ভেবেছিলাম আমাকে হয়তো মেরে ফেলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে জ্যেষ্ঠতম বাঙালি সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম আর মজুমদার ছিলেন চট্টগ্রামে অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার। চট্টগ্রাম বন্দরে নোঙর করা অস্ত্রবাহী পাকিস্তানি জাহাজ এমভি সোয়াত থেকে অস্ত্র নামাতে কৌশলে বাধা দেন তিনি। ২৭ মার্চ তিনি গ্রেপ্তার হন। পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে তাঁর ওপর অমানুষিক নির্যাতন করা হয়। এইসব ঘটনাবলি এবং তাঁর ওপর নির্যাতনের বিবরণ প্রথম আলো ধারাবাহিকভাবে প্রকাশ করছে।
এম আর মজুমদার
এম আর মজুমদার

দুররানি বলল, ‘বাহ্, আপনার হুঁশ ফিরেছে দেখছি, ঠিক আছে, উঠে দাঁড়ান।’ সেনারা একটি চেয়ার, টুল ও এক জগ পানি নিয়ে আসে, ওই পানি পান করে আমি তৃষ্ণা মেটাই। দুররানি বললেন, ‘আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো লিখুন, তা না হলে কী পরিণতি হবে, সেটা তো দেখলেন।’ ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি এ কথাটা বললেন, যেখান থেকে দড়ি, বৈদ্যুতিক তার ও নির্যাতনের উপকরণগুলো ঝুলছিল। ‘এসবই আপনার ওপর প্রয়োগ করা হবে, যদি নিজের ভালো চান, তাহলে যা বলা হচ্ছে তা-ই করুন।’
আমি বললাম, ‘আপনি লিখলেই ভালো হয়, আমি সই করে দেব।’ তিনি ভাবলেন, আমি হয়তো লিখতে পারব না অথবা আমি যদি লিখি তাহলে ঠিকমতো লিখব না, এতে মামলা দুর্বল হয়ে যাবে। তিনি আমার কথায় রাজি হন। এরপর তাঁরা আমার সঙ্গে যথাযথ ব্যবহার করতে শুরু করেন। এই প্রথমবারের মতো আমাকে ভাত-মাংস দেওয়া হলো। কিন্তু আমার শরীর বেদনায় নীল হয়ে গিয়েছিল, বিশেষ করে পায়ুপথ ও অণ্ডকোষে প্রচণ্ড ব্যথা ছিল। আমি দুররানিকে বললাম, ‘ভাই, আমার অবস্থা খুবই খারাপ, আমি প্রস্রাব করতে পারছি না।’
তিনি বললেন, ‘বিকেলবেলা আমরা আপনাকে চিকিৎসকের কাছে নিয়ে যাব।’ দুর্গে একটি হাসপাতাল ছিল। চিকিৎসক আমার পরীক্ষা-নিরীক্ষা করে দেখলেন, আমার পুরুষাঙ্গের ছিদ্র বন্ধ হয়ে গেছে, অণ্ডকোষ ফুলে গেছে আর পায়ুপথ সংক্রমিত হয়েছে। চিকিৎসক বললেন, ‘তাঁর অবস্থা খুবই খারাপ, তাঁকে এখানে রেখে চিকিৎসা দিতে হবে।’
দুররানি দ্বিমত করলেন, ‘তাঁকে এখানে রাখা সম্ভব নয়।’ এরপর চিকিৎসক দুররানিকে কিছু বললেন, যেটা আমি শুনতে পাইনি। তাঁর কথা শুনে দুররানি আমাকে হাসপাতালে রাখার ব্যাপারে আশ্বস্ত হলেন। রাতে আমাকে বেদনানাশক দেওয়া হলো। দুই-তিন দিন পর আমাকে হাসপাতাল থেকে ছাড়া হলো।
জিজ্ঞাসাবাদ কেন্দ্রে ফেরত আসার পর দুররানি বললেন, ‘আপনি ভালো ইংরেজি জানেন, আমি উর্দুতে বলব আপনি ইংরেজিতে লিখে নেবেন।’ এই পর্ব হয়ে গেলে তিনি বলেন, ‘এখানে যা লিখলেন, ম্যাজিস্ট্রেটদের সামনে তা-ই বলতে হবে, এরপর আপনি এটায় সই করবেন। আগামীকাল আপনাকে একজন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাব।’
পরবর্তী দিন দুররানি ও শফি গাড়িতে করে আমাকে লাহোরের এক ম্যাজিস্ট্রেটের চেম্বারে নিয়ে গেলেন। ম্যাজিস্ট্রেটের চেম্বারে প্রবেশ করার সময় নেমপ্লেটে তাঁর নাম দেখলাম ‘বাজওয়া’। তিনি আমাকে কোমল পানীয় দিলেন। তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন, যেমন আমি কোথা থেকে এসেছি, কোথায় পড়াশোনা করেছি ইত্যাদি। তাঁকে বললাম, ‘আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছি।’ তখন আমি তাঁকে বললাম, ‘ভাই, আপনি তো রাজনীতিক নন, ম্যাজিস্ট্রেট, একজন শিক্ষিত ব্যক্তি।’ আমার ভাইও একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। আমি জানি, ম্যাজিস্ট্রেটরা নীতিমান মানুষ। পুলিশ যখন কাউকে নির্যাতন করার পর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, তখন সেই বন্দী আশা করেন, তিনি বিচার পাবেন, আর তিনি সঠিক বিবৃতিও দেওয়ার প্রত্যাশা করেন। আপনার কাছে আমার যে জবানবন্দি পেশ করা হয়েছে, সেটা আমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নয়। পুলিশ আমাকে নির্মমভাবে নির্যাতন করে এতে সই করতে বাধ্য করেছে। সেনাবাহিনীর একজন কর্নেল ইয়াসিন মিথ্যা বিবৃতি দিয়েছে আর পুলিশ আমাকে সেটায় সই করতে বাধ্য করেছে। আমি আপনার সামনে অস্বীকার করছি, ওই বিবৃতি আমি দিইনি।’
ম্যাজিস্ট্রেট জবাব দিলেন, ‘ব্রিগেডিয়ার সাহেব, আপনি এখন সামরিক আইনের অধীনে আছেন। আর আপনি যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি অস্বীকার করেন, তাহলে পুলিশ আপনাকে আরও নির্মমভাবে নির্যাতন করতে পারে। এমনকি আপনাকে নির্যাতন করে মেরেও ফেলা হতে পারে। ফলে সবকিছু স্বীকার করে নেওয়াই ভালো।’
আমি বুঝলাম, এই ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসলে একই শ্রেণিভুক্ত। আমি বললাম, ‘আপনি যদি এ কথা বলেন, তাহলে আমি সই করব।’
এরপর আমাকে আবার পুলিশ সদর দপ্তরে ফেরত নিয়ে যাওয়া হয়। কয়েক দিন পর ব্রিগেডিয়ার এজাজ সেখানে আসেন। তিনি বলেন, স্বীকারোক্তির ভিত্তিতে আপনার কোর্ট মার্শাল হবে। তিনি আসার আগে দুররানি আমাকে হুমকি দেন, আমি যেন এমন কিছু না বলি ও করি, যাতে তিনি বুঝতে পারেন, আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে অন্তত ১০টি কনডেমড সেলে একাকী বন্দী রাখা হয়েছে। ফলে আমার খাওয়া-দাওয়া, ঘুম ও নামাজ অনিয়মিত হয়ে পড়ে। ভেবেছিলাম আমাকে হয়তো মেরে ফেলা হবে বা কোর্ট মার্শাল করা হবে।
মালাকান্দ দুর্গে আমি অসুস্থ হয়ে পড়ি। আমি একদিকে জ্বরে ভুগছিলাম, অন্যদিকে পায়ুর সংক্রমণে। আমার মুখ ফুলে গিয়েছিল। শেষমেশ, চিকিৎসার জন্য আমাকে মারদান সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালের বিছানায় শুয়েই জানতে পারলাম, ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৯৭২ সালের ১৫ জানুয়ারি পাকিস্তান আমাকে মুক্ত করে দেয়। সেখান থেকে আমি রাওয়ালপিন্ডির এক আত্মীয়ের বাড়িতে যাই। জানতে পারি, আমার পরিবারের সদস্যরা ঢাকায় চলে গেছে।
১৯৭২-এর মার্চে পাকিস্তানের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ১৯৭১ সালের যুদ্ধ-বিষয়ক কমিশন আমাকে ডেকে পাঠায়। ১০ মার্চ আমি কমিশনের সামনে হাজির হই। আমি কমিশনের কাছে মৌখিক ও লিখিত বিবৃতি দিই, তাঁকে জানাই, পুলিশ নির্যাতন করে আমার কাছ থেকে ওই তথাকথিত বিবৃতি নিয়েছে। ফলে আমাকে আবারও গ্রেপ্তার করা হয়, সেখান থেকে আমার প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা দুর্গে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আমাকে ১৯৭৩ সালের ৫ নভেম্বর পর্যন্ত একাকী বন্দী রাখা হয়। এরপর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তির আলোকে ৬ নভেম্বর আমি বাংলাদেশে ফিরে আসি। (শেষ)
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
সূত্র: টরমেন্টিং সেভেন্টি ওয়ান: অ্যান অ্যাকাউন্ট অব পাকিস্তান আর্মি’স অ্যাট্রোসিটিজ ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১, সম্পাদক: শাহরিয়ার কবির, ‘আই ওয়াজ পুট ইন আ গানি ব্যাগ অ্যান্ড কেপ্ট ইন দ্য স্কর্চিং সান’, ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.), নির্মূল কমিটি (কমিটি ফর রেজিস্টিং কিলারস অ্যান্ড কোলাবরেটরস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১), ঢাকা, নভেম্বর ১৯৯৯।
ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.): সাবেক সেনা কর্মকর্তা (১৯২২–২০১১)।