ভারতে বাক্স্বাধীনতার পক্ষপাতী গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সহিংস সংঘাত শুরু হয়েছে, যেখানে মোদির রাজনৈতিক সহযোগী ডানপন্থী হিন্দুত্ববাদীরা ভিন্নমতাবলম্বীদের কণ্ঠ রোধ করার ব্যাপারে বদ্ধপরিকর। তারা মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এতে মোদির শাসনের ব্যাপারে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে, যার পরিণতিতে সংসদে তাঁর অর্থনৈতিক সংস্কারের কার্যক্রম স্থবির হয়ে যেতে পারে।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানাইয়া কুমারকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, মূলত এ কারণেই সংকট সৃষ্টি হয়েছে। তাঁকে গ্রেপ্তার করার পরিপ্রেক্ষিতটা একটু বলা দরকার। ৯ ফেব্রুয়ারি জেএনইউতে এক মিছিল হয়েছিল। ২০০১ সালে ভারতীয় সংসদে পাকিস্তানভিত্তিক এক ইসলামি গোষ্ঠীর হামলার ঘটনায় অভিযুক্ত মুহাম্মদ আফজালের ফাঁসির বর্ষপূর্তি উপলক্ষে ওই মিছিলের আয়োজন করা হয়েছিল। মুহাম্মদ আফজালের বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতে অনেক বিতর্ক রয়েছে।
সেদিন ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও মোদি সরকারের নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্ব ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে কানাইয়াকে দেখিয়ে দেয়।
গত সপ্তাহে দিল্লির আদালতে যেদিন কানাইয়া কুমারের শুনানি হওয়ার কথা ছিল, সেদিন সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। আইনজীবী ও বিজেপি সমর্থকেরা স্লোগান দেয়, ‘ভারতমাতার গৌরব’, ‘বিশ্বাসঘাতকেরা ভারত ছাড়’। এরপর তারা সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলা চালায়। কিন্তু পুলিশ ওই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি। টিভি ফুটেজে দেখা যায়, বিজেপির সাংসদ ওম প্রকাশ শর্মা এক ছাত্রকে নির্দয়ভাবে পেটাচ্ছেন। তিনি পরে বলেন, ‘যারা পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, তাদের পেটানো বা এমনকি খুন করায় কোনো সমস্যা নেই।’ অভিযোগ উঠেছে, সেদিন ওই মিছিলে ছাত্ররা পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে।
>মোদির উচিত হবে, মন্ত্রী ও দলের রাশ টেনে ধরা, আর চলমান সংকটের আগুনে জল ঢেলে দেওয়া। তা না হলে যেমন দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে, তেমনি ভারতীয় গণতন্ত্রও হুমকির মুখে পড়বে
কথা হচ্ছে, এভাবে যে জনসমক্ষে ছাত্র ও সাংবাদিকদের ওপর হামলা হলো, তার দায় কিন্তু সরাসরি মোদি সরকারের ওপরই বর্তায়। কানাইয়ার গ্রেপ্তারের পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘কেউ যদি ভারতবিরোধী স্লোগান দেয় বা ভারতের জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে তাকে ছাড় দেওয়া হবে না।’ ভারতীয় সুপ্রিম কোর্ট দেশটির ঔপনিবেশিক যুগের রাষ্ট্রদ্রোহী বক্তব্য–সংক্রান্ত আইনের আরও সীমিত ব্যাখ্যা দিয়েছেন। সেই আইনে বলা হয়েছিল, কোনো বক্তব্যে ‘তাৎক্ষণিকভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার প্ররোচনা দেওয়া হলে’ তা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হবে। দৃশ্যত, রাজনাথ সিং এ কথা বোঝেন না যে গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত পোষণ করা এক গুরুত্বপূর্ণ অধিকার, অপরাধ নয়।
এদিকে শত শত সাংবাদিক গত সপ্তাহে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সম্প্রতি ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। তাঁরা ভারতের নাগরিক হিসেবে ঠিক কাজটিই করেছেন, সরকার তাঁদের গণতান্ত্রিক অধিকার হরণ করার যে হুমকি দিয়েছে, তাঁরা সেটার প্রতিবাদ করেছেন। মোদির উচিত হবে, মন্ত্রী ও দলের রাশ টেনে ধরা, আর চলমান সংকটের আগুনে জল ঢেলে দেওয়া। তা না হলে যেমন দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি হবে, তেমনি ভারতীয় গণতন্ত্রও হুমকির মুখে পড়বে। এখন কথা হচ্ছে, কানাইয়ার বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রত্যাহার করতে হবে। নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের সভাপতি প্রতাপ ভানু মেহতা এক মতামত কলামে সতর্ক করে দিয়েছেন, মোদির সরকার ‘গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। মাত্রাগতভাবে অন্য যেকোনো কিছুর চেয়ে এটাই সবচেয়ে বেশি জাতিবিরোধী কাজ’।
নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়
নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।