ভারতের সুপ্রিম কোর্টে ন্যায়বিচারের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানীকে ৭ জানুয়ারি ২০১১ গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত অমিয় ঘোষকে পুনর্বিচারে বেকসুর খালাস দিয়েছেন ভারতীয় বিএসএফ আদালত। এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। কোনো নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিচারকাজে স্বাভাবিকভাবে তাদের সদস্যের প্রতি সমর্থন এসে যায়, এ রকম আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করা ঠিক নয়। ফেলানী হত্যার ঘটনা সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। কিন্তু পুনর্বিচারের রায়কে বিভিন্ন গণমাধ্যম বিচারের নামে তামাশা বলে আখ্যা দিয়েছে। এ রায়ে সবার মতো আমরাও মর্মাহত হয়েছি। বিএসএফ আদালতের এ রায় তাঁদের সীমান্তরক্ষীদের সীমান্তে মানবাধিকার লঙ্ঘনে উৎসাহিত করবে।
ভারতীয় বিভিন্ন আইন এমনকি ভারতীয় বিএসএফ আইনও অবৈধ অনুপ্রবেশের (সীমান্ত পারাপারে) ক্ষেত্রে নির্বিচারে হত্যাকে সমর্থন করে না। ভারতীয় সরকার সহজেই ফেলানী হত্যার পরিবর্তে প্রচলিত আইনে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফেলানীকে দায়ী করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারত। ফেলানী একজন শিশু, তাই ফেলানীর নির্মম হত্যা শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিভিন্ন আন্তর্জাতিক রীতিনীতি ও চুক্তিতে শক্ত আইনগত ভিত্তি ছাড়া আন্তসীমান্ত হত্যাকাণ্ডের ওপর বিধিনিষেধ রয়েছে। যদিও নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্বের নামে এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।
এ–সংক্রান্ত জাতিসংঘের মূলনীতিতে সীমান্ত বাহিনী ও আগ্নেয়াস্ত্র ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী ও অহিংস হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ মূলনীতি অনুযায়ী, আইন প্রয়োগকারী সংস্থা সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসম্ভব অহিংস উপায়ে এবং যথাসম্ভব কম বল প্রয়োগ ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের আহ্বান জানাবেন। কর্মকর্তাদের ধৈর্যশীল হওয়ার পাশাপাশি ‘অপরাধের গুরুত্ব অনুপাতে কাজ’ করা প্রয়োজন।
প্রথম রায়ের পর বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বহুল আলোচিত ফেলানী হত্যা মামলায় বিএসএফ আদালত থেকে ন্যায়বিচার না পাওয়ায় ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে ফেলানীর বাবা মো. নূর ইসলাম ও সমিতির পক্ষে আমি বাদী হয়ে ফেলানী হত্যার ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার এবং ক্ষতিপূরণ আদায়ে সচিব, আইন ও বিচারবিষয়ক মন্ত্রণালয় (ইউনিয়ন অব ইন্ডিয়া) এবং মহাপরিচালক, বিএসএফকে বিবাদী করে একটি রিট মামলা দায়ের করি। রিট মামলার নম্বর (ফৌজদারি) ২০১/২০১৩, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩, যা বর্তমানে বিচারাধীন।

যেকোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করে মানবাধিকার সমুন্নত করতে হবে। কৃত অপরাধ থেকে দায়মুক্তির ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে কৃত অপরাধের যথাযথ শাস্তি হতেই হবেই

ইতিপূর্বে বাংলাদেশি একজন নারীর হাওড়া রেলস্টেশনে গণধর্ষণের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় সুপ্রিম কোর্টে দায়েরকৃত মামলা (চেয়ারম্যান, রেলওয়ে বোর্ড এবং অন্যান্য বনাম চন্দ্রিমা দাস এবং অন্যান্য, সিএ নং ৬৩৯/২০০০) করলে একটি যুগান্তকারী রায় পাওয়া যায়। যাতে ভারতীয় সংবিধান অনুযায়ী একজন বিদেশি নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং ধর্ষণের শিক্ষার ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এ রায়ের মাধ্যমে একজন মানুষের ‘বেঁচে থাকার অধিকার (Right to Life)’ প্রতিষ্ঠিত হয়েছে। একজন বিদেশি নাগরিক হিসেবে অবমাননাকর আচরণ বা শারীরিক নির্যাতনের শিকার হতে পারেন না বলে এ রায় অভিমত দিয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের ওই রায়ের মাধ্যমে একজন বিদেশি নাগরিকও  ক্ষতিপূরণ দাবি করতে পারেন। তা ছাড়া, এ ঘটনায় ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তিদের ১২ বছর কারাদণ্ড দিয়েছিলেন সংশ্লিষ্ট ভারতীয় আদালত। ফেলানী হত্যা মামলায় ওই মামলার রেফারেন্স আদালতে উপস্থাপন করা হয়েছে। আশা করি, ফেলানী হত্যা মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দেবেন।
ফেলানীকে হত্যার মাধ্যমে বিএসএফ কর্তৃক কতিপয় আন্তর্জাতিক সনদ বা চুক্তি লঙ্ঘিত হয়েছে:
এ হত্যাকাণ্ড সর্বজনীন মানবাধিকার ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। প্রত্যেকেরই জীবনধারণ, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার রয়েছে (অনুচ্ছেদ-৩)। কারও প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ করা কিংবা কাউকে নির্যাতন করা বা শাস্তি ভোগ করতে বাধ্য করা চলবে না (অনুচ্ছেদ-৫)। ফেলানীকে হত্যা করার মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় বিএসএফ কর্তৃক মানবাধিকার ঘোষণাপত্রের অনুচ্ছেদ ৩ ও ৫ সম্পূর্ণরূপে লঙ্ঘিত হয়েছে।
• যেহেতু ফেলানীর বয়স ১৫ বছর, সেহেতু সে জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী সুরক্ষা পাওয়ার অধিকারী। কিন্তু বিএসএফ শিশু অধিকার সনদের অনুচ্ছেদ ৩ অনুযায়ী শিশুর স্বার্থকে প্রথম ও প্রধান বিষয় হয়েছে গণ্য করতে দায়বদ্ধ হলেও তারা নির্বিচারে গুলি করে ফেলানীকে হত্যা করেছে। অনুচ্ছেদ ৩৭(ক) অনুযায়ী, ফেলানী নির্যাতন কিংবা কোনো প্রকার নির্দয়, অমানবিক বা অসম্মানজনক আচরণ বা শাস্তির শিকার না হওয়ার অধিকারী হলেও তার নির্মম হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পর কাঁটাতারের বেড়ায় ঘণ্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা ও পশুর মতো বাঁশের সঙ্গে বেঁধে লাশ বহন শিশু অধিকার সনদের চরম লঙ্ঘন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২১-এ বেঁচে থাকার অধিকার স্বীকৃত এবং যা বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। কিন্তু বিএসএফ তাদের সাংবিধানিকভাবে স্বীকৃত বিষয়েরও কোনো রকম তোয়াক্কা না করে ফেলানী হত্যা ঘটনায়।
বিশ্বব্যাপী স্বীকৃত সাধারণ নীতিমালা হচ্ছে, প্রয়োজনীয়তা ও যুক্তিসংগত কারণ থাকলেই সীমান্তে বল প্রয়োগ করা হয়, তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা প্রতিপালিত হয়। যদিও ফেলানী কোনো প্রকার আগ্নেয়াস্ত্র বহন করেনি এবং তার গতিবিধিতে ভারতীয় নিরাপত্তা বিঘ্ন করার মতো কোনো অনুষঙ্গ ছিল না, তাই ফেলানীকে গুলি করে হত্যা সীমান্তের জন্য প্রযোজ্য সাধারণ নীতিমালার পরিপন্থী।
ভারতের সুপ্রিম কোর্টে চলমান ফেলানী হত্যা মামলার রিট পিটিশন (ফৌজদারি) নম্বর ২০১/২০১৩) শুনানি মাননীয় প্রধান বিচারপতি এইচ এল দত্ত (HL Dattu)-এর উপস্থিতিতে ২১ জুলাই, ২০১৫ অনুষ্ঠিত হয়। এ মামলা গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির ক্ষেত্রে তিনি আগ্রহ প্রকাশ করেন এবং তিনি আদালতে পূর্ণাঙ্গ শুনানির পর রায় প্রকাশে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, ওই শুনানিতে এ মামলার পিটিশনার নম্বর ১ ফেলানীর বাবার জন্য অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের জন্য আরও একটি আবেদন করা হয়েছে, যার নজির ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে। আশা করা যায়, এ মামলার মাধ্যমে ফেলানীর বাবা ন্যায়বিচার পাবেন এবং বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ হবে।
মানবাধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক সহনশীলতার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে হবে। যেকোনো মূল্যে সীমান্তে হত্যা বন্ধ করে মানবাধিকার সমুন্নত করতে হবে। কৃত অপরাধ থেকে দায়মুক্তির ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে কৃত অপরাধের যথাযথ শাস্তি হতেই হবেই। আমরা বিচারের নামে প্রহসন দেখতে চাই না। বরং আমরা বিশ্বাস করি, বিচারকাজ যত দীর্ঘই হোক না কেন, কোনো অপরাধীই শুধু নিরাপত্তার নামে বিচার থেকে রেহাই পেতে পারে না।
সালমা আলী: নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।