ভেঙে খানখান হলেন, কিন্তু মচকালেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২০ এপ্রিল, ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষে রাহুল গান্ধী বলেছিলেন, এই সরকার স্যুট-বুটের সরকার। এই সরকার শিল্পপতিদের সরকার। গরিব চাষিদের জন্য এই সরকারের মনে বিন্দুমাত্র দরদ নেই। চাষিরা মরছে, অথচ প্রধানমন্ত্রী বিদেশ ঘুরছেন! একটা দিনের জন্যও তিনি চাষিদের পাশে গিয়ে দাঁড়াননি।

বিরোধী আসনে বসে সেটাই ছিল রাহুলের প্রথম ভাষণ। সেদিন লোকসভায় প্রধানমন্ত্রী ছিলেন না। রাহুল হুল ফোটাচ্ছেন, রে রে করে উঠছেন বিজেপির সদস্যরা। স্যুট-বুট সরকার কথাটা বলামাত্র সভায় যেন বাজ পড়ল। মাত্র তিন মাস আগে বারাক ওবামার সফরের সময় মোদি নিজের নাম লেখা স্যুট পরে কেলেঙ্কারির একশেষ করেছিলেন। শেষে মান বাঁচাতে সেই স্যুট তাঁকে নিলামে তুলতে হয়েছিল। তারই রেশ টেনে রাহুলের স্যুট-বুট উবাচ। পরের দিন দেশের সব কাগজেই ফলাও করে ছাপানো হয় স্যুট-বুটের উপাখ্যান। রাহুল বলেছিলেন, ‘আচ্ছে দিনের স্বপ্ন দেখানো প্রধানমন্ত্রী এখন কৃষকদের ভাতে মারার তাল ঠুকছেন। জমি বিল পাস হবে না জেনে অর্ডিন্যান্সের রাস্তায় হাঁটতে চলেছেন। এই সরকার শিল্পপতিদের; কৃষকদের নয়।’

সেই যে শুরু, তারপর থেকে রাহুল ক্রমাগত এই স্যুট-বুটের হাতুড়িপেটা শুরু করেন। রাজ্যে রাজ্যে গ্রামে গ্রামে তাঁর একটাই কথা, এই সরকার কৃষকদের কষ্ট বোঝে না। এই সরকার শিল্পপতিদের ইশারায় নাচে। লাগাতার এই প্রচারের ফল? বিহারে ধরাশায়ী নরেন্দ্র মোদি-অমিত শাহ জুটি। ওটাই যে ছিল মোদির অশনিসংকেত, তা তখন বোঝা যায়নি। বোঝা গেল অরুণ জেটলির বাজেট ভাষণের ছত্রে ছত্রে। আর সেটাই রাহুল গান্ধীর শ্লাঘার কারণ।

যে বাজেটটা অরুণ জেটলি ফেব্রুয়ারি মাসের শেষ দিনে পেশ করলেন, তা এক নির্ভেজাল গ্রামীণ ভারত, কৃষক ও কৃষিভিত্তিক বাজেট। নির্বাচনের বাকি এখনো পাক্কা তিনটি বছর। দল ও সরকারে মোদির নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো একজনও এক শ মাইল ব্যাসার্ধের ধারে-কাছে নেই। সুড়ঙ্গের শেষে কোনো লাল সংকেতের ছিটেফোঁটাও দৃশ্যমান নয়। অর্থনীতির ফাঁকফোকর মেরামতের এটাই তো প্রকৃত সময়! এত দিনের রাজনৈতিক দর্শনকে সাকার করতে কোথায় তিনি শিল্পে জোয়ার আনার জন্য উঠেপড়ে লাগবেন, গুজরাট মডেলকে সর্বজনীন করে তুলবেন তা নয়, গ্রাম, কৃষি ও কৃষক নিয়ে মোদি মাতামাতি শুরু করে দিলেন। কেন?

উত্তরটা লুকিয়ে রয়েছে ওই রাহুলের প্রচারের মধ্যেই। বিহার-বিপর্যয়ের পর বিজেপির জন্য আরও বড় সুনামি অপেক্ষায় রয়েছে বলে মোদির বিশ্বাসভাজনদের বিশ্বাস। কারণ, দিকে দিকে বার্তা রটে গেছে, মোদির নজর গ্রামে নেই, কৃষিতে নেই, কৃষকে নেই। তাঁর নজর শিল্পে, ডিজিটাল ইন্ডিয়ায়, মেক ইন ইন্ডিয়ায়, স্মার্ট সিটিতে, স্টার্টআপে, বুলেট ট্রেনে, বিদেশ সফরে, স্যুট-বুট আদমিদের দিকে। পাঁচ রাজ্যের ভোটে সেই প্রচার আরও জোরালো করে তুলে বিরোধীরা আগামী বছর পাঞ্জাব ও উত্তর প্রদেশে বিজেপির কবরে মাটি দেওয়ার কাজটা এগিয়ে রাখবে। এই আশঙ্কাটা যত বেড়েছে, ততই কুঁকড়ে গেছেন মোদি। ক্ষমতায়নের দুই বছরের মধ্যেই গ্রামীণ ভারতের এই ‘আস্থার ঘাটতি’ ঘোচাতে মোদি তাঁর এযাবৎ লালিত দর্শনের ভোল বদল করে ফেললেন। দেশকে উপহার দিলেন কৃষিভিত্তিক বাজেট। ‘ইন্ডিয়া’ থেকে চোখ ফিরিয়ে দৃষ্টি নিবদ্ধ করলেন ‘ভারতে’।

কিন্তু মচকালেন না এখনো। আর তা না করার জন্য গোটা দেশ এসে দাঁড়িয়েছে অন্য এক বিপদের মুখে। অথচ ভোটে জেতার আগে ও পরে মোদি একাধিকবার বলেছেন, তিনি কোনো দলের নন, গোটা দেশের প্রধানমন্ত্রী। গুজরাটের ‘কসাই’ হিসেবে যে কলঙ্কটা তাঁর ললাটে লেপা ছিল, সেটা মুছে ফেলার প্রাণপণ চেষ্টা তিনি ও তাঁর সাঙ্গপাঙ্গরা করে এসেছেন। মানুষ তা বিশ্বাস করেছে কি করেনি সেটা ভিন্ন প্রশ্ন। নির্বাচনে জেতার পর তিনি নিজেও একবার বলেছিলেন, অন্যায় যদি কখনো করেও থাকেন তাহলে ক্ষমাপ্রার্থী। অনেকেই ভেবেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি তাঁর অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকাবেন। যে আদর্শ ও মনোভাব এযাবৎ লালন করে এসেছেন, যে বিশ্বাস তাঁর রক্তের প্রতিটি কণায়, বহুত্ববাদী ভারতীয় সমাজের সার্বিক মঙ্গলের কারণে সেই বিশ্বাসকে তিনি সিন্দুকে পুরে ফেলবেন। রাশ টানবেন সেই মতের বিশ্বাসীদের আগ্রাসী আচরণে। দুঃখের কথা, দুটি বছর কাটতে চলেছে, অথচ একবারের জন্যও দৃঢ়ভাবে প্রধানমন্ত্রী একটা কথাও বললেন না, যা কিনা বিবিধের মাঝে মিলনের মহান বাণীকে তুলে ধরে।

এই দুই বছরে উগ্র মানসিকতা ও চরম অসহিষ্ণুতার কোন কোন ছবি আমরা প্রত্যক্ষ করলাম? মুজফফরনগরের দাঙ্গা, ঘর ওয়াপসি, লাভ জিহাদ, দাদরি হত্যাকাণ্ড, পাকিস্তানি গজলসম্রাট গুলাম আলীকে মুম্বাইয়ে ঢুকতে না দেওয়া, গোমাংস নিষিদ্ধকরণ, যুক্তিবাদী লেখক হত্যা, কিছু না কিছু একটার পর একটা ঘটেই চলেছে। একটা সময় বিরক্তির শেষ সীমায় পৌঁছে দেশের শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানীরা প্রতিবাদ জানাতে খেতাব ফেরত দেওয়ার কাতারে দাঁড়িয়ে পড়লেন। তাঁরা ঠিক না বেঠিক, সেই প্রশ্নের চেয়েও বড় হয়ে ওঠে এই বিষয়ে সরকারের সর্বোচ্চ ব্যক্তির ভূমিকা। অথচ ভারতের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোনো অভিমত জানাতে পারেননি। পারেননি না চাননি, সেটাও একটা বিতর্ক। নাহলে আমির খানকে কেন সরতে হয় ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে? বিস্ময় জাগে, একটা দেশ যখন অসহিষ্ণুতা নামক বিতর্কে খই-ফোটা ফুটছে, নরেন্দ্র মোদি তখনো মৌন থাকেন কী করে! কোন বার্তা এ থেকে দিকে দিকে ছড়িয়ে যায়, একবারও কি তা তিনি ভেবে দেখেননি? দেখে-বুঝেও যদি নিরুত্তর থাকেন, কী বোঝা যায় তাহলে? যা ঘটছে তাতে তাঁর সম্মতি রয়েছে?

একেবারে টাটকা উদাহরণ ছাত্র বিক্ষোভ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) সম্প্রতি যা ঘটেছে, তার ঢেউ ভারতীয় সংসদেও আছড়ে পড়েছে। এ নিয়ে দেশে ঘটে গেছে এক অদ্ভুত মেরুকরণ। এক দিকে উগ্র দক্ষিণপন্থী ভাবধারা, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) আদর্শ, অন্য দিকে তার বিরুদ্ধ মতবাদ। রাজনীতিগতভাবে ক্রমেই ম্লান হয়ে আসা মোদির ক্যানভাসে ঔজ্জ্বল্যের নতুন প্রলেপ চাপিয়ে হিন্দুত্বের ধ্বজা ওড়াতে বিজেপি ও তার সহযোগীরা এই সুযোগটা কাজে লাগিয়ে জেএনইউয়ে যেমন ঢুকে পড়েছে, তেমনই চাগিয়ে দিতে চেয়েছে দলীয় সমর্থকদের মিইয়ে পড়া মনোবলকে। আর সেই কাজে তারা নামিয়ে দিয়েছে রাষ্ট্রকেও। নাহলে ছাত্রনেতা কানহাইয়া ও তাঁর অন্য সহযোগীদের বিরুদ্ধে দিল্লি পুলিশ দেশদ্রোহিতার অভিযোগ আনবে কেন? কেনইবা একই অভিযোগে টেনে আনা হবে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি বা অরবিন্দ কেজরিওয়ালদের?

অদ্ভুত ব্যাপার, এত বড় একটা কাণ্ড যা কিনা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও চর্চিত, নরেন্দ্র মোদিকে তাও টলাতে পারেনি। দেশপ্রেম ও দেশদ্রোহিতার সংজ্ঞা তাঁর লেঠেলরা বদলে দিচ্ছে, তিনি চুপ। প্রশ্নহীন গণতন্ত্র যে স্বৈরতন্ত্রেরই নামান্তর, সে কথা বলার কোনো তাগিদও তিনি অনুভব করছেন না। বলতে পারছেন না এই কথাও, মত বিরুদ্ধে গেলেও সেটাই গণতন্ত্রের মাধুর্য। অথচ বিদেশবিভুঁইয়ে গিয়ে গর্ব করে বলেন, আমি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক, বহুত্ববাদী ও বৈচিত্র্যপূর্ণ দেশের প্রতিনিধি!

হয়তো এটাই তাঁর ধনুর্ভঙ্গপণ, ভেঙে খানখান হবেন কিন্তু মচকাবেন না।

সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।