বিশ্বের মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ ভারতীয় উপমহাদেশে বাস করে। কোভিড-১৯–এর মহামারি এবং এর নতুন নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে নিজ নিজ দেশে যখন বিশ্বনেতারা ব্যস্ত, সেখানে এই বিশাল জনগোষ্ঠীর কথা যেন বেমালুম ভুলে যাওয়াটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যখন ইতিহাসে এই সময় নিয়ে ব্যাখ্যা–বিশ্লেষণ করবে, তখন শুধু তারা লকডাউন, মাস্ক ও টিকা প্রকল্প নিয়ে কথা বলবে না, তারা ভারত ও প্রতিবেশী দেশগুলোর অবস্থা তখন কী হয়েছিল, সেই বিষয়টিও বিচার করে দেখবে।
কীভাবে মানুষের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কীভাবে সেগুলো নদীর পাড়ে পচে–গলে শেষ হয়েছে, কীভাবে কাঠের অভাবে লাশ আধপোড়া অবস্থায় ফেলে রাখা হয়েছিল—সবই তারা মনে করবে। শুধু এটুকুই নয়, হাসপাতালে অক্সিজেন, ওষুধ ও শয্যার ভয়াবহতা, প্রিয়জনকে বাঁচাতে হাসপাতাল ও ক্লিনিকের জরুরি বিভাগের বাইরে মানুষের দীর্ঘ সারি—সবই তাদের মনে পড়বে।
করোনা মহামারির শুরুর দিকে ভারত ৯৫টি দেশে ৬ কোটি ৬০ লাখ টিকা পাঠিয়ে উদাহরণ তৈরি করেছিল। অথচ তারা এটি না করে নিজেদের দেশের লোকজনকে দিতে পারত। তাই এখন সময় তাদের প্রতিদান দেওয়া
এশিয়ার দেশগুলোতে প্রতিদিনই বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে স্বজন হারানোর খবর পাচ্ছি। এই পরিস্থিতি ভারতে সীমান্ত ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে। নেপালে প্রতি দুজনে একজন করোনায় আক্রান্ত। টিকার জন্য দেশটি ভারতের ওপর মূলত নির্ভরশীল। অথচ ভারত এখন নিজ দেশে পরিস্থিতি সামাল দিতে গিয়ে লেজেগোবরে পাকিয়ে ফেলেছে। বন্ধ করে দিয়েছে টিকা রপ্তানি। এতে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে নেপালকে।
যখন মানবিক এ বিপর্যয়ের দৃশ্য ফুটে উঠছে, তাতে দেখা যাচ্ছে, মরণ-তরঙ্গ উপমহাদেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার অবস্থা ভয়ংকর। এই অবস্থায় মানুষ হিসেবে ও গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা উচিত। সরকার, ব্যবসায়ী ও ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন। যত দ্রুত এটা আমরা করতে পারব, তত জীবন আমরা বাঁচাতে পারব।
দক্ষিণ এশিয়াকে সহায়তা করলে যে শুধু তাদেরই লাভ হবে, বিষয়টা এমন নয়, এর মধ্য দিয়ে আমাদের উপকার হবে। কারণ, যেকোনো জায়গায় এই ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ে আরও ভয়ংকর ধরন (ভেরিয়েন্ট) তৈরি করতে পারে। এতে আমরা সবাই হুমকিতে পড়তে পারি। তাহলে কী করার আছে?
টিকা দিয়ে এটি শুরু করা যায়। যত দ্রুত সম্ভব, আমাদের ১১ কোটি মানুষকে টিকা দিতে হবে। আওয়ার ওয়ার্ল্ডের তথ্যমতে, এখন পর্যন্ত ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে ১০ শতাংশের কম মানুষ মাত্র এক ডোজ টিকা পেয়েছে। তাই টিকা দান কর্মসূচিকে ত্বরান্বিত করতে আমাদের আরও জোর পদক্ষেপ নিতে হবে।
টিকা সমস্যার সমাধানে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং আর শতাধিক দেশ টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করে দেওয়ার পক্ষে দাঁড়িয়েছে। শুধু এই দেশগুলোই নয়, এখন পুরো বিশ্বেরই উচিত এই মেধাস্বত্বকে উন্মুক্ত করে দিতে বিশ্ব বাণিজ্য সংস্থাকে সমর্থন দেওয়া। একই সঙ্গে টিকার রসদ ও সরঞ্জাম আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এটি হলে ভারতের বড় বড় ওষুধ শিল্পপ্রতিষ্ঠান ব্যাপকভাবে টিকা উৎপাদন করতে পারবে। এতে দেশটির পাশাপাশি আঞ্চলিক টিকার সংকট কেটে যাবে।
এ ছাড়া যেসব উন্নত দেশে অতিরিক্ত টিকার মজুত রয়েছে, তাদের উচিত তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া। এই করোনা মহামারির শুরুর দিকে ভারত ৯৫টি দেশে ৬ কোটি ৬০ লাখ টিকা পাঠিয়ে উদাহরণ তৈরি করেছিল। অথচ তারা এটি না করে নিজেদের দেশের লোকজনকে দিতে পারত। তাই এখন সময় তাদের প্রতিদান দেওয়া।
করোনা ঘিরে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রতারণামূলক অলৌকিক সমাধানের নানা বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় টিকাবিষয়ক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি তহবিল গঠন করা প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় মাস্ক, টিকা, সামাজিক দূরত্ব এবং অন্যান্য পদক্ষেপের গ্রহণযোগ্যতা বাড়াতে প্রচার জোরদার করা উচিত।
সবশেষে আরেকটি সমস্যা হলো টিকা পরিবহনে অক্সিজেন-ক্যানিস্টারস, কনসেনট্রেটরস ও ট্যাংকারের অপ্রতুলতা। দ্রুত অক্সিজেন চেয়ে এই অঞ্চলের বন্ধুপ্রতিম রাষ্ট্রের কাছ থেকে আমরা অনেক অনুরোধ পেয়েছি। ভারতে মাত্র ১৬ শর মতো ক্রিওজেনিক ট্যাংকার আছে। এই ট্যাংকারে করে অক্সিজেন উৎপাদনের স্থান থেকে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। কিন্তু নিজেদের স্বল্পতা থাকার পরও এই ট্যাংকারগুলোর কয়েকটি ইতিমধ্যে ভারত নেপালেও পাঠিয়েছে।
কোভিড-১৯–এর কারণে যতটা না মানুষের জীবন ঝুঁকির মুখে, তার চেয়ে বেশি অক্সিজেন সংকটের কারণে। তাই জাহাজে করে ক্রিওজেনিক ট্যাংকারস ও অক্সিজেন ক্যানিস্টারস দক্ষিণ এশিয়ায় পাঠিয়ে ঝুঁকির মুখে থাকা হাজারো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। এ ক্ষেত্রে পর্যাপ্ত উৎপাদন ক্ষমতাসম্পন্ন উন্নত দেশগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
● কেভিন রাড অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট