
খরা মোকাবিলায় ভারত সরকার আবারও নতুন করে আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের কথা ঘোষণা করেছে। ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী বলেছেন, আন্তনদী সংযোগের মাধ্যমে খরাপীড়িত অঞ্চলের দিকে পানি সরিয়ে নেওয়া এখন তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার। (দেখুন প্রথম আলো ১৭ মে ২০১৬) বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় মনে করা সঠিক হবে না। এর সঙ্গে বাংলাদেশের ভাগ্যও জড়িত আছে। আন্তনদী সংযোগ প্রকল্পের দ্বারা যদি ভারতের কোনো কোনো অঞ্চলে পানি বৃদ্ধি পায়, তাতে আমাদের অসন্তুষ্ট হওয়ার কারণ নেই। কিন্তু সেই সঙ্গে বাংলাদেশ যদি জলশূন্য হয়ে পড়ে, তাহলে আমাদের উদ্বেগের কারণ নিশ্চয়ই আছে। বস্তুত, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত এককভাবে সেসব নদীর পানি সরাতে পারে না, যা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কিছুদিন আগে তিস্তা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথম আলোর পাতায় এক নিবন্ধে প্রাসঙ্গিক আইনটির উল্লেখ করেছিলাম। পাঠককে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এখানেও সংক্ষেপে আইনটি তুলে ধরব। তার আগে দেখা যাক, ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পটি কী।
ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি, যদিও বাস্তবায়নের কথা মাঝেমধ্যেই শোনা যায়। সম্প্রতি উমা ভারতীও বলেছেন। পরিকল্পনাটি এ রকম—৩৭টি নদীকে ৩০টি সংযোগ খালের দ্বারা যুক্ত করা হবে। সব কটি খালের মোট দৈর্ঘ্য ১২ হাজার কিলোমিটার। খালগুলো ৫০ থেকে ১০০ মিটারের মতো প্রশস্ত হবে। গভীরতা প্রায় ৬ মিটার। প্রধান উদ্দেশ্য ব্রহ্মপুত্র ও গঙ্গাকে সংযুক্ত করা এবং উত্তরের পানি দক্ষিণে ও পুবের পানি পশ্চিমে নিয়ে যাওয়া হবে। বিশাল ভারতবর্ষজুড়ে এ এক বিশাল প্রযুক্তিগত উৎকর্ষের প্রদর্শনীও বটে। বাস্তবে তা হচ্ছে এক উদ্ভট পরিকল্পনা, যা পরিবেশকে উল্টেপাল্টে দেবে। সে জন্য খোদ ভারতেই পরিবেশবিদেরা ও বিভিন্ন অঞ্চলের জনগণ প্রতিবাদ জানিয়ে আসছেন। আমরা বাংলাদেশিরাও ক্ষতিগ্রস্ত হব দারুণভাবে। কারণ, দুটি বড় নদ–নদী ব্রহ্মপুত্র ও গঙ্গার পানি বাংলাদেশে না এসে অন্যত্র চলে যাবে। আমরা পানিশূন্য হয়ে যাব।
সংক্ষেপে বললে পরিকল্পনা বা প্রকল্পের দুটি বড় অংশ আছে। গঙ্গা ও তার কয়েকটি উপনদী যথা গন্ডক, ঘাগরা, সারদা ও যমুনা নদীকে খাল কেটে সংযুক্ত করা হবে। পরে খাল কেটে যমুনার পানি সুদূর রাজস্থানে নিয়ে যাওয়া হবে। গঙ্গা কিন্তু ফারাক্কা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অতএব, ফারাক্কা পয়েন্টে আমরা আরও কম পানি পাব।
প্রকল্পের দ্বিতীয় অংশে আসছে ব্রহ্মপুত্র নদী। গঙ্গা ও তার উপনদী থেকে যে পানি সরানো হবে, তা পূরণ করা হবে ব্রহ্মপুত্রের পানি দ্বারা। সে ক্ষেত্রে দুটি খাল খনন করা হবে—(১) মানস-সংকোষ-তিস্তা সংযোগ (২) যোগী ঘোপা-তিস্তা-গঙ্গা সংযোগ খাল।
উল্লেখ্য, গঙ্গার তুলনায় ব্রহ্মপুত্র নিচু দিয়ে প্রবাহিত হয়। তাই পাঁচটা ধাপে ব্রহ্মপুত্রের পানিকে ১০০ মিটার উঁচুতে তুলে তারপর গঙ্গায় ফেলা হবে। প্রযুক্তিগত বাহাদুরি বটে। কিন্তু সর্বনাশ হবে বাংলাদেশের। বাংলাদেশ ব্রহ্মপুত্রের পানি থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের পানি দ্বারা গঙ্গার বর্ধিত পানির প্রবাহ কিন্তু ফারাক্কা দিয়ে বাংলাদেশে আসবে না; চলে যাবে সুদূর দাক্ষিণাত্যে। ফারাক্কা পয়েন্ট থেকে সংযোগ খাল কেটে ওডিশার সুবর্ণরেখা ও মহানদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। তারপর মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও ভাইগাই নদ–নদীগুলোকে সংযুক্ত করে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু রাজ্যে পানি সরবরাহ বাড়ানো হবে।
এ ধরনের অদ্ভুত ও উদ্ভট প্রকল্পের কথাবার্তা বহুদিন ধরেই ভারতে আলোচিত হচ্ছিল। ২০০২ সালে রাষ্ট্রপতি আবদুল কালাম স্বাধীনতা দিবসের ভাষণে এটার ওপর প্রথম গুরুত্ব আরোপ করেন। তারপর ২০০৩ সালে বাজপেয়ির সরকার প্রকল্পটিকে গুরুত্বসহকারে ধরলেও অভ্যন্তরীণ প্রতিবাদের কারণে বেশি দূর অগ্রসর হয়নি। মোদি সরকার ক্ষমতায় আসার পর প্রকল্প বাস্তবায়নের জন্য তোড়জোড় শুরু হয়। ভারতের সুপ্রিম কোর্ট গত বছর হুকুম জারি করেছিলেন, ২০১৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কোনো পর্যায়েই ভাটির দেশ বাংলাদেশের অনুমতি, পরামর্শ ও অবহিতকরণ কিছুই করা হয়নি, যদিও আন্তর্জাতিক আইনে এমন বাধ্যবাধকতা আছে।
এবার দেখা যাক এ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিণতি কী হবে। বাংলাদেশের আছে ৫৭টি আন্তর্জাতিক নদী, তার মধ্যে ৫৪টি ভারত থেকে আসছে। বাংলাদেশের পানির ক্ষেত্রে নদীপ্রবাহের অবদান ৭৬ দশমিক ৫ শতাংশ, বৃষ্টিপাত ২৩ শতাংশ এবং ভূগর্ভস্থ পানির অবদান ১ দশমিক ৫ শতাংশ। নদী প্রবাহের মধ্যে ব্রহ্মপুত্র একাই আনে ৬০ শতাংশের বেশি। পদ্মা ও মেঘনা আনে ৩০ শতাংশ। ভারতের প্রকল্পটি বাস্তবায়িত হলে ব্রহ্মপুত্র ও গঙ্গার পানি এত কমে যাবে যে আমাদের প্রায় পানিশূন্য হতে হবে।
অনেকে বলেন যে ব্রহ্মপুত্রের বেশির ভাগ পানি (যমুনা-ব্রহ্মপুত্রেরই শাখা) সাগরে গিয়ে পড়ে। অতএব, ভারত তা উজানে সরিয়ে নিলে আপত্তি কী? এটি একটি কুযুক্তি। প্রথমত, নদীর অববাহিকা অঞ্চলে কিছু মাত্রার বন্যা প্রতিবছর হয়, যা বয়ে আনে পলিমাটি। সে জন্য আমাদের মাটি এত উর্বর। দ্বিতীয়ত, প্রতিবছর আমরা যে নলকূপের সাহায্যে ভূগর্ভস্থ পানি ব্যবহার করি, যা উন্নতমানের ধান চাষের জন্য প্রয়োজন, সেই ভূগর্ভস্থ পানির স্তর এভাবে প্রতিবছর পাঁচ মিটার নিচে নেমে যায়। তা অবশ্য রিচার্জ হয় বৃষ্টিপাতের মাধ্যমে এক মিটার। বাকি চার মিটার রিচার্জ হয় নদীর পানির মাধ্যমে, জলাভূমি ও নিচু জায়গা প্লাবিত হওয়ার ফলে। ভারতের নদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে ভূগর্ভস্থ পানির স্তর এত নিচে নেমে যাবে যে মরু প্রক্রিয়া দেখা দেওয়াও অস্বাভাবিক নয়। তৃতীয়ত, যে প্রচুর পরিমাণ পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ে, তাকে অপচয় বলা যাবে না। এই যে প্রবল পানির প্রবাহ, তা সাগরের জোয়ারের পানিকে বেশি দূর ভেতরে প্রবেশে বাধা সৃষ্টি করে।
জাতিসংঘের সাবেক বিশেষজ্ঞ এস আই খান এক গবেষণাপত্রে দেখিয়েছেন যে ভারতের নদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে সাগরের লবণাক্ত পানি উত্তরে সিলেট পর্যন্ত পৌঁছাবে। তিনি আরেকটি প্রতিবেদনে দেখিয়েছেন যে ভারতের মধ্যেই যতটা পানি পাওয়া যায়, অতটা তার প্রকৃত অর্থে দরকার হয় না। ভারতের পানি বিশেষজ্ঞ রামেশ্বময় আর আইয়ারের লেখা অতি মূল্যবান গ্রন্থটিতে (ওয়াটার পারস্পেকটিভ, ইস্যুজ অ্যান্ড কনসার্ন: প্রকাশক সেজ পাবলিকেশন, নয়াদিল্লি), যেসব তথ্য প্রদত্ত হয়েছে, তা থেকেও একই সিদ্ধান্তে আসা যায়। ভারতে এখন পানির প্রয়োজন প্রতিবছর ৭৮০ বিসিএম। (সেচকাজের জন্য ৬৭৭ বিসিএম, খাওয়া ও গৃহস্থালির কাজের জন্য ৬৭ বিসিএম, শিল্প-কারখানার জন্য ২৮ বিসিএম এবং পানি-বিদ্যুৎ উৎপাদনের জন্য ৮ বিসিএম)। অথচ ভারতে পানির প্রাপ্যতা এর সাত গুণ বেশি। ভারতে নদীর পানি থেকে ১ হাজার ৯৫৩ বিসিএম, তুষার গলা পানি ও বৃষ্টির পানি থেকে ৪ হাজার বিসিএম, রিচার্জযোগ্য পাতাল পানি থেকে ৪২০ বিসিএম—অর্থাৎ সর্বমোট ৬ হাজার ৩৭৩ বিসিএম পানির প্রাপ্যতা রয়েছে। অবশ্য রাজস্থানের মতো কোনো কোনো মরু অঞ্চল আছে, যেখানে পানি দুষ্প্রাপ্য)। প্রকৃতিতে এই যে বৈচিত্র্য রয়েছে, তাকে গায়ের জোরে দূর করতে গেলে তার ফলাফল ভালো হয় না। সর্বোপরি বাংলাদেশকে বঞ্চিত না করেই তারা সমাধান বের করতে পারে।
ভারত ও বাংলাদেশ বন্ধুদেশ। আমাদের স্বাধীনতা লাভে ভারত সর্বতোভাবে সহায়তা করেছে। আমরা সে জন্য চিরকৃতজ্ঞ। কিন্তু তাই বলে ভারত কেন বাংলাদেশকে পানিশূন্য করে এমন প্রকল্প বাস্তবায়নের পথে অগ্রসর হবে?
আসলে আন্তর্জাতিক আইন মানলে তা তারা পারে না। ভারত বাংলাদেশের অনুমতি না নিয়ে তিস্তা ও অন্যান্য নদীতে যে বাঁধ দিয়েছে এবং এখন নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে, তা সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে যে নদী কনভেনশন গৃহীত হয়েছিল, তাতে সেদিন বাংলাদেশ এর পক্ষে ভোট দিয়েছিল। ভোট দেয়নি ভারত, চীনসহ স্বল্পসংখ্যক দেশ। এই কনভেনশনে বলা আছে যে ভাটির দেশের সঙ্গে আলোচনা না করে উজানের দেশ এমন কিছু করতে পারে না, যা ভাটির দেশকে ক্ষতিগ্রস্ত করবে। করলে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও আছে। জাতিসংঘ ভোটাভুটির সময় বিপক্ষে ভোট দিয়েছিল ভারত ও চীন।
চীন সম্ভবত উজানের দেশ ভারতের অনুমতি ছাড়াই ব্রহ্মপুত্রে বাঁধ দিতে যাচ্ছে, যে ব্যাপারে ভারতের আপত্তি আছে। আবার ঠিক একই ধরনের কাজ করছে ভারত ভাটির দেশ বাংলাদেশকে বিবেচনার মধ্যে না রেখে। সম্ভবত এসব কারণে ভারত ও চীন বিপক্ষে ভোট দিয়েছিল। কনভেনশনটি পাস হয় সংখ্যাধিক্যের ভোটে। তবে এটি আইনে পরিণত করতে পরবর্তী সময়ে ৩৬টি দেশের অনুমোদন ও স্বাক্ষর লাগে। ২০১৪ সাল পর্যন্ত ৩৫টি দেশের স্বাক্ষর পাওয়া গিয়েছিল। বাংলাদেশ এখনো স্বাক্ষর দেয়নি। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকার (২০০৭-০৮) ক্ষমতায় এসেছে। কেউই স্বাক্ষর করেনি। যা-ই হোক, ২০১৪ সালে ভিয়েতনাম স্বাক্ষর করে। এখন এটি আইনে পরিণত হয়েছে। এই আইনকে আমাদের কাজে লাগাতে হবে এবং ভারতকে আন্তনদী সংযোগ প্রকল্প থেকে বিরত রাখতে হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, বাংলাদেশের ক্ষতি করে কিছু করা হবে না। আন্তনদী সংযোগ যে বাংলাদেশের কত বড় ক্ষতি করবে, সেটা ভারতের সরকার, আমলাতন্ত্র, বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজকে বোঝাতে হবে। উমা ভারতীর বক্তব্যে আমরা উদ্বিগ্ন। কালক্ষেপণ না করে বাংলাদেশের উচিত হবে এখনই তৎপর হওয়া এবং সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের এত বড় সর্বনাশ আমরা হতে দিতে পারি না।
হায়দার আকবর খান রনো: রাজনৈতিক বিশ্লেষক। সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।