ভারতের অর্থনীতির গতি আবারও বাড়তে পারে। দেশটির নতুন সরকার আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমলাতন্ত্রের গতি বাড়ানোর চেষ্টা করছে। ব্যবসা-বাণিজ্যে আশাবাদ এলে বিনিয়োগ বাড়তে পারে, বিশেষত অবকাঠামো খাতে। কিন্তু ভারতের সামগ্রিক প্রবৃদ্ধির সম্ভাবনায় রাজ্য, জেলা, নগর ও এমনকি শহরের যে সম্ভাবনা আছে, তা আড়ালে থেকে যাচ্ছে, যে সম্ভাবনা কোম্পানিগুলো সতর্ক গবেষণার মাধ্যমে উদ্ঘাটন করতে পারে।
ভারতের অর্থনৈতিক পরিসংখ্যান বেশ আশা–জাগানিয়া। ২০২৫ সাল পর্যন্ত গড় প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৭ শতাংশে। যেখানে গত বছর এ হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ, আর ২০১২ সালের আগের দশকে প্রবৃদ্ধির গড় হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। তদুপরি, উন্নত দেশগুলোতে যে স্থবিরতা দেখা যাচ্ছে, সে তুলনায় এ হার যথেষ্ট আশাব্যঞ্জক। পার্থক্য বেশ উল্লেখযোগ্য। প্রবৃদ্ধির এ হারের কারণে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির কাতারে চলে আসবে। আর ভারতের ভোক্তাদের অবাধ ক্রয়ক্ষমতাও বাড়বে, ২০১২ সালে যার সংখ্যা ছিল ২৭ মিলিয়ন, ২০২৫ সালে তা ৮৯ মিলিয়নে পৌঁছানোর কথা।
কিন্তু এই সম্ভাবনা সব ক্ষেত্রে সমভাবে বিরাজ করছে না। নতুন একটি প্রতিবেদন অনুযায়ী, বর্তমান সময় থেকে ২০২৫ সাল পর্যন্ত ভারতের যে প্রবৃদ্ধি হবে, তার অর্ধেকেরই বেশি আসবে আটটি রাজ্য থেকে: গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও উত্তরাখন্ড। এসব এলাকায় দেশটির ৩১ শতাংশ মানুষের বসবাস। ভারতের চারটি নগর-রাষ্ট্রের (নয়াদিল্লি, গোয়া, চণ্ডীগড়, পদুচেরি) সঙ্গে এই রাজ্যে ৫০ মিলিয়ন ভোক্তার বসবাস, দেশের মধ্যবিত্তের ৪৭ শতাংশের বসবাস সেখানে।
ভারতের সবচেয়ে বর্ধিষ্ণু অঞ্চলে মাথাপিছু জিডিপির হার ভারতের গড় হারের তুলনায় দ্বিগুণ হয়ে যেতে পারে। এতে বেশ কিছু বিষয় প্রতিফলিত হয়, যার মধ্যে আছে দ্রুত নগরায়ণ, দক্ষতা উন্নয়ন ও অবকাঠামোতে টেকসই বিনিয়োগ এবং অর্থনীতির কৃষি থেকে শিল্পে পালাবদল: গাড়ির যন্ত্রাংশ, পেট্রোকেমিক্যাল, ওষুধ, আর্থিক ও আইটি-সমর্থিত সেবা।
২০২৫ সালের মধ্যে আমাদের চেহারা মধ্য আয়ের দেশগুলোর মতো হয়ে যাবে। মহারাষ্ট্রের ১২৮ মিলিয়নের ভোক্তা বাজার মানুষের ক্রয়ক্ষমতা আজকের ব্রাজিলের সমপর্যায়ে নিয়ে যাবে। নয়াদিল্লির ২২ মিলিয়ন মানুষ রাশিয়ার মানুষের সমপর্যায়ের জীবনমান ভোগ করবে।
অতটা নাটকীয় না হলেও ছত্তিশগড়, ওডিশা, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও মধ্যপ্রদেশের মাথাপিছু জিডিপি ২০২৫ সালের মধ্যে জাতীয় গড় হারের শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ২ গুণ হবে। মধ্যবিত্ত ভোক্তাদের সংখ্যা চার গুণ বেড়ে ১৬ মিলিয়ন হবে, ব্যাপারটা বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে সবচেয়ে দুর্বল পারফরম্যান্সের রাজ্য যেমন বিহার, উত্তর প্রদেশ, ঝাড়খন্ডের মাথাপিছু জিডিপি ভারতের জাতীয় গড় হারের শূন্য দশমিক ৭ গুণ কম। তারা এখন নিম্ন আয় ও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারজনিত নানা সমস্যার মুখে পড়বে, যদি তারা তাদের শাসনব্যবস্থা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না ঘটায়।
কিন্তু যে বিনিয়োগকারীরা সর্বোচ্চ প্রবৃদ্ধির খোঁজ করছেন, তাঁদের এসব দাপ্তরিক তথ্যের বাইরে গিয়ে ভারতের জেলাগুলোর সম্ভাবনা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আমরা এ রকম ৪৯টি উচ্চ প্রবৃদ্ধিপ্রবণ গুচ্ছ অঞ্চল চিহ্নিত করতে পেরেছি, দেশজুড়ে ১৮৩টি জেলায় অনুসন্ধান করে এ তথ্য পাওয়া গেছে। ২০১২ সালে এসব এলাকায় ভারতের অর্ধেক জনসংখ্যার বাস ছিল, জিডিপির ৭০ শতাংশ আসত এসব এলাকা থেকে, ভোক্তাদের ৭১ শতাংশের আবাসও ছিল সেখানে। এসব শহুরে এলাকার জনসংখ্যা এক লাখের ওপর।
কৌতূহলোদ্দীপক ব্যাপার হচ্ছে, এসব গুচ্ছ অঞ্চলের অবস্থান অর্থনৈতিকভাবে নিম্ন পারফরম্যান্সের রাজ্যগুলোতে। অথবা সবচেয়ে ভালো রাজ্যগুলোর কম পরিচিত শহরের আশপাশে। অন্ধ্র প্রদেশের নেলোরে ধান, তামাক, আম ও আখ চাষ হয়। রাজস্থানের বিকানের নামক অঞ্চলটি তেলবীজ উৎপাদনে সমৃদ্ধ, সেখানে মাকারানা মার্বেল ও চুনাপাথরও উৎপাদিত হয়। আরও বৈচিত্র্যপূর্ণ স্থান হচ্ছে মহারাষ্ট্রের আওরঙ্গবাদ, সেখানে ভারতের সর্ববৃহৎ বীজ কোম্পানির দপ্তর অবস্থিত। সেখানে গাড়ি, ওষুধ ও চিনি উৎপাদনকারী শিল্প রয়েছে। সেখানে একটি পর্যটন এলাকাও রয়েছে, যার মধ্যে আছে অজন্তা ও ইলোরা গুহা।
এসব স্বল্প পরিচিত এলাকাগুলো থেকে বিনিয়োগকারীদের খুঁজে নিতে হবে, যেখানে স্বল্পমূল্যে জমি পাওয়া যায়, সস্তা শ্রম পাওয়া যায়। বিনিয়োগের জন্য ভৌগোলিক বিবেচনাও একটি বড় বিষয়। এসব এলাকা ভবিষ্যতে জ্ঞানভিত্তিক শিল্প ও সেবাকেন্দ্র হয়ে উঠবে, ঠিক ভারতের অন্যান্য বড় শহরের মতো। যেমন: বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে। তবে সেখানে ব্যবসা করা এসব বড় শহরের তুলনায় অনেক সস্তা হবে।
এসব বিকশিত হলে ভারতের এই গতিশীল অর্থনৈতিক অঞ্চলগুলো নিজের প্রয়োজেন স্যানিটেশন, পানির ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, বিমানবন্দর, রেল সড়ক, সংযোগ সড়ক প্রভৃতিতে বিনিয়োগ করবে। আসলে এসব অঞ্চলে বিনিয়োগকারীরা নানা সুবিধা লাভ করতে পারে, যার মধ্যে আছে ভোক্তা পণ্য, আর্থিক সেবা, বাসস্থান ও অবকাঠামো।
কাঠামোগত সুবিধার কারণে এসব অঞ্চলে বিনিয়োগ করলে সর্বোচ্চ লাভ করা সম্ভব। যেসব কোম্পানি ভারতের উন্নয়নের পরবর্তী ঘোড়ায় সওয়ার হতে চায়, তারা এসব অঞ্চল বিবেচনায় আনতে পারে। এসব অঞ্চল বিনিয়োগের তালিকায় কখনোই ছিল না। বড় শহরের চেয়ে এখানে ব্যবসা করলে বেশি মুনাফা করা সম্ভব।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
আনু মাদগাভকার: ম্যাকিনজি গ্লোবাল ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো।
রাকেশ মোহন: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক ডেপুটি গভর্নর।