
এই কিছুদিন আগে পর্যন্ত ভেনেজুয়েলা মুক্ত ও সম্পদশালী দেশ ছিল। বিশ্বের সর্বাধিক তেলের রিজার্ভ নিয়ে তার গর্ব ছিল, দেশটির মানুষও ছিল চমৎকার। এমনকি কলম্বিয়ায় ফার্ক বিদ্রোহীদের সঙ্গে যখন সরকারের যুদ্ধ চলছিল, তখন লাখ লাখ কলম্বিয়ার নাগরিক সহিংসতা থেকে বাঁচতে ভেনেজুয়েলায় আশ্রয় নেয়। আর আজ ব্যাপারটা উল্টে গেছে। একদিকে যখন কলম্বিয়ায় ফার্কদের বিরুদ্ধে ৫০ বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে, তখন ভেনেজুয়েলা অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে।
কলম্বিয়ার সঙ্গে ভেনেজুয়েলার মিল অনেক। তাই আমরা সব সময় চাই ভেনেজুয়েলা সমৃদ্ধ হোক। সে কারণে আমরা আরও অনেক রাষ্ট্র ও বিশ্বনেতাদের মতো নিকোলাস মাদুরো ও বিরোধী নেতাদের তাড়না দিচ্ছি, যাতে তাঁরা সংকটের সম্মানজনক সমাধানে আসতে পারেন।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মৃত হুগো চাভেজের চিন্তার মধ্যেই সংকটের বীজ নিহিত রয়েছে, যিনি ১৯৯৯ সালে দেশটির প্রেসিডেন্ট হন। তখন তিনি ব্যাপক সমর্থন পেয়েছিলেন, এমনকি ব্যবসায়িক ও বাণিজ্যিক খাতও তখন তাঁকে সমর্থন দিয়েছিল। তখন তাঁর বিরোধী তেমন কেউ ছিল না। কিন্তু তাঁর তথাকথিত ‘বলিভীয় বিপ্লব’ নিয়ে আমার সন্দেহ ছিল, আমি সেটা বলেওছিলাম। বস্তুত সাংবাদিক হিসেবে আমি তখন চাভেজের সবচেয়ে কট্টর কলম্বিয়ান সমালোচক হয়ে উঠি।
২০১০ সালে আমি যখন কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হই, তখন আমি মনোভঙ্গি বদল করি। জাতির দায়িত্ব গ্রহণের সময় মানুষের দায়িত্ববোধ তীব্র হয়, ঠিক প্রথম সন্তান জন্মের পর মানুষের যা হয়। দেশের স্বার্থেই আমাকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হয়েছে। এ ছাড়া আমাদের পক্ষে কলম্বিয়ার মানুষের মহান স্বপ্ন পূরণ করা সম্ভব হতো না: লাতিন আমেরিকার সবচেয়ে পুরোনো ও বড় গেরিলা বাহিনী।
তো ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কোন্নয়নের মানে কিন্তু এই নয় যে চাভেজ ও আমাকে সব বিষয়ে একমত হতে হবে, সেটা অসম্ভব ব্যাপার। আমাদের মধ্যকার পার্থক্যকে সম্মান করতে হবে এবং একই সঙ্গে মানুষের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, সেটা করা। অভিন্ন ইতিহাস ও উদ্দেশ্যের জন্য এটা সম্ভব হয়েছে। আর সামান্য রসের কথা আর নাই-বা বললাম, যার কারণে আমাদের ব্যক্তিগত সম্পর্ক বৈরী থেকে আন্তরিক হয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান যখন প্রথমবারের মতো পরামাণবিক অস্ত্রভান্ডার হ্রাস করতে রুশ নেতা মিখাইল গর্বাচভের সঙ্গে দেখা করেন, তখন তিনি একদম নীরস ছিলেন। তিনি কমিউনিজম গ্রহণ করতেন না, আবার গর্বাচভও পুঁজিবাদ গ্রহণ করতেন না। তথাপি রিগ্যান এই বলে শেষ করেন যে পৃথিবীকে পারমাণবিক বিপর্যয় থেকে বাঁচানোর উচ্চ আদর্শ সামনে নিয়ে তাঁদের কাজ করা উচিত। আর তাঁরা ঠিক এটাই করেছিলেন।
চাভেজের দারুণ রসবোধ কাজে এসেছে। আমরা নিজেদের পার্থক্য নিয়ে সব সময় মজা করতাম। আমি তাঁকে বলেছিলাম, বলিভীয় বিপ্লব ব্যর্থ হবে আর বলিভিয়ার ভাবমূর্তি নষ্ট হবে। উত্তরে তিনি বলেন, লাতিন আমেরিকার বীর সানতানদারের মতো আমি নিজেও একজন নব্য উদারনীতিবাদী গোষ্ঠীর সদস্য।
কিন্তু রিগ্যান ও গর্বাচভের মতো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা পরস্পরের পছন্দের মডেলের সমালোচনা করব না অর্থাৎ একুশ শতকের সমাজতন্ত্র বনাম তৃতীয় পথ। ইতিহাস রায় দেবে—এই ছিল আমাদের মতৈক্য। এই বোঝাপড়া নিয়ে ২০১৩ সালে তাঁর মৃত্যু পর্যন্ত আমরা ঘনিষ্ঠ ছিলাম।
এখন ইতিহাস রায় দিয়েছে, যেটাকে চূড়ান্ত বলা যায়। গত কয়েক বছরে কলম্বিয়া লাতিন আমেরিকার গড় মানের ওপরে
উঠে গেছে, যেখানে মুদ্রাস্ফীতির মাত্রা ৪ শতাংশের কম। কলম্বিয়া বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে। একই সঙ্গে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা সংস্কারে সে অনেক দূর চলে গেছে।
অন্যদিকে ভেনেজুয়েলার অর্থনীতি বিপুল ঋণের বোঝায় ৪০ শতাংশ সংকুচিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি মূল্যস্ফীতি সেখানেই দেখা যায়। ৮২ শতাংশ ভেনেজুয়েলার নাগরিক এখন দরিদ্র। সেখানে বৈদেশিক মুদ্রা, ওষুধ ও খাদ্যের ব্যাপক ঘাটতি আছে। অপুষ্টি ব্যাপক আকার ধারণ করেছে। ২০১৬ সালের তথ্যানুসারে হাসপাতালে মাতৃমৃত্যুর হার পাঁচ গুণ বেড়েছে। আর নবজাত শিশুমৃত্যুর হার বেড়েছে কয়েক শ গুণ।
বর্তমান শাসক মাদুরো চাভেজের পছন্দের লোক, তিনি ভেনেজুয়েলার বিপর্যয়ের জন্য কলম্বিয়াকে দায়ী করেন। আমি যখন বললাম, সাত বছর আগেই আমি চাভেজকে বলেছিলাম যে এই অর্থনৈতিক কর্মসূচি ব্যর্থ হবে, তখন মাদুরো কষ্ট পেয়েছিলেন।
তবে অর্থনৈতিক সংকটের চেয়ে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট আরও মারাত্মক। কয়েক বছরের মধ্যে দেশটির গণতন্ত্র এক রকম ধ্বংস হয়ে গেছে। দেশটি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। নাগরিকদের মৌলিক মানবাধিকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
ব্যাপারটা হলো চাভেজের মৃত্যুর আগ পর্যন্ত গণতান্ত্রিক রূপ মেনে চলা হয়েছে। মাদুরোও প্রথম প্রথম তা মেনে চলেছেন। তিনি অন্তত কিছু সময়ের জন্য ২০১৫ সালের নির্বাচনে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা মেনে নিয়েছিলেন। কিন্তু এরপর ভেনেজুয়েলার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো লক্ষ্য করে যেন একের পর এক গোলা ছোড়া হলো। গত মাসে মাদুরোর শাসন আরও পাকাপোক্ত করার লক্ষ্যে সংবিধান পুনর্লিখনের জন্য অবৈধ সংবিধান সভা গঠন করেন, যার মধ্য দিয়ে এই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
এ সংকটের ন্যায্য ও গ্রহণযোগ্য সমাধানের জন্য কলম্বিয়া আলোচনার প্রস্তাব দিয়েছে। এ সমাধানের প্রস্তাবে ভেনেজুয়েলার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, যার লক্ষ্য হবে শান্তি পুনরুদ্ধার। কিন্তু ভেনেজুয়েলার মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করায় মাদুরো আমাকে বিশ্বাসঘাতক বলেছেন। তিনি হয়তো ভেবেছিলেন, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি স্থাপনে সহায়তা করায় ভেনেজুয়েলার সঙ্গে আমাদের অন্ধ বন্ধুত্ব হয়েছে। কিন্তু বাস্তব আন্তর্জাতিক সম্পর্কে ব্যাপারটা এমন নয়। বরং একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমার আরও উচ্চকণ্ঠ হওয়ার দায় আছে।
তবে আমি একাই নই। যারা শান্তি ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ তারা ভেনেজুয়েলার মতো মহান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও উচ্চকণ্ঠ হবেন। সেখানে একনায়কতন্ত্র চলতে দেওয়া যায় না। বিশেষ করে যখন এই মহাদেশটি দীর্ঘকাল পর শান্তি অর্জন করেছে।
যাহোক, ভেনেজুয়েলার জন্য আমাদের চোখ সজল হয়ে উঠেছে।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
হুয়ান মানুয়েল সান্তোস: রিপাবলিক অব কলম্বিয়ার প্রেসিডেন্ট।