়ে বলেন, চীন যদি ভারত আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন দেবে। প্রতিরক্ষামন্ত্রী জগজ্জীবন রামকে তিনি প্রতিশ্রুতি দেন, চীন ভারতের বিরুদ্ধে কিছু করলে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নেবে। বাংলাদেশ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগার যে আশঙ্কা ছিল, তার পরিপ্রেক্ষিতেই তিনি এ কথা বলেছিলেন।
তা ছাড়া তিনি চীন সফরে গেলে সেখানে চৌ এন লাইয়ের ভারতবিদ্বেষ তাঁকেও সংক্রমিত করে। তাই চীন থেকে ফিরে তিনি ভারতীয় রাষ্ট্রদূত ঝাকে মৃদু ভর্ৎসনা করেন: ‘আপনারা এই শরণার্থী সমস্যার কারণে যুদ্ধে যেতে পারেন না।’ তিনি হুমকি দেন, আবার ঝাকে সতর্কও করেন: ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে চীন যদি তাতে পাকিস্তানের পক্ষে হস্তক্ষেপ করে, তাহলে ভারত যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাশা করতে পারে না।’
নয়াদিল্লি বিষয়টি গুরুত্বের সঙ্গেই নেয়। আমরা ধারণা করি, কিসিঞ্জারের চীন সফরের সময়ই বিষয়টি আলোচিত হয়েছে। আর নয়াদিল্লি এ ব্যাপারে একরকম নিশ্চিত ছিল যে কিসিঞ্জার বাংলাদেশ প্রশ্নে পাকিস্তানকে সমর্থন দিতে মার্কিন-চীন জোট গঠন করেছেন। তাই ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান আলোচনা খুব দ্রুতই মৈত্রী চুক্তিতে পরিণত হয়। ১৯৭১ সালের ৯ আগস্ট ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির পর ওয়াশিংটনের কর্মকর্তারা কেমন ধাক্কা খেয়েছিলেন, তা আমার মনে আছে। কিসিঞ্জার এটাকে বোমাবর্ষণ হিসেবে আখ্যা দিয়েছিলেন। নিক্সনও একই রকম ধাক্কা খেয়েছিলেন। নিক্সন ও কিসিঞ্জারের যদি রাষ্ট্রপরিচালনার দক্ষতা থাকত, তাহলে তাঁরা বুঝতে পারতেন, এ রকম কিছু ঘটবে, আর তাতে তাঁরা সতর্কও হতেন। তবে ভারতের কার্যক্রম সম্পর্কে মার্কিন জনগণ ও সংবাদমাধ্যমের পরিষ্কার ধারণা ছিল, তারা ভারতের প্রতি সহানুভূতিশীল ছিল। মানুষ বুঝতে পেরেছিল, হোয়াইট হাউসের দক্ষিণ এশীয় নীতির কারণে ভারত রাশিয়ার সঙ্গে এই চুক্তি করতে বাধ্য হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের কদিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং যখন ওয়াশিংটন সফরে আসেন, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের সঙ্গে তাঁর বৈঠক সুখকর হয়নি। বিরক্ত, আক্রমণাত্মক এমনকি অভদ্র আচরণ করেন রজার্স। তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের নিরাপত্তা ঐক্য ও ‘জোট নিরপেক্ষতার’ ওপর সমালোচনা শুরু করেন। সরণ সিং বিস্মিত হয়ে যান, এই চুক্তিতে এমন কী আছে, যাতে রজার্স এত বিগড়ে গেলেন? তিনি বলেন, ‘এটা তো ন্যাটো চুক্তির মতো নয়। এতে এক দেশের সেনা আরেক দেশে ঘাঁটি গাড়তে পারবে না। এটা মৈত্রী চুক্তি।’ এরপরই তিনি সেই অকাট্য যুক্তি দিলেন। ‘আমার প্রধানমন্ত্রী তো আপনার সরকারের সঙ্গেও অনুরূপ চুক্তি করার জন্য আমাকে ক্ষমতা দিয়েছেন। আগামী দুই দিনের মধ্যে আপনাদের সুবিধামতো সময়ে এই চুক্তি করা যেতে পারে। অথবা আপনারা যদি মনে করেন, তাহলে পরেও এই চুক্তি করা যায়।’ এ কথা শুনে রজার্স নির্বাক হয়ে যান, কিছুটা হতভম্বও বটে।
বোধগম্যভাবেই কিসিঞ্জার এই চুক্তির কারণে বিগড়ে গিয়েছিলেন। ফলে রাষ্ট্রদূত ঝা তাঁর সঙ্গে নিভৃতে কিছু সময় আলোচনা করেন। তিনি ফিরে এসে আমাকে জানান, কিসিঞ্জারের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে কিসিঞ্জার এই চুক্তির চিন্তা ও প্রস্তাব পেশের জন্য সাবেক ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী দিনেশ সিংয়ের সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুই প্রধান উপদেষ্টা পি এন হাকসার এবং টি এন কাউল রুশপন্থী। তাঁদের চাপের কারণেই ইন্দিরা এই চুক্তি করতে রাজি হয়েছেন। ঝা এটাও খেয়াল করেছিলেন, ২৫ আগস্টের ওই বৈঠকে কিসিঞ্জার ঠিক আগের মতো বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ ছিলেন না। তিনি ভারত-মার্কিন সম্পর্কের ব্যাপারে সন্দিহান ও রক্ষণাত্মক হয়ে ওঠেন। সেদিন তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে খুবই সমালোচনামুখর ছিলেন। তিনি বলেন, দিনেশ সিং সোভিয়েত ইউিনয়নের সঙ্গে কৃতজ্ঞতাপাশে বদ্ধ, এই চুক্তি করতে তিনি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ঘুষও নিতে পারেন।
কিন্তু সম্প্রতি ওই সময়ের গোপন মার্কিন দলিলগুলো যখন বেরোল, তখন এই বৈঠকের এক ভিন্ন বয়ান পেয়ে আমি ধাক্কা খেলাম। এই বৈঠক শুধু তঁাদের দুজনের মধ্যেই হয়েছিল, যার বিবরণ কিসিঞ্জার নিজেই হয়তো রেকর্ড করে রেখেছিলেন। এতে দেখা যায়, ঝা কিসিঞ্জারকে বলছেন, ভারত খুব কঠিন পরিস্থিতিতে পড়েছে। প্রথমত, ইন্দিরা গান্ধী মোটেও সোভিয়েতপন্থী নন। তিনি দীর্ঘদিন ধরে এই প্রস্তাবের বিরোধিতা করে এসেছেন, যার চিন্তা প্রথম এসেছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিনেশ সিংয়ের মাথা থেকে। বস্তুত, ঝা অনেকটা ব্যক্তিগত জায়গা থেকে কথা বলেছেন। এমনকি তিনি এ–ও বলেন, দিনেশ সিং যদি কমিউনিস্টদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তাতে তিনি মোটেও বিস্মিত হবেন না। তিনি আরও বলেন, হাকসার ও কাউল কট্টর সোভিয়েতপন্থী। দিনেশ সিং ও তাঁদের দুজনের কারণে ইন্দিরা গান্ধী ব্যাপক চাপে ছিলেন। কিন্তু ড. কিসিঞ্জার এটা নিশ্চিত হতে পারছিলেন না, ইন্দিরা গান্ধী এটা মন থেকে করেননি। তিনি বলেন, সেটা হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি কীভাবে এই নীতি বাস্তবায়ন করবেন।
ঝা নিজে এই বৈঠকের রেকর্ড রাখেননি, অথবা তিনি হয়তো তা নিজের কাছে রেখেছেন। আমি সেটা দেখিনি। কিন্তু এতে যদি কিঞ্চিৎ পরিমাণে সত্যের উপাদান থাকে, তাহলে কূটনীতির ছাত্রদের সেখান থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাপারটা হচ্ছে, তিনি কিন্তু ঝার ব্যাখ্যা কাঠখোট্টাভাবে বাতিল করে দেন: সাবেক ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বিদেশি শক্তির কাছ থেকে টাকা খেয়েছেন, লৌহমানবী তাঁদের হাতের পুতুল। কিন্তু সেটাও যেন যথেষ্ট নয়, তার জন্য কিসিঞ্জার রাষ্ট্রদূতকে ব্যক্তিগতভাবে সতর্ক করে দেন ও ভারতকে হুমকিও দেন।
রাষ্ট্রদূতদের কাজ হচ্ছে দুই বিরোধী পক্ষের মধ্যে অভিন্নতার জায়গা খোঁজা। সে ক্ষেত্রে নিজের পক্ষকে হেয় করলে যেমন শ্রদ্ধা পাওয়া যায় না, তেমনি তাতে পুরস্কারও জোটে না।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন।
মহারাজাকৃষ্ণ রাসগোত্রা: ভারতের সাবেক কূটনীতিক।