আমরা কেন ভুল থেকে শিখি না? ডেইলি স্টার এক প্রতিবেদনে দেখলাম মাদকবিরোধী ‘বন্দুকযুদ্ধে’ বাংলাদেশে শতাধিক লোক নিহত হয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও সম্ভবত এই কঠোর মাদকবিরোধী যুদ্ধে অনেক প্রাণের দাম দেওয়ার পরও তা ব্যর্থতায় পর্যবসিত হবে।
অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) ২০১২ সালের মাদকসংক্রান্ত প্রতিবেদনে আমরা লিখেছিলাম, বিশ্বের যেখানে যেখানে তথাকথিত মাদকবিরোধী যুদ্ধ হয়েছে, সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই জনগণের পকেটের অর্থের শ্রাদ্ধ হতে, কারাগার ভরে যেতে এবং বহু মানুষের প্রাণহানি হতে দেখা গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দিন শেষে এই অভিযান শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে।
নিক্সন প্রশাসনের সময় ঠিক করা হয়েছিল, যেহেতু মাদকদ্রব্য মানবদেহের জন্য ক্ষতিকর, সেহেতু মাদক ঠেকাতে এর প্রাপ্যতাকেই আগে চ্যালেঞ্জ করতে হবে। সরবরাহের পথ বন্ধ করতে হবে। অর্থাৎ মাদকবিরোধী যুদ্ধকে ‘মাদক সরবরাহের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে নেওয়া হলো। গবেষণা বলছে, বিশ্বের মাদকাসক্তবহুল দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি। সরবরাহে কড়াকড়ি আরোপ করার পরও যখন দেখা গেল সেবন ও ব্যবসা থামেনি, তখন পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করল। শিগগিরই হাজার হাজার তরুণে মার্কিন কারাগারগুলো ভরে গেল এবং জেলে ঢোকার পর দাগি আসামিদের সংস্পর্শে আসার সুবাদে তাঁরা সত্যিকারের অপরাধী হওয়ার কায়দাকানুন জেনে ফেললেন।
এ প্রসঙ্গে সাবেক অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার বলেছিলেন, ‘এই সমস্যা থেকে বের হওয়ার উপায়কে আমরা গ্রেপ্তার করতে পারছি না।’ এই মাদক নিষিদ্ধকরণ এমন একটি ন্যায়ভ্রষ্ট অর্থনৈতিক প্রণোদনার পরিবেশও সৃষ্টি করেছিল, যা মাদক উৎপাদনকারী ও বিপণনকারীদের কাহিল করতে পারেনি, বরং তারা আরও ধূর্ত ও জটিল হয়ে উঠেছিল।
মাদক সরবরাহ বন্ধ করামাত্রই কালোবাজারে অবৈধ মাদকের দাম আকাশছোঁয়া হয়ে পড়ে এবং উৎপাদক ও বিক্রেতারা এ অবস্থাকে কাজে লাগিয়ে বহুগুণ বেশি অর্থ কামিয়ে নিতে থাকে। আকস্মিকভাবে পাওয়া অঢেল মুনাফা তখন সর্বাধুনিক অস্ত্র কেনার জন্য বিনিয়োগ করা হয়, ব্যবসা সামলাতে গুন্ডা ভাড়া করতে খরচ করা হয়, সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে দুর্নীতিপরায়ণ বানিয়ে ফেলা হয়। শেষ পর্যন্ত দেখা যায়, মাদক আগে যা পাওয়া যেত, তার চেয়ে এখন বেশি পাওয়া যাচ্ছে।
মাদকবিরোধী যুদ্ধ যদি ভুলভাবে পরিচালিত হয়, তাহলে সেটি শেষ পর্যন্ত নিজ জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ হিসেবে মোড় নেয়, এতে গণতন্ত্রের বনিয়াদ হিসেবে পরিচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ও গ্রহণযোগ্যতা ধ্বংস হয়ে যায়। ইত্যবসরে অপরাধী চক্র অর্থ, প্রযুক্তি ও অস্ত্রে সজ্জিত হয়ে বহু দেশে রক্তক্ষয়ী দাঙ্গা-হাঙ্গামা বাধিয়ে দেয়। শুধু মেক্সিকোতেই ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মাদকসংশ্লিষ্ট সহিংসতায় এক লাখের বেশি লোক নিহত হয়েছে।
সবচেয়ে বড় মাদকবিরোধী যোদ্ধাও স্বীকার করবেন, কেবল মাদক সরবরাহ ঠেকানোর ওপর জোর দিয়ে অভিযান চালালে বড় ধরনের অনিবার্য ক্ষতির (কোল্যাটেরাল ড্যামেজ) মুখে পড়তে হয়, কিন্তু মাদক চক্রের প্রভাব-প্রতাপ তাতে খুব একটা কমে না। গত বছর যুক্তরাষ্ট্রে শুধু অতিরিক্ত মাদক সেবনজনিত কারণে মারা গেছে ৬০ হাজার লোক। ২০১৫ সালে আমার প্রকাশিত বইয়ে আমি লিখেছিলাম, ‘যদি আমাদের মাদকবিরোধী যুদ্ধ থেমে গিয়ে থাকে, তাহলে এখন আমাদের করণীয় কী?’
প্রথমত, মাদক নিষিদ্ধ করার কৌশল যে কাজে আসে না, তা সরকারগুলোকে স্বীকার করে নিতে হবে।
দ্বিতীয়ত, সরকারগুলোকে স্বীকার করতে হবে মাদকাসক্তি একটি ক্রনিক অসুস্থতা এবং এর চিকিৎসা করতে হবে মানসিক চিকিৎসককে দিয়ে, জেলে পাঠিয়ে নয়। সে কারণে আমাদের আরও বেশি কার্যকর মাদক নিরাময়কেন্দ্র গড়ে তুলতে হবে, যেখানে মাদকাসক্তরা পুলিশি হয়রানির ভয় ছাড়াই চিকিৎসা নিতে যেতে পারবে এবং সেখানে তাদের ভালোভাবে গ্রহণ করা হবে, সেই ধারণাও তাদের মধ্যে দিতে হবে।
তৃতীয়ত, সরকারগুলোকে ধূমপানবিরোধী প্রচারণার মতো দেশজুড়ে ব্যাপকভাবে মাদকবিরোধী প্রচার-প্রচারণা শুরু করতে হবে। চতুর্থত, তাদের এটি নিশ্চিত করতে হবে যে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার অংশ হিসেবে তাদের সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো সত্যিকারের অপরাধীদের পাকড়াও করার পাশাপাশি সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সচেষ্ট আছে।
ইংরেজি থেকে অনূদিত
অ্যাডাম ব্ল্যাকওয়েল কানাডার সাবেক কূটনীতিক ও মাদকবিরোধী অভিযানবিষয়ক বিশেষজ্ঞ