২৩ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘ভুট্টোর চোখে শেখ মুজিব’ শিরোনামে একটি উপসম্পাদকীয় পড়ে কিছুটা বিস্মিত হয়েছি। লেখক মহিউদ্দিন আহমদ ভুট্টোর লেখা শুধু একটি বইকে সূত্র হিসেবে ব্যবহার করে লিখেছেন, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী বঙ্গবন্ধুর রাজনৈতিক রণকৌশল বুঝতে ব্যর্থ হলেও পাকিস্তানি নেতা ভুট্টো তাঁকে ঠিকই বুঝতে পেরেছিলেন। তাঁর দাবি, ভুট্টো অথবা বঙ্গবন্ধু ‘কেউই পরস্পরের বিরুদ্ধে খিস্তিখেউড় করেননি, ভব্যতার সীমা লঙ্ঘন করেননি।’
মহিউদ্দিন আহমদের এই রচনা পাঠে আমাদের এমন ধারণা জন্মে যে ‘আজন্ম মিথ্যুক’ এই পাকিস্তানি নেতাটি বাংলাদেশের জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। তিনি ভুট্টোর লেখা দ্য গ্রেট ট্র্যাজেডি নামক একটি বই থেকে কিছু উদ্ধৃতি ব্যবহার করেছেন। তাঁর অনুবাদ অনুসারে, ভুট্টো লিখেছেন, ‘আমি একাত্তরের জানুয়ারিতে যখন ঢাকা গেলাম, তখন আমি শেখ মুজিবুর রহমানকে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছি। তাঁকে আমার মনে হলো অসম্ভব বিনয়ী। যে বিষয়গুলো সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা আছে, সেসব নিয়ে তিনি যুক্তিসহকারে ও দৃঢ়তার সঙ্গে কথা বলেন। যেসব ব্যাপারে তাঁর যথেষ্ট ধারণা নেই, সেই বিষয়গুলো তিনি অল্প কথায় সেরে ফেলেন। বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে তাঁর জ্ঞান ছিল ভাসা ভাসা এবং তিনি কিছু মৌলিক বিষয়কে খুব সহজ চোখে দেখতেন।’
দ্য গ্রেট ট্র্যাজেডি বইটি করাচি থেকে প্রকাশিত হয় ১৯৭১ সালের সেপ্টেম্বরে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সে সময় চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হাতছাড়া হয়ে যেতে পারে, এই ভয় পাকিস্তানিদের মনে জায়গা করে নিচ্ছে। (পশ্চিম) পাকিস্তানের অনেক নেতা সে সময় প্রকাশ্যেই দেশের পূর্বাংশে প্রলয়কাণ্ডের জন্য ভুট্টোকে দোষারোপ করছেন। পূর্ব পাকিস্তানের এই রাজনৈতিক ও সামরিক বিপর্যয়ের জন্য ভুট্টো নিজে আদৌ দায়ী নন, সব দোষ শেখ মুজিবের, এ কথাটিই ভুট্টো ইনিয়ে-বিনিয়ে বলেছেন দ্য গ্রেট ট্র্যাজেডি বইটিতে।
বস্তুত, বঙ্গবন্ধুর প্রতি ভুট্টোর মনোভাব আদৌ বিনয়াবনত প্রতিদ্বন্দ্বী রাজনীতিকের মতো ছিল না। ভুট্টো তাঁকে রীতিমতো ঘৃণা করতেন, নিজেকে বঙ্গবন্ধুর চেয়ে অনেক পণ্ডিত, ধীমান ও যোগ্য মনে করতেন। ভুট্টো বিশ্বাস করতেন, তাঁর মতো লোকেরই পাকিস্তানের সরকারপ্রধান হওয়া উচিত, বঙ্গবন্ধুর নয়। একাত্তরের আগে-পরে বিভিন্ন জায়গায় তিনি এই বাঙালি নেতাকে নিয়ে বিস্তর কথা বলেছেন, যেখানে তাঁর এই মনোভাব খুবই স্পষ্ট হয়ে বেরিয়ে এসেছে। ইতালির সাংবাদিক ওরিয়ানা ফালাচির বিখ্যাত গ্রন্থ ইন্টারভিউ উইথ হিস্ট্রি পড়লেই সে কথা জানা যায়।
ভুট্টোর লেখা দ্য গ্রেট ট্র্যাজেডি গ্রন্থে এমন কিছু নেই যা থেকে মনে হয়, বঙ্গবন্ধুর প্রতি ভুট্টোর মনোভাব সদর্থক; বরং তা নানা কুৎসায় ভরা। এই গ্রন্থে ভুট্টো দাবি করেছেন, আওয়ামী লীগের ছয় দফা প্রস্তাব, যার ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচনে বিপুল ভোটাধিক্যে আওয়ামী লীগ বিজয়ী হয়, তা আসলে ছিল আইয়ুব খানের মস্তিষ্কপ্রসূত। আইয়ুবের ঘনিষ্ঠ এক আমলা নাকি এই ছয় দফার প্রণেতা। ১৯৬৫ সালের যুদ্ধের পর তাসখন্দ চুক্তি স্বাক্ষরের কারণে আইয়ুব যে রাজনৈতিক বিপর্যয়ের সম্মুখীন, তা থেকে নজর সরানোর জন্যই এই ছয় দফা তৈরি করেছিলেন। এর রচনার পেছনে কোনো একটি বিদেশি শক্তির হাত রয়েছে, এমন গুজবের কথাও ভুট্টো এই গ্রন্থে লিখেছেন।
দ্য গ্রেট ট্র্যাজেডি গ্রন্থের ‘শেখ মুজিবুর রহমান’ শীর্ষক এক পরিচ্ছেদে ভুট্টো বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্থানের এক ইতিহাস লেখার চেষ্টা করেছেন। তাঁর বর্ণনা অনুসারে নেতা হিসেবে মুজিব ছিলেন নেহাতই সাদামাটা। ১৯৬৩ সালে, যখন তিনি মুজিবের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন, তখন ইত্তেফাক-এর সম্পাদক মানিক মিয়া তাঁর চেয়ে বড় নেতা ছিলেন। ভুট্টোর দাবি অনুসারে বঙ্গবন্ধু সে সময় তাঁকে বলেছিলেন তিনি আর রাজনীতি করবেন না। কারণ, ‘আইয়ুবের জেলখানা তাঁর ভেতরের আগুন নিভিয়ে দিয়েছে।’ ভুট্টোই নাকি তাঁকে রাজনীতি না ছাড়ার বুদ্ধি বাতলেছিলেন।
ভুট্টো আরও দাবি করেছেন, যারা পাকিস্তানের বিদ্যমান অবস্থা (স্ট্যাটাস কো) রক্ষায় অধিক আগ্রহী ছিলেন, তাঁদের কাছে ভুট্টোর মতো ‘প্রগতিশীল ও বামপন্থী’ নেতার বদলে মুজিবকেই বেশি পছন্দ ছিল। এই বাঙালি নেতা সেনাশাসকদের এ কথা বোঝাতে পেরেছিলেন যে একবার নির্বাচন হয়ে গেলে তিনি ছয় দফা প্রশ্নে ‘সমঝোতায়’ প্রস্তুত থাকবেন। ভুট্টো এমন কথাও লিখেছেন, মুজিবের রাজনৈতিক খ্যাতি এই ‘মিথ্যা’ দাবির ওপর প্রতিষ্ঠিত ছিল যে তিনি ছাত্রনেতা হিসেবে পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ও সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ ছিলেন। পাকিস্তানের ‘বিগ বিজনেস’ও মুজিবের প্রতি সমর্থন দেয়। কারণ, তারা জানত সমাজতন্ত্রের প্রতি তাঁর সমর্থন শুধু ‘লিপ সার্ভিস’। ১৯৭০ সালের নভেম্বরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার বদলে তিনি দাবি করেছিলেন, ১০ লাখ মানুষ যদি মারা যায়, তবু ঘোষিত তারিখেই নির্বাচন হতে হবে।
ভুট্টোর এই সব মনগড়া কথা নিয়ে বাহাস অর্থহীন। একাত্তরের গণহত্যার অন্যতম রূপকার ভুট্টো নিজের দোষ ঢাকতেই এই গ্রন্থে নানা কথার ফানুস ছড়িয়েছেন। ভুট্টোর এই সব কথায় ভুললে ভুল করা হবে। মহিউদ্দিন আহমেদ লিখেছেন, বঙ্গবন্ধু রক্তপাত চাননি, ‘তিনি চেয়েছিলেন নিগোশিয়েটেড সেটেলমেন্ট।’ অর্থাৎ একটা আপসরফা হোক। ভুট্টোর ভাষ্য ঠিক উল্টো, নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধু ছয় দফা প্রশ্নে কোনো রকম আপসে আগ্রহী ছিলেন না। তাতে পাকিস্তান বিভক্ত হলেও তাঁর কোনো আপত্তি ছিল না।
ভুট্টোর এই বই একটি রাজনৈতিক ম্যানিফেস্টো, তা পড়ে বঙ্গবন্ধু সম্বন্ধে তাঁর মনোভাব বোঝার চেষ্টা করা ঠিক হবে না। শুধু এই একটি বই পড়েই বঙ্গবন্ধুর প্রতি ভুট্টোর প্রকৃত মনোভাব জানা সম্ভব নয়। ১৯৭২ সালের এপ্রিলে ওরিয়ানা ফালাচির সঙ্গে ভুট্টোর খোলামেলা সাক্ষাৎকারে (আমার লেখা ১৯৭১, বন্ধুর মুখ, শত্রুর ছায়া (প্রথমা, ২০১২) গ্রন্থে সে সাক্ষাৎকারের দীর্ঘ বিবরণ আছে।) এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
ওরিয়ানা ফালাচি এমন এক সময়ে ভুট্টোর সাক্ষাৎকারটি নিয়েছিলেন, যখন তিনি পাকিস্তানের ক্ষমতাকেন্দ্রে, মেপে মেপে কথা বলার প্রয়োজন তাঁর ফুরিয়েছে। সে সাক্ষাৎকারে ভুট্টো নিজেকে অতি পণ্ডিত, অতি ধীমান একজন রাজনীতিক, আর বঙ্গবন্ধুকে একজন মূর্খ, মিথ্যাবাদী ও ভীরু ব্যক্তি হিসেবে উপস্থিত করেছেন।
একাত্তরের জানুয়ারিতে ঢাকায় সংলাপে অংশ নেওয়ার সময় ভুট্টো বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পেরেছেন, মহিউদ্দিন আহমদ ভুট্টোর কথা উদ্ধৃত করে লিখেছেন, সে সময় বঙ্গবন্ধুকে ভুট্টোর বিনয়ী ও দৃঢ়চেতা মনে হয়েছিল। ফালাচিকে ঠিক উল্টো কথা বলেছেন ভুট্টো: ‘মুজিব সম্বন্ধে সবকিছুই উদ্ভট। আমি বুঝি না পৃথিবীর মানুষ তাঁকে কীভাবে সিরিয়াসলি নেয়।’ ফালাচিকে তিনি বলেন, মুজিবকে তিনি ঘৃণা করেন না; বরং করুণা করেন।
বাংলাদেশের নেতার প্রতি ভুট্টো কী অসম্ভব অবজ্ঞা ও ঘৃণা পোষণ করতেন, এই সাক্ষাৎকারের পাতায় পাতায় তার বিস্তৃত উদাহরণ রয়েছে। তিনি কতটা মিথ্যাবাদী, সে কথার প্রমাণ হিসেবে দুটি উদাহরণ দিই।
দ্য গ্রেট ট্র্যাজেডি গ্রন্থে ভুট্টো লিখেছেন, বঙ্গবন্ধু একপর্যায়ে দুই পাকিস্তান মিলে এক ফেডারেশনের প্রস্তাব মেনে নিয়েছিলেন। অথচ ফেডারেশনের প্রস্তাব ভুট্টোই দিয়েছিলেন; বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। ১৯৭২ সালের জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলে ভুট্টো জেলখানায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের একটি বিবরণ আছে স্টানলি ওয়ালপার্টের জুলফি ভুট্টো অব পাকিস্তান (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৩) গ্রন্থে। তিনি লিখেছেন, বিস্মিত বঙ্গবন্ধুকে ভুট্টো মিনতি করে বলেন, ‘মুজিব ভাই, আমরা সবাই মিলেমিশে থাকব, তেমন কোনো সম্ভাবনাই কি আর নেই? দেশ এক না হোক, কনফেডারেশন-জাতীয় একটা ব্যবস্থা করা যায় না?’ জবাবে বঙ্গবন্ধু ভুট্টোকে বলেছিলেন, তাঁকে আগে স্বদেশে ফিরতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে।
দ্বিতীয় মিথ্যা ফালাচিকে দেওয়া ভুট্টোর সাক্ষাৎকার নিয়ে। তিনি ফালাচিকে দেওয়া সাক্ষাৎকারে কুৎসিত ভাষায় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, এই মহিলার সঙ্গে করমর্দন করতেও তাঁর গা রি রি করে ওঠে। সে সময় ভারতে আটক পাকিস্তানি যুদ্ধবন্দীদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি জোর তদবির চালাচ্ছেন, সিমলায় ইন্দিরার সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে। তাঁর নিজের রাজনৈতিক ভাগ্য নির্ভর করছে এই শীর্ষ বৈঠকের ফলাফলের ওপর। ফালাচির সঙ্গে ভুট্টোর সাক্ষাৎকারটি প্রকাশিত হলে ভারতে এ নিয়ে মহা হইচই দেখা দেয়, তাঁদের শীর্ষ বৈঠক ভণ্ডুল হওয়ার জোগাড়। ভীতসন্ত্রস্ত ভুট্টো তাঁর এক প্রতিনিধিকে ফালাচির কাছে পাঠালেন আজব এক অনুরোধ নিয়ে। তাঁর আবদার, ফালাচি ভুট্টোর যে সাক্ষাৎকারটি নিয়েছেন, তা সত্য নয়, পুরো ব্যাপারটাই তাঁর, অর্থাৎ ফালাচির কল্পনার ফসল, ফালাচিকে এ কথা বিবৃতি দিয়ে জানাতে হবে।
বলাই বাহুল্য, ফালাচি ভুট্টোর সে প্রস্তাবে রাজি হননি।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।