ভোঁতা অস্ত্রটি তুলে নিল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ ও ইট-বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ খালেদা জিয়া
পুলিশ ও ইট-বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ খালেদা জিয়া

তাও ভালো যে বিএনপি দুই-তিন দিনের হরতাল ডাকেনি। অবরোধের ডাক দিয়েছে। হরতাল বা অবরোধের অস্ত্রগুলো যে এখন ভোঁতা হয়ে গেছে, সেটা সবাই বোঝে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও যে বোঝেন না, তা নয়। সে জন্যই হরতালে না গিয়ে অবরোধ। হরতালের চেয়ে একটু কম মাত্রার প্রতিবাদ। কিন্তু গাড়িঘোড়া তো রাস্তায় নেমে গিয়েছে। ঠেকাবে কে?

দুঃখের বিষয় হলো, এই ভোঁতা অস্ত্রটি হাতে গছিয়ে দিয়েছে সরকার, বুঝে না বুঝে বিএনপি সেটা লুফে নিয়েছে। এর আগে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার জন্য অঘোষিতভাবে বাস-ট্রাক চলাচল বন্ধ করা হয়েছে, যা আসলে সরকারি অবরোধ। তারা বিএনপির সমাবেশের অনুমতি দিল না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে পুলিশ ও ইট-বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রাখল। দরজায় তালা মারল। বিএনপির পল্টন অফিসেরও একই অবস্থা। মোটকথা বলপ্রয়োগে বিএনপিকে সমাবেশ করতে দিল না সরকার। বিএনপি আর কীই-বা করতে পারে? তারা সরকারি অবরোধের অস্ত্রটি নিজেরাই তুলে নিল।

কিন্তু সরকার এত বোকামি করে কেন? বিএনপি সমাবেশ করলে কী হয়? এ জন্য একেবারে সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে? তাদের যুক্তি হলো, যেহেতু ছাত্রলীগ আগে থেকেই বলে রেখেছে বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে না, তাই অশান্তি হতে পারে, রাজনৈতিক সংঘাত হতে পারে। সমাধান হিসেবে পুলিশ নিষেধাজ্ঞা জারি করল! কিন্তু দেশে-বিদেশে এর প্রতিক্রিয়া কী হতে পারে, সেটা কি সরকার একবারও ভেবে দেখেছে? পুলিশি নিষেধাজ্ঞার খবরটি ৫ জানুয়ারি নিউইয়র্ক টাইমস পত্রিকা ছেপেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ পত্রিকায় খুব জরুরি খবর না হলে ছাপার কথা নয়। তা ছাড়া বাংলাদেশের কোথায় কী হচ্ছে, সে খবরে কারই বা এত মাথাব্যথা। তার পরও খবরটি সেখানে স্থান পেয়েছে। এটা সরকারের জন্য একটা সতর্কবার্তা হিসেবে দেখা দরকার। বিরোধী দলের সমাবেশ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি করা উচিত কি না, তা সরকারকে ভেবে দেখতে হবে।

এখন আসি ভোঁতা অস্ত্রের কথায়। কেন ভোঁতা? কারণ, এই পদ্ধতির আন্দোলনে মানুষ এখন আর আগের মতো মাঠে নামে না। এর অনেক কারণ আছে। বিএনপিকে সেসব খুঁজে দেখতে হবে। কিন্তু পুরোনো কায়দার আন্দোলন চালাতে গেলে পদে পদে হোঁচট খেতে হবে। সান্ত্বনা পাবেন হয়তো নেতা-কর্মীরা। যা হোক একটা হাঁকডাক থাকল রাজনীতির মাঠে। কিন্তু যতক্ষণ মানুষ দলে দলে এ ধরনের কর্মসূচিতে মাঠে না নামবে, তত দিন গরম রাজনীতিতে বিরত থাকাই ভালো।

প্রশ্ন উঠবে, বিএনপির আর কী করার ছিল? তাদের নেতাকে ঘর থেকে বের হতে দেবে না। নেতা-কর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করবে। মামলা দিয়ে হয়রানি করবে। তাহলে প্রতিবাদের কী পথ আছে? আছে একটা। ধৈর্য ও দল গোছানো। একটা সময় আসবে, যখন মানুষ পথে নামবে। এখন বাস্তবসম্মত রাজনীতির সময়।

বিএনপি অবরোধের ডাক না দিয়ে যদি ঢাকায় বড় সমাবেশের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিত, তাহলে হয়তো সাড়া পাওয়া যেত। কারণ, সমাবেশ করতে না দেওয়ার কোনো যুক্তি নেই। সরকার যে নিষেধাজ্ঞা জারি করে অন্যায় করেছে, তা সবাই বলছে। মানুষের সেই মনোভাবকে নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা করাই হতে পারত খুব শক্তিশালী একটা অস্ত্র। সরকার কত দিন খালেদা জিয়াকে অফিসে আটকে রাখবে? কত দিন বিএনপির সমাবেশ বন্ধ করে রাখবে? একসময় সরকারকেই বলতে হতো, আসেন, সমাবেশ করেন। সেটাই হতে পারত বিএনপির জনসম্পৃক্ত আন্দোলনের বড় ধরনের সূচনা।

ফুটফাট বোমা, পেট্রলবোমা, ঝটিকা মিছিল, বাসে আগুন—এসব এখন বাদ দেওয়া উচিত। মানুষ যে আন্দোলনে থাকবে, সেটাই এখন দরকার।

কথাগুলো অবাস্তব শোনায়। মনে হয়, বিএনপিকে ঘরে বসিয়ে রাখার দুর্বুদ্ধি। কিন্তু বোমা ফুটিয়ে কি ক্ষমতার মসনদে যাওয়া যাবে? চেষ্টা তো কম করেনি বিএনপি। কী লাভ হলো? আজ আওয়ামী লীগ বহাল তবিয়তে ক্ষমতার লাঠি ঘোরাচ্ছে। এটা কেউ চায় না। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন, সংসদে শক্তিশালী বিরোধী দল, সভা-সমাবেশের স্বাধীনতা, গুম-খুন বন্ধ—এসবই তো সবার দাবি। মানুষ যখন দেখবে এসব ন্যায্য দাবি মানতে চায় না সরকার, সব পথ বন্ধ; তখন একটা পরিবেশ সৃষ্টি হবে।

কিন্তু সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি যদি অবাস্তব কর্মসূচি নিয়ে শুধু দলীয় কর্মীদের শক্তিতে সবকিছু করে ফেলতে চায়, তাহলে সাধারণ মানুষ আড়ালেই থেকে যাবে। যেটা দেখা গিয়েছে গত নির্বাচনের সময়। বিএনপি ছাড়া কোনো নির্বাচনের কথা মানুষ ভাবতেই পারে না। কিন্তু মানুষ মেরে, পুলিশ মেরে, রেললাইন উপড়ে, গাছ কেটে সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন জোট এমন তাণ্ডবের রাজত্ব কায়েম করল যে মানুষ পেছনে সরে গেল। সেই মানুষকে সামনে আনতে হবে। এটাই এখন বিএনপির মূল রাজনৈতিক কৌশলের লক্ষ্য হওয়া উচিত।

খালেদা জিয়া কয়েক দিন আগে যে সাত দফা কর্মসূচি দিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে, সেটাই যথার্থ পদক্ষেপ। রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। সরকারের পক্ষে খুব বেশি দিন এই প্রস্তাব না শুনে চলা সম্ভব হবে না। আলোচনা না করার কী যুক্তি থাকতে পারে? মানুষ এখন সবই বোঝে। যদি সরকারের একগুঁয়েমির কারণে দেশে রাজনৈতিক অশান্তি চলতে থাকে, তাহলে সরকারের বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই রুখে দাঁড়াবে। কিন্তু সে সময় পর্যন্ত ধৈর্য ধরার পরীক্ষায় বিএনপি কতটা সফল হবে, সেটাই প্রশ্ন।

সরকার মুখে যত কথাই বলুক না কেন, তাদেরও কিন্তু একটু ভয় আছে। ভাঙাচোরা, কার্যত বিরোধী দলশূন্য সংসদ নিয়ে কত দিন চলবে? সবকিছুরই একটা সীমা আছে। সেটা সরকারও বোঝে। সুতরাং আলোচনা অবশ্যম্ভাবী। আগামী নির্বাচন, সেটা যখনই হোক না কেন, বিএনপিসহ সব দল যেন অংশ নেয়, তার ব্যবস্থা করা সরকারেরও দায়িত্ব।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাপ্তাহিক দি ইকোনমিস্ট পত্রিকা (দি ওয়ার্ল্ড ইন ২০১৫ সংখ্যা, পৃষ্ঠা ১১৩) বাংলাদেশের ওপর যেসব তথ্য দিয়েছে, তা খুব গুরুত্বপূর্ণ। তারা লিখেছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ, মাথাপিছু জিডিপি ১ হাজার ৯০ ডলার (পিপিপি বা ক্রয়ক্ষমতার হিসাবে ২ হাজার ৯১০ ডলার) এবং মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৩ শতাংশ। ২০০৫ সালের পর থেকে বেতন বৃদ্ধি পায় ৬০ শতাংশ, যা ভিয়েতনামের সামান্য কম। এসব দি ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের তথ্য। পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ২, মালয়েশিয়ার ৫ দশমিক ৪, থাইল্যান্ডের ৪ দশমিক ৫, সিঙ্গাপুরের ৩ দশমিক ৮, তাইওয়ানের ৩ দশমিক ৩ শতাংশ। স্পষ্টতই প্রবৃদ্ধির হার বাংলাদেশের বেশ ভালো। মুদ্রাস্ফীতিও এক অঙ্কের ঘরে। এখন এই অবস্থা যদি ধরে রাখতে পারে, তাহলে সরকারের সুবিধা। আর যদি রাজনৈতিক গোলযোগ চলতে থাকে, তাহলে সরকারের সমস্যা।

তাই সরকার যদি আলোচনায় বসে, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক মীমাংসার পথ রোধ না করে, তাহলে সুবুদ্ধির পরিচয় দেবে। আর যদি মনে করে আলোচনা ছাড়াই তো দিব্যি চলে যাচ্ছে, তাহলে সরকার নিজেই নিজের বিপদ ডেকে আনবে। কারণ ছাত্রলীগ, যুবলীগসহ লীগ পরিবারের সংগঠনগুলো চাঁদাবাজি, দলবাজি, নিজেদের মধ্যে খুনোখুনি করে অবস্থার বারোটা বাজিয়ে দেবে।

তাই সরকারকে চাঁদাবাজি-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলের লোকজনকে আগে ধরতে হবে। চীনের অর্থনীতির প্রবৃদ্ধি কিছুটা কমেছে। এটা তাদের মাথাব্যথা। তাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছেন। দলের প্রভাবশালী অনেক নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনের সরকারি পত্রিকায় এ ধরনের খবর প্রকাশ হচ্ছে, যা অকল্পনীয়। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার বিকল্প নেই বলেই চীন অভাবিতপূর্ব পদক্ষেপ নিতে শুরু করেছে।

বাংলাদেশ যদি এ রকম সাহস দেখায়, তাহলে সরকার শক্তিশালী হবে। কিন্তু এ সম্ভাবনা কতটা, তা কেবল সরকারই বলতে পারে। আপাতত সে রকম কোনো লক্ষণ নেই।

তাই বিএনপি একটু ধৈর্য ধরে গণসম্পৃক্ত আন্দোলনের প্রস্তুতি নিলে সেটা হবে সঠিক ও ফলপ্রসূ পদক্ষেপ।

আব্দুল কাইয়ুম: সাংবাদিক।