ভাসানচরে বিক্ষোভ এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

গত ৩১ মে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআরের প্রতিনিধিরা ভাসানচরে রোহিঙ্গাদের দেখতে যান। সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগ ছিলেন দলে। তাঁরা সেখানে পৌঁছার পরই ৫০০ থেকে ৬০০ জন রোহিঙ্গা বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, মাসে হাতখরচ পাঁচ হাজার টাকা, মানসম্পন্ন রেশন এবং পর্যাপ্ত চিকিৎসাসুবিধা। তাঁরা কিছু ভাঙচুরও চালান। পুলিশি অ্যাকশনে কয়েকজন রোহিঙ্গা আহত হন। ভাসানচর থেকে কক্সবাজার ফিরে সফরকারীরা আহত রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, শরণার্থীদের নিরাপত্তা ও সুস্থতা তাদের প্রধান অগ্রাধিকার। তাঁরা আরও বলেন, তাঁদের দাবিদাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে। (প্রথম আলো, ১ জুন ২০২১)

এখানে স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন এসে যায়। ভাসানচরের আবাসন বা সুযোগ-সুবিধা নিয়ে এত দিন তেমন কোনো অভিযোগ উত্থাপিত হতে দেখা যায়নি। হঠাৎ যখন ইউএনএইচসিআরের প্রতিনিধিরা এসে হাজির হলেন, সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ৫০০ থেকে ৬০০ লোক জড়ো হয়ে গেল বিক্ষোভ করতে? নাকি এর পেছনে কারও পরিকল্পিত ইন্ধন ছিল বাংলাদেশকে বিব্রত করতে? দাবিগুলোও বেশ বিচিত্র। রেশনের পরিমাণ তিন বেলা খাবারের জন্য কম হলে অবশ্যই দাবি থাকতে পারে, কিন্তু মানসম্পন্ন কথাটার তো কোনো সংজ্ঞা নেই। আর মাসে পাঁচ হাজার টাকা হাতখরচ! বাংলাদেশের কত শতাংশ মানুষ এ রকম অবস্থাসম্পন্ন?

মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত ও বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ সহানুভূতি রয়েছে। কিন্তু তাঁদেরও বুঝতে হবে যে আমরা তাঁদের নিমন্ত্রণ করে আনিনি। তাঁদের প্রাণ রক্ষার জন্য নিজেরা ত্যাগ স্বীকার করে আশ্রয় দিয়েছি। এখানে তাঁদের জীবনকে সহনীয় করার চেষ্টা বাংলাদেশ করবে, কিন্তু নিশ্চিন্ত আরামের ব্যবস্থা করবে না। এটা তাঁদের অস্থায়ী আবাস মাত্র। একসময় তাঁরা অবশ্যই নিজ দেশে ফেরত যাবেন। আশ্রয়দাতার বাড়িতে ভাঙচুরও গ্রহণযোগ্য নয়। তুলনা করতে ভালো লাগছে না, কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন শিবিরে যে রোহিঙ্গাদের রাখা হয়েছে, তাঁরা কি বাংলাদেশের চেয়ে ভালো আছেন বা দাবি নিয়ে কোনো ভাঙচুর করছেন? একই প্রশ্ন ইউএনএইচসিআরের ভালো মানুষদের প্রতিও।

রোহিঙ্গা শিবিরে যাঁরা বিভিন্ন কার্যোপলক্ষে যাতায়াত করেছেন, তাঁদের সঙ্গে কথা বলে একটা বিষয় বেশ বুঝতে পেরেছি যে আশ্রয়দাতা বাংলাদেশের প্রতি কোনো কৃতজ্ঞতা নেই অধিকাংশ শরণার্থীর। অনেকের মধ্যেই বরং বিদ্বেষ ভাব স্পট। একটি অপরাধী চক্র শিবিরগুলোয় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং মাদক, অস্ত্র, মানব পাচার ও অন্যান্য অপরাধের মাধ্যমে বিত্তবান হয়ে উঠছে। শিবিরগুলোয় অসংখ্য অস্ত্রধারী আছে। অনেক জায়গায় বাংলাদেশের পুলিশ যাওয়ার সাহস পায় না।

এ প্রসঙ্গে যে বিষয়ে আমি জোর দিতে চাই, তা হলো রোহিঙ্গা শিবিরগুলোকে আমরা ১৯৮২-পূর্ববর্তী লেবাননের ফিলিস্তিনি শিবিরে পরিণত হতে দিতে পারি না। শিবিরের অপরাধী চক্রকে ভাঙতে হবে এবং সেখানে বাংলাদেশ সরকারের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় যে অপরাধী চক্র তাঁদের সহায়তা করছে, তাদেরও শায়েস্তা করতে হবে। বিষয়টা আর দশটা অপরাধ কার্যক্রমের মতো নয়। এর সঙ্গে জাতীয় নিরাপত্তার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। শিবিরের অপরাধীদের সঙ্গে মিয়ানমার নিরাপত্তা সংস্থার যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ আছে। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগী মনোভাব নিয়ে কাজ করবেন—এমন নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা করতে হবে রোহিঙ্গাদের মধ্যে, যাতে তাঁদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিবিরগুলো পরিচালনা করা যায়। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর শিবিরের যেকোনো অংশে যাওয়ার মতো পরিবেশ থাকতে হবে। তাদের সহায়তার জন্য রোহিঙ্গা তরুণদের নিয়েই একটি নিরস্ত্র সহযোগী বাহিনী সৃষ্টি করা যায়, যারা শিবিরে শৃঙ্খলা রক্ষায় সাহায্য করবে।

মালয়েশিয়ান পত্রিকা দ্য স্টার-এর গত ২৪ মের এক খবরে জানা যায়, চীনা ফিনিক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের সেনাশাসক মিন অং হ্লাইং রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে পারবেন কি না, সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এ ব্যাপারে মিয়ানমারের আইনের দোহাই দিয়েছেন। তাঁর এই সাম্প্রতিক বক্তব্য সাড়ে তিন বছর আগে রয়টার্সে প্রকাশিত তাঁর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০১৭ সালের ১২ অক্টোবর শত বছরের ইতিহাসকে সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেছিলেন, রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারের স্থানীয় বাসিন্দা নন। তাঁদের এখানে নিয়ে এসেছিলেন ঔপনিবেশিক শাসকেরা। তাঁদের তিনি সর্বদাই বাঙালি বলে সম্বোধন করেছেন।

দুটি বক্তব্য একসঙ্গে পড়লে বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে মিয়ানমার সেনাবাহিনীর, যারা মিয়ানমারের মুখ্য রাজনৈতিক শক্তি, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার কোনোই ইচ্ছা নেই। সংখ্যাগরিষ্ঠ বামার জনগোষ্ঠী, রাজনীতিতে প্রভাবশালী বৌদ্ধ পুরোহিতশ্রেণি, পূর্বেকার ক্ষমতাসীন এনএলডি, এমনকি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি—রোহিঙ্গা প্রশ্নে সবারই মনোভাব একই রকম। সমস্যা শুরুর পরবর্তী তিন বছরে দ্বিপক্ষীয় আলোচনায় প্রত্যাবাসন প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি। সামরিক জান্তা টিকে যাক অথবা সিভিলিয়ানদের হাতে দেশের কর্তৃত্ব যাক, আলোচনার জন্য কোনো প্রকৃত অংশীদার পাওয়া যাবে না, যারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাইবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের কী হবে তাহলে? অনেকে বলেন যে চীনের ওপর নির্ভর করা ছাড়া বাংলাদেশের কোনো উপায় নেই। চীনের পক্ষ থেকে কি এমন কোনো লক্ষণ দেখা গেছে যে তারা এ ব্যাপারে খোলা মনে ন্যায়ভিত্তিক একটি সমাধানের দিকে যেতে প্রভাব খাটাবে? বরং মিয়ানমার সেনাবাহিনীর প্রতি তাদের নিরঙ্কুশ সমর্থনই দৃশ্যমান। আমাদের ঘাড়ে যে সমস্যা চেপেছে, তার সমাধান আমাদেরই করতে হবে, অন্য কেউ এসে সমাধান করে দিয়ে যাবে না। সমস্যাটি দীর্ঘমেয়াদি হবে। তাই দ্বিপক্ষীয় জানালা খোলা রাখার পাশাপাশি বিকল্প প্ল্যান বি, প্ল্যান সি নিয়ে চিন্তা করতে হবে এখন থেকেই।

● মো. তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্রসচিব