ভুয়া মুক্তিযোদ্ধা সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যাত্রায় আমরা দুই ধরনের ফলাফল দেখছি, এতে বোঝা যায় যে সমতার নীতি কাজ করছে না। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে চাকরি নেওয়ার মামলায় এ পর্যন্ত ২১ পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। অথচ এর আগে জাল সনদের কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সচিব, স্বাস্থ্যসচিব, পাবলিক সার্ভিস কমিশন সচিব, ওএসডি থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক সচিব ও আরেক যুগ্ম সচিবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ‘স্বেচ্ছা অবসরে’ যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ার পর তঁারা ‘স্বেচ্ছা অবসরে’ কীভাবে গেলেন, তার তদন্ত হওয়া দরকার। আর দুদক কেন দুই বছরেও তঁাদের বিরুদ্ধে কোনো মামলা করল না তারও ব্যাখ্যা দরকার। একই অভিযোগে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হলেও পরে তা মুখ থুবড়ে পড়ে। পাঁচ সচিবের ব্যাপারে জনপ্রশাসনসচিব এখন বিস্ময়করভাবে বলছেন, অবসরপ্রাপ্তদের বিরুদ্ধে তো আর ব্যবস্থা নেওয়া যায় না। তাঁর কাছে আমাদের প্রশ্ন, অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁদের স্বেচ্ছা অবসরে যাওয়ার সুযোগ দেওয়ার দায়টি তবে কার?
সার্বিকভাবে দেশের আইনের আপন গতি ও আইনের শাসনের যে দুর্বল দশা, তাতে ভুয়া সনদের কারণে অভিযুক্ত পুলিশদের গ্রেপ্তারের পদক্ষেপ নিশ্চয় ইতিবাচক। কিন্তু একটি রাষ্ট্রীয় ব্যবস্থা তো কোনো ব্যক্তি বা মহলবিশেষের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে টিকতে পারে না। যেকোনো ধরনের বৈষম্যে প্রত্যক্ষ বা পরোক্ষ সরকারি পৃষ্ঠপোষকতা জনগণকে ক্ষুব্ধ করে, আর সুযোগসন্ধানীদের উৎসাহ জোগায়। আইনের চোখে সমতার নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো নৈতিকতা সাপেক্ষে জনগণের স্বার্থ রক্ষা।
সবল সচিব-শিক্ষকের এতটা নীরব, আর দুর্বল পুলিশের এতটা সরব হওয়ার ঘটনা কোনো শুভ লক্ষণ নয়। তবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় যেহেতু ব্যবস্থা নেয়নি, তাই আমরাই ফৌজদারি ব্যবস্থা নেব।’ তিনি কী উদ্যোগ নেন সেটাই এখন দেখার বিষয়।