ভূমিকম্পে প্রয়োজন সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল
ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল

কাঁটাবন থেকে একাধিক নারী বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসে উঠলেন। কারও পায়ে কোনো স্যান্ডেল নেই। চেহারাতেও কেমন যেন একটা ভয় প্রকাশ পাচ্ছে সবার। কারও হাতে তেমন কোনো ব্যাগও নেই। একটু কথা বলে বুঝলাম, ভূমিকম্পের সময় স্থানীয় একটি গার্মেন্টস থেকে তাড়াহুড়ো করে তাঁরা নিচের রাস্তায় নেমে এসেছেন। আর নামার সময় অনেকের সঙ্গে ধাক্কাধাক্কি করে দুজন আহতও হয়েছেন।
নেপালের ভূমিকম্পের তীব্রতা বাংলাদেশে কম অনুভূত হলেও জনমনে তা আতঙ্ক সৃষ্টি করে। তবে বিশেষজ্ঞদের মতে, দেশে মাঝারি বা তীব্র আকারের কোনো ভূমিকম্পের আশঙ্কা না থাকলেও অপরিকল্পিত নগর ঢাকা সব সময়ই ঝুঁকিপূর্ণ। তাই জনগণকে অবশ্যই এ বিষয়ে সচেতন হতে হবে।
ভূমিকম্পের সময় আতঙ্কিত জনগণ তাড়াহুড়ো করে ঘর থেকে রাস্তাসহ বিভিন্ন খোলা জায়গায় বের হয়ে আসে। এটি অবশ্যই সচেতনতার একটি অংশ। তবে আমাদের এটাও ভাবতে হবে যে ওই একই সময়ে তাড়াহুড়ো করে অনেকে একসঙ্গে বের হতে গিয়ে আমরা নিজেরাই আহত হচ্ছি। বিশেষ করে শহরের বড় বড় বিল্ডিংগুলোতে এ ধরনের ঘটনা বেশি ঘটে। উদাহরণস্বরূপ বলা যায়, গত ভূমিকম্পের দিনই তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে অন্তত ১৫০ জন। আমরা যদি প্রয়োজনীয় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তবেই আমাদের প্রাণ রক্ষা হবে।
ভূমিকম্পের সময় যদি বিল্ডিং থেকে দ্রুত বের হওয়া সম্ভব না হয়, তবে আত্মরক্ষার সবচেয়ে ভালো উপায় হলো ‘ড্রপ, কাভার, হোল্ড অন’ পদ্ধতি। কম্পন শুরু হলে মেঝেতে বসে পড়ুন (ড্রপ), তারপর কোনো শক্ত টেবিল, ডেস্ক বা নিচে জায়গা আছে এমন শক্ত ও দৃঢ় আসবাবের নিচে আশ্রয় নিন (কাভার)। সেখানে গুটিসুটি হয়ে বসে থাকুন (হোল্ড অন)।
তবে শুধু জনগণ সচেতন হলেই চলবে না, সচেতন হতে হবে নগর পরিকল্পনাকারীদেরও। আমরা কখনোই চাই না ভূমিকম্পের সময় ভবন ধসে কারও মৃত্যু হোক।
লেখক: সাংবাদিক, ঢাকা।