ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয়দের মনে একটি প্রশ্নের উদয় হয়েছে। ব্যাপারটা হচ্ছে, ট্রাম্প নির্বাচনী প্রচারণার বক্তৃতায় একজন ভারতীয় কল সেন্টার কর্মীকে অনুকরণ করে মজা নিয়েছিলেন। ফলে প্রশ্ন হচ্ছে, তাঁর সঙ্গে ভারতের সম্পর্কটা কেমন হবে?
নির্বাচনী প্রচারণার অধিকাংশ বক্তৃতায় ট্রাম্প আউটসোর্সিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তিনি শপথ নিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সব বাণিজ্যঘাটতি দূর করবেন। এই মুহূর্তে ভারতও যার সুবিধা ভোগ করছে।
কিন্তু সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম এইচ আভেরি বলেছেন, ট্রাম্প ভারতের জন্য অতটা খারাপ হবেন না। বস্তুত তিনি পাকিস্তান ও চীনের জন্য সমস্যাজনক হয়ে উঠতে পারেন। আভেরি বলেন, চীন ও পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানা সুবিধা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে চীনের উদ্বৃত্তের পরিমাণ বিপুল, ২০১৫ সালে যার পরিমাণ ছিল ৩৬ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। ওদিকে পাকিস্তান ইসলামি চরমপন্থা দমনের নামে ২০০২ সালের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩ হাজার কোটি মার্কিন ডলার নিয়েছে। এখন যেসব লক্ষণ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে, ট্রাম্প এই পাইপলাইন বন্ধ করে দেবেন।
গত ১৫ বছরে উৎপাদনশীল খাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ লাখ মানুষ চাকরি হারিয়েছে। আর সেই একই সময়ে চীনের উৎপাদনশীল খাতের ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। ট্রাম্পের নির্বাচনী অঙ্গীকারের একটি হচ্ছে, এই উৎপাদন খাতের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা। এর একমাত্র পথ হচ্ছে, এশিয়ার, বিশেষ করে চীনের নিম্ন মজুরির সুবিধা অগ্রাহ্য করার মতো কিছু করা, যার সঙ্গে আছে আবার শুল্ক ও অশুল্ক বাধা।
আর এটা হতে পারে চীনের সবচেয়ে খারাপ সময়ে, যখন তাদের দীর্ঘদিনের ঋণভিত্তিক বিনিয়োগ শেষমেশ ধসে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য-যুদ্ধ শুরু হলে দেশটির প্রবৃিদ্ধর হার ব্যাপকভাবে কমে গিয়ে মন্দা সৃষ্টি হতে পারে, তার ফলে সেখানে রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে। আর সবচেয়ে খারাপ পরিণতি হিসেবে সেখানে বিপ্লবও হতে পারে।
এখন কথা হচ্ছে, ট্রাম্প প্রশাসন যদি যুক্তরাষ্ট্রের মুক্তবাণিজ্যের নীতি বর্জন করে, তাহলে কি ভারত প্রযুক্তি ও আউটসোর্সিং খাতে কিছু কাজ হারাবে? সম্ভবত, ইন্টারনেটে হায়দরাবাদ থেকে আসা একটি কোডের ওপর শুল্ক আরোপ করা কঠিন, সাগরপথে সাংহাই থেকে আসা যন্ত্রের তুলনায়। এশিয়ায় তো এখন জিরো-সাম গেম চলছে, অর্থাৎ একজন জিতলে আরেকজন হারছে। এই পরিপ্রেক্ষিতে চীন যদি হারে তাহলে ভারত জিতবে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে চীনের হারানোর অনেক কিছুই আছে।
>যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য-যুদ্ধ শুরু হলে দেশটির প্রবৃিদ্ধর হার ব্যাপকভাবে কমে গিয়ে মন্দা সৃষ্টি হতে পারে, তার ফলে সেখানে রাজনৈতিক অস্থিরতা শুরু হতে পারে। আর সবচেয়ে খারাপ পরিণতি হিসেবে সেখানে বিপ্লবও হতে পারে
আভেরি বলেন, নতুন মার্কিন প্রশাসনের জমানায় ভারতের গোলযোগ সৃষ্টিকারী প্রতিবেশী পাকিস্তানের কপালেও শনি আছে। ট্রাম্প পাকিস্তানকে ‘সম্ভবত সবচেয়ে বিপজ্জনক’ দেশ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ভারতকে যুক্ত করতে হবে, কারণ সে পাকিস্তানকে চোখে চোখে রাখে…আমি খুব শিগগির এ প্রসঙ্গে কথা বলব।’ ভারত-পাকিস্তান সম্পর্কে আর কোনো মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী এভাবে কথা বলেননি। অন্য কথায়, ট্রাম্প এ ক্ষেত্রে পূর্বসূরিদের উল্টো অবস্থান নিলেন। অথচ আট বছর আগে বারাক ওবামা ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র কাশ্মীরের বিষয়ে হস্তক্ষেপ করবে।
যদিও প্রেসিডেন্ট হওয়ার পর ওবামা এই হস্তক্ষেপের প্রসঙ্গটি এড়িয়ে গেছেন। এ বিষয়ে তিনি ওয়াশিংটনের দীর্ঘদিনের পাণ্ডুলিপিরই চর্বিত-চর্বণ করেছেন, ‘আপনারা দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করুন’। আর এখন ওবামার উত্তরসূরি এই পাণ্ডুলিপি ছুড়ে ফেলে কার্যত বলছেন, পাকিস্তান একটা সমস্যা, আর ভারত তার সমাধানের একটি অংশ। ফলে ব্যাপারটা ইসলামাবাদের জন্য নিদারুণ লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বোঝাই যাচ্ছে, পাকিস্তানের ব্যাপারে ট্রাম্প পূর্বসূরিদের মতো হবেন না। তিনি পাকিস্তানকে সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে তার নীতিতে প্রভাব ফেলার চেষ্টা করবেন। ড. শাকিল আফ্রিদি নামের পাকিস্তানি ২০১১ সালে সিআইএকে লাদেনের অবস্থান জানিয়েছিলেন। এতে পাকিস্তান সরকার অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তাঁকে জেলে পোরে। এখনো তিনি জেলেই আছেন। ট্রাম্প এই শাকিল আফ্রিদি সম্পর্কে বলেছেন, ‘মনে হয়, আমি তাঁকে দুই মিনিটেই বের করে আনতে পারব। আমি তাঁদের বলব, “তাঁকে ছেড়ে দিন, আর আমি নিশ্চিত, পাকিস্তান সরকার তাঁকে ছেড়েও দেবে।” কারণ, আমরা তাদের অনেক সাহায্য করি।’
ইংরেজি থেকে অনূদিত