
গত ৭০ বছরে ভারত সব ধর্মের শরণার্থীদের জন্য দরজা খুলে দিয়েছে। সে যেমন তিব্বতের বৌদ্ধদের জন্য দরজা খুলে দিয়েছে, তেমনি আফগানিস্তানের মুসলমান, শ্রীলঙ্কার হিন্দু ও খ্রিষ্টান এবং ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও আদিবাসীদের জন্য দরজা খুলে দিয়েছে। ২০১৪ সালের আগে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ধর্ম ভারতের কাছে বিবেচ্য বিষয় ছিল না। তার একমাত্র বিবেচনা ছিল মানবিকতা। অর্থাৎ, এসব আশ্রয়প্রার্থী মানুষ নিজ দেশে নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছে কি না।
হায়! সেই দিন আর নেই। আসামের রাজ্যসভা নির্বাচনের সময় যখন নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের হিন্দুরা স্বয়ংক্রিয়ভাবে ভারতে থাকার অধিকার পাবে, কিন্তু মুসলমানরা নয়; তখন থেকেই ভারতের হিন্দুত্ববাদী যাত্রা শুরু হয়। এর মধ্য দিয়ে ভারতের হাজার
বছরের রীতি অস্বীকার করা হলো। মনে রাখা দরকার, ভারতের মুসলমান সুলতানেরা পারস্যের ইসলামপন্থীদের হাতে নির্যাতিত জরথুস্ত্রপন্থীদের আশ্রয় দিয়েছিলেন। এখন সেই মানবতাবাদী ঐতিহ্য ক্ষুণ্ন করে মুসলমানদের পরিষ্কারভাবে ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না, যদিও হিন্দুরা ইসরায়েলের ইহুদিদের মতো সারা পৃথিবীতে সুবিধাপ্রাপ্ত।
২০১৫ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট ও বিদেশি আইনের অধীনে এক নোটিশ জারি করে যে পার্শ্ববর্তী দেশে নিপীড়নের শিকার হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পারসিক ও বৌদ্ধদের ভারতে প্রবেশের ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কিন্তু বিশেষ করে মুসলমানদের এই অধিকার দেওয়া হবে না। এটা ভারতীয় সংবিধানের ২১ (জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকার) এবং ১৪ নম্বর (সমতার মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত) ধারার লঙ্ঘন, যেখানে ‘যেকোনো ব্যক্তিকে’—যে ধর্মেরই হোক না কেন—এসব অধিকার দেওয়া হয়েছে।
এ ছাড়া ভারতীয় সুপ্রিম কোর্ট ১৯৯৬ সালে এনএইচআরসি বনাম অরুণাচল প্রদেশ মামলায় পরিষ্কার করে বলেছেন, এই ‘যেকোনো ব্যক্তি’ শুধু ভারতীয় নাগরিক তা নয়, বরং সেই মুহূর্তে যিনি ভারতে বসবাস করছেন, তাঁর ক্ষেত্রেও প্রযোজ্য। আদালত ডিক্রি জারি করেছেন, রাষ্ট্র ‘সব মানুষের জীবন ও স্বাধীনতার সুরক্ষা দিতে বাধ্য, সে তিনি নাগরিক হোন বা না হোন।’ ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজুর এটা জানা উচিত, বিশেষ করে তিনি যেহেতু অরুণাচলের সাংসদ।
কিরণ এমনিতে সভ্য ও ভদ্র মানুষ হলেও মোদির মন্ত্রী হিসেবে তাঁকে বলতে হয়েছে, ‘রোহিঙ্গা মুসলমানরা আমাদের কাছে অবৈধ অভিবাসী। তাদের এখানে থাকার ভিত্তি নেই। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে।’ এখন কথা হচ্ছে, তাদের কোথায় ফেরত পাঠানো হবে। তাদের কি মিয়ানমারে ফেরত পাঠানো হবে, যেখান থেকে তারা পালিয়ে এসেছে?
নিশ্চিতভাবে মোদি সরকারকে জানতে হবে, কী ভয়াবহ নিপীড়নের মুখে রোহিঙ্গাদের পালাতে হয়েছে। তাদের ফেরত পাঠানো মানে আন্তর্জাতিক আইনের ‘নন-রিফাউলমেন্ট’ রীতির লঙ্ঘন করা। সেটা হলো, যদি এই আশঙ্কা থাকে যে শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো হলে তারা একই নিপীড়নের মুখে পড়বে, তাহলে তাদের সেই অবস্থায় ঠেলে দেওয়া যাবে না। ভারত বিভিন্ন আন্তর্জাতিক ঘোষণা ও রীতি অনুসমর্থন করার মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। এ ছাড়া ভারত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাও গ্রহণ করেছে। মোদি ও তাঁর মন্ত্রীদের তো সম্প্রতি গোপনীয়তা-সংক্রান্ত সুপ্রিম কোর্টের এক রায় ভুলে যাওয়ার কথা নয়, গত ২৪ আগস্ট এ রায় দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘সাংবিধানিক ধারাগুলো এমনভাবে পাঠ ও ব্যাখ্যা করতে হবে, যাতে সেগুলো ক্রমবর্ধমান হারে মানবাধিকার-সংক্রান্ত বৈশ্বিক বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।’
কথা হচ্ছে, রোহিঙ্গারা কোন ধরনের নৃশংসতা থেকে বাঁচতে চাইছে। কারণের মধ্যে গৃহীত না হওয়াটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, কিন্তু এখানেই সমস্যার শুরু। স্থানীয় ভাষায়, ‘রোহিঙ্গা’ মানে হলো ‘আরাকান থেকে’। বৌদ্ধ জাতীয়তবাদীরা বলে থাকেন, এরা আরাকান (বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশ) থেকে আসেনি, বরং এরা বাংলাদেশি বসতি স্থাপনকারী, যাদের মিয়ানমারে থাকার অধিকার নেই। যদিও তাদের প্রায় সবাই রাখাইন গ্রামে শতাব্দীকাল যাবৎ বসবাসরত পরিবার থেকে এসেছে। এই শব্দটা মিয়ানমারে এত জনপ্রিয় যে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে অনানুষ্ঠানিক আন্তর্জাতিক পরামর্শক গ্রুপ গঠন হওয়ার আগে অং সান সু চি এই নিশ্চয়তা নিয়েছিলেন যে প্রতিবেদনে রোহিঙ্গাদের শুধু মুসলমান হিসেবে অভিহিত করা হবে।
মিয়ানমারের স্বাধীনতা-উত্তরকালে ১০ লাখ মানুষকে নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্তের আলোকেই এটা করা হয়েছে, যেটা দেশটির ১৯৬২ সালের নাগরিকত্ব আইনে আনুষ্ঠানিক রূপ পেয়েছে। ফলে কার্যত তারা রাষ্ট্রহীন হয়ে পড়েছে। ১৯৬২ সালে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর তারা বন্দুকের নলের দিকে মুখ করেই টিকে থেকেছে। এরপর ২০০৮ সালে যখন দেশটিতে গণতন্ত্র প্রথম স্পর্শগ্রাহ্য হয়ে ওঠে, তখন রোহিঙ্গাদের ভোটাধিকার দেওয়া হয়। এমনকি তাদের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে সংসদে যান। কিন্তু রাখাইনের সামরিক বাহিনী নিয়োজিত মুখ্যমন্ত্রী ও রাখাইনের সংখ্যাগরিষ্ঠ অ-রোহিঙ্গা নাগরিকের কাছে ব্যাপারটা গ্রহণযোগ্য হয়নি। সে কারণে পরবর্তী নির্বাচনে পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, যে নির্বাচনে সু চি ক্ষমতায় আসেন। কিন্তু আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের চরমভাবে হতাশ করে সু চি নীরব থাকেন। অথচ জাতিসংঘের প্রতিবেদনে আমরা জানতে পারি, বিভিন্ন শরণার্থী শিবিরে রোহিঙ্গারা কতটা মানবেতর জীবন যাপন করছে।
পররাষ্ট্রনীতির পরিপ্রেক্ষিতে হয়তো মিয়ানমার সরকার বা সু চির ব্যক্তিগত সমালোচনা করা ঠিক হবে না। কিন্তু সেটা কথা নয়। কথা হলো, ভারতে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গারা যেন পুলিশের হাতে নিগৃহীত না হয়ে বেঁচে থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী ‘সীমিত সম্পদ’ নিয়ে অনেক উচ্চবাচ্য করলেও ভারত অনায়াসে তাদের আশ্রয় দিতে পারে, যত দিন না তাদের ফেরত যাওয়া নিরাপদ হচ্ছে। সম্ভবত, সেটা কোনো দিনই হবে না। ভারত যদি কয়েক প্রজন্মের তিব্বতিদের এবং তামিলদের আশ্রয় দিতে পারে, তাহলে এই কয়েক হাজার রোহিঙ্গাকে কেন নয়? এর একমাত্র কারণ হচ্ছে, ওই সময় ভারতের ক্ষমতাসীন সরকারগুলো মানবিক ছিল। রোহিঙ্গাদের দুর্ভাগ্য যে তারা এমন এক সরকারের আমলে এসেছে, যারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে যাচ্ছে।
ভারতের এনডিটিভি ডট কম থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
মণি শঙ্কর আয়ার: কংগ্রেসের সাবেক সাংসদ।