আশঙ্কা করা হচ্ছিল, ভারতের সংসদ অধিবেশনের এই পর্বটাও, মানে যে পর্বে দেশের বার্ষিক বাজেট পেশ করা হয়, আগেরবারের মতোই ভেস্তে যাবে। কাজের কাজ কিছুই তেমন একটা হবে না। কিন্তু অতটা খারাপ হলো না। সারা দেশে অভিন্ন পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল পাস হয়নি ঠিকই, কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বিলের হিল্লে হয়ে গেছে। একটি অবশ্যই কংগ্রেসের বদান্যতায়, রিয়েল এস্টেট বিল। অন্যটি বিজেপির চাতুর্যে, আধার বিল।
প্রথমটি, অর্থাৎ, রিয়েল এস্টেট রেগুলেটর (রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) বিল পাস করানোর উদ্যোগটা অনেক দিনের। নির্দিষ্ট আইন না থাকার ফলে দেশের বিল্ডার্স-ডেভেলপারদের কাছে সাধারণ মানুষ অনেক দিন ধরেই শোষিত হচ্ছিলেন। এই ক্ষেত্রে শোষণের ধরনটা অবশ্য অন্য রকমের। মূলত অর্থনৈতিক। যেমন এক হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কেউ ‘বুক’ করলেন। দাম ধার্য হলো পাঁচ হাজার টাকা প্রতি বর্গফুট। এবার দেখা গেল, ফ্ল্যাটটি আসলে এক হাজার বর্গফুট নয়, সাড়ে আট শ, বাকি দেড় শ বর্গফুট হলো সিঁড়ি, লিফট ও অন্যান্য কমন এরিয়ার ভাগ। মোট কমন এরিয়াকে মোট ফ্ল্যাটের সংখ্যা দিয়ে ভাগ করে তা ফ্ল্যাটের মালিকদের কাছে বাঁটোয়ারা করা। নতুন বিলে এই কমন এরিয়া ফ্ল্যাটের মোট বর্গফুটের মধ্যে ধার্য হবে না। গ্রাহককে বর্গফুটের যে হিসাব দেওয়া হবে, তা স্রেফ কার্পেট এরিয়ার।
প্রায়ই দেখা গেছে, নির্মাতা প্রতিষ্ঠান প্রাথমিক বুকিং থেকে যে টাকা পায়, তা ওই প্রকল্পে খরচ না করে কিছু টাকা অন্য প্রকল্পে খাটায়। এর ফলে প্রকল্পের কাজ শেষ হতে দেরি হয়, গ্রাহক সময়মতো ফ্ল্যাট হাতে পান না। নতুন আইনে বলা হয়েছে, যে প্রকল্পের জন্য টাকা তোলা হচ্ছে, তার ৭০ শতাংশই সেই প্রকল্পে খাটাতে হবে। তা ছাড়া, প্রতিশ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ফ্ল্যাট গ্রাহকের হাতে তুলে দিতে না পারলে বিল্ডারকে জরিমানা দিতে হবে। নতুন বিল কার্যকর হওয়ার পর প্রতিটি প্রকল্প বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। তা ছাড়া, প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি, যেমন জমির মালিকানা, নকশা, সরকারি অনুমোদন, লে-আউট, দাম—সবকিছু পরিষ্কারভাবে গ্রাহকদের জানাতে হবে। নতুন বিলে অসাধু ব্যবসায়ীদের জন্য জেল ও জরিমানার বন্দোবস্তও রাখা হয়েছে। রিয়েল এস্টেট বিল পাস হওয়া দেশের মধ্যবিত্তদের জন্য নিশ্চিতই সুখবর।
আধার বিলটাও সুখবর সন্দেহ নেই। কিন্তু বিলটা মোটেই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। বরং রাজ্যসভায় অর্থ বিল হিসেবে পাস করানোর পরেও এই বিলের কয়েকটি বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।
অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল যেসব মানুষকে সরকার বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকে, তা যাতে ঠিক মানুষের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করতেই এই কার্ডের চিন্তাভাবনা। ভাবনাটা প্রথম মাথায় আসে মনমোহন সিংয়ের। তিনি তখন প্রধানমন্ত্রী। তিনি দেখেন, সরকারের ভর্তুকির একটা বড় অংশ গরিবদের কাছে পৌঁছায় না। যাঁদের প্রয়োজন নেই, তাঁরাও ভর্তুকির সুবিধা আদায় করছেন। ফলে বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে। মনমোহন সিংয়ের সরকার ঠিক করল, ভর্তুকি দেওয়া হবে একেবারে সরাসরি। অর্থাৎ, ভর্তুকি যাঁরা পাওয়ার যোগ্য, তাঁদের ব্যাংকের খাতায় সরাসরি সেই অর্থ সরকার জমা করবে। এই ভাবনাচিন্তারই ফল আধার কার্ড। ঠিক হলো, দেশের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ডে ১২টি সংখ্যার একটি নম্বর থাকবে। সেই কার্ডে সেই মানুষটির ছবি থাকবে, জন্মতারিখ, জন্মস্থান, ঠিকানা, মা-বাবার নাম, ফোন নম্বর, ছবিসহ যাবতীয় তথ্য থাকবে। ক্রমে ক্রমে সেই কার্ডই হবে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র। মনমোহন সিংয়ের ডাকে সাড়া দিয়ে ইনফোসিসের পদস্থ কর্তা নন্দন নিলেকানি চাকরি ছেড়ে চলে এলেন। যোগ দিলেন সরকারে। হলেন ‘ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া’র (ইউআইডিএআই) কর্তা। শুরু হলো আধার কার্ডের যাত্রা।
বিতর্ক অবশ্য আধার কার্ডের মূল উদ্দেশ্য নিয়ে নয়, বিতর্ক এই কার্ড থাকাটা জীবনের সর্বক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে কি
না এবং ব্যক্তি বা নাগরিককে যে যে তথ্য বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে, সেগুলো সুরক্ষিত থাকবে কি না, তা নিয়ে। প্রশ্ন উঠছে, রান্নার গ্যাস বা কেরোসিন তেল কিংবা গণবণ্টনব্যবস্থা মারফত দরিদ্ররা যে সুবিধা পান, তার বাইরেও এই কার্ড বাধ্যতামূলকভাবে বিবেচিত হবে কি না। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতের বিবেচনাধীন।
দ্বিতীয় বিতর্ক আধারে আঙুলের ছাপ, চোখের মণির ছবি নিয়ে। দেশের প্রতিটি মানুষের জন্য একটি নম্বরের ব্যবস্থা করতে আঙুলের ছাপ বা চোখের মণির ছবি নেওয়া, যাকে ‘বায়োমেট্রিক ডেটা’ বলা হচ্ছে, তা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে কি না, সেটা এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই সব তথ্য সরকারের ঘরে কতটা সুরক্ষিত থাকবে এবং তা ভবিষ্যতে নাগরিককে বিব্রত ও ব্যতিব্যস্ত করবে কি না। লোকসভায় বিতর্কের সময় ওডিশার বিজু জনতা দলের সদস্য তথাগত সতপথির আশঙ্কা, আধারের তথ্যের মাধ্যমে সরকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীভুক্তদের ওপর নজরদারি করতে পারে, এমনকি জাতিগত হত্যাও সংঘটিত করা সম্ভব। এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ব্যক্তিবিশেষের অনুমতি ছাড়া আধারের কোনো তথ্যই অন্য কাউকে দেওয়া হবে না। তবে এটাই সব নয়। জেটলি বলেছেন, ব্যক্তিবিশেষের অনুমতি থাকলেও সরকার কোনো ‘বায়োমেট্রিক ডেটা’ কাউকে দেবে না। তাঁর কথায়, এই বিলের উদ্দেশ্য একটাই। যাঁরা ভর্তুকি পাওয়ার যোগ্য, তাঁদের কাছে সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়া।
আধার কার্ডে নাম তোলার আগে ভারতে টানা ১৮২ দিন থেকেছেন এমন যে কেউ এই কার্ড পাওয়ার যোগ্য। নাম তোলার সময় আবেদনকারীকে জানানো হবে কোন কোন ক্ষেত্রে তাঁর দেওয়া তথ্য ব্যবহার করা হবে, কাদের তা জানানো হবে এবং কারা এই তথ্য জানার অধিকারী। বিলে এই কথাও বলা হয়েছে, আধার কার্ড নম্বর নাগরিকত্বের প্রমাণ নয়। সাধারণভাবে বায়োমেট্রিক তথ্য কাউকে দেওয়া না হলেও মাত্র দুটি ক্ষেত্রে এই তথ্য দেওয়া যাবে। এক. দেশের নিরাপত্তার ক্ষেত্রে, দুই. আদালতের নির্দেশে। নিরাপত্তার প্রশ্নে এই তথ্য হস্তান্তরের অনুরোধ আসতে হবে ভারত সরকারের যুগ্ম সচিব পর্যায়ের কোনো কর্মকর্তার কাছ থেকে। সেই অনুরোধ বিবেচনা করবে ‘ওভারসাইট কমিটি’, যাতে থাকবেন ক্যাবিনেট সচিব, আইনসচিব এবং ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তিসচিব। সরকারের কাছে থাকা তথ্য কেউ যদি পাচার করেন, তাহলে তাঁর শাস্তির পরিমাণ হলো ১০ লাখ টাকা জরিমানা ও তিন বছরের কারাদণ্ড।
রাষ্ট্র সর্বময় ক্ষমতাধর বলেই এতশত আশঙ্কা ভিড় করে আসে। না এসে উপায়ও নেই। রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানকে ব্যবহারের অভিযোগ ভারতে কমবেশি সব দলই বহু বছর ধরে করে আসছে। উদাহরণ সিবিআই। যে রাষ্ট্রের রেকর্ড প্রশ্নাতীত নয়, সেখানে এ জন্য দোষও দেওয়া যায় না। তা ছাড়া, নানা কারণে তথ্য পাচারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। ভারতেই বছর কয়েক আগে একটি ঘটনায় নামমাত্র ঘুষ দিয়ে একটি সংস্থায় থাকা কয়েক হাজার ‘ক্রেডিট কার্ডের’ মালিকদের বংশপরিচয় কেউ হাতিয়ে নিয়েছিল। এই জমানায় হ্যাকারদের দৌরাত্ম্য যে কী মারাত্মক, বাংলাদেশ তার ভুক্তভোগী। কাজেই তথ্য পাচারের আশঙ্কায় ভারতীয় সংসদে উৎকণ্ঠা ঝরে পড়েছে। ঘরপোড়া গরুদের হাল সব দেশে সব কালে একই রকম হয়ে থাকে।
সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।