ভোটাধিকার থাকলে ছাত্র সংসদ কেন থাকবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন

দেশের কয়েকটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন না হওয়া নিয়ে সম্প্রতি প্রথম আলো যে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে, সে সম্পর্কে পাঠকের মতামতটি পুনরুল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে করি না। তাঁরা প্রায় সবাই একবাক্যে বলেছেন, অবিলম্বে ছাত্র সংসদগুলোর নির্বাচন হওয়া জরুরি।

সেই সঙ্গে পাঠকদের কাছ থেকে একটি নালিশও এসেছে, আমরা কেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নিয়ে প্রতিবেদন প্রকাশ করলাম? এর বাইরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদসহ (ইউকসু) অন্যান্য ছাত্র সংসদ নিয়েও প্রতিবেদন প্রকাশ করা প্রয়োজন।

তাঁদের এই নালিশ অযৌক্তিক নয়।

একটি গণতান্ত্রিক দেশে ২৬-২৭ বছর ধরে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচন না হওয়া সুস্থতার লক্ষণ নয়। আমরা নির্দিষ্ট সময় পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারী সমিতির নির্বাচনও নিয়মিত হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করেন, সেই নেতারা সরকারের সঙ্গে দাবিদাওয়া নিয়ে দর-কষাকষিও করেন। বছর দুই আগে সরকারি বেতনকাঠামো নিয়ে বিরোধ দেখা দিলে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনে নেমেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃত্বে।

কিন্তু যাঁদের কেন্দ্র করে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নেই, নির্বাচিত ছাত্র সংসদ নেই। অথচ নির্বাচিত ছাত্র সংসদ থাকা যে কত জরুরি, সে বিষয়টি সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন উচ্চ আদালত। আদালত বলেছেন, কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অপূর্ণাঙ্গ সিনেটে যে উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়েছে, সেটি অবৈধ। সিনেট পূর্ণাঙ্গ করেই উপাচার্য প্যানেল নির্বাচন করতে হবে। আর সিনেট পূর্ণাঙ্গ করতে হলে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, ১০৫ সদস্যের ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি পাঁচজন, যাঁদের মনোনয়ন দেওয়ার এখতিয়ার নির্বাচিত ছাত্র সংসদের। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য তাঁর ক্ষমতাবলে বর্তমানে আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী সেখানে একজন স্থায়ী উপাচার্য নিয়োগ দিতে হলে সিনেট পূর্ণাঙ্গ করেই উপাচার্য প্যানেল নির্বাচন করতে হবে। আর সিনেট পূর্ণাঙ্গ করতে হলে ডাকসু নির্বাচন করতে হবে।

একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট পূর্ণাঙ্গ করতে চাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট পূর্ণাঙ্গ করতে জাকসু নির্বাচন করতে হবে। আদালতের এই রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক প্রশ্ন রেখেছিলেন, তাহলে ১৯৯১ সালের পর গঠিত সব সিনেটই অবৈধ হবে কি না? তাঁকে পাল্টা প্রশ্ন করি, এ ধরনের যুক্তি দিয়ে কি ভবিষ্যতেও অপূর্ণ সিনেট নিয়ে আপনারা উপাচার্য প্যানেল করতে চান? অতীতকে আমরা বদলাতে পারব না। তাই বলে ভবিষ্যতের পথ কেন বন্ধ করব। এ ব্যাপারে কেবল বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, শিক্ষকদেরও দায়িত্ব আছে। তাদের উচিত যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচন করেই একটি উপাচার্য প্যানেল তৈরি করে একজন স্থায়ী উপাচার্য বেছে নেওয়া।

ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দিয়েছেন দেশের ১ নম্বর নাগরিক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ডাকসু নির্বাচন ইজ এ মাস্ট।’ যেকোনো অনুষ্ঠান আয়োজনে রাষ্ট্রপতির লিখিত ভাষণ পাঠ করাই নিয়ম। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি লিখিত ভাষণের বাইরেও কিছু কথা বলে থাকেন, যা সচরাচরই রাজনীতিকদের মুখে শোনা যায় না। তিনি মানুষের মনের কথা বলেছেন। মনে পড়ে, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদও অনেক সংকটময় সময়ে লিখিত ভাষণের বাইরে এমন কিছু বলতেন, যা জাতির বিবেককে নাড়া দিত।

ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও। গত বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোর নির্বাচন না হওয়ার জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাহসের অভাবকে দায়ী করেছিলেন। আর এ বছর ২৯ মার্চ সচিবালয়ে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০১৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যাপারে আমরা শিক্ষকদের (কর্তৃপক্ষ) কাছে আবেদন করেছি। তবু কেউ সাহস করে নির্বাচন দেয় না। তারা তাদের আইন (বিশ্ববিদ্যালয় আইন) অনুযায়ী চলে।’ রাষ্ট্রপতির বক্তব্যের ব্যাপারে মন্তব্য চাওয়া হলে তিনি জানান, ‘আমরা তাদের (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) উৎসাহিত করছি। কিন্তু আমরা তো আর সিদ্ধান্ত দিতে পারি না।’

রাষ্ট্রপতির তাগিদ এবং শিক্ষামন্ত্রীর উৎসাহ জোগানোর পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্র সংসদ নির্বাচন দিতে সাহস না পাওয়া বেদনাদায়ক। একই সঙ্গে রহস্যজনক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চপদে কেন সরকার বেছে বেছে এত ভীরু মানুষকে বসায়, যাঁরা রাষ্ট্রপতির তাগিদ ও শিক্ষামন্ত্রীর সাহস জোগানোর পরও সাহসী হতে পারেন না। তাঁদের খুঁটি কোথায় বাঁধা, সেটিও হয়তো বলে দেওয়ার প্রয়োজন নেই। অতিসম্প্রতি ক্ষমতাসীন দলের একটি উপকমিটিতে চার-চারজন উপাচার্যের নাম দেখে প্রথম আলো অনলাইনে লিখেছিলাম, ‘উপাচার্যরা এ কোথায় চলেছেন?’

লেখাটি পড়ে তালিকায় নাম নেই এ রকম একজন পদাধিকারী বললেন, ‘আপনি উপাচার্যদের মান রক্ষা করেছেন।’ তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না, একজন উপাচার্য কী করে দলের উপকমিটির সদস্য হন। এরপর আওয়ামী লীগ থেকে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল, তালিকাটি চূড়ান্ত নয়। দলীয় প্রধানও অনুমোদন করেননি।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান কয়েকজন উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে যে কথাটি বলেন, তা হলো সরকার চাইলেই ছাত্র সংসদ নির্বাচন হতে পারে। কিন্তু সরকারের ছাত্র সংসদ নির্বাচন না চাওয়ার কী যুক্তি থাকতে পারে তা আমাদের বোধগম্য নয়। সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সরকার-সমর্থক ছাত্রসংগঠনের নিয়ন্ত্রণে। বিরোধী দলের সমর্থক ছাত্রসংগঠনগুলোর মধ্যে ছাত্রদল কার্যত ক্যাম্পাসছাড়া। বাম ছাত্রসংগঠনগুলো মাঝেমধ্যে মিছিল-সমাবেশের চেষ্টা করলেও ছাত্রলীগের বাধার মুখে পড়ছে। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্রসংগঠন গত ১০ আগস্ট ডাকসু নির্বাচনের দাবিতে উন্মুক্ত আলোচনার আয়োজন করেছিল। ছাত্রলীগ ওই আলোচনায় অংশ নেয়নি। উল্টো এতে অংশ নিতে আসা ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে বের করে দিয়েছে বলে অভিযোগ আছে। নব্বই-পরবর্তী সময়ে আওয়ামী লীগ তিন দফা ক্ষমতায় থাকলেও ডাকসু নির্বাচনে ছাত্রলীগের আগ্রহ দৃশ্যমান হয়নি। বিএনপি ক্ষমতায় থাকতে একই মনোভাব পোষণ করেছে ছাত্রদল।

ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়ে গত পাঁচ বছরে উচ্চ আদালতে দুটি রিট হয়েছে। কিন্তু একটিরও জবাব দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০১২ সালের ২১ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী। ডাকসুর (১৯৮৯-৯০) সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. মুশতাক হোসেন এবং একজন শিক্ষার্থী গত ১৬ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন, যার ওপর ১৯ মার্চ হাইকোর্টে শুনানি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে মামলা দুটি ঝুলে আছে।

শিক্ষামন্ত্রী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট বা ‘ছাত্র মন্ত্রিসভা’ গঠন করে প্রশংসিত হয়েছেন। প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য স্টুডেন্ট কেবিনেট গঠিত হয়। এর মাধ্যমে বিদ্যালয় পর্যায়েই শিক্ষার্থীরা গণতন্ত্র অনুশীলন ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় বলে সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন। শিক্ষামন্ত্রীর দাবি, ‘শিশুকাল থেকে গণতন্ত্রচর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণু হওয়া, শিক্ষকদের শিখন-শেখানো কার্যক্রমে সহযোগিতা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নত পরিবেশ সৃষ্টি, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের উদ্দেশ্য।’

শিক্ষামন্ত্রী যদি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণতন্ত্রচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার উদ্দেশ্যে সব বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট গঠন করেন, তাহলে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছেন না কেন? এক-দুই বছরের বিষয় নয়, আড়াই দশকেরও বেশি সময় ধরে ছাত্র সংসদগুলোর নির্বাচন হচ্ছে না।

আমরা সাধারণত গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মধ্যে ফারাক করি। প্রথমটিতে ভিন্নমত প্রকাশ ও অনুশীলনের সুযোগ থাকে, যে যার দাবি ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতে পারে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় সেই সুযোগ থাকে না। গণতন্ত্রে জনগণ (ছাত্র সংসদ হলে ছাত্রছাত্রী) নেতৃত্ব বাছাইয়ের সুযোগ পায়। স্বৈরতন্ত্রে সবকিছু ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়। স্বৈরাচারী সামরিক শাসকদের সময়ে যদি নিয়মিত বা অনিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে, গণতান্ত্রিক শাসনামলে কেন নয়?

এর একটি কারণ হতে পারে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার যাঁরা মালিক, তাঁরা ছাত্রদের ভয় পান। ছাত্র সংসদ নির্বাচন দিলে তাঁদের অনিয়ম, দুর্নীতি সব ধরা পড়ে যাবে। তাঁরা আর স্বেচ্ছাচারীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাতে পারবেন না। প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি করতে হবে।

আরেকটি কারণ হতে পারে তাঁরা বিশ্ববিদ্যালয় বা কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ভয়ংকর বিপজ্জনক প্রাণী বলে মনে করেন। শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ দিলে গোটা শিক্ষাপ্রতিষ্ঠানই ধ্বংস করে দেবে। তাঁরা গণতন্ত্রের যোগ্য নন। এই আজগুবি যুক্তি মেনে নিলে তো বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষার্থীর ভোটাধিকার কেড়ে নিতে হয়। এসব তরুণ-তরুণীর ভোটাধিকার যদি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক হয়, তাহলে জাতীয় পর্যায়েও তঁাদের ভোটাধিকার দেশের জন্য মস্ত বড় বিপদ ডেকে আনতে পারে। 

এর বিকল্প হিসেবে একটি প্রস্তাব রাখা যেতে পারে। আগামী জাতীয় নির্বাচনে কেবল তাঁরাই ভোট দিতে পারবেন, যাঁরা কখনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের দরজা মাড়াননি।

আমাদের রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকেরা যদি সেটি মনে না করেন, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিন। অন্যথায় দেশবাসী মনে করবে এই তরুণ প্রজন্মকে তাঁরা ভয় পান। আর এই ভয়ের মাশুল একসময় তাঁদের দিতেই হবে।

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।