ভুয়া খবরের কারবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসব যখন ঘটছিল, তখন কেনিয়ার অনেক মানুষই মূলধারার গণমাধ্যমের সীমিত সংবাদ পরিবেশনায় সন্তুষ্ট হতে না পেরে তাজা খবরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারস্থ হন। কোনো কোনো সামাজিক যোগাযোগমাধ্যম প্রতি মুহূর্তের খবর দিচ্ছিল, যেখানে অন্যরা বিকল্প বা পরিপূরক ভাষ্য দিচ্ছিল। অধিকাংশ খবরেই বিরোধীদের শক্তিশালী ঘাঁটি এলাকার নির্মম চিত্র উপস্থাপন করা হচ্ছিল।

তবে কেনিয়ার রেডক্রসের মহাসচিব আব্বাস গুলেত গত সোমবার এক সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া খবর’ প্রচারের ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যে ফুটেজ ও ছবি প্রচারিত হয়েছে, তার শ্রেণিবিভাগ করে বলেন, এসব মাধ্যমে ‘ভুল তথ্য’ প্রচার করে ‘দেশে আরও উত্তেজনা সৃষ্টি করা হয়েছে’। তিনি জানিয়েছেন, গত এক সপ্তাহে তাঁর প্রতিষ্ঠান নির্বাচনী সহিংসতায় আহত অন্তত শতাধিক মানুষকে সেবা দিয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে রাতের বেলা বিরোধীদের শক্ত ঘাঁটিতে হামলার যে খবর বেরিয়েছে, তাঁর ভাষ্য অনুসারে, সেটাও ভুয়া। তিনি বলেন, নাইরোবির মাথারে বস্তিতে রোববার রাতে হামলার যে ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে সেটাও ভুয়া, কারণ সেখান থেকে কোনো আক্রান্ত ব্যক্তি রেডক্রসকে ফোন করেননি। তবে অনেকেই তাঁর বিবৃতি ভালোভাবে নেননি। কারণ, অনেকেই সহিংসতার কবলে পড়েছেন।

এটা অস্বীকার করা যাবে না যে নির্বাচনের ফল বেরোনোর পর পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া–পাল্টাধাওয়া হয়েছে। এতে অনেকেই আহত ও নিহত হয়েছেন। মূলধারার গণমাধ্যমে এই নির্বাচন-উত্তর সহিংসতার পর্যাপ্ত খবর আসেনি। সে কারণে কোনটা আসল আর কোনটা নকল খবর—সেটা কীভাবে বোঝা যাবে!

ব্যাপারটা হলো, কেনিয়ার নির্বাচনে ভুল তথ্য প্রচার ও প্রপাগান্ডা চালানো নতুন কিছু নয়। ভোটারদের প্রভাবিত করার জন্য এসব অস্ত্র বহুদিন ধরেই ব্যবহৃত হচ্ছে। তবে এবারের নির্বাচনে প্ল্যাটফর্মটা বদলে গেল, সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠল ভুল খবরের ভান্ডার। তরুণেরা এখন তথ্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেরই দ্বারস্থ হন, কেনিয়ার প্রায় দুই কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে এই তরুণেরাই অর্ধেকের বেশি। এই তরুণেরা টেলিভিশন খুলে দিনের প্রধান সংবাদ দেখেন না। কারণ তো আগেই বললাম, তাঁরা একদম তৎক্ষণাৎ সংবাদ পাচ্ছেন। তাঁরা যখন খুশি তাতে ঢুকছেন, যখন খুশি সেখান থেকে বেরোচ্ছেন। তাঁরা কখন কোন খবরটা গ্রহণ করবেন, আর কখন কোনটা করবেন না—সেটা তাঁরাই ঠিক করেন।

সে কারণেই কেনিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম যে ভুল খবরে ভরে উঠেছিল, তাতে বিস্ময়ের কিছু নেই। নির্বাচনের আগে ও পরে ভোটারদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতেই এটা করা হয়েছে। কেনিয়াসহ সব জায়গাতেই ভুয়া খবরের বাড়বাড়ন্ত হওয়ার পেছনে বেশ কিছু ব্যাপার কাজ করে। আমার মত হচ্ছে, তথ্যপ্রবাহের গতিপথ বদলে যাওয়াটাই মূল কারণ। অতীতে সরকার, মূলধারার গণমাধ্যম, নাগরিক সমাজ—এরাই ছিল সংবাদের মূল উৎস। এরা প্রচারিত সংবাদের সত্যাসত্যের জন্য দায়ী থাকত। ফলে স্বাভাবিকভাবেই ভুয়া খবর প্রচারের পথ বন্ধ হয়ে যেত।

আর এখন যার হাতেই ইন্টারনেট আছে, তিনিই নিজের খবরটা বলতে পারে। এর মাধ্যমে তাঁরা যেমন তর্ক-বিতর্ক সৃষ্টি করতে পারেন, তেমনি ঐকমত্যও তৈরি করতে পারেন। যাঁরা মনে করেন, অতীতের ‘প্রথাগত মাধ্যমের’ ভাষ্য থেকে তাঁরা বাদ পড়েছিলেন, এই অনলাইন প্ল্যাটফর্ম তাঁদের নিজেদের কথা বলার সুযোগ দিয়েছে। এমনকি মূলধারার গণমাধ্যমে প্রচারিত সংবাদ পাল্টে দেওয়ার সুযোগও এখন তাঁদের হাতে। এখন এই মানুষেরা হাজার হাজার মানুষকে প্রভাবিত করার সুযোগ পেলেও প্রচারিত তথ্যের সত্যাসত্যের জন্য তাঁরা দায়ী নন। তাঁরা এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য বা ভুয়া খবর ছড়াতে পারেন, মানুষের মতামত বদলে দিতে পারেন। কিন্তু তাঁদের কোনো দায় নেই।

কেনিয়ার ইতিহাসে বিশেষ কিছু সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যের উদাহরণ আছে। দেশটির সমাজ এখনো অন্যায্যতায় কণ্টকাকীর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে সেই পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশের সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে ভুয়া খবর প্রচারের সুযোগও করে দিচ্ছে। এই প্ল্যাটফর্মে বিপজ্জনক প্রকৃতির অতিরঞ্জন ও মিথ্যাচার হাত ধরে চলে।

জিওপোল ও পোর্টল্যান্ড কমিউনিকেশনসের বহুল প্রচারিত জরিপ থেকে কেনিয়ায় ভুয়া খবরের বাস্তবতা সম্পর্কে জানা যায়। জরিপে তারা দেখিয়েছে, ভুয়া খবর হলো ‘ইচ্ছাকৃতভাবে ভুল তথ্যের প্রচার’, আর জরিপকৃত ৮৭ শতাংশ মানুষ নির্বাচন সম্পর্কে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ভুল প্রচারিত হতে দেখেছেন। জরিপকৃত ব্যক্তিদের সিংহভাগ বিশ্বাসযোগ্য তথ্যের সূত্র পেতে চেয়েছেন। তাঁরা এও বলেছেন, মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই এই ভুল তথ্যের প্রচার হয়েছে।

ভুয়া তথ্যের এই মহামারি ঠেকাতে দেশটির কমিউনিকেশনস অথরিটি ও ন্যাশনাল কোহেসন অ্যান্ড ইন্টিগ্রেশন কমিশন দিকনির্দেশনা প্রণয়ন করেছে। তারা বলেছে, ‘অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক প্রসঙ্গ’ কোনো প্ল্যাটফর্মে দেখা গেলে ২৪ ঘণ্টার মধ্যে তা সরিয়ে নিতে হবে।

আগের নির্বাচনেও আমরা দেখেছি, ভুল তথ্য ছড়ানো হয়েছে। শুধু ভুয়া খবর আখ্যা দিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে এককভাবে দোষারোপ করে লাভ নেই। ভুয়া খবর কী করে হয় তার মূল্যায়ন করে আমাদের খতিয়ে দেখতে হবে, ভুয়া খবর কেন এই সময় এত মানুষের দৃষ্টি আকর্ষণ করল। প্রথাগত গণমাধ্যমের ব্যর্থতা নিয়ে সততার সঙ্গে আলোচনা করতে হবে। তাহলেই কেবল মানুষের ‘ভুয়া খবরের’ ক্ষুধা দূর করা যাবে।

আল-জাজিরা থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

নানজিরা সামবুলি: আফ্রিকার গবেষক।