ভিশন নিয়ে ভীষণ তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিশন ২০৩০ ঘোষণা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
ভিশন ২০৩০ ঘোষণা করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বল মাটিতে পড়ার আগেই লুফে নেওয়াটা ক্রিকেট খেলায় নিঃসন্দেহে বেশ চিত্তাকর্ষক। এটা মাঠে প্রতিপক্ষ দলকে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখে। রাজনীতির ময়দানেও এর ব্যতিক্রম নেই। তবে এ ক্ষেত্রে বলটি ব্যাটে লেগে মাটিতে পড়ার সুযোগ তৈরি হওয়ার বেশ আগেই, অর্থাৎ বলটি ব্যাটের কানায় লাগার আগেই বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘আউট-আউট’ বলে চেঁচিয়ে উঠেছেন। খালেদা জিয়ার উপস্থাপন শেষ করার সঙ্গে সঙ্গেই তিনি দলের অফিসে সংবাদকর্মীদের সামনে তাঁর লিখিত মন্তব্য পড়ে শোনান। তাঁর এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের দেশের বাজেট প্রতিক্রিয়াকে স্মরণ করিয়ে দেয়। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষ হওয়ার এক সেকেন্ডের মধ্যেই বিরোধী দলের রাজনীতিবিদেরা ব্যানার নিয়ে পথে নেমে যান। ব্যানারটি আগেই তৈরি করা থাকে—এই বাজেট গণবিরোধী, ইহা ধনীকে আরও ধনী করিবে, গরিবকে আরও গরিব করিবে ইত্যাদি। রাজনীতিতে ক্রিয়া এবং প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় তা বিরক্তি তৈরি করে, আবার বিনোদনের খোরাকও হয়।

এ দেশে যাঁরা রাজনীতি করেন, তাঁরা কেউ মঙ্গল গ্রহের বাসিন্দা নন। আমাদের ধারেকাছের মানুষ তাঁরা। দেশটা খুব বড় নয়। তাঁরা অনেকেই আমাদের পরিচিত। যাঁরা অপরিচিত, তাঁদের ঠিকুজির সন্ধান পাওয়া খুব কঠিন নয়। জনমনে এবং গণমাধ্যমে তাঁদের বিচার-বিশ্লেষণ বন্ধ করা যাবে না। ‘জনতার আদালত’ বলে একটা কথা আছে। সেখানে সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হয়।আজ হোক, কাল হোক, জনতার সামনে দাঁড়াতেই হয়। কে কখন কী বলছেন, কী করছেন, তার হিসাব নাগরিকেরা রাখেন। ভোটের দিন তাঁরা হিসাব মেলান। অনেক সময় গণেশ উল্টে দেন। জনতার এই শক্তিকে উপেক্ষা করা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব নয়। তাই আশ্বাস হোক কিংবা অঙ্গীকার, একটি দলকে প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে নাগরিকদের সামনে হাজির হতে হয়। নির্বাচন যতই এগিয়ে আসে, দলগুলো ততই তৎপর হয়। নিজেদের মেলে ধরা এবং প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে তাঁরা তাঁদের তাবৎ অস্ত্রে শাণ দেন। লক্ষ্য একটাই, পরবর্তী নির্বাচনে ভোটারদের মন জয় করা।

এ রকম একটা চিন্তা থেকেই বিএনপি তার মধ্যমেয়াদি রূপকল্প ঘোষণা করেছে। রূপকল্প কোনো ‘চুক্তি’ নয়। এটা হলো ‘ইচ্ছা’। এখানে বিএনপি মোটা দাগে বলতে চেয়েছে, ২০৩০ সালে বাংলাদেশকে তারা কোথায় নিয়ে যেতে চায়। কীভাবে তার বাস্তবায়ন হবে, তার প্রক্রিয়া এবং কৌশল নিশ্চয়ই তারা যথাশিগগির নির্ধারণ করে আমাদের জানাবে। এ দেশের রাজনীতিতে নির্বাচনের আগমুহূর্তে ইশতেহার প্রকাশ করা একটা সাধারণ রেওয়াজ। ইশতেহারে দীর্ঘমেয়াদি লক্ষ্য এবং স্বল্পমেয়াদি কর্মসূচি দুটোই থাকে। অভিধান থেকে সব সুবচন ছেঁকে এনে ইশতেহারে বসানো হয়। মানুষ এটা কখনো-সখনো পড়ে ভোট দেন, কখনো ভোট দেন মার্কা দেখে।

তারপরও বলতে হবে, ইশতেহারে বিধৃত প্রতিশ্রুতির মূল্য আছে। এটা জবাবদিহির একটা জমি তৈরি করে দেয়। ভোটের সময় বলা যায়, গতবার তোমরা তো এই কথা বলেছিলে। কিন্তু তা বাস্তবায়ন করোনি কেন?

রূপকল্প হয় দীর্ঘতর মেয়াদের জন্য। দূরবর্তী লক্ষ্যে পৌঁছাতে হলে কী কী করা দরকার, তার আভাস থাকে রূপকল্পে। সে জন্য একটা রূপকল্প বা ভিশন ডকুমেন্ট থাকাটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা রাজনৈতিক দলের সক্ষমতার নির্ণায়ক। অর্থাৎ একটা দলকে বোঝাতে হয় যে তারা শুধু পাঁচ বছর লুটেপুটে খাওয়ার জন্য নির্বাচন করছে না, তারা দেশকে সমৃদ্ধির একটা উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

আমি বিষয়টাকে দেখি খুব ইতিবাচকভাবে। ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ রূপকল্প ২০২১ উপস্থাপন করেছিল। এটা ছিল আমাদের দেশের নির্বাচনী রাজনীতিতে একটি নতুন ধারার সংযোজন। আওয়ামী লীগ এখন রূপকল্প ২০৪১ নিয়ে কাজ করছে। এদিক থেকে বিএনপির একটা ঘাটতি ছিল। ২০০৮ সালের নির্বাচনে তাদের স্লোগান ছিল—দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এবারও হয়তো নতুন কোনো স্লোগান নিয়ে তারা হাজির হবে। ভিশন ২০৩০ দিয়ে তারা রাজনীতিতে আওয়ামী লীগের সমান্তরাল অবস্থানে যাওয়ার চেষ্টা করেছে।

দুই বড় দলের মধ্যে ঝগড়া এবং গালমন্দ লেগেই আছে। তা সত্ত্বেও বলা যায়, দুই দলের লিখিত রূপকল্প থাকায় নাগরিকেরা তুলনামূলক বিশ্লেষণের সুযোগ পাবেন। সব মানুষ তো আর আওয়ামী লীগের চোখ দিয়ে বিএনপিকে কিংবা বিএনপির চোখ দিয়ে আওয়ামী লীগকে বিচার করবেন না। তাঁদের নিজেদেরও তো চোখ আছে, আছে স্বাভাবিক বিচারবুদ্ধি। প্রত্যেক ফেরিওয়ালাই তার পণ্যের পক্ষে এবং অন্য বিক্রেতার পণ্যের বিপক্ষে প্রচার চালায়। ভোক্তা কখনো প্রলোভনের ফাঁদে পড়েন, কখনো নিজস্ব বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেন। বারবার ঠকে ভোক্তা একসময় ‘সাবালক’ হন। রাজনীতির ময়দানে দল বা প্রার্থী নির্বাচনের ব্যাপারে ভোটাররা ক্রমেই ‘সাবালক’ হচ্ছেন, এটা আশা করা যায়। ‘ল্যাম্পপোস্ট’ বা ‘কলাগাছকে’ ভোট দেওয়ার দিন এখন আর নেই।

বিএনপির ভিশন ২০৩০ নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়ার সারাংশ হলো ১. এসব কথা তো আওয়ামী লীগ আগে থেকেই বলে আসছে; ২. এ ধরনের রূপকল্পের ঘোষণা হলো আওয়ামী লীগের মেধাস্বত্ব চুরি করা এবং ৩. বিএনপি প্রতারণা করছে। আমি তৃতীয় মন্তব্যটি নিয়ে কোনো কথা বলতে চাই না। প্রথম দুটো মন্তব্য একটু ঝালিয়ে নেওয়া যাক।

আওয়ামী লীগের রূপকল্পে উপস্থাপিত লক্ষ্য ও বিষয়গুলোর সঙ্গে বিএনপির ভাষ্যে যত বেশি মিল থাকবে, এ দেশের মানুষের জন্য তা তত বেশি ইতিবাচক হবে। অর্থাৎ, আমরা বলতে পারব, রূপকল্পে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং দুই বড় দলের মধ্যে একধরনের মতৈক্য তৈরি হয়েছে। নীতিনির্ধারণে জাতীয় মতৈক্যের কথা আমরা জোর গলায় বলে থাকি। বিএনপির কর্মসূচিতে যদি আওয়ামী লীগের কর্মসূচির প্রতিধ্বনি থাকে আওয়ামী লীগের উচিত তাকে অভিনন্দন জানানো।

মেধাস্বত্ব চুরির বিষয়টা তুলে আওয়ামী লীগের কোনো কোনো নেতা সুবুদ্ধির পরিচয় দেননি। এ প্রসঙ্গে আমি ২০০৬ সালের ২০ মার্চ ঢাকায় শুরু হওয়া একটি নাগরিক সংলাপের কথা স্মরণ করতে চাই। ওই সংলাপের মধ্য দিয়ে রূপকল্প ২০২১ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরের আগস্ট থেকে নভেম্বর প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আইয়ের সহযোগিতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ১৫টি আঞ্চলিক সংলাপের আয়োজন করে। এসব সংলাপে বিভিন্ন পেশা ও গোষ্ঠীর সাত হাজার মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের মতামতের ওপর ভিত্তি করে ‘বাংলাদেশ রূপকল্প ২০২১’ শিরোনামে একটি চূড়ান্ত সংলাপ ১৪ অক্টোবর ২০০৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এই রূপকল্পে আটটি অভীষ্ট নির্দিষ্ট করা হয়েছিল। যেমন: ১. অংশগ্রহণভিত্তিক গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে ওঠা; ২. স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক বিকেন্দ্রীকৃত সরকারব্যবস্থা প্রতিষ্ঠা; ৩. দারিদ্র্য-বিমোচিত মধ্য আয়ের দেশে পরিণত হওয়া; ৪. সবল ও স্বাস্থ্য সম্পদময় একটি জাতিতে পরিণত হওয়া; ৫. দক্ষ ও সৃজনশীল জনশক্তি গড়ে তোলা; ৬. বৈশ্বিক কাঠামোর সঙ্গে সম্পৃক্ত একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক আঞ্চলিক কেন্দ্রে পরিণত হওয়া; ৭. টেকসই প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা এবং ৮. অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক দেশ গড়ে তোলা (সূত্র: সিপিডি, নাগরিক সংলাপ; জাতীয় নির্বাচন ২০০৭—জবাবদিহিমূলক উন্নয়ন প্রচেষ্টায় সুশীল সমাজের উদ্যোগ)।

আর আওয়ামী লীগ২০০৮ সালের ডিসেম্বরে ‘রূপকল্প ২০২১’ দাঁড় করিয়েছিল। দুই রূপকল্পের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যাবে। সব কর্মসূচি হুবহু এক হবে, এমনটি কেউ আশা করেন না। আবার এক দলের ভালো প্রস্তাব অন্য কোনো দল গ্রহণ করলে তাতে দোষের কিছু নেই। বিএনপির রূপকল্পে আওয়ামী লীগের অনেক প্রস্তাবের ছায়া যেমন দেখা যায়, তেমনি দেখা যায় নাগরিক সমাজের দেওয়া রূপকল্পের অনেক প্রতিফলন। নাগরিক সমাজের অনেক প্রস্তাব আওয়ামী লীগ গ্রহণ করেনি, বিএনপিও মেনে নেয়নি।

প্রশ্ন হলো, এ ধরনের রূপকল্প বাস্তবায়নের যোগ্যতা কিংবা সক্ষমতা বিএনপির মতো একটি রাজনৈতিক দলের আছে কি না। অতীতে একাধিকবার ক্ষমতায় থেকে তারা উল্টো কাজটি করেছে। ভবিষ্যতেও তারা এমনটি করবে না, তার কী নিশ্চয়তা আছে?

জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নতির প্রশ্নে প্রকাশ্য মতভিন্নতা নেই, যদিও বাস্তবায়নের প্রক্রিয়া ও কৌশল নিয়ে নানামুখী
চিন্তা থাকতে পারে। রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা ও ক্ষমতা অনুযায়ী কর্মকৌশল তৈরি করবে। আমরা চাই, জন-আকাঙ্ক্ষাভিত্তিক উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে রাজনীতিবিদেরা আলোচনা ও বিতর্ক করুন। এটা বৃহত্তর জাতীয় মতৈক্য তৈরি করতে সাহায্য করবে। আশাবাদী হওয়া ছাড়া আমাদের কি উপায় আছে?

মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক। 
[email protected]