ভারতে মুসলমানদের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবেশ কাপুর
দেবেশ কাপুর

দুই সপ্তাহ আগে নরেন্দ্র মোদি ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর সবচেয়ে বড় নির্বাচনী বিজয় উদ্যাপন করেন। তাঁর ভারতীয় জনতা পার্টি উত্তর প্রদেশে ক্ষমতায় এসেছে। এটি ভারতের বৃহত্তম রাজ্য হলেও অন্যতম দরিদ্র। এই বিজয়ের ব্যবধান দেখে বিজেপিবিরোধীদের মাথায় বাজ পড়ার উপক্রম হয়েছে। মনে হচ্ছে, মোদি নিশ্চিতভাবেই ২০১৯ সালের নির্বাচনেও জিততে যাচ্ছেন। ওদিকে মোদি প্রশাসন আরও মজবুত হওয়ায় ভারতে বৃহৎ কলেবরে অর্থনৈতিক সংস্কার হতে যাচ্ছে—এই ধারণার ভিত্তিতে ভারতের শেয়ারবাজার ফুলে–ফেঁপে উঠেছে।
কিন্তু ভারতের ১৭ কোটি ২০ লাখ মুসলমান জনগোষ্ঠীর পক্ষে মোদির জয় উদ্যাপন করার যৌক্তিক কারণ নেই। বহুকাল ধরেই ভারতের অধিকাংশ রাজনৈতিক দল মুসলিম ভোট বাগানোর অভিপ্রায়ে একধরনের ‘কৌশলগত ধর্মনিরপেক্ষ’ নীতি বজায় রেখেছে, যেটা আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মনঃপূত হয়নি। তবে এতে মুসলমানদের জীবনমানের তেমন উন্নতি হয়নি। বিজেপি আবার ভিন্নপথে হেঁটেছে। তারা ক্ষুব্ধ হিন্দুদের ভোট পাওয়ার ওপর মনোযোগ দিয়েছে। উত্তর প্রদেশের ১৮ শতাংশ মানুষ মুসলমান হলেও বিজেপি এই রাজ্যে একজনও মুসলমান প্রার্থীকে মনোনয়ন দেয়নি।
এর মানে এটা নয় যে বিজেপির বিজয় মানেই মুসলমানদের জন্য খারাপ। এই সফলতা বরং দলটিকে মৌলিক উন্নয়নের প্রশ্নে মুসলিম সম্প্রদায়ের কাছে যাওয়ার সুযোগ দেবে। কিন্তু নির্বাচনের পর থেকে বিজেপির কর্মকাণ্ড দেখে সে রকম মনে হয় না। নির্বাচনের কয়েক দিনের মধ্যে বিজেপি দলীয় পরিকল্পনা প্রকাশ করে। দেখা গেল, তারা রাজনীতিক-ধর্মগুরু আদিত্যনাথকে প্রদেশটির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়, যিনি ২৬ বছর বয়সে ১৯৯৮ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। রাজ্যের হতদরিদ্র পূর্বাঞ্চলে আদিত্যনাথের শক্তিশালী রাজনৈতিক ভিত্তি আছে, যেখান থেকে তিনি পাঁচবার নির্বাচিত হয়েছেন। তবে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা নেই।
সবচেয়ে শঙ্কার কারণ হচ্ছে, আদিত্যনাথ বিজেপির সবচেয়ে চরমপন্থী অংশের লোক। তিনি হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীর প্রতিমূর্তি। চরম মুসলিমবিদ্বেষী হিসেবে সাঙ্গপাঙ্গসহ তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ আছে।
আদিত্যনাথের কর্মকাণ্ডের কারণে তাঁর বিরুদ্ধে অনেক অপরাধমূলক মামলা আছে। তবে এগুলো ভারতের কুখ্যাত রকম মন্থর আদালতে ফাইল চাপা পড়ে আছে (এখন তিনি রাজ্য পুলিশের নিয়ন্ত্রক হওয়ায় নিশ্চিতভাবেই বলা যায়, এই মামলা সচল হবে না)। এই আচরণের কারণে বিজেপির আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও (আরএসএস) তাঁকে স্বীকৃতি দিয়েছে। এরা তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে ভালোভাবে সমর্থন দিয়েছে।
আদিত্যনাথের নির্বাচন থেকে আভাস পাওয়া যায়, ২০১৯ সালের নির্বাচনে হিন্দু ভোট পেতে বিজেপি মুসলিম-বিদ্বেষ ছড়াবে। কিন্তু এই কৌশল পরিষ্কারভাবেই অথনৈতিক উন্নয়ন নিয়ে মোদির উন্নয়ন বুলির সঙ্গে সাংঘর্ষিক। বস্তুত, আদিত্যনাথের এই পদোন্নতির সম্ভাব্য ফলাফল হিসেবে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতেও এটা বোঝা যায়।
সুনির্দিষ্টভাবে ভারতের মুসলমানদের ওপর আঘাত আসবে। সামাজিক ও রাজনৈতিকভাবে মুসলমানদের আরও প্রান্তে ঠেলে দেওয়া হলে তাঁদের অর্থনৈতিক সম্ভাবনা বাধাগ্রস্ত হবে। ভারতের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যার কারণেই ব্যাপারটা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য মোটেও ভালো হবে না।
উত্তর প্রদেশজুড়েই এর প্রভাব অনুভূত হবে। প্রান্তিকীকরণ ও বিবাদ যদি বাড়ে, তাহলে বহু প্রতীক্ষিত বিনিয়োগ কিন্তু হবে না। এমনিতেই এই রাজ্যে জনবলের অভাব আছে, সে রকম পরিস্থিতি হলে যঁারা আছেন তাঁরাও চলে যাবেন। ফলে আর কিছু না হোক, উত্তর প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব হয়ে পড়বে। উত্তর প্রদেশে ভারতের ছয় ভাগের এক ভাগ মানুষের বসবাস হওয়ায় এটা ভারতের সামগ্রিক অর্থনৈতিক বিকাশে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। উত্তর প্রদেশের সামাজিক সূচকের অবস্থা এমনিতেই খারাপ, নবজাতক ও পাঁচ বছরের নিচের শিশুমৃত্যুর হার এই প্রদেশেই সবচেয়ে বেশি। ফলে সামগ্রিকভাবেই এটা ভারতের জন্য নেতিবাচক হবে।
রাজনীতিকেরা ধর্মের পালে হাওয়া দিলে কী হয়, তা বোঝার জন্য প্রতিবেশী পাকিস্তানের দিকে তাকাতে হবে। ভারতের বৃহত্তম রাজ্য একজন ধর্মান্ধ মানুষের দ্বারা পরিচালিত হলে স্বল্প মেয়াদে ক্ষমতাসীন দলের নির্বাচনী সম্ভাবনা উজ্জ্বলতর হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এর পরিণতি ভালো হবে না। তবে ঝুঁকি শুধু অর্থনীতিতেই নয়, অন্য আরও অনেক কিছুই ঝুঁকির মুখে পড়বে। ভারতের মুসলমানেরা পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠী, কিন্তু জঙ্গি ইসলাম নিয়ে তারা পৃথিবীর অন্যদের মতো অতটা উদ্বিগ্ন নয়। এতে হয়তো আংশিকভাবে বোঝা যাবে, ভারতীয় সমাজ বহুত্ববাদী ও প্রতিযোগিতামূলকভাবে গণতান্ত্রিক। এ ব্যবস্থায় প্রায় সব সমাজই নিজেদের অঙ্গীভূত মনে করে, যদিও তাদের প্রাপ্তির পরিসংখ্যান নিম্নগামী।
কিন্তু ভারতের মুসলমানদের যদি ইচ্ছা করে চুপ করিয়ে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে এই বিশ্বাস জাগতে পারে যে তাদের হারানোর কিছু নেই। আদিত্যনাথের মুখ্যমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে এমনটা ঘটতে পারে। এ ছাড়া ভারতের বিপুলসংখ্যক তরুণ চাকরি পাচ্ছেন না। ফলে তাঁরা গন্ডগোল সৃষ্টিকারীদের সহজ শিকার হতে পারেন। আইএস ও পাকিস্তানের লাগামছাড়া গোয়েন্দা সংস্থা আইএসআই যেখানে ভারতের পানিতে মাছ ধরতে চাইছে, সেই অবস্থায় খোলাখুলি মুসলমানবিরোধী নীতি গ্রহণ করা আগুন নিয়ে খেলার শামিল।
উত্তর প্রদেশের নির্বাচন মোদিকে শক্তিশালী রায় দিয়েছে। কিন্তু একটি পিছিয়ে পড়া রাজ্যকে ওঠানোর সুযোগ না নিয়ে তিনি বাজে ধরনের সুবিধাবাদী হয়ে উঠছেন। বিজয়ের পর তিনি দলের লোকদের বিনয়ী হতে বললেও আদিত্যনাথের নিয়োগ দম্ভের শামিল। ইকারুসের মতো মোদি সূর্যের অনেক কাছাকাছি উড়ছেন। তিনি জানেন না, সামনে কত বড় বিপদ।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
দেবেশ কাপুর: পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অব ইন্ডিয়ার পরিচালক।