যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় প্রার্থীদের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ উপস্থিত হয়। তাঁদের অতীত ভূমিকা, বক্তব্য এবং আচরণ থেকে শুরু করে তাঁদের নীতি ও কৌশল সবই আসে পাদপ্রদীপের আলোয়, পরিণত হয় প্রাত্যহিক আলোচনার বিষয়ে। তখন আগে জানা এবং একেবারে অজানা দুই ধরনের বিষয়ই সাধারণের নিরীক্ষার বিষয়ে পরিণত হয় এবং গণমাধ্যম সেগুলো নিয়ে মেতে ওঠে। প্রার্থীদের এক পক্ষের কাজ হচ্ছে অন্য পক্ষের ভুলত্রুটি খুঁজে বের করা এবং গণমাধ্যমগুলো তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সমর্থিত প্রার্থীর গুণাবলি বলার পাশাপাশি প্রতিপক্ষের ত্রুটি তুলে ধরে। এর বাইরে যে নির্দলীয় এবং নিরপেক্ষ গণমাধ্যম তারা নেতৃত্বের যোগ্যতার বিবেচনাকে সামনে রেখে খুঁজে বের করতে চায় অতীতে কে কী করেছেন এবং তা থেকে ওই ব্যক্তি সম্পর্কে কী জানা যায়। যেকোনো পরিণত গণতান্ত্রিক দেশেই এটা ঘটে থাকে।
অতীতের বিষয়গুলো যেমন প্রার্থীদের জন্য আশীর্বাদ হতে পারে, তেমনি এগুলোর যেকোনো একটি যেকোনো সময়ে যেকোনো প্রার্থীর জন্য বিপদও ডেকে আনতে পারে। এসব বিষয়, বিশেষত আচরণের বিষয়টি প্রকাশ্যেই ঘটুক কি গোপনেই, তা হয়ে উঠতে পারে একটা বড় বিষয়। আর এসবের যদি প্রামাণিক দলিল থাকে, তবে এই আশঙ্কা বৃদ্ধি পায় শতগুণ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তার কোনো অন্যথা ঘটেনি, কিন্তু এ ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন ঘটেছে। অতীতে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যক্তিগত আচার-আচরণ আলোচিত হলেও তা মুখ্য হয়ে ওঠেনি। মুখ্য বিষয় হয়েছে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে প্রার্থীদের মতপার্থক্য, সেসব নীতির প্রতিক্রিয়া এবং সম্ভাব্য প্রভাব। এবারের নির্বাচনী প্রচারাভিযানে নীতির প্রশ্নটি চাপা পড়েছে অনেক আগেই। যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত তিনটি বিতর্ক, যেখানে আফগানিস্তানের যুদ্ধ একেবারেই আলোচিত হয়নি। আফগানিস্তানে মার্কিন সৈন্যদের উপস্থিতি দেড় দশকের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো যুদ্ধে দেশটি এত দীর্ঘ সময় ধরে যুক্ত থাকেনি। অথচ এ বিষয় নিয়ে আলোচনার কোনো লক্ষণও দেখা যায়নি। জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকেছে অনুচ্চারিত। এই তালিকায় এমন অনেক বিষয়ই যুক্ত করা যায়।
নির্বাচনী প্রচারাভিযানের গোড়া থেকেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন রকম অতীত বক্তব্য ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ৩০ বছর ধরে পাবলিক সার্ভিসে থাকার যে অভিজ্ঞতা এবং তাঁর যে কার্যক্রম, তা হিলারি ক্লিনটনের জন্য একাধারে আশীর্বাদ ও অভিশাপ দুই-ই হয়েছে। হিলারি ক্লিনটনের জন্য সবচেয়ে বেশি অস্বস্তির বিষয় হয়েছে পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত ই-মেইল ও সার্ভার ব্যবহার করা এবং এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া। তা ছাড়া পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর তিনি বিভিন্ন করপোরেশনে কর্তাব্যক্তিদের উদ্দেশে রুদ্ধদ্বার কক্ষে দেওয়া বক্তৃতায় কী বলেছেন, সেগুলো তাঁর প্রকাশ্যে দেওয়া বক্তব্যের সঙ্গে অসংগতিপূর্ণ কি না, সেই প্রশ্ন তাঁর জন্য বিব্রতকর হয়ে উঠেছে।
>হিলারি ক্লিনটন তাঁর আগের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাফল্য লাভ করলেও এখন তিনি একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন; আর তা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার করা স্বাস্থ্যবিমা সংস্কারের ফলে আগামী বছরে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ব্যাপকভাবে বাড়বে বলে যে খবর বেরিয়েছে, সেটি। এ নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রচারাভিযানে নামার পর থেকেই বিতর্কের জন্ম দিয়ে এসেছেন, যার অধিকাংশই ইচ্ছাকৃত। টেলিভিশনের তারকা, বিশেষত রিয়েলিটি শোর তারকা হিসেবে তিনি সম্ভবত এটা অনুমান করতে পেরেছিলেন যে বিতর্ক সৃষ্টি করলে গণমাধ্যমে তাঁর প্রচার বাড়বে। ট্রাম্পের এই অনুমান যে একেবারে ভুল ছিল না, তা তাঁর প্রার্থিতা পাওয়া এবং তার পরে গণমাধ্যমে তাঁর কভারেজ পাওয়া থেকে বোঝা যায়। এই সময়ে তিনি নারী, সংখ্যালঘু জনগোষ্ঠী, মুসলিম, যুদ্ধফেরত যোদ্ধা থেকে শুরু করে অনেকের জন্যই অবমাননাকর মন্তব্য করেছেন।
কিন্তু অক্টোবরের শুরু থেকে তিনি যে বিপদের মুখে পড়েছেন তা হচ্ছে, নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য এবং তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১০ জন নারীর তোলা যৌন হয়রানির অভিযোগ। এর সঙ্গে যুক্ত হয়েছে পরপর তিনটি বিতর্কেই তাঁর পরাজয়। ট্রাম্প বিভিন্ন বিষয়ে কথা বললেও তিনি যে নীতিনির্ধারণী বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান জানাতে পেরেছেন, এমনকি চেষ্টা করেছেন, তা-ও নয়। যেসব বিষয়কে কেন্দ্র করে তিনি তাঁর প্রচারাভিযান চালিয়েছেন, সেটা অভিবাসনবিরোধিতা বা প্রোটেকশনিস্ট বা সংরক্ষণবাদী অর্থনীতি, যা-ই হোক, সেসব বিষয়েও বিকল্প কোনো নীতির কথা তুলে ধরতে পারেননি। উপরন্তু তাঁর আক্রমণাত্মক ভঙ্গি, বিজয়ী হলে প্রতিদ্বন্দ্বীকে কারাগারে নিক্ষেপের হুমকি এবং নির্বাচনের ফলাফল তাঁর অনুকূলে না এলে না মানার ইঙ্গিত দিয়ে তিনি দলের কট্টরপন্থীদের বাইরে তাঁর গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কেবল বিরাট বাধাই সৃষ্টি করেছেন তা নয়, ভোটারদের সঙ্গে তৈরি করেছেন দূরত্ব। তাঁর দলের নেতাদের একটি বড় অংশ তাঁর সঙ্গ ত্যাগ করেছেন।
সেপ্টেম্বরের শেষ দিকে তিনি যেভাবে হিলারিকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলেন, গত তিন সপ্তাহে তাঁর অনেকটাই তিনি হারিয়েছেন। গত তিন সপ্তাহের জনমত জরিপে স্পষ্ট যে হিলারি তাঁর পক্ষে একধরনের জোয়ার তৈরি করতে পেরেছেন। জাতীয় পর্যায়ের জনমত জরিপে হিলারি কমপক্ষে চার পয়েন্টে এগিয়ে আছেন, কোনো কোনো জরিপে হিলারি এগিয়ে আছেন এর চেয়েও বেশি পয়েন্টে। ভোটারদের এই মনোভাবের প্রতিফলন ঘটছে অঙ্গরাজ্যগুলোর জরিপেও। ফলে যেসব অঙ্গরাজ্য রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত তার কোথাও কোথাও ট্রাম্পকে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বলেই মনে হচ্ছে। উদাহরণ হিসেবে অ্যারিজোনার কথা উল্লেখ করা যায়। গত ৬০ বছরে এই রাজ্যে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী মাত্র একবার বিজয়ী হয়েছিলেন। কিন্তু সর্বশেষ জনমত জরিপে দেখা যায় যে হিলারি ক্লিনটন পিছিয়ে আছেন মাত্র এক পয়েন্টে। স্মরণ করা যেতে পারে যে বারাক ওবামা দুবারই রিপাবলিকান প্রার্থীদের কাছে পরাজিত হয়েছিলেন এবং তাঁদের পার্থক্য ছিল ৮ শতাংশের বেশি। শুধু তা-ই নয়, অনুপস্থিত ভোটারদের, অর্থাৎ যাঁরা নির্বাচনের আগেই ভোট দিচ্ছেন, তাঁদের দলগত পরিচয়ের যে হিসাব পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে ডেমোক্র্যাটরা অন্য যেকোনো বছরের তুলনায় অনেকটা এগিয়ে আছে।
যে ১১টি অঙ্গরাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে, তার অধিকাংশতেই হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও ট্রাম্পের জন্য আশার আলো হচ্ছে যে কোনো কোনো অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর পার্থক্য কমে আসছে। বুধবার প্রকাশিত নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনমত জরিপে দেখা যায়, দুজনের ব্যবধান মাত্র ৪ শতাংশের মতো। ওহাইও অঙ্গরাজ্যে ট্রাম্প সামান্য এগিয়ে ছিলেন এবং তাঁর অবস্থা গত সপ্তাহের তুলনায় এখন ভালো। সর্বোপরি যে অঙ্গরাজ্যে না জিতলে ট্রাম্পের কোনো সম্ভাবনাই নেই, সেই ফ্লোরিডায় তিনি হিলারির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছেন। এগুলো থেকে অনুমান করা যায় যে ট্রাম্প ইদানীংকালে যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, তা খানিকটা হলেও মোকাবিলা করতে পেরেছেন, অন্ততপক্ষে তাঁর সমর্থকদের মধ্যে তাঁর বিষয়ে প্রশ্ন ও সংশয় কমাতে পেরেছেন।
হিলারি ক্লিনটন তাঁর আগের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সাফল্য লাভ করলেও এখন তিনি একটা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন; আর তা হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার করা স্বাস্থ্যবিমা সংস্কারের ফলে আগামী বছরে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ব্যাপকভাবে বাড়বে বলে যে খবর বেরিয়েছে, সেটি। এ নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে, কিন্তু এই সংস্কার বাতিল করলে কমপক্ষে দুই কোটি মানুষ আবারও স্বাস্থ্যবিমাবঞ্চিত হবেন। হিলারি এই স্বাস্থ্যবিমাব্যবস্থা কিছুটা সংস্কার করে অব্যাহত রাখার পক্ষে, অন্যদিকে ট্রাম্প তা সম্পূর্ণ বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। হিলারি এখন এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করেন, সেটাই দেখার বিষয়।
হিলারির জন্য এসব চ্যালেঞ্জের চেয়ে সম্ভবত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তাঁর সমর্থকদের আত্মতুষ্টি। গত কয়েক সপ্তাহে ট্রাম্পের প্রতি সমর্থনে বড় ধরনের হ্রাসের কারণে অনেকের মধ্যেই এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে এই নির্বাচনে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা নেই বললেই চলে। নির্বাচনের দিন দশেক আগেই এই ধারণা তৈরি হওয়ার ফলে হিলারি যদি তাঁর সমর্থকদের শেষ অবধি ভোটকেন্দ্রে নিতে ব্যর্থ হন, তবে তার ফল কী হবে, তা সহজেই অনুমেয়। গত কয়েক দিনে ফ্লোরিডায় ট্রাম্পের পক্ষে ব্যাপক প্রচারের মাত্রার বিপরীতে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারের মাত্রাকে বিবেচনা করেই কারও কারও মনে এই আশঙ্কার সৃষ্টি হয়েছে। এই আশঙ্কা কতটা সত্য, আর হিলারির সমর্থকদের মধ্যে এই আত্মতুষ্টি আদৌ চিন্তার বিষয় কি না, সেটা আগামী কয়েক দিনের জনমত জরিপেই বোঝা যাবে।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।