ভুলো না 'আমরাও আছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে সেরিব্রাল পালসি (মস্তিষ্কে পক্ষাঘাত) প্রতিবন্ধী ব্যক্তি দিবস। এবারের প্রতিপাদ্য  ‘আমরাও আছি’। বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা কত, সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথক দুটি বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১০ থেকে ১৬ শতাংশ পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে দেশে প্রতিবন্ধীর সংখ্যা দেড় কোটির বেশি। এ দেশে প্রতিবন্ধী ব্যক্তিরা অবহেলিত।

দৈনন্দিন জীবনের বিভিন্ন কর্মকাণ্ড, শিক্ষা, কর্মক্ষেত্র, বিনোদনসহ সর্বক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তির সমান অংশগ্রহণের গুরুত্ব অনেক। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূল স্রোতোধারায় সম্পৃক্তকরণে তাদের প্রবেশগম্যতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে স্বাধীনতার পর থেকে বেশ কিছু বেসরকারি সংস্থা কাজ করে আসছে। এই কাজে নতুন উদ্দীপনা দেখা যায় জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের (সিআরপিডি) মাধ্যমে। এ সনদ ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

২০০৮ সালের ৩ মে থেকে সিআরপিডি বিশ্বব্যাপী একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়। বাংলাদেশ জাতিসংঘের অষ্টম সদস্যরাষ্ট্র হিসেবে সনদ এবং ১৬তম সদস্যরাষ্ট্র হিসেবে এর ঐচ্ছিক বিধান স্বাক্ষর ও অনুসমর্থন করেছে। এরপর ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’সহ বিভিন্ন নীতিমালা ও বিধান একীভূত সমাজ গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আশার সঞ্চার করেছে। কিন্তু এত আইন, নীতিমালা হওয়ার পরও সর্বস্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের দৃশ্যমান উন্নয়ন হয়নি।

সিআরপিডিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও অংশগ্রহণ সম্পর্কে বলা হয়েছে: ‘জীবনের সব ক্ষেত্রে স্বাধীনভাবে বাঁচতে এবং সম্পূর্ণভাবে অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষম করে তুলতে, সবার সঙ্গে সমানভাবে ভৌত পরিবেশ, যাতায়াতব্যবস্থা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, উন্নয়নশীল ও অনুন্নত উভয় ধরনের এলাকায় জনগণকে প্রদত্ত সুবিধা ও সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রসমূহ যথার্থ ব্যবস্থা নেবে।’ আমরা এই দেশে এই কথাটির কতটুকু প্রয়োগ দেখি? আমরা কি শুধু সনদে স্বাক্ষর করা বা আইন পাস করার মধ্যেই সীমাবদ্ধ থাকব?

>সর্বজনীন প্রবেশগম্যতা না থাকার কারণে অনেক প্রতিবন্ধী মানুষ শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বিনোদনসহ বিভিন্ন অধিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সর্বস্তরে প্রবেশগম্যতা প্রতিবন্ধী ব্যক্তির জীবনের চাকায় নতুন গতি এনে দিতে পারে

শুধু লোকাল বাসগুলোতে ‘মহিলা/প্রতিবন্ধী/ শিশু’দের জন্য নয়টি সিট নির্দিষ্ট রয়েছে কিন্তু শুধু বাসে সিট বরাদ্দ করলেই চলবে না। তাতে চড়ার জন্য উপযুক্ত ফুটপাত, ঢালু পথ থাকতে হবে। আজকাল ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে না। কারণ, ফুটপাত এখন চলে গেছে হকারদের দখলে এবং তথাকথিত ভদ্রলোকদের মোটরসাইকেল ও গাড়ি পার্কিং খাতে। যতটুকু দখলমুক্ত আছে তাও হুইলচেয়ার ব্যবহারকারীদের চলাচলের উপযুক্ত নয়। তা ছাড়া, মোটরসাইকেলের চলাচল ফুটপাতে হাঁটাকে রীতিমতো ভীতিকর পর্যায়ে নিয়ে গেছে। হুইলচেয়ার ব্যবহারকারীদের পক্ষে এত বাধা অতিক্রম করে চলাচল করা সম্ভব নয়। তাদের জন্য স্বতন্ত্র বিবেচনা থাকা দরকার।

বিনোদনের জন্য যেসব পার্ক আছে তার রাইডগুলো প্রতিবন্ধীবান্ধব নয়। শপিং মলগুলোতেও একই সমস্যা। সিঁড়ি বেয়ে উঠে তারপর লিফট। হুইলচেয়ার ব্যবহারকারীদের দোকানগুলোতে স্বচ্ছন্দে প্রবেশ করার কোনো ব্যবস্থা থাকে না। নামীদামি বিলাসবহুল শপিং মলের আউটলেটগুলোর ট্রায়াল রুম হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য প্রবেশগম্য নয়। সিনেমা হলগুলোও সর্বজনীন প্রবেশগম্য নয়। ধরে নেওয়া হয় প্রতিবন্ধী মানুষের যেন কোনো বিনোদনের প্রয়োজন নেই, কিংবা সামাজিক/সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের দরকার নেই।

‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এর ধারা ২-এর উপধারা ১৩-এ বলা হয়েছে, ‘প্রবেশগম্যতা অর্থ ভৌত অবকাঠামো, যানবাহন, যোগাযোগ, তথ্য, এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ জনসাধারণের জন্য প্রাপ্য সকল সুবিধা ও সেবাসমূহে অন্যদের মতো প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির সমসুযোগ ও সমআচরণ প্রাপ্তির অধিকার।’ এ ছাড়া এই আইনের ৩৪ ধারার উপধারা (২)-এ উল্লেখ আছে, উপধারা (১)-এ যা কিছুই থাকুক না কেন, সর্বসাধারণ যায় এমন বিদ্যমান সব গণস্থাপনা, এই আইন কার্যকর হওয়ার পর, যথাশিগগির ও যত দূর সম্ভব প্রতিবন্ধী ব্যক্তিদের আরোহণ, চলাচল ও ব্যবহারের উপযোগী করতে হবে।

ন্যাশনাল বিল্ডিং কোড ও ঢাকা মহানগরী ইমারত নির্মাণ বিধিমালা, ২০০৮ অনুযায়ী প্রতিটি ইমারতে হুইলচেয়ার প্রবেশগম্যতা ও টয়লেট থাকা আবশ্যকীয় করা হয়েছে। এই বিধিমালায় প্রতিবন্ধীসহ সর্বজনীন প্রবেশগম্যতা সম্পর্কিত বিশেষ বিধান রাখা হয়েছে। সর্বজনীন প্রবেশগম্যতার নকশা না মানা হলে তার জন্য শাস্তির বিধান রয়েছে।

‘জাতীয় সমন্বিত বহু মাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩’-এর ৪.৪. ১-এ পথচারীদের জন্য পায়ে চলার পরিবেশ মানোন্নয়ন, বিশেষত শিশু, মহিলা, বয়স্ক এবং শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের (প্রতিবন্ধী ব্যক্তি) ব্যবহারের উপযোগী পরিবেশ নিশ্চিতকরণ; ৪.৪. ৪-এ রেলস্টেশন ও বাসস্টপে র‍্যাম্প ব্যবহার এবং নৌপথে বিশেষ ব্যবস্থার মাধ্যমে যাতায়াত সহজীকরণ; ৫.১. ৫-এ শারীরিক বিশেষ চাহিদাসম্পন্ন পথচারীদের ফুটপাতে ওঠানামা সহজতর করার লক্ষ্যে ঢালু পথ (র‍্যাম্প)-এর সংস্থানের কথা বলা হয়েছে।

সর্বজনীন প্রবেশগম্যতা না থাকার কারণে অনেক প্রতিবন্ধী মানুষ শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, বিনোদনসহ বিভিন্ন অধিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সর্বস্তরে প্রবেশগম্যতা প্রতিবন্ধী ব্যক্তির জীবনের চাকায় নতুন গতি এনে দিতে পারে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বসবাস করার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য সর্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে পরিবার, সমাজ, সর্বোপরি রাষ্ট্রকে আরও তৎপর হতে হবে।

মারুফা হোসেন: পরিচালক, তরী ফাউন্ডেশন ও স্কুল ফর গিফটেড চিলড্রেন (এসজিসি)।