দুই দশক ধরে ৬-এর ওপরে স্থিতিশীল জিডিপি প্রবৃদ্ধির হার, হাতের নাগালে মুদ্রাস্ফীতি, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি, ভোগ বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, কৃষিজ উন্নয়ন প্রভৃতি দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। বিষয়গুলো যেকোনো সচেতন নাগরিকের জন্য অত্যন্ত স্বস্তির। রাস্তাঘাট, নতুন নতুন ব্রিজ-কালভার্ট, উঁচু-নিচু দালানকোঠাসহ বেশ কিছু অর্জন আশা জাগানিয়া। তবে কিছু দৃশ্য দেখে মাঝে মাঝে খচখচানি লাগে। যেমন, শাহবাগ বা ফার্মগেটের দিকে যখন কোনো বিদেশি ফুটপাতে হাঁটতে থাকেন অথবা গাড়ি থামান, তখন তাঁদের পেছনে একদল মানুষ জুটে যায়। বিদেশি কোনো রকমে কিছু দিয়ে গা বাঁচান। যাঁরা দেশকে নিয়ে একটু গর্ব করতে চান, তাঁদের জন্য এটি দৃষ্টিকটু।
সাম্প্রতিক সময়ে সরকার ২০১৮ সালের মধ্যে দেশে সব ভিক্ষুককে পুনর্বাসন করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিপ্রেক্ষিতে সরাসরি, ভিডিও কনফারেন্স ও পত্রযোগাযোগের মাধ্যমে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকারগুলোতে নির্দেশনা পাঠিয়েছে। আপাতদৃষ্টিতে কাজটি কঠিন, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে খুব অসম্ভব কিছু নয়। সরকারের হিসাবমতে দেশে প্রায় দুই লাখ ভিক্ষুক রয়েছে।
অসহায় মানুষ যেমন পেটের দায়ে ভিক্ষা করে, তেমনি একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কায়দা-কানুন করে ভিক্ষাবৃত্তিকে নিজেদের জন্য লাভজনক বৃত্তিতে পরিণত করেছে। ভিক্ষুকেরা মারাত্মকভাবে অপব্যবহৃত হচ্ছে। পরিচালিত হচ্ছে কোটি কোটি টাকার ভিক্ষা-বাণিজ্য। সব ধরনের শারীরিক সুস্থতা থাকা সত্ত্বেও শুধু পরিশ্রম করার মানসিকতার অভাবে ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয় এমন ভিক্ষুকের সংখ্যাও অনেক।
খালি চোখেই বোঝা যায়, চার লাখ কোটি টাকার অধিক বাজেটের দেশে দুই লাখ প্রকৃত-অপ্রকৃত ভিক্ষুককে মূলধারায় ফিরিয়ে আনার সংগতি আমাদের অর্থনীতির আছে। আমাদের রয়েছে প্রায় ২০ হাজার ৭০০ কোটি টাকার সামাজিক নিরাপত্তাবেষ্টনী। বাজেটে সামাজিক সুরক্ষার আওতা বাড়াতে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৩৫ লাখ, ভাতার হার ৬০০ টাকায় উন্নীত করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীত নারী ভাতাভোগীর সংখ্যা ১২ লাখ ৬৫ হাজার, মাসিক ভাতার হার ৬০০ টাকা। ভিজিডি কর্মসূচির উপকারভোগী দুস্থ নারীর সংখ্যা ১০ লাখ। মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ৫ লাখে উন্নীত করা হয়েছে, অসচ্ছল প্রতিবন্ধী ভাতার হার ৭০০ টাকা এবং ভাতাভোগীর সংখ্যা ৮ লাখ ২৫ হাজারে উন্নীত করা হয়েছে। হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা বাড়িয়ে ১১ কোটি ৩৫ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। বেদে ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ ভাতা ও বয়স্ক ভাতা হিসেবে বরাদ্দ করা হয়েছে ২৭ কোটি টাকা।
বলা যায়, বাজেটের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমাদের অনেক বড় হাতিয়ার। তবে ভিজিএফ এবং কম দামে চাল বিতরণের সুবিধা অনেকটাই অপ্রয়োজনীয় এবং সচ্ছল লোকজনের হাতে যায় বলে পত্রপত্রিকা ও বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যায়। তাই এই খাতে বরাদ্দ কমিয়ে ভিক্ষুক পুনর্বাসনে সম্পদ জোগান দেওয়া যেতে পারে। নানা পদক্ষেপের মাধ্যমে মঙ্গা, দুর্ভিক্ষ, না খেয়ে মারা যাওয়ার কথা নিকট অতীতে শোনা যাচ্ছে না। সুতরাং, ভিক্ষুক পুনর্বাসন অনতিক্রম্য চ্যালেঞ্জ নয়। সুস্থ কর্মক্ষম ভিক্ষুকদের প্রশিক্ষণ ঋণদান, ছোটখাটো ব্যবসাপাতির সঙ্গে সংযুক্ত করে স্থানীয়ভাবে নজরদারি করলেই ভালো ফল পাওয়া যাবে। শারীরিকভাবে অক্ষম ভিক্ষুকদের জন্য বৃদ্ধনিবাস, আশ্রম, পুনর্বাসনকেন্দ্র ইত্যাদিতে তাদের স্থায়ীভাবে আবাসন ও খাবারের ব্যবস্থা করার দরকার হবে। শিশু ভিক্ষুকদের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অন্তর্ভুক্ত করলে ভালো ফল পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে সরকারি পরিচালনায় শিশুপরিবার তথা এতিমখানা। ইসলামিক ফাউন্ডেশনের যে জাকাত আদায় হয়, এই টাকা অন্যদের না দিয়ে উপজেলা বা জেলা প্রশাসনের মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন করা যায়। সুস্থ, কর্মক্ষম কিন্তু ভবঘুরে, অলস ও প্রতারক ভিক্ষুকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য প্রক্রিয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ভিক্ষা ব্যবসা পরিচালনাকারী দুষ্ট সিন্ডিকেট খুঁজে বের করে ফৌজদারি আইনের আওতায় আনতে পারলে কাজ অনেকটাই এগিয়ে যাবে। ক্ষেত্রবিশেষে প্রতিবন্ধী কার্ডের মতো সাময়িক ভিক্ষুক শনাক্তকরণ কার্ড করা যায়। তাহলে এদের চলাফেরা ও পেশা পরিবর্তন শনাক্ত করা সহজ হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এটা করতে পারে।
আমাদের দেশে যাঁরা মুক্ত হস্তে দান-দক্ষিণা করেন ও ভিক্ষা দেন, তাঁরা সচেতন হলেই ভিক্ষাবৃত্তির প্রকোপ অনেকটা হ্রাস করা সম্ভব। একেবারে কর্মে অক্ষম শারীরিক ও মানসিকভাবে অচল ব্যক্তিদের জন্য ব্যাংকে আমানত রেখে স্থায়ী মাসিক সুদের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। আত্মীয়স্বজন মারা গেলে তাদের আত্মার মাগফিরাতের জন্য হাজার হাজার টাকা খরচ করে ভোজের আয়োজন না করে সেই টাকায়ও কিছু ভিক্ষুকের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে। ব্যক্তি পর্যায়ে দান-খয়রাতে যত্ন নিলে উপযুক্ত ব্যক্তি লাভবান হন বলে মত দিয়েছেন অর্থনীতিবিদ ড. আকবর আলি খান তাঁর পরার্থপরতার অর্থনীতি বইতে। তিনি অনুপযুক্ত ব্যক্তিরা যাতে দান-খয়রাত না পান, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেনে।
একটা সময় ছিল, আমাদের বাজেট ঘাটতি মেটানোর জন্য রাষ্ট্রপরিচালকদের উন্নত দেশের কাছে হাত পাততে হতো। তাঁদের কাছে মাথা নত করে থাকতে হতো। আমরা সেখান থেকে বের হয়ে এসেছি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করার সাহস করেছি। আমাদের শ্রমিকদের বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স, গার্মেন্টসে কঠোর পরিশ্রমে অর্জিত বৈদেশিক মুদ্রা, কৃষকের ঘামে অর্জিত উদীয়মান অর্থনীতির এ দেশে ভিক্ষাবৃত্তি নামের বিষফোঁড়া দূর করার জন্য সরকারের সদিচ্ছা ও জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাই যথেষ্ট।
তৌহিদ এলাহী: সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা।