
একটি স্থানীয় গল্প দিয়ে শুরু করি। গ্রামে গেছি। এমপি এসেছেন, পরদিন তঁার জন্মদিন। তখনো পরিষ্কার ছিল না যে কাউন্সিলররা নির্দলীয় হিসেবে লড়বেন। তাই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সাজসাজ রব পড়েছিল। এমপি বা নেতার জন্মদিন পালন করা হবে। তাই ফুলের মালা ও উপহার কোথায় কীভাবে দেওয়া হবে, সে জন্য প্রস্তুতি ছিল তুঙ্গে। হঠাৎ খবর রটল নেতা ঢাকায় ফিরবেন। এ খবরে মুহূর্তে জন্মদিন পালনের জন্য ঢাকা যাত্রারও প্রস্তুতি নিলেন সবাই। কিন্তু সন্ধ্যায় খবর এল কাউন্সিলররা নির্দলীয় হিসেবে লড়বেন। রাতে যখন লঞ্চ ছাড়ল, তখন দেখলাম কেবল মেয়র প্রার্থীরা আছেন। তঁারা নেতার জন্মদিন পালনে ঢাকা ছুটছেন। কারণ, নেতা আকাশপথে ঢাকা ফিরে গেছেন। কোনো কাউন্সিলর লঞ্চের যাত্রী হননি। তঁাদের উৎসাহে ভাটার টান পড়েছে। খরচের ঝক্কি কমে গেছে। তঁাদের কাছে প্রিয় এমপির জন্মদিন পালনের মাহাত্ম্য কর্পূরের মতো উবে গেছে! এমপি মনোনয়ন ও নির্বাচনী খরচে কোটি কোটি টাকার গল্প বিশ্বাসযোগ্যতা লাভ করেছে বহুকাল আগে। এবার মেয়র পদে প্রার্থী হতে কত খরচা পড়বে, সেটা কি জানব?
নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে দলীয় প্রধান শেখ হাসিনার স্বাক্ষর থাকলেই একজন দলের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। এখন দেখার বিষয় যঁারা মনোনয়ন পেলেন, তাঁরা কারা। তঁারা ন্যূনতম টাকায় নির্বাচনী বৈতরণি পার হলে তার বাস্তব সুবিধা ভোটাররা পাবেন। লাখ লাখ টাকা নিয়োগ বা বদলি হতে যঁারা খরচ করেন, পরে তঁাদের সেটা উশুল করতেই হয়। মন্ত্রীদের পরে এমপিদেরও প্রচারণায় অংশ নিতে না দিয়ে কমিশন ঠিক কাজ করেছে। কিন্তু তা সুনীতি হিসেবে নয়, তফসিল হয়ে গেছে বলে আপতত অপারগতার কারণ দেখিয়েছে।
প্রথম আলো পত্রিকার মঙ্গলবারের শিরোনামটি সাক্ষ্য দিচ্ছে যে কোনো দলেরই এমন কোনো স্বচ্ছ প্রক্রিয়া নেই, যার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকে বাছাই করা সম্ভব। তৃণমূল তাই আত্মসমর্পণ করেছে কেন্দ্রের কাছে। গণতান্ত্রিক প্রক্রিয়া সক্রিয় ও কার্যকর থাকলে মনোনায়নদানের বিষয়টি সাধারণভাবে কেন্দ্রের কাছে যাওয়ার কোনো প্রশ্নই উঠত না। সুতরাং আমরা যে চূড়ান্ত প্রার্থী তালিকা পাচ্ছি, তঁাদের কেউ দলের কোনো স্তরের গোপন ব্যালটে বা উন্মুক্ত শুনানিনির্ভর কোনো প্রক্রিয়ায় বাছাই করা নন। তাই নির্বাচনের আগেই অবাধ নির্বাচনের চেতনা আমার বিবেচনায় অনেকটাই মার খেল। মনোনায়ন প্রক্রিয়ার গলদ উৎসবমুখর পরিবেশে ভোটাভুটি করে দূর করা যাবে না। আমাদের নেতারা একসময় বলতেন যে প্রতিপক্ষ যখন মাস্তানকে প্রার্থী করে এবং যত হোন্ডা, তত গুন্ডা ভাড়া করে, তখন তঁারা আমজনতার কাছে বেশি গ্রহণযোগ্য বা দলের জন্য নিবেদিতপ্রাণ নেতাদের বাছাই করার ঝুঁকি নিতে পারেন না। এবার বিশেষ করে আওয়ামী লীগের প্রার্থী যাচাইয়ের সূচকগুলো পর্যবেক্ষণ করে বুঝতে চাইব, তঁারা মেয়র বাছাইয়ে কী কী বিষয় মনে রেখেছিলেন। যোগ্য মেয়র প্রার্থী বাছাইয়ে সময়স্বল্পতার যুক্তি উঠতে পারে। আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন, তখন কী ঘটবে? দিনাজপুরসহ দেশের কোথাও কোথাও স্থানীয়ভাবে দলের পক্ষে ইউপি চেয়ারম্যান প্রার্থী গোপন ব্যালটে বাছাই করা হয়। কোনো স্বচ্ছ বাছাই প্রক্রিয়া অনুসরণ করা না হলে, বিদ্রোহ ওপর থেকে হয়তো কম দেখা যাবে, কিন্তু এটা তুষের আগুন হয়ে জ্বলবে। কেন্দ্রীয় নেতাদের ধরাধরিকে উৎসাহিত করা উচিত নয়।
গত সাত বছরে বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, তাতে আর কিছু না হোক রাজনৈতিক প্রতিপক্ষ প্রায় নির্মূল বা ঘাগু প্রতিপক্ষের যুগ আপাতত অনেকটাই বাসি বলা যায়। সুতরাং, এ অবস্থায় আমরা কি আশা করব যে তুলনামূলক ভালো প্রার্থী নিয়োগে ঝুঁকি নেওয়া হয়েছে? এর আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরিবেশে যখন সাধ থাকলেও সত্যিকারের যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করা অসম্ভব ছিল, এখন কি পরিবর্তিত অবস্থায় তাকে সম্ভব করে তোলা হলে দীর্ঘদিনের উপেক্ষিত ও ত্যাগী দলীয় নেতাদের মেয়র বা চেয়ারম্যান পদে প্রার্থী করার প্রবণতা সবার নজরে আসবে?
স্থানীয় সরকারের নির্বাচন গোলযোগমুক্ত হবে ধরে নিয়েও বলা যায়, এটি একটি নতুন পরীক্ষা-নিরীক্ষার বিষয়। দলীয় মেয়র, নির্দলীয় পারিষদ। এর মানে হলো দৃশ্যটা এমন অভিনব যে প্রধানমন্ত্রী দলীয়। কিন্তু তাঁর মন্ত্রিসভার সদস্যরা নির্দলীয়। ভারপ্রাপ্ত মেয়র বা প্যানেল মেয়র কী যোগ্যতায় বাছাই হবেন তা স্পষ্ট নয়। দলীয় থেকে নির্দলীয় ব্যবস্থায় যাওয়ার সপক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে ব্রিটেন, ভারতসহ বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। এর সপক্ষে হাইকোর্টের রায় মিলেছিল, কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল, নির্দলীয় তকমাটি আংশিক টিকল, তার সুষ্ঠু ব্যাখ্যা আমরা পেলাম না। দলীয় মেয়র ও নির্দলীয় মেয়র ব্যবস্থা দীর্ঘ মেয়াদে চলতে পারবে বলে মনে হয় না। এখন অবস্থা দৃশ্যত এতটাই শোচনীয় যে ক্ষমতাসীন দলের বাইরে কেউ মেয়র পদে জিতলে তঁার পক্ষে কাজ করা কঠিন বলে মনে হবে, কিন্তু সরকারের উচিত হবে বিরোধীদলীয় প্রার্থীর জয়কে সুনজরে দেখা।
সরকার অযথা এমপিপ্রীতি দেখাচ্ছে, মেয়রপ্রীতিও দেখাবে। কিন্তু প্রতিষ্ঠান গড়তে চাইলে দলীয় মেয়রকে নির্দলীয় কাউন্সিলরদের মতামত মানতে হবে। অথচ অপ্রিয় বাস্তবতা হলো সমষ্টিকে চাই না, ব্যক্তির শর্তহীন আনুগত্য চাই। এই রাষ্ট্রের জন্মের সময়ে সংবিধানে যে ত্রুটি ঘটেছিল, এটা তারই ধারাবাহিকতা। সংবিধানে ৭০ অনুচ্ছেদের সারকথা হচ্ছে, প্রত্যেক নির্বাচিত এমপি প্রধানমন্ত্রীর অনুগত থাকবেন, না থাকলে সদস্যপদ থাকবে না। সে কারণে প্রধানমন্ত্রীরা সব সময় এমপিদের কাছের লোক মনে করেছেন। এই এমপিরা এলাকায় খাটো হতে পারেন বলে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতায়ন অসম্পূর্ণ থাকল। এখন আবার ইসি বলল, আগামী ইউপি নির্বাচনে এমপিদের প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবে। আসলেই সবার ওপরে ৭০ অনুচ্ছেদের আনুগত্য সত্য, তার ওপরে নেই।
বিএনপি একা ভেঙে চুরমার হচ্ছে না, আওয়ামী লীগও দুর্বলতর হচ্ছে। তৃণমূলের পকেট কমিটিগুলো অবাক করেনি। তারা পকেট কমিটির মতোই আচরণ করেছে। মেয়র প্রার্থী বাছাইয়ে প্রধানমন্ত্রীকেই বেছে নেওয়া সেটাই নির্দেশ করছে। এটা সরকারি দলের শক্তি নয়, দুর্বলতার নির্দেশক
আসন্ন নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু একটি নির্বাচনব্যবস্থার অন্যতম মূল লক্ষ্য থাকে বহুত্ববাদ ও বহুমতের বিকাশ ঘটানো। কিন্তু লক্ষণ প্রকাশ পাচ্ছে যে আসন্ন নির্বাচন সমাজে আরও বেশিমাত্রায় একদলীয় মাত্রা জোরদার করতে পারে। সেই বার্তাটা পরিষ্কার হয়েছে যখন আওয়ামী লীগ তাদের মেয়র নির্বাচনের সর্বময় কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করেছে। সেদিন টেলিভিশনের টেলপে যখন ভেসে এল যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে, জাতীয় পার্টি এরশাদকে আর বিএনপি তার যুগ্ম মহাসচিবকে মেয়র প্রার্থী বাছাইয়ের নেতা নির্বাচন করেছে, তখন তাতে পরিবর্তনের আঁচ পেলাম। এটা খালেদা জিয়ার তরফে একধরনের ওয়াকওভার বলে প্রতীয়মান হলো। শেখ হাসিনার কাউন্টারপার্ট হিসেবে খালেদা জিয়ার নাম আসবে, সেটাই স্বাভাবিক ছিল। নির্বাচন কমিশন এখন খোদ শেখ হাসিনার সই করা প্রার্থীদের নামের তালিকা পাবে। কিন্তু ধানের শীষের প্রার্থী সত্যায়নে খালেদা জিয়ার নাম থাকবে না। এটা রাজনীতির ভবিষ্যৎ মেরুকরণের দিক থেকে ইঙ্গিতবহ কি না, জানি না। তবে প্রশাসন দেখবে শেখ হাসিনার প্রত্যক্ষ প্রার্থীর প্রতিকূলে লড়বেন বিএনপির অখ্যাত নেতার দ্বারা সত্যায়িত প্রার্থী। নির্বাচন সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের আয়োজন কম কৌতূহলোদ্দীপক নয়।
বিএনপির নেতারা শর্ত সাপেক্ষে ‘গণতন্ত্রের স্বার্থে’ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। দলটির সাংগঠনিক অবস্থা কতটা করুণ, সেটা ফুটিয়ে তুলেছেন বিএনপির নতুন সতর্ক মুখপাত্র আসাদুজ্জামান রিপন। নির্বাচন পেছাতে বিএনপির অন্যতম শর্ত তরুণ ভোটারদের সম্পৃক্ত করা। এটা বলে তারা যে কতটা অর্বাচীন, সেটাই তারা প্রকাশ করেছে। কারণ, ওই তরুণেরা জানুয়ারির আগে ভোট দিতে পারবেন না। ভেবেছিলাম তারা সারা দেশে তাদের দল–সমর্থিত কিছু জনপ্রিয় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর, যাঁরা কারাগারে কিংবা পালিয়ে আছেন, নির্দিষ্টভাবে তাঁদের মুক্তি চাইবেন। সে রকম একটি তালিকা হাতে তঁারা ইসিতে যাবেন, কিন্তু সেটা আমরা দেখিনি।
যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা গণতান্ত্রিক রেওয়াজমতে খাপ না খাওয়ানো একটা নির্বাচন। একটা জগাখিচুড়ি। স্থানীয় সরকারকে একটি সিস্টেম হিসেবে শক্তিশালী করার কোনো ব্যাপার এতে আদৌ নেই। অভ্যন্তরীণ দলীয় গণতন্ত্র দিতে না পারার ব্যর্থতা ঢাকতেই কাউন্সিলরদের নির্দলীয় করা হয়েছে। তবে শুনলাম বিপুলসংখ্যক ব্যালট পেপার ছাপানোর ঝক্কি এড়াতে নির্বাচন কমিশনই সরকারকে অনুরোধ করে ‘নির্দলীয়’ আব্রু রক্ষা করেছে। এটা নিতান্ত প্রশাসনিক সুবিধার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে নয়।
কথা হলো, বিএনপি একা ভেঙে চুরমার হচ্ছে না, আওয়ামী লীগও দুর্বলতর হচ্ছে। তৃণমূলের পকেট কমিটিগুলো অবাক করেনি। তারা পকেট কমিটির মতোই আচরণ করেছে। মেয়র প্রার্থী বাছাইয়ে প্রধানমন্ত্রীকেই বেছে নেওয়া সেটাই নির্দেশ করছে। এটা সরকারি দলের শক্তি নয়, দুর্বলতার নির্দেশক। বিএনপির আচরণও ভিন্ন কিছু হওয়ার ছিল না। তবে কেন্দ্রনির্ভর বাছাইব্যবস্থা তুলনামূলক গ্রহণযোগ্যতা পাবে, যদি তুলনামূলক যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের মেয়র নির্বাচন করা যায়। বিএনপি থেকে ভাগিয়ে আনার ক্ষেত্রেও তুলনামূলক যোগ্যদের বাছাইয়ে পক্ষপাত দেখানো সম্ভব। বিদ্যমান বাস্তবতায় অনেকে তাকে সান্ত্বনা পুরস্কার বলে মনে করতে পারেন। গণতন্ত্রের ঘাটতি এভাবে কিছুটা পূরণ করা যায়। গণতন্ত্র কখনো ভালো লোকদের দূরে ঠেলে, এরশাদ শিকদারদের মতো খুনে ডাকাবুকাদের নির্বাচিত করে। গণতন্ত্রে একক ক্ষমতার বিষয়টিকে আমরা সমালোচনা করি কিন্তু গণতন্ত্রের এ রকম ব্যাধি দূর করতে একক ক্ষমতার বুদ্ধিবৃত্তিক প্রয়োগ সুফল দিতে পারে।
আবারও বলব, আমাদের উন্নয়ন অংশীদারসহ অনেকের মতো অবাধ ভোট বলতে প্রচলিত ধারায় ভোটের দিনের পরিস্থিতির ওপর নিরঙ্কুশ জোর দিতে চাই না। আসন্ন পৌর নির্বাচনে দুই বড় দলের জন্যই যোগ্য প্রার্থী বাছাইয়ে ৬০ ভাগ এবং অবাধ ভোট অনুষ্ঠানের জন্য ৪০ ভাগ নম্বর বরাদ্দ করতে চাই।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]