১. সমাজতন্ত্র—অনুশীলনের সংকট
সারা বিশ্বের প্রগতিশীল মানুষের জন্য বিশ্ব সমাজতান্ত্রিক জোটের বিলুপ্তি একটা বিপন্ন বিস্ময়। যে দ্রুতগতিতে ৭০ বছরের অকল্পনীয় সংগ্রাম, আত্মত্যাগ ও পরিশ্রমে গড়া সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তা দুর্বোধ্য। আশ্চর্যের বিষয় এই যে সমাজতন্ত্রের বিলুপ্তি প্রতিরোধের কোনো প্রচেষ্টা দেখা গেল না—মনে হয় সমাজতন্ত্রে কেউ উপকৃত হয়নি, অর্জিত কিছুই রক্ষা করার ছিল না। রুশ বিপ্লব বিশ্বের শ্রমজীবী মানুষকে আশাবাদী করেছিল, নিজেদের শোষকশ্রেণির বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছিল, শ্রেণি শোষণ বিলুপ্তির প্রচেষ্টায় আস্থা জুগিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের ও পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের অবলুপ্তির পর চীন ও ভিয়েতনামে সমাজতান্ত্রিক বা সাম্যবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকা সত্ত্বেও উৎপাদনে ব্যক্তিগত মালিকানার প্রচলনে সমাজতন্ত্র বা সাম্যবাদের বাস্তব উপযোগিতা বিষয়ে সংশয় আরও বেড়েছে। নিরাশা সৃষ্টি ছাড়াও নানা কারণে সমাজতন্ত্রের পতনের পরিণাম ব্যাপক এবং এর প্রতিক্রিয়া দীর্ঘকালব্যাপী বিশ্বরাজনীতি ও রাজনৈতিক চিন্তাধারা প্রভাবিত করবে। অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বিপজ্জনক পরিবর্তন হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক ব্যাপারে কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছে। ক্ষমতার ভারসাম্য ব্যাহত না হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন অনেক সীমিত থাকত।
১৯৬০ সালে মস্কোয় অনুষ্ঠিত ৮১ পার্টির সভা শেষে ঘোষণায় বলা হয়, ‘আমাদের সময়ের প্রধান চরিত্র হলো এই যে এখন সমাজ উন্নয়নের দিকদর্শন বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থাই নির্ধারণ করে।’
‘বিশ্বায়িত ধনতান্ত্রিক ব্যবস্থা একটা প্রচণ্ড ভাঙন ও ক্ষয়ের পর্যায়ের মধ্যে রয়েছে।’
‘সামাজিক প্রগতির জন্য আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অবদানের প্রয়োগে ধনতন্ত্র ক্রমবর্ধমান বাধার সৃষ্টি করছে।’ ৩০ বছরের মধ্যে ওই মূল্যায়ন ভুল প্রমাণিত হয়েছে। ধনতন্ত্রের বিশ্বায়ন প্রায় সম্পূর্ণ; ওই সভার ১০ বছরের মধ্যে সর্বাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লব শুরু হয়, যার শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। বিদ্যুৎ, বিশেষ করে বেতার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিতে (Information Technology) অভূতপূর্ব আবিষ্কার সুদূর গ্রামবাংলার বসতিদের দৈনন্দিন জীবনেও পরিবর্তন এনেছে। এই ঢেউয়ের পরবর্তী পর্যায়ে জীব-সম্পর্ক প্রযুক্তির (bio-technology) প্রাধান্য বাড়বে। সমাজতান্ত্রিক দেশগুলো এই সময়েই দ্রুত পিছিয়ে পড়ে।
এই পরিপ্রেক্ষিতে সমাজতন্ত্রের বাস্তব অনুশীলন মূলতই সম্ভব কি না, সে বিষয়ে সন্দেহ বেড়েছে; নানা দেশে সাম্যবাদী দলের সভ্য বা কর্মীসংখ্যা কমেছে, সমর্থক, সভ্য, নেতা মার্ক্সবাদের সমালোচনায় যোগ দিয়েছে। মার্ক্সবাদে আস্থা হারিয়ে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির কিছু নেতার উদ্যোগে এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করার প্রচেষ্টার মতো অতি প্রতিক্রিয়াশীল পদক্ষেপ অবশ্য বিরল। সাম্যবাদী আদর্শে অনুপ্রাণিত ও দৃঢ়বিশ্বাসী কয়েকজন কমরেডের নেতৃত্বে, যাঁরা শ্রেণিবিভক্ত সমাজে শ্রমিকশ্রেণির নিজস্ব রাজনৈতিক সংগঠনের আবশ্যকতা বিষয়ে সম্পূর্ণ সন্দেহাতীত, তাঁদের কঠোর পরিশ্রমে প্রায়-বিলুপ্ত পার্টির পুনর্জন্ম সম্ভব হয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক পশ্চাৎপদ অবস্থার সংস্কারের প্রচেষ্টায়, নিপীড়িত জনগণের সংগ্রামে, শ্রমিক-কৃষক-খেটে খাওয়া মানুষের ন্যায্য দাবির ও গণতন্ত্রের জন্য আন্দোলনের প্রথম সারিতে সক্রিয় কমিউনিস্টদের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে জড়িত, কারও অজানা নয়। এই ঐতিহ্য অব্যাহত থাকলে তা বাংলাদেশের রাজনৈতিক-সংস্কৃতিকে সমৃদ্ধ করবে, সমাজবিপ্লবের সংগ্রাম চলমান থাকবে, তাতে সন্দেহ নেই।
এখানে ধনতন্ত্রের জয়ধ্বজা উত্তোলন আমাদের উদ্দেশ্য নয়, বাস্তবের মুখোমুখি হওয়ার প্রচেষ্টা। মস্কো সভার ৩০ বছর পর আজ পুঁজির সামাজিক, যৌথ মালিকানায় টেকসই উৎপাদনব্যবস্থা কোথাও প্রচলিত নেই—এই বাস্তবতা অস্বীকার অথবা অবজ্ঞা করে অগ্রসর হওয়া সম্ভব নয়। অস্বীকার করার অর্থ অতীতের ভুলভ্রান্তি থেকে শেখার কিছু নেই—এ ধারণা পোষণ করা। বলা বাহুল্য, অন্য সব বিজ্ঞানের মতো মার্ক্সীয় বিজ্ঞানেও এই মনোবৃত্তির কোনো স্থান নেই।
২. তত্ত্ব ও তত্ত্ব-প্রয়োগের দ্বন্দ্ব
বিজ্ঞানের যেকোনো শাখার সঙ্গে পরিচিত সবাই তত্ত্ব ও তত্ত্ব-প্রয়োগের পার্থক্যের সঙ্গে পরিচিত। অতি সংক্ষেপে, এর কারণ তত্ত্ব সৃষ্টির প্রক্রিয়ায় সাধারণত জটিলতা এড়ানোর প্রয়োজনে অনেক কিছুর প্রভাব উপেক্ষা করা সম্ভব হয়। কিন্তু বাস্তবে সেসব এড়ানো যায় না।
মার্ক্সবাদ ব্যক্তিগত মালিকানা উৎখাত করে সামাজিক মালিকানায় উৎপাদনের ব্যবস্থা স্থাপনের পক্ষে। ১৯১৭ বলশেভিক বিপ্লবের পর উৎপাদনব্যবস্থা রাষ্ট্রের অধীনে আনার প্রকল্প শুরু হয়। তবে মনে হয় না ক্ষমতা দখলের আগে পার্টি এই দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।
মার্ক্সীয় বিজ্ঞান সমাজবিবর্তনের বিজ্ঞান। এ বিষয়ে গভীর পড়াশোনা, গবেষণা ও ভাবনাচিন্তার পর মার্ক্স দ্ব্যর্থহীন উপসংহারে পৌঁছান। ১৮৫৯ রচিত ‘A Contribution to a Critique of Political Economy’ বইয়ের মুখবন্ধে মার্ক্স সমাজ পরিবর্তনের প্রক্রিয়া বিষয়ে তাঁর বক্তব্য পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন—
‘মানুষ যে তাদের অস্তিত্বের সামাজিক উৎপাদনের প্রয়োজনে অন্যের সঙ্গে সুস্পষ্ট সম্পর্ক স্থাপন করবে তা অবধারিত; এই সম্পর্ক তাদের ইচ্ছা-অনিচ্ছা দ্বারা নির্ধারিত নয়; সেই উৎপাদন-সম্পর্ক প্রদত্ত উৎপাদন শক্তির উন্নয়নের পর্যায়ের সঙ্গে সুসংগত। একত্রভাবে এই সম্পর্কগুলো নির্ণয় করে সমাজের অর্থনৈতিক কাঠামো, সমাজের সত্যিকারের বনিয়াদ, যার ওপর ভিত্তি করে সৃষ্ট হয় আইনকানুন ও রাজনৈতিক অবয়ব এবং তার সঙ্গে সংগতিপূর্ণ হয় বিশিষ্ট সমাজ-সচেতনতা। জীবনধারণের উপাদানগুলোর উৎপাদনব্যবস্থা সাধারণ সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিগত জীবন প্রভাবিত করে। সচেতনতা মানুষের অস্তিত্ব নিরূপণ করে না, তাদের সামাজিক অস্তিত্ব তাদের সচেতনতা সৃষ্টি করে। সমাজ উন্নয়নের একপর্যায়ে সমাজের উপাদান উৎপাদক শক্তির সঙ্গে প্রচলিত মালিকানা-সম্পর্কের সংঘর্ষ শুরু হয়—আইনের ভাষায় যার একই অর্থ সংঘর্ষ হয় অদ্যাবধি স্থাপিত সম্পত্তির মালিকানা-সম্পর্কের কাঠামোর প্রেক্ষাপটে। উৎপাদন শক্তির উন্নয়নের সহায়তার ভূমিকার পরিবর্তিত হয়ে এই (উৎপাদন) সম্পর্ক তার শৃঙ্খলে পরিণত হয়। তখন শুরু হয় সমাজবিপ্লবের যুগ। পরে হোক আগে হোক, অর্থনৈতিক ভিত্তিতে পরিবর্তন সমাজের সমগ্র বিশাল উপকাঠামোও রূপান্তর করে।
‘সমাজ রূপান্তরের বিশ্লেষণে প্রয়োজনীয় উৎপাদনের অর্থনৈতিক শর্তগুলোর পরিবর্তন বৈজ্ঞানিক নিপুণতায় নির্ণয় করা সম্ভব। কিন্তু জনগণ যে এই দ্বন্দ্ব বিষয়ে সচেতন হয় এবং তার নিরসনের সংগ্রামে যে নিয়োজিত হয়, আইনসংক্রান্ত, রাজনৈতিক, ধর্মসংশ্লিষ্ট, সংস্কৃতি প্রভাবিত এবং দার্শনিক অর্থাৎ ভাবাদর্শগত বিতর্কের মাধ্যমে এই প্রভেদ বিবেচনা প্রয়োজন। ব্যক্তিবিশেষের মূল্যায়নের জন্য যেমন সে নিজের সম্পর্কে কী ধারণা পোষণ করে তার ওপর নির্ভর করা যায় না, তেমনভাবে একটা রূপান্তরের কালের মূল্যায়নের জন্য তার আত্মচেতনার ওপর নির্ভর করা যায় না, বরং তার বিপরীত, এই আত্মচেতনার মর্মার্থ বাস্তব জীবনের এবং উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে।
‘একটি সমাজব্যবস্থার পরিধির মধ্যে সম্ভাব্য সব উৎপাদন শক্তির বিকাশ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই সমাজব্যবস্থার অবসান সম্ভব হয় না। পুরোনো সমাজের কাঠামোতেই নতুন ও উন্নততর উৎপাদন-সম্পর্কের জন্য প্রয়োজনীয় বস্তুগত অবস্থার সৃষ্টি না হওয়ার আগে পুরোনো ব্যবস্থার ধ্বংসসাধন সম্ভব হবে না।’
এই পর্যবেক্ষণ সমাজ-বিবর্তনের বস্তুবাদী ঐতিহাসিক সারমর্ম। ধনতন্ত্র এখনো সাড়ম্বরে ‘ব্যবসায়ে’ আছে। তার অর্থ এই নয় যে তার চরিত্র বদলেছে, শ্রমিকের উৎপাদিত উদ্বৃত্ত দখল না করে টিকে থাকার ফর্মুলা আবিষ্কার করেছে। এই উৎপাদন ও সমাজব্যবস্থার মৌলিক অভ্যন্তরীণ অসংগতির (contradiction) সমাধান নেই; কেবল মুনাফার উপায় নিঃশেষ হলে ধনতন্ত্রের কোনো প্রয়োজন থাকবে না। অন্যদিকে, ধনতান্ত্রিক উৎপাদন ও সমাজব্যবস্থা থেকে সরাসরি সাম্যবাদী উৎপাদন ও সমাজব্যবস্থায় পৌঁছান সম্ভব নয়, সে জন্য অন্তর্বর্তী ধাপে সমাজতন্ত্রের প্রয়োজন। তবে সমাজতন্ত্রের পর্যায়ে সাম্যবাদের পথে কী করণীয় তা পূর্বনির্ধারিত নয়। লেনিন যেমন অনুমান করেছিলেন (‘A Caricature of Marxism and Imperialist Economism’, V. I. Lenin; 1916), এযাবৎ সমাজতন্ত্রের বাস্তবায়নের নানাবিধ প্রচেষ্টার অভিজ্ঞতার নির্দেশনা এই যে স্থান-কাল ও পাত্রভেদে সমাজতন্ত্র বিভিন্নভাবে বাস্তবায়িত হবে। সমাজ পরিবর্তনের যে ধারাবাহিকতা মার্ক্স উপরিউক্ত পর্যবেক্ষণে বর্ণনা করেছেন, তা এযাবৎ সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত যেসব সামাজিক আবর্তন, সে রকম কোনো ঘটনার ক্ষেত্রেই তা প্রযোজ্য নয়। ১৯১৭ সালে রুশ সাম্রাজ্য ধনতান্ত্রিক সমাজব্যবস্থার প্রাথমিক পর্যায়ে ছিল, ‘...সমাজব্যবস্থার পরিধির মধ্যে সম্ভাব্য সব উৎপাদন শক্তির বিকাশ সম্পূর্ণ হওয়া (র)...’ ধারে–কাছেও ছিল না। শ্রমিকশ্রেণি কৃষকসমাজের তুলনায় ছিল ক্ষুদ্র। গণতন্ত্র, বাক্স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ছিল হাস্যকর। বিপ্লবের দাবি ছিল ‘শান্তি, রুটি, আর জমি’। অথচ বিপ্লবের পর কৃষি উৎপাদন সমবায়ের—আসলে রাষ্ট্রের আয়ত্তে আনা হলো এবং অঙ্গীকার ভঙ্গের প্রতিবাদ দেখা দিল উৎপাদনে শিথিলতায়। এ পরিস্থিতির সমাধানের জন্য লেনিন নতুন অর্থনীতি কর্মপন্থা (New Economic Policy, NEP) প্রবর্তন করেন। তাঁর মৃত্যুর পর স্তালিন এটা বাতিল করে দেন।
বস্তুত, একই অবস্থায় চীনে ও কিউবায় সমাজতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসে এবং সমাজতন্ত্র সৃষ্টির কাজে নিয়োজিত হয়। অনুন্নত ও অপর্যাপ্ত উৎপাদন শক্তি নিয়ে সমাজতন্ত্র সৃষ্টি শুরুর অভিজ্ঞতা মনে হয় এই যে দরিদ্র সমাজতন্ত্রে কেবল দরিদ্রতারই সমবণ্টন সম্ভব। সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা পরিবৃত অবস্থায় পরিস্থিতির আরও অবনতি হয়েছিল সেটাও সত্য। তার অর্থ এই নয় যে এসব সমাজবিপ্লব অপ্রয়োজনীয় ছিল। প্রশ্ন হচ্ছে, এই যে বিপ্লবের পর অগ্রসরের অনুসৃত নীতি সমাজবিশেষের সম্ভাবনাসূচক সামর্থ্যের বাস্তবতানির্ভর ছিল কি না। মনে হয়, ভিয়েতনাম ধনতন্ত্রের আয়ত্তাধীন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় সমাজতান্ত্রিক সমাজ সৃষ্টির অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সতর্কতার সঙ্গে অগ্রসরের সিদ্ধান্ত নিয়েছে।
লেনিন যে কারণে ‘নতুন অর্থনৈতিক কর্মপন্থা’ (NEP) প্রবর্তন করেন, তাঁর মতো আজকের সমাজতান্ত্রিক দেশে ধনতান্ত্রিক উৎপাদন চালনা করার মৌলিক কারণ ও প্রায়োগিক (pragmatic), বাস্তবতা (objective reality) মেনে নিতে বাধ্য হওয়ার প্রয়োজনে। আজকের চীনে, ভিয়েতনামে, কিউবায় জনসাধারণের অধিকাংশ তাদের দৃষ্টিভঙ্গিতে ধনতান্ত্রিক সমাজের সংস্কৃতিতে প্রভাবিত এবং তাদের আকাঙ্ক্ষা উন্নত ধনতান্ত্রিক দেশগুলোতে জীবনযাত্রার মান উপভোগ করা। সোভিয়েত ইউনিয়নসহ ইউরোপের সমাজতান্ত্রিক দেশের নাগরিকদের মনোভাব ছিল একই। ভোগ্য বস্তুর (consumer goods) চাহিদা মেটানোর জন্য পুঁজিতান্ত্রিক উৎপাদনের পুনঃপ্রচলন হয়েছে। সমাজতন্ত্রের ছত্রচ্ছায়ায় এই পর্ব কত দিন চালিত থাকবে, তা বলা মুশকিল। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একজন সহসভাপতি বলেন, আগামী ১০০ বছর সেখানে ধনতান্ত্রিক উৎপাদনব্যবস্থা প্রচলিত থাকবে।
সোভিয়েত বিপ্লব একটা অনগ্রসর-ধনতান্ত্রিক সমাজকে সমাজতান্ত্রিক সমাজে রূপান্তরিত করার প্রকল্প ছিল একটা অকল্পনীয় প্রচেষ্টা। অনুসরণযোগ্য অতীতে অবস্থিত সমতুল্য সমাজব্যবস্থার অভিজ্ঞতা বঞ্চিত এই প্রকল্পের কর্ণধার যারা, তাদের একমাত্র সহায় ছিল বিপ্লবী মানস ও মার্ক্সবাদ-অনুপ্রাণিত কল্পনাশক্তি। তারা যে কাঠামো (model) অনুসরণ করেছিল, তার দুর্বলতা ও ব্যর্থতার শিক্ষা আজকের বিপ্লবী প্রজন্মের প্রেরণায় পরিণত হবে, দ্বন্দ্বমূলক বস্তুবাদী ইতিহাসের সেটাই ভাবী-কথন।
এই দুর্ভাগ্যজনক পরিবর্তন সমাজতন্ত্র বা সাম্যবাদের প্রয়োজনীয়তা, ন্যায্যতা, বাস্তবতা ইত্যাদি নিয়ে বিতর্ক সৃষ্টি করবে, সন্দেহ নেই। তবে এটুকু নির্ভয়ে বলা যায় যে (বিশেষ করে সমাজবিজ্ঞান-সংশ্লিষ্ট বিষয়ে) মার্ক্সবাদী তত্ত্বের প্রভাব বিস্তৃত এবং গভীর, স্থায়িত্ব নিশ্চিত। ২০১৩ সালে ‘Nature’ নামের প্রখ্যাত সাময়িকীর উদ্যোগে গৃহীত এক জরিপ অনুযায়ী, সমাজবিজ্ঞানীদের মতে, কার্ল মার্ক্স এখনো (তাঁর মৃত্যুর ১৩৩ বছর পরেও) বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী বৈজ্ঞানিক! সমাজতন্ত্র স্থগিত হয়েছে, তার অর্থ এই নয় যে সমাজ বিবর্তনের মার্ক্সবাদী বিশ্লেষণ সঠিক নয়। মার্ক্সবাদ (সমাজ) বিজ্ঞান এবং সে কারণে মার্ক্স-এঙ্গেলস-লেনিনের আবিষ্কৃত তত্ত্ব শেষ বাক্য নয়। ৭০ বছরের বেশি প্রচেষ্টার পর, জনগণের জীবনধারণের মানোন্নয়নে অভাবনীয় সার্থকতা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়নের ও পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা সম্ভব হয়নি কেন, সে বিষয়ে ভাবনাচিন্তার প্রয়োজন। এ অভিজ্ঞতা ফলিত ও তাত্ত্বিক মার্ক্সবাদের যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনাবৃত করেছে, তা যদি নতুন জ্ঞানের উৎস হয়, এই ন্যায়দর্শনের সঙ্গে তা সম্পূর্ণ সংগত হবে।
৩. মানবপ্রকৃতি (Human Nature)
সমাজতন্ত্র বাস্তবায়নে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে, পুরোনো ধ্যানাধারণা, অভ্যাস ইত্যাদি অংশত পরিবর্তন সম্ভব হয়েছে। কিন্তু অনেকের মতে যা পরিবর্তন সম্ভব হয়নি, সেটা হলো মানবপ্রকৃতি (Human Nature)। দুর্নীতি, লোভ, স্বার্থপরতা ইত্যাদি আমাদের প্রকৃতির এসব নেতিবাচক অভিব্যক্তি—ক্ষমতার লোভ, কর্মস্থলে আলসেমি, বেআইনি ব্যবহার, রাষ্ট্রের যৌথ সম্পদের অপব্যবহার ইত্যাদি উৎখাত করা সম্ভব হয়নি। যে সমস্যা সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে, তা হলো নিজের স্বার্থে সমাজ/যৌথ/সমবায় স্বার্থ অবজ্ঞা করা। ধনতন্ত্রের সাফল্যের পেছনে রয়েছে এই স্বার্থপরতার অপব্যবহার। অতিতে মার্ক্সবাদ এ বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু সমাজতান্ত্রিক সমাজের সার্থকতার জন্য সমাজতান্ত্রিক নাগরিকের প্রয়োজন কীভাবে মেটানো সম্ভব হবে, সে বিষয় ভেবে দেখার প্রয়োজন আর উপেক্ষা করা সম্ভব নয়।
দ্বন্দ্বমূলক বস্তুবাদী দৃষ্টিতে মানবপ্রকৃতি প্রজাতির বিবর্তন, যে সমাজব্যবস্থায় আমরা অবস্থান করি এবং যে ব্যক্তিগত জৈবিক বৈশিষ্ট্য নিয়ে আমাদের জন্ম ইত্যাদির জটিল সংমিশ্রণের ফল। আমাদের সুদীর্ঘ বিবর্তনের ইতিহাস পরিবেশ থেকে জীবনধারণের জন্য সংস্থান আহরণের ইতিহাস; প্রায় ১২ হাজার বছরের ‘সভ্যতার’ ইতিহাস ও প্রয়োজনীয় সংস্থার জোগাড়ের ইতিহাস। এই দীর্ঘ সময় কেটেছে বেঁচে থাকার সংস্থানের অভাবে। একদিকে এই অভাব অপসারণের প্রচেষ্টার সুদূরপ্রসারী ফল মানবসভ্যতা; অপর দিকে মুহূর্তে মুহূর্তে নিজের ও সন্তানসন্ততি অস্তিত্ব রক্ষার প্রয়োজনে সীমিত পরিমাণ সংস্থানে নিজের অংশ রক্ষার প্রয়োজনে স্বার্থপরতার জন্ম। যখন পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সম্ভব হয় মুনাফার লোভে নয়, জনগণের প্রয়োজনে, তখন স্বার্থপরতার প্রয়োজন হবে না। মানবপ্রকৃতি সিমেন্ট দিয়ে তৈরি নয়, তাই তার পরিবর্তন সম্ভব।
৪. শ্রেণিচেতনা
ইতিমধ্যে পুরোনো এক কঠিন সমস্যা এখনো সমাধানের অপেক্ষায়! মার্ক্সের বৈপ্লবিক আবিষ্কার শ্রমিক উৎপাদিত উদ্বৃত্তি, যা বর্তমানে মালিক পকেটস্থ করে, তার এক অংশ বিনিয়োগের পুঁজিতে পরিণত হয় এবং এই পুঁজির বিনিয়োগেই সমাজের সম্পদ সৃষ্টি হয়। অর্থাৎ শ্রমজীবী জনগণ সব সম্পদের উৎপাদক। সমাজে তাদের এই ভূমিকা উপলব্ধিই মৌলিক শ্রেণিচেতনা। সমাজবিপ্লব ও সমাজতন্ত্রে উত্তরণ এই শ্রেণিচেতনা ছাড়া সম্ভব হবে না। কিন্তু বিশ্বের সমাজতন্ত্রের কর্মীরা সমবেতভাবে মার্ক্সের ‘পুঁজি’ প্রকাশের প্রায় ১৩০ বছর পরেও শ্রমিকদের মধ্যে এই শ্রেণিচেতনা অনুপ্রাণিত করতে সমর্থ হয়নি। সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র জনগণের জীবনধারণের মানোন্নয়নে অভূতপূর্ব উন্নতিসাধন করে। বৈজ্ঞানিক ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান ও সামান্য ছিল না। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সমাজতান্ত্রিক দেশের জনগণের সাহায্য ছিল অমূল্য। সেখানেও সেই শ্রেণিচেতনা সৃষ্টি সম্ভব হয়নি।
কমিউনিস্টদের কর্তব্য শ্রমিকদের অর্থনৈতিক, সামাজিক জীবনধারণের মান উন্নত করার সংগ্রামে নিয়োজিত হতে অনুপ্রাণিত করা এবং শ্রমিকশ্রেণির নিজস্ব সংগঠন গড়ে তোলা। এই কার্যক্রমের মূল লক্ষ্য শ্রমিকদের মধ্যে শ্রেণিচেতনা সৃষ্টি করা। লেনিন লিখেছিলেন (in ‘What is to be Done?’ ১৯০২), বুর্জোয়া শ্রেণি থেকে আসা বিপ্লবী সমাজতন্ত্রী বুদ্ধিজীবীদের অংশগ্রহণ ছাড়া প্রয়োজনীয় শ্রেণিচেতনা সৃষ্টি সম্ভব নয়। এই কাজও পিছিয়ে পড়েছে। সে জন্য নতুন প্রজন্মের মার্ক্সবাদী শিক্ষার প্রকল্প অত্যন্ত জরুরি।
৫. গণতন্ত্র ও সমাজতন্ত্র
বিগত কয়েক যুগে গণতন্ত্র, বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতার দাবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধ বিশ্বব্যাপী আন্দোলনে গণতন্ত্রের জনপ্রিয়তা সৃষ্টিতে বিশিষ্ট ভূমিকা পালন করেছে। দীর্ঘকাল বিদেশি শাসনের অধীনে জনগণ মৌলিক অধিকার বঞ্চিত ছিল। ফলে স্বাধীনতার আর গণতন্ত্রের জন্য সংগ্রামে কোনো তফাত ছিল না। সেই সঙ্গে বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিশেষ করে নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। শ্রমিক শ্রেণি গণতান্ত্রিক অধিকার রক্ষার জঙ্গি সৈনিক; শ্রেণি শোষণের বিরুদ্ধে সংগ্রামের জন্য এবং সমাজতন্ত্রের সাফল্যের জন্য গণতন্ত্র অপরিহার্য।
৬. বাংলাদেশে সমাজতন্ত্র
মার্ক্সবাদী তত্ত্ববিদদের মধ্যে ‘সমাজ বিবর্তনের ঐতিহাসিক স্তর’ (historical stages of social evolution) অবজ্ঞা করা সম্ভব এবং কাম্য কি না, এ নিয়ে বিতর্ক শুরু হয় উপমহাদেশের সাম্যবাদী আন্দোলনের শুরুতে। তা প্রকাশ পায় সেই আন্দোলনের পূর্বসূরি এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানের তাসখন্দ শহরে ১৯২৩ সালে স্থাপিত ভারতের প্রথম কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নাথ রায়ের (১৮৮৭-১৯৫৪) সঙ্গে ভারতের সেই সময়ের সমাজ উন্নয়নের স্তরের (stage of social development) উপযোগী সঠিক রাজনৈতিক কর্মসূচি কী হওয়া উচিত, সে বিষয়ে কমরেড লেনিনের সঙ্গে মতভেদে। লেনিন সমাজতান্ত্রিক বিপ্লবের সাফল্যের জন্য বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সমাধানের এবং ধনতান্ত্রিক উৎপাদনের বিকাশের আবশ্যকতার ওপর জোর দেন। তখন এক ধারার মত ছিল সমাজতন্ত্রে রূপান্তরিত হওয়ার ‘পূর্বশর্ত’ (precondition) পূরণ, অর্থাৎ বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ হওয়া, জাতীয়তাবাদী অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ধনতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন-শক্তি সম্ভাব্য সর্বোচ্চ স্তরে পৌঁছানো ইত্যাদি।
এই পন্থার বিরোধীদের ধারণা, মার্ক্সের বস্তুগত ইতিহাস অনুসৃত স্তরভিত্তিক বিবর্তনের প্রয়োজনীয়তা সমাজ-পরিবর্তনের যে সীমাবদ্ধতা নির্দেশ করে এবং তাতে সমাজ-পরিবর্তনে ব্যক্তির ক্ষমতার যে সীমাবদ্ধতা নিহিত, তা সাম্যবাদীদের ব্যক্তিগত উৎসর্গের ক্ষমতা, নেতৃত্বের গুণ ইত্যাদির সাহায্যে পরাস্ত করা যায়। ভারতে শিল্পায়নের ফলে শ্রমিকশ্রেণির সংখ্যা বাড়লে শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রেণিচেতনায় উদ্বুদ্ধ হয়ে বিপ্লবের জন্য অপেক্ষা করা অপ্রয়োজনীয়। চীনের মতো কৃষকদের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করে শ্রমিকশ্রেণির সম্পৃক্ততা ছাড়াই সমাজতন্ত্রের অগ্রগতি হবে। লেনিনের পরামর্শ অবজ্ঞা করে অতি বিপ্লবী পথ অবলম্বনের ফলে ভারতবর্ষে সমাজতন্ত্রের জন্য সংগ্রামের যে ক্ষতিসাধন হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বি টি রানাদিভের নেতৃত্বে স্বাধীনতার পরপর সশস্ত্র আন্দোলনে জয়ী হয়ে উপমহাদেশে সমাজতান্ত্রিক সমাজ গড়ে তোলার প্রকল্পের ট্র্যাজিক অভিঘাতের তিক্ত পরিণতি ছিল পার্টির ওপর দীর্ঘস্থায়ী। কমরেড মণি সিংহ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘অতীব দুঃখের কথা, বামপন্থী হঠকারিতার ফলে বারো বছরের একটি নিরবচ্ছিন্ন নিশ্ছিদ্র জমাট বাঁধা জঙ্গি ও সুশৃঙ্খল সংগঠন ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। আন্দোলন করা আমাদের ঠিকই ছিল। কিন্তু পরিস্থিতি না বুঝে সশস্ত্র সংগ্রাম করা ছিল বামপন্থী বিচ্যুতি।’ স্বাধীনতা ও সাম্যের জন্য ন্যায্য আন্দোলন দমনে শাসকগোষ্ঠীর সশস্ত্র আক্রমণ প্রতিরোধ করার প্রয়োজনে মাস্টার দা সূর্য সেন থেকে শুরু করে, ইলা মিত্র, মণি সিংহ এবং অগণিত দেশপ্রেমিক কখনো কখনো সশস্ত্র পথ অনুসরণ করেছেন, কিন্তু সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক ভাবাদর্শে দেশ গঠনের প্রকল্প কখনই বাস্তব ছিল না।
উপরিউক্ত অভিজ্ঞতার ফলে ১৯৫১ সালে কমিউনিস্ট পার্টির রাজনীতির পরিবর্তন শুরু হয়ে প্রতিফলিত হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ১৯৯৯-এ অনুষ্ঠিত সপ্তম পার্টি কংগ্রেসে গৃহীত এবং ২০১২ অনুষ্ঠিত দশম কংগ্রেসে সংশোধিত ‘ঘোষণা ও কর্মসূচি’তে—‘বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণের প্রকৃত কল্যাণ ও মুক্তির জন্য সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এই লক্ষ্য পূরণ করতে হলে প্রয়োজন দেশের পশ্চাৎপদ আর্থসামাজিক অবস্থার অবসান ঘটানো এবং সমাজতন্ত্র-সাম্যবাদ প্রতিষ্ঠার সুনির্দিষ্ট আর্থসামাজিক ও রাজনৈতিক পূর্বশর্ত সৃষ্টি করা। কিন্তু দেশের চলমান ধনবাদী বিকাশের সংকীর্ণ গণ্ডির মধ্যে থেকে এই লক্ষ্য পূরণ করা অসম্ভব। অপর দিকে এই মুহূর্তে সমাজতন্ত্র বিনির্মাণের পূর্বশর্তগুলোও পরিপক্ব হয়ে ওঠেনি। এ অবস্থায় সংকট মোকাবিলা করে মুক্তির পথে অগ্রসর হওয়া এবং সমাজতন্ত্রের পূর্বশর্তগুলো সৃষ্টি করার জন্য দেশের বর্তমান অবস্থার মৌলিক পরিবর্তন সাধন তথা বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে হবে।’ ১৯৭৩ পার্টির দ্বিতীয় কংগ্রেসের রাজনৈতিক প্রস্তাবে বলা হয়েছিল, ‘বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লক্ষ্য। কিন্তু সমাজতন্ত্রের পূর্বশর্তসমূহ সৃষ্টি করিবার জন্য আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে বহু বিপ্লবী সংস্কারসাধন করিতে হইবে। এই পূর্বশর্তগুলি পূরণ করিবার অর্থই হইল জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সমাধা করা।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিপ্লবী গণতান্ত্রিক পন্থায় সমাজতান্ত্রিক দেশে রূপান্তরের অঙ্গীকার বিগত কয়েক যুগের অভিজ্ঞতার ও সমকালীন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বলা বাহুল্য, ভারতের সাম্যবাদী আন্দোলনও বুর্জোয়া গণতন্ত্রের কাঠামোর মধ্যেই সমাজতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাবে।
বিশ্ব সমাজতন্ত্রের প্রগতি বিঘ্ন হয়েছে, এই বাস্তব এড়িয়ে সমাজতন্ত্রে আন্দোলন সফল হবে না। অন্যত্র বিফল হলেও সমাজতন্ত্র কেন দেশ বা সমাজবিশেষে সফল হবে এবং যেসব কারণে বিফল হয়েছে তার পুনরাবৃত্তি হবে না—এ ধরনের প্রশ্ন উঠবে তা স্বাভাবিক। তদুপরি, একবিংশ শতাব্দীর মার্ক্সবাদ ঊনবিংশ শতাব্দীর মার্ক্সবাদের সঙ্গে যেমন সম্পর্কহীন হতে পারে না, তেমনি তা হুবহু অভিন্নও হতে পারে না (Our Programme, 1899; Lenin)। উৎপাদনব্যবস্থার বিশ্লেষণ দিয়ে শুরু করে যেকোনো সামাজিক বিষয়ের তুলনামূলক বিশ্লেষণে এই ভিন্নতা পরিস্ফুট হবে। স্পষ্টত, উৎপাদন সম্পর্কের কোনো মৌলিক পরিবর্তন না হলে ও উৎপাদন শক্তির বৃদ্ধি ও প্রসারে অচিন্তনীয় সাফল্য ধনতন্ত্রের আশু অবসানের নিয়মিত ভবিষ্যদ্বাণীর অবাস্তবতা প্রমাণ করে। বিশেষ করে গত শতাব্দীর বৈজ্ঞানিক ও প্রযুক্তিবিপ্লবের সার্থকতা ধনতন্ত্রের বিশ্বায়ন সামর্থ্য করেছে। সঙ্গে পুরোনো উৎপাদনপদ্ধতিতে এনেছে যন্ত্রায়ণ, বাড়িয়েছে শ্রমিকের দক্ষতা, শ্রমিকপ্রতি ফলপ্রদতা (productivity per worker)। সঙ্গে বেড়েছে বেকারের সংখ্যা। নতুন পণ্য উৎপাদনের প্রয়োজনে উচ্চশিক্ষিত শ্রমিকসংখ্যা বৃদ্ধি প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই। সেবা ক্ষেত্রে (service sector) শ্রমিকের সংখ্যা অনেক স্থানে উৎপাদনের ক্ষেত্রের শ্রমিকসংখ্যা ছাড়িয়ে গেছে। আর বেড়েছে নারী শ্রমিকদের সংখ্যা। এই নতুন সংমিশ্রণের শ্রমিক সমাজে শিক্ষার মাত্রায় অনেক বিভিন্নতা আছে। শ্রমিকদের জন্য গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতা অত্যাবশ্যক। এসব পরিবর্তনের সুদূরপ্রসারী পরিণতি একবিংশ শতাব্দীর সমাজতান্ত্রিক ও সাম্যবাদী আন্দোলনের দিকদর্শন, রকম ও পদ্ধতি ইত্যাদির ওপর প্রভাব বিস্তার করবে।
৭. পুঁজিবাদের সর্বশেষ ‘অবদান’ জীবজগতের বিলোপ?
ধনতন্ত্রের দীর্ঘায়ু, বিশ্বায়নে সার্থকতা ইত্যাদি বিভিন্ন সময় বিপরীত-পরিণতি সৃষ্টি করেছে। প্রথমত, ধনতন্ত্রের এই বিজয় হয়েছে শ্রমিক উৎপাদিত মালিকের দখলে হস্তান্তরিত উদ্বৃত্তের পরিমাণ বাড়ার ফলে; অবশ্য একই সঙ্গে শ্রমিকের অকাট্য (absolute) আয় কমেছে। ধনী-দরিদ্রের আয়ের তফাত বাড়ছে। তবে একবিংশ শতাব্দীর ধনতন্ত্রের সর্বাপেক্ষা ধ্বংসাত্মক পরিণতি পরিবেশের ওপর এই উৎপাদনব্যবস্থার ক্ষতিকর প্রভাব। ধনতান্ত্রিক উৎপাদনের প্রধান লক্ষ্য মুনাফা অর্জন এবং সেটা সম্ভব ক্রমাগত পণ্য উৎপাদন বাড়ানো গেলে; তার জন্য প্রয়োজন ভোগবাদের (consumerism) প্রসার। পুঁজিপতি শ্রেণি অস্তিত্ব রক্ষার জন্য এই বর্তমান ব্যবস্থায় অপরিমিত পণ্য উৎপাদনের নীতি অনুসরণের চেষ্টা করছে। এর ফলে দ্রুতগতিতে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের অপব্যবহার হচ্ছে, দূষণ উৎপাদিত হচ্ছে অতিমাত্রায়। এই পরিস্থিতির পরিবর্তন না হলে এই গ্রহে মানবগোষ্ঠী দূরে থাকুক, জীবিত কিছুই থাকবে কি না, পরিবেশ বিজ্ঞানীদের অনেকেই সে বিষয়ে উৎকণ্ঠিত।
সীমাহীন উৎপাদন সম্ভব নয়, এই বাস্তবতা সমাজতন্ত্রের কর্মীদের জন্য জটিল সমস্যার সৃষ্ট করেছে। সমাজতন্ত্রের প্রতিশ্রুতি ছিল শ্রেণিহীন সমাজে উৎপাদন শক্তির সাহায্যে সমাজের সবার অফুরন্ত প্রয়োজন মেটানো। এখন এই ধারণা বাস্তব মনে হয় না। প্রকৃতির ও পরিবেশের সীমাবদ্ধতার কারণে সমাজতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের উনিশ শতকের ধ্যানধারণার পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে। সুন্দরবন রক্ষার আন্দোলনের অভিজ্ঞতার ফলে যেসব মৌলিক ধ্যানধারণা অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের ভিত্তি, সেসব প্রত্যাখ্যান করার প্রশ্ন আলোচিত হওয়া প্রয়োজন। কার্ল মার্ক্স ‘পুঁজি’তে লিখেছিলেন: ‘...এমনকি সমগ্র একটা সমাজ, একটা জাতি, অথবা সম্মিলিতভাবে একই সময়ে অবস্থিত সব সমাজগোষ্ঠী সমবেতভাবেও পৃথিবীর মালিক নয়। তারা শুধু দখলকারী, উপভোগকারী। আজকের প্রজন্মের কর্তব্য, বিজ্ঞ তত্ত্বাবধায়কের মতো উত্তরসূরিদের জন্য পৃথিবীকে উন্নততর অবস্থায় রেখে যাওয়া।’ (‘ক্যাপিটাল’, তৃতীয় খণ্ড; কার্ল মার্ক্স, ১৮৫৬)। ধনতন্ত্রের দীর্ঘকালব্যাপী মানুষ ও প্রকৃতির শোষণের অবসান ত্বরান্বিত না হলে মানবপ্রজাতির অস্তিত্ব বিপদাপন্ন হবে। তবে সন্দেহ নেই যে সমাজে শোষণ, নির্যাতন, দারিদ্র্য, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রচলিত থাকে, সে সমাজে এসব উৎখাত করে মানুষের সৃজনশীলতার জন্য উপযুক্ত শোষণহীন সমাজ সৃষ্টিতে সংকল্পিত মানুষেরও অভাব হয় না। তারা সবাই সাম্যবাদী দলের প্রার্থী-সদস্য!
ড. মহসিন সিদ্দীক, একজন পরিবেশ প্রকৌশলী, ওয়াশিংটন ডি সি, আগস্ট ২০১৬।