ভালোবাসাটা হচ্ছে একধরনের প্রতিজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা নেওয়া। তাই ট্রেনে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদের চড়ে বাড়িতে ফিরছেন লোকজন। এর মধ্যে তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। সকাল ৯টা, রেলস্টেশন, চট্টগ্রাম, ২১ আগস্ট। ছবি: জুয়েল শীল
ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা নেওয়া। তাই ট্রেনে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদের চড়ে বাড়িতে ফিরছেন লোকজন। এর মধ্যে তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। সকাল ৯টা, রেলস্টেশন, চট্টগ্রাম, ২১ আগস্ট। ছবি: জুয়েল শীল

এ ছবিটা এবারের ঈদযাত্রার। ছবি কি কথা বলে? ক্যামেরার ক্লিকে এমন একটি মুহূর্ত বিশেষ কোনো বার্তা দিচ্ছে কি? আমরা কি একটু অনুভবে আনতে পারি এই ছবির মর্মকথা! ২১ আগস্ট মঙ্গলবার ঈদের আগের দিন সকাল নয়টায় চট্টগ্রাম রেলস্টেশনে ছবিটি তুলেছেন আমাদের সহকর্মী জুয়েল শীল। ছবিটি প্রথম দেখেই আমার শরীর কিছুক্ষণের জন্য হিম হয়ে যায়। তাঁরা ট্রেনের ভেতর জায়গা পাননি। বাইরে অঝোর বৃষ্টি, তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে পলিথিন মুড়িয়ে বাড়ি যাচ্ছেন! 

ছাদে চড়ে গাদাগাদি করে যাতায়াতের দৃশ্য আমরা প্রতি ঈদের ছুটিতেই দেখতে পাই। আমাদের চোখ, চোখের ভেতরকার নয়ন, তারাও স্মৃতির লেন্সে বিকারহীন অ্যালবাম গড়ে তুলেছে। আমরা যারা এভাবে পিঁপড়ার দলের মতো পিচ্ছিল ছাদে চড়ে কখনো বাড়ি যাইনি, তাদের কাছে এর চ্যালেঞ্জ বোঝা একটু দুরূহ বটে! প্রতিবছর এমন বাস্তবতা দেখি বলে, এটা নিত্যপুরাণ। খুব স্বাভাবিক। আর আমাকে এই প্রক্রিয়ায় যেতে বললে ‘অসম্ভব, অবাস্তব’ বলে ক্ষেপে উত্তর করব। বলব, ওরা এভাবে যায় কেন? আমরা যারা নিরাপদ পথচলায় বাস্তববাদী, তারা কেনইবা ভাবব এর যন্ত্রণাময় অধ্যায় নিয়ে। আমাদের ঠেকা পড়ে না। বরং উল্টো আমরা খুশি হই, সবাই বলাবলি করি, ‘যাক, শহরটা ফাঁকা হলো, কয়টা দিন শান্তিতে হাঁফ ছেড়ে চলাফেরা করতে পারব।’
অথচ এমন নির্মোহ উচ্চারণের আগে একবার ভাবি না এই মানুষদের ছাড়া শহর চলে না। তাঁদের শ্রম ছাড়া শহর অচল, উন্নয়ন কর্মযজ্ঞের সব কাজ স্টপওয়াচের মতো বন্ধ হয়ে যায়। যাঁরা শহরের সভ্যতার চাকা ঘোরান, যাঁরা আমাদের আয়–উন্নতি, জীবন পরিবর্তনের প্রত্যক্ষ অংশীদার, তাঁদের আমরা শহরের মানুষ বলে কতটুকু স্বীকার করি! এঁরা আমাদের সঙ্গে ঠিক যান না। ঠিক নিতে পারি না। তাঁদের সঙ্গে সম্পর্কটা শুধুই ‘আমার কাজটি ফুরালো/ নটেগাছটির মুড়োলো’র মতো। অথচ বিদেশ–বিভুঁইয়ে এই বাঙালিরা ধনী-গরিব সবাই জোট বেঁধে ঈদ/উৎসব উদ্‌যাপন করেন। একে অপরকে আঁকড়ে ধরে জাতিসত্তা এককাট্টা হয়। দূতাবাসগুলো প্রবাস সম্মিলন ও সংস্কৃতিচর্চার কৃতিত্ব নেয়। কিন্তু নিজ দেশে, ঢাকা-চট্টগ্রামে শহরে হয় না। এর কারণ কি আমরা কখনো বুঝতে চেষ্টা করি! কে কার কথায় এমন চিন্তা করবে। যারা ‘চাচা আপন জান বাঁচা’ বলে দিন পার করে, তারা তো পারে না নিজ নিজ জঠর আর পরিবারের চিন্তায়। কিন্তু এর বাইরেও একটা শ্রেণি বা সমাজ আছে, যারা এদের চালনা করে। তারা তো ভাবতে পারে!
১৬ কোটির অধিক মানুষের এই দেশ। ঢাকা বা চট্টগ্রাম যতই করপোরেট হোক, কংক্রিটের সুষমায় বিলিয়ন ডলার ঢেলে দেওয়া হোক না কেন, এরা কেউই ওই শহরকে নিজের শহর বলে ভালোবাসতে পারছে না। পারে না! ভুলটা কোথায় হচ্ছে? আমাদের সমাজগবেষক, সমাজবিজ্ঞানীরা এর কী ব্যাখ্যা দেবেন জানি না! আমি নিজের গ্রামের মানুষদের থেকে শিক্ষা পাই, তাঁরা এখনো শহরের মানুষ কাছে পেলে তাঁদের সম্মান করেন, প্রয়োজনে সময় দেন; কিন্তু তাঁরা নিজেরা শহরে গেলে শহরের সেই মানুষটাই তাঁদের সেই সম্মান দিতে পারেন না। আচরণে থাকে অবহেলা, তাচ্ছিল্য! তা ছাড়া সবচেয়ে বড় অভিমান শহরের মানুষদের তাদের প্রতি নির্যাতনের খড়্গটা যেন সব সময় হাতে টান টান করে তোলাই থাকে। এ খড়্গ শিল্প-কলকারখানা থেকে বাসার গৃহস্থালি পর্যন্ত কাজ করে। শহরের ম্যাডামদের যাঁদের সাহায্য ছাড়া সংসারকর্ম চলেই না, তাঁদের নাম দেওয়া হয়েছে ‘বুয়া’। এদের প্রতি নির্যাতনটা সৌদি গৃহিণীদের চেয়ে কম যায় না। খুন্তির খোঁচা, ইস্তিরির ছ্যাঁকা, গরম পানি ঢেলে দেওয়ার দায়িত্ব ধনাঢ্য ও ক্ষমতাবানদের বউদের। এই নির্যাতিতরা কেন শহরের ম্যাডামদের ভালোবাসবেন? ভালোবাসার সব পথই বন্ধ।
এই বড় দুটি শহরে প্রবাসের রাষ্ট্রদূতেরা না থাকলেও সিটি করপোরেশনের মাননীয় মেয়ররা আছেন। তাঁদের ক্ষমতা-প্রতাপ রাষ্ট্রদূতদের চেয়ে হাজার গুণ বেশি। তাঁরা কোনো উদ্যোগ নেন না। পারলেও করেন না। ভালোবাসা আর সৎসাহস নিয়ে এই মানুষদের আপন করে নেওয়ার মতো দুটি কথাও বলতে পারেন না, পারেন না মন্ত্রী-নেতারাও। বলতে পারেন না ‘আমাদের সঙ্গেই ঈদ করুন, এ শহর আপনারও, আপনাদের সঙ্গে এ শহর গড়ে তোলায় শুধু শ্রমের সম্পর্ক নয়। আপনাদের সঙ্গে প্রাণের সম্পর্ক। থাকুন আমরা আপনাদের জন্য এই এই উদ্যোগ নিয়েছি।’ আমার এক বাল্যবন্ধু গোলাম রব্বানী খেদ নিয়ে ট্রেনের টিকিট কাটে। ও বলল, সরকার ভারতের কাছ থেকে কত্তকিছু আনে! আর এই ঈদের সময় ১৫ দিনের জন্য দুশ ট্রেনের বগি ভাড়া করতে পারে না! খুব যৌক্তিক কথা। রেলমন্ত্রী এমন করে একটু ভাবতেই পারেন।
তবে কি রক্তচোষা শ্রম, দাসত্ব, বৈষম্যের অর্থনীতিকে সাধারণ মানুষ এভাবেই নীরবে প্রত্যাখ্যান করে দুদিনের জন্য মুক্তির পথ খোঁজে! পৃথিবীতে আর কোনো রাজধানী বা বড় শহর আছে কি এভাবে ফাঁকা হয়ে যায় উৎসবকে কেন্দ্র করে? রবীন্দ্রনাথ বলেছেন, ‘প্রতিদিন মানুষ ক্ষুদ্র দীন একাকী—কিন্তু উৎসবের দিনে মানুষ বৃহৎ; সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ; সে দিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ।’
ঈদ উৎসবকে ঘিরে এই মানুষদের মধ্যে কি এক আশ্চর্যশক্তি আশ্চর্যরূপে প্রকাশ পায়, প্রাণবানে উদ্দাম আর অকুতোভয় হয়ে ওঠে। তাদের অন্তরের কর্মক্লিষ্টতা, বেদনা, অনুজ্জ্বলতা, সকল জুলুম-হায়রানিকে অতিক্রম করে নির্মল আনন্দকে ঊর্ধ্বে তুলে ধরে। এই ব্যবস্থাকে চপেটাঘাত করে এরাই লাখো জনতার মিছিল হয়ে মানবতাকে বাঁচিয়ে রাখে। ঈদে বাড়ি যাওয়া যেন এক ভয়াবহ কষ্টের প্যাকেজ নাটক। সেখানে মৃত্যুর ফরমান আছে তা-ও জানা। প্রতি ঈদেই শতাধিক প্রাণ বিসর্জিত হয় যাত্রাপথে। এমন অনাকাঙ্ক্ষিত রাশি রাশি মৃত্যু নিয়ে দায়িত্বে থাকা মন্ত্রী বিশ্বের অন্যান্য দেশের দুর্ঘটনার মৃত্যুর পরিসংখ্যান দিয়ে তুলনা করে রেহাই পান।
এই শহর খালি করে দেওয়া মানুষগুলোর ঈদ আনন্দের আগে শুরু হয় টিকিটপ্রাপ্তির লড়াই। এরপর যাত্রাপথের মরণযুদ্ধ! সবাই তো আর টিকিট পান না। তাই বলে বাড়ি যাব না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের চিঠি পেয়ে খরস্রোতা দামোদর নদ সাঁতরে মায়ের কাছে ছুটে গিয়েছিলেন। সে গল্প আমাদের ছেলেবেলায় মায়ের প্রতি দায়িত্ববোধ শেখায়। চিরদিনের মতো শ্রদ্ধাবনত করে। সেটাই তো আমাদের বাংলার আপামর মানুষের সংস্কৃতি। তাই হয়তো আমরা পাশ্চাত্যের মতো প্র্যাকটিক্যাল নই। তারা এভাবে জীবন হাতের মুঠোয় নিয়ে, মরণঝুঁকি নিয়ে শহর ছেড়ে যাবে না। তবে তাদের নিজ দেশকে ভালোবাসার আমন্ত্রণকে খাটো করতে নয়, যদি আমি জন ডেনভারের ‘কান্ট্রি রোড টেক মি হোম’ শুনে বাড়ি ফিরি, সে অনুভূতি বা গিটারের মিষ্টিমধুর সুরে অবশ্যই আকুল করবে, আপনাকে স্মৃতিকাতরতায় স্বপ্নালু করবে তাতে একবিন্দু সন্দেহ নেই। কিন্তু আমার দেশের মানুষের বুকে বাজে ‘মধুর আমার মায়ের হাসি/ চাঁদের মুখে ঝরে/ মাকে মনে পড়ে আমার/ মাকে মনে পড়ে।’ এ টান বাঙালি সন্তানকে এমন অমোঘ করে তোলে, যা নিজের আত্মশক্তিকে জাতিস্বরের রূপ হয়ে ওঠে। এই দুর্মর ভালোবাসার শক্তি শুধু নিজ পরিবার–পরিজনের জন্য নয়, সেখানে জড়িয়ে আছে তার সমাজ, তার নৃতাত্ত্বিক আদি উৎস এবং সর্বোপরি ছোট্ট ভূখণ্ডের ‘ময়না দ্বীপে’র মতো একটি আপন দেশ। যে কখনো বঞ্চনা দেয় না। সেটা পল্লিগ্রামের দেশমাতৃকা। কবি জসীমউদ্‌দীন বাংলার এই জাতিস্বরের অমোঘ শক্তিকে নিমন্ত্রণ কবিতায় এঁকেছেন—
‘ভর দুপুরেতে একরাশ কাদা আর একরাশ মাছ,
কাপড়ে জড়ায়ে ফিরিয়া আসিব আপন বাড়ির কাছ;
‘ওরে মুখ-পোড়া ওরে রে বাঁদর’
গালি ভরা মার অমনি আদর,
কতদিন আমি শুনি নারে ভাই, আমার মায়ের পাছ;
যাবি তুই ভাই, আমাদের গাঁয়ে যেথা ঘন কালো গাছ।’
সেখানের কালো গাছের ছায়ায়, পাতা ঝিরঝির বাতাসের কাছে শহুরে দেড়-দুই টনের স্লিপ্টের হিমেল বাতাস আজও হার মেনে আছে। তাই হয়তো গ্রামে ফেরা মানুষেরাও একইভাবে শহুরে মানুষদের নীরবে প্রত্যুত্তর দিয়ে বলে, শহরের যন্ত্রণাময় জীবন থেকে কটা দিন হাঁফ ছেড়ে বাঁচতে পারলাম। কেননা, এদের কাছে আছে প্রকৃতির কোল। এ এক অদ্ভুত মনস্তত্ত্ব! আমাদের বাঙালি জাতির সংস্কৃতির বিকাশটা এখনো তাই হয়তো সর্বোতমুখী হয়নি।
শওকত আলী: সিনিয়র মডারেটর, সোশ্যাল মিডিয়া। প্রথম আলো।