
গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হলে প্রথম গুরুত্বপূর্ণ হাতিয়ারটি হলো একটি শুদ্ধ, স্বচ্ছ ও ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের নামাঙ্কিত ভোটার তালিকা। ভোটার তালিকা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য পন্থায় তৈরি না হলে তা নিয়ে যেমন জনমনে সংশয় থাকে, তেমনি নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাপনাও এর বাইরে নয়। ১১৯ (ঘ) মোতাবেক এ দায়িত্ব নির্বাচন কমিশনের।
ভোটার ‘তথ্য সংগ্রহ’, তথ্যভান্ডার তৈরি ও সংরক্ষণ যেহেতু বাংলাদেশে নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, সেহেতু ভোটার তালিকায় যেকোনো অসংগতির দায়দায়িত্বও নির্বাচন কমিশনের। ২০০৬-০৭ সালের নির্বাচনী সংকটের মূলে অন্যতম প্রধান কারণ ছিল অসংগতিপূর্ণ ভোটার তালিকা। ওই সময় ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৫৯৩। ২০০৬ সালে এ সংখ্যা এবং ভোটার তালিকায় গড়পড়তা ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটারের উপস্থিতির অভিযোগ তুলে তৎকালীন বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন কমিশনের ওপরে অনাস্থা ও আন্দোলনের সূচনা করেছিল। এর পরিণতি সম্পর্কে সবাই অবগত।
পরবর্তী সময়ে ২০০৭ সালে পুনর্গঠিত শামসুল হুদা কমিশনের দায়িত্বের প্রধান বিষয়গুলোর সর্বাগ্রে ছিল একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন। হাতে নেওয়া হলো ‘ফটো ভোটার’ তালিকা প্রণয়নের কাজ। বহু আলোচনা–গবেষণার পর ‘ডিজিটাল পদ্ধতিতে’ ভোটার তালিকা এবং এর সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কাজ হাতে নেওয়া হয়েছিল। ২০০৭-০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল’ ডেটাবেজ বা তথ্যভান্ডার তৈরির সফল উদ্যোগ নেওয়া হয়েছিল। ‘ডিজিটাল পদ্ধতিতে প্রায় ১১ মাসে সম্পূর্ণ হয়েছিল ছবিসহ ভোটার তালিকা এবং প্রত্যেক ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র। ২০০৮ সালের ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৮ কোটি ১১ লাখ ৩৩ হাজার ৪৪৮। তার মানে, ২০০৬ সালের তালিকা থেকে ১ কোটি ১ লাখ ৮১ হাজার ১৪৪ জন ভোটার কমেছিল। এই বাড়তি ভোটার পূর্বতন তালিকায় কেন ছিল? তার কারণগুলো ছিল দ্বৈত ভোটার, মৃত ব্যক্তি বাদ না পড়া এবং রাজনৈতিক ফায়দার জন্য প্রভাব বিস্তার করে অপ্রাপ্তবয়স্কদের ভোটার তালিকায় নাম সংযোজন।
হুদা কমিশনের অন্যতম অবদান এই ডিজিটালাইজড ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরি। তবে এই সাফল্যের দাবিদার ওই নির্বাচন কমিশনের একার নয়, বাংলাদেশ সামরিক বাহিনীর শতভাগ নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম, প্রায় এক লাখ ডেটাবেজ তৈরিতে অংশগ্রহণকারী তরুণ-তরুণী বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহকারী এবং বাংলাদেশের বহু এনজিও ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা ছিল এই ভোটার তালিকা, তথ্যভান্ডার তৈরি ও জাতীয় পরিচয়পত্র তৈরির পেছনে। বহু এনজিও, নারী সংগঠন এমনকি ধর্মীয় নেতারা যোগ দিয়েছিলেন নতুন পদ্ধতিতে ভোটার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে। নারীদের অংশগ্রহণ ছিল বিশ্বের সবচাইতে প্রশংসনীয় কাজ। ২০০৮ সালে ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা ছিল ৫০ দশমিক ৮৮ শতাংশ। বিশাল কর্মযজ্ঞ ছিল এই কাজটি। অবশ্য ওই সময়ে অনেকেই কাজটিকে ‘অসম্ভব’ বলে আখ্যায়িত করেছিলেন। এই তথ্যভান্ডারই বিশ্বে বাংলা ভাষায় সর্ববৃহৎ।
পুরো কর্মযজ্ঞে প্রায় ৮১ মিলিয়ন ডলার বিদেশি অনুদান ছিল, পরবর্তী সময়ে ওই অর্থ থেকেই ভোটার তালিকা সংরক্ষণ ও হালনাগাদকরণ জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে প্রতি উপজেলা ও জেলা শহরে তৈরি হয়েছে উপজেলা, জেলা ও আঞ্চলিক সার্ভার স্টেশন। আরও পরে হাতে নেওয়া হয়েছিল জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডে রূপান্তরিত করার প্রাথমিক কাজ। হয়তো কয়েক মাসের মধ্যেই বর্তমান কমিশন ভোটারদের হাতে তুলে দিতে পারবে এই কার্ড। ভোটার তলিকার শুদ্ধতা নির্ণয়ের জন্য ইউএনডিপির তত্ত্বাবধানে আইএফইএস (IFES: International Foundation for Electral System) নামক আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে নিরীক্ষণ করানো হয়েছিল। এদের রিপোর্টে বলা হয়েছিল যে ভোটার তালিকা, জেন্ডারসহ সর্বাঙ্গিক ৯৯ শতাংশ শুদ্ধ। এই রিপোর্টটি ৩০ নভেম্বর ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল। এই নিরীক্ষণ করা হয়েছিল বিভিন্ন আঙ্গিকে। (Assessent of the Photo Voterlist in Bangladesh November 30, 2008 Final Report: IFES) আরও বলা হয়েছিল যে বিশ্বের অন্যতম শুদ্ধ ভোটার তালিকা বাংলাদেশের ফটো ভোটার তালিকা। বাংলাদেশই প্রথম এই উপমহাদেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ ভোটার তলিকা তৈরি করেছিল।
আজকের এই প্রবন্ধে এত বড় ফিরিস্তি এ কারণে দিলাম যে বর্তমানে বাংলাদেশের বিদ্যমান ভোটার তালিকা কীভাবে তৈরি হয় তার একটু ব্যাখ্যা দিতে। যাঁরা নতুন ভোটার হয়েছেন বা হবেন, তাঁদের জন্য এই ইতিহাস তুলে ধরার জন্য। এরই প্রেক্ষাপটে হালে যে হালনাগাদের তথ্যে ‘জেন্ডার গ্যাপ’ বা লিঙ্গবৈষম্য নিয়ে সামান্য বিতর্ক উঠেছে, তার ওপর সামান্য দৃষ্টিপাত করা।
প্রথমত, ভোটার তালিকায় আগের মতো ‘ভুয়া ভোটার’ তৈরি করার সুযোগ যেমন নেই, তেমনি নির্বাচন কমিশনের জ্ঞাতসারে অপ্রাপ্তবয়স্কদের ভোটার করার অথবা দ্বৈত ভোটার করার সুযোগ নেই। এমনটা বাঞ্ছিতও নয়। দ্বিতীয়ত, ‘সুজন’ সুশাসনের জন্য নাগরিকের প্রদেয় তথ্য নিয়ে নির্বাচন কমিশন যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে (২৮ জুলাই ২০১৫), কোনোখানেই এই ভোটার তালিকাকে বিকৃতকরণের বিষয়টি নেই। বিতর্কটি অন্যখানে। সুজন বহু বছর থরে নির্বাচনী বিষয় নিয়ে কাজ করছে। ২০০৮ সালে ভোটার তালিকা প্রণয়নের সময় ভোটারদের উদ্বুদ্ধকরণের সঙ্গে যে কয়টি সংগঠন জড়িত ছিল, সেগুলোর মধ্যে সুজন একটি। কাজেই নির্বাচন কমিশনের সঙ্গে সুজনের বিতর্ক বা বিবাদ অবাঞ্ছনীয়। সুজনের তথ্য মোতাবেক লিঙ্গবৈষম্যের যে তথ্য তুলে ধরা হয়েছে, তাদের লিখিত তথ্য এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন প্রদত্ত পাল্টা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত, তাতে ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন ভোটার, যাঁরা ২০১৪-১৫ সালে যুক্ত হয়েছেন, সেই পরিসংখ্যানে ১২ শতাংশ লিঙ্গবৈষম্যের কথা বলা হয়েছে। সম্পূর্ণ ভোটার তালিকায় হয়তো এর প্রতিফলন ১ শতাংশেরও নিচে হবে। সুজনের দাবি যদি সঠিক হয়, তবে প্রশ্ন হলো যে হালনাগাদকরণের সময় নতুন ভোটারদের মধ্যে এই বৈষম্য কেন? কীভাবে হলো? কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে তেমন কোনো উল্লেখ নেই। তা ছাড়া সুজনের উপস্থাপিত তথ্যে যেসব জেলা উল্লেখ রয়েছে, সেখানেও নতুন সংযোজিত ভোটারদের কথাই উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। অবশ্য আমাদের দেশের রাজনীতিবিদদের কথা বলার অধিকার রয়েছে, তবে সব বিষয়ে যৌক্তিক-অযৌক্তিক কথার জবাবদিহি না থাকায় অনেক কথাই শুনতে হয়। শুনতে হয় নির্বাচন কমিশনকেও। এসব বক্তব্যে প্রতিক্রিয়া না করাই শ্রেয়। যাই হোক, সুজন ও নির্বাচন কমিশনের পাল্টাপাল্টি বক্তব্য সুখকর নয়, কারণ বর্তমানে বিদ্যমান ভোটার তালিকার শুদ্ধতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে ভোটার তালিকা থেকে বাদ পড়ার নানাবিধ কারণ থাকতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। যেসব অঞ্চলের উল্লেখ সুজনের তথ্যে উঠে এসেছে, ওই সব অঞ্চলে বহুবিধ কারণে নারী ভোটাররা অতীতেও উৎসাহিত হন নাই। তাঁদের আলাদাভাবে উদ্বুব্ধ করতে হয়েছে। অনুৎসাহিত হওয়ার পেছনে ছিল ওই সব অঞ্চলের সামাজিক অবস্থা, ধর্মীয় অনুশাসনের অজুহাত, সর্বোপরি ভোটার হওয়ার সুবিধার বিষয়ে অজ্ঞতা।
বর্তমানে জাতীয় পরিচয় প্রাপ্তি একটি বড় অনুপ্রেরণার বিষয়। তবে এ ব্যাপারে ভোটারদের আরও উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণার প্রয়োজন অবশ্যই অনস্বীকার্য। এ বিষয়ে নারীর ক্ষমতায়নে কাজ করছে এমন সংগঠনের এবং অন্যান্য ইচ্ছুক এনজিওর সহযোগিতা নির্বাচন কমিশন নিতে পারে। এ ধরনের সহযোগিতা নেওয়ার উদাহরণ ২০০৭-০৮ সালে যেমন ছিল, বর্তমানে উপমহাদেশের বহু দেশে রয়েছে। ভারত ও পাকিস্তানে অতি সম্প্রতি ‘ভোটার দিবস’ উদ্যাপন শুরু হয়েছে, যার মাধ্যমে নতুন ভোটার হওয়ার যোগ্য নারী-পুরুষদের তালিকাভুক্ত হতে উদ্বুদ্ধ করা হয়। বাংলাদেশেও এমন একটি সার্বজনীন দিন ধার্য করা হোক, যে দিনটি হবে ভোটার উদ্বুদ্ধকরণের দিন। প্রতিবছর পালিত হবে দিনটি। যুক্ত হতে পারে বেসরকারি সংগঠন।
বর্তমানে যে সামান্য বিতর্ক উঠেছে, তা কাম্য নয়। নির্বাচন কশিনের বিজ্ঞপ্তিও বিশেষভাবে নতুন ভোটারদের মধ্যে বৈষম্যের বিষয়ে স্পষ্ট করেনি। কাজেই বিভ্রান্তির অবসান হয়নি। নির্বাচন কমিশনের উচিত হবে এমন একটি ভোটার তালিকায় যেকোনো ধরনের সন্দেহ দূর করা। আমি মনে করি, বক্তব্য ও পাল্টা বক্তব্য দেওয়া নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য মর্যাদাসম্পন্ন নয়। এ বিষয়ের নিষ্পত্তিও প্রয়োজন। কাজেই কমিশনকে উদ্যোগী হয়ে একটি নিরপেক্ষ সংস্থা দিয়ে হালনাগাদকৃত ভোটারদের সঠিক অন্তর্ভুক্তির, বিশেষ করে আলোচিত অঞ্চলের, পরিশুদ্ধতা নিরীক্ষণ (Survey) করানো দরকার। একই সঙ্গে দরকার সুজনসহ অন্যান্য সংস্থার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে এবং সরেজমিনে এই দাবির যৌক্তিকতা নিয়ে তদন্ত করা।
বাংলাদেশের অন্যতম অর্জন ডিজিটাল ভোটার তালিকা, যার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের ক্ষমতায়নের অন্যতম উপাদান জাতীয় পরিচয়পত্র, কোনো আঙ্গিকেই বিতর্কিত না করা। নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব হবে কোনো নাগরিককে, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের নারীদের, ক্ষমতায়নের অন্যতম উপাদান জাতীয় পরিচয়পত্র হতে ভোটার তালিকার অসংগতির কারণে বঞ্চিত না করা। আমাদের দেশে ভোটার হওয়া বাধ্যতামূলক নয়, তবে ভোটার হওয়ার যোগ্য সব নাগরিককে ভোটার করা এবং পরিচয়পত্র প্রদান নির্বাচন কমিশনের প্রাথমিক দায়িত্ব, তা মনে করানোর প্রয়োজন আছে বলে মনে করি না।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]