আলোচনাটি যে কাশ্মীর নিয়ে নয়, শুধু সন্ত্রাসবাদ নিয়ে ছিল—নওয়াজ শরিফ এই ব্যাপারটি তাঁর দেশের সেনাবাহিনী ও কট্টরপন্থীদের বোঝাতে পারেননি। নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফের বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়, তাতে পাকিস্তানিরা কাশ্মীরের প্রসঙ্গ না দেখে বিরূপ হয়ে উঠেছিল।
আমার মনে হয়, প্রধান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক নির্ধারণ করার পর নওয়াজ শরিফের মনে দ্বিতীয় চিন্তার উদয় হয়েছিল। সেটা না হলে তিনি তো হস্তক্ষেপ করে পরিস্থিতি পরিষ্কার করতে পারতেন, রাশিয়ার উফা শহরে নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর যে বৈঠক হয়েছিল, সেখানে তাঁরা আলোচনা শুধু সন্ত্রাসবাদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন, যে সন্ত্রাসবাদের কারণে দুটি দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। হতে পারে, সেনাবাহিনী নওয়াজ শরিফের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছিল। এটা বিশ্বাস করা কঠিন, কারণ দেশটির সেনাপ্রধান এই আলোচনার বিপক্ষে থাকলে তো পাকিস্তানের পক্ষে আলোচনার তারিখ নির্ধারণ করা সম্ভব হতো না।
এ ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করা অযৌক্তিক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, উফার সেই যৌথ বিবৃতিতে কাশ্মীরের প্রসঙ্গ না থাকায় পাকিস্তানের কট্টরপন্থীরা খুব খেপেছে। তারাই শোরগোল তুলেছিল যে আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ না থাকলে আলোচনা হবে না। কৌশলের দিক থেকে পাকিস্তান ভুল করেছে। সন্ত্রাসবাদের প্রসঙ্গে আলোচনায় বসলে তারা তো কাশ্মীরের প্রসঙ্গ তুলতে পারত। আর এর ফলে যদি ভারত ওয়াকআউট করত, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হতো।
দুর্ভাগ্যবশত, এর ফলে ভারত-পাকিস্তান আলোচনা হতে পারে না—এমন এক অভিঘাত সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই দুই পক্ষের মানুষই হতাশ হয়েছে। কারণ, তারা আশা করেছিল, এই আলোচনা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, নিয়ন্ত্রণরেখায় যেভাবে হরেদরে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করা হচ্ছে, তা কিছুটা কমবে। নিয়ন্ত্রণরেখা যেন সৈন্য ও অস্ত্রের উপস্থিতিতে ঘৃণার ময়দানে পরিণত হয়েছে। দেশ দুটি হয়তো আরও কিছুদিন দূরে দূরে থাকবে, আলোচনা শুরু হতে হয়তো সময় লাগবে।
আমরা এখান থেকে কোথায় যাব? অনেক কিছুই নির্ভর করবে সীমান্তে ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস ও নিরাপত্তা বাহিনীর প্রধানের বৈঠকের ওপর। পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, দেশ দুটির প্রধান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক ভেস্তে গেলেও অন্যান্য বৈঠক যথাসময়ে, যথাস্থানে হতে পারে।
পাকিস্তানের তরফ থেকে অনেকেই বলছেন, দেশ দুটির মধ্যে মধ্যস্থতা করার জন্য তৃতীয় পক্ষ থাকা দরকার। প্রথম ব্যাপার হলো, এই দাবি ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর মধ্যে স্বাক্ষরিত সিমলা চুক্তির লঙ্ঘন। ১৯৭১ সালে ঢাকার পতনের পর সে সময় ৯০ হাজার পাকিস্তানি সেনা ভারতের হাতে বন্দী ছিল। তখন পাকিস্তান রাজি হয়েছিল, ভারত-পাকিস্তানের সমস্যা সমাধানে তারা ভবিষ্যতে কখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার দাবি তুলবে না।
দ্বিতীয় ব্যাপার হলো, বিশ্বের কোন দেশ পৃথিবীর সমস্যা সমাধানে পরার্থবাদী অবস্থান নেয়? তৃতীয় পক্ষ তো নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চাইবে, সে নিজের স্বার্থকেই সবার ওপরে রাখবে। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে নিরবচ্ছিন্ন আলোচনার বিকল্প নেই। যুদ্ধ কোনো সমাধান নয়, বিশেষ করে, যখন দুই দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিউইয়র্কে যাবেন। আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নিতে সেখানে তাঁদের বৈঠক করা উচিত হবে। দেশভাগ এক বাস্তবতা। আমি আশা করি, দেশ দুটির মধ্যে যে ভেদরেখা টানা হয়েছে, তা ধর্মের ভিত্তিতে করা হয়নি। দেশভাগের কারণে পাকিস্তানের মুসলমানরা লাভবান হতে পারে, কিন্তু ভারতের মুসলমানরা দেশটির সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে দূরে চলে গেছে, দেশভাগের আগে তারা সেখানে যে গুরুত্ব পেত, এখন সেটা পায় না। দেশ দুটির মধ্যকার বৈরিতার কারণে ভারত রাষ্ট্রের সঙ্গে মুসলমানদের সম্পর্কের অবনতি হয়েছে। তাদের মধ্যকার সম্পর্কের উন্নতি হওয়ার লক্ষণ নেই, বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা তো নেই-ই।
মোদি ঘরানার রাজনীতি কোনো দিনই আমার পছন্দের ছিল না, এই রাজনীতি সংকীর্ণ, একদম সরাসরি ডানপন্থী। ২০০২ সালে গুজরাটে মুসলমানদের হত্যায় তাঁর হাত আছে, সে কারণে আমি তাঁর কাছ থেকে অনেক দূরে থাকি। তবে লোকসভা নির্বাচনে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর আমি তাঁর মধ্যে গুণের খোঁজ করেছি, যাতে তাঁর সম্পর্কে ইতিবাচক মন্তব্য করতে পারি।
তিনি স্লোগান দিয়েছিলেন, ‘ভালো দিন আসবে’। ভেবেছিলাম, এর মধ্যে সত্যের উপাদান আছে। কিন্তু তাঁর প্রধানমন্ত্রিত্বের এক বছর পার হওয়ার পর মনে হচ্ছে, আমি প্রতারিত হয়েছিলাম। কংগ্রেস সরকার ছিল খুব ধীর, তাদের শাসন ছিল অগোছালো—বিজেপির শাসন যে এর ব্যতিক্রম হবে, তার লক্ষণ নেই। এটা সত্য যে অর্থনৈতিক সংস্কারের একটি সূচনাকাল থাকে। কিন্তু এই সময়ের মধ্যে আমাদের কিছু ফল লাভ করা উচিত ছিল। কৃষির প্রবৃদ্ধি ৪ থেকে ১ শতাংশে নেমে এসেছে, শিল্প খাতও অবিরাম সংকুচিত হচ্ছে। অতি প্রয়োজনীয় কর্মসংস্থানও সৃষ্টি হয়নি, চাকরির বাজার বড় হয়নি।
মোদির হাতে এখনো সাড়ে তিন বছরের কিছু বেশি সময় আছে। তাঁর উচিত হবে, যেসব পদক্ষেপ থেকে ফল আসেনি সেগুলো বাদ দেওয়া, আর দেশের উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া। সময় এসেছে, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তাঁকে এখন পরিস্থিতি বুঝে সংস্কার ও অন্যান্য পদক্ষেপ নিতে হবে। এর জন্য—তিনি হয়তো তা অনুধাবন করে থাকবেন—পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতেই হবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
কুলদীপ নায়ার: ভারতের সাংবাদিক।