ভোটাররা ভোট দিতে যাবেন কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে আজ ভোট। কেন্দ্রে নেওয়া হচ্ছে ব্যালট বাক্স
পাকিস্তানে আজ ভোট। কেন্দ্রে নেওয়া হচ্ছে ব্যালট বাক্স

কাকে ভোট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়—রাজনীতির নানা স্তর বিবেচনা করে ভোটাররা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। পাকিস্তানের একাদশ জাতীয় নির্বাচনেও ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তাঁদের সামনে কয়েকটি ভাবনার স্তর রয়েছে।

বিভিন্ন দল নির্বাচনে অংশ নিলেও প্রধানত দুটি পক্ষের দুটি স্লোগান ভোটারদের সামনে হাজির করা হচ্ছে। নওয়াজের অনুসারী পক্ষের স্লোগান হলো, ‘ভোট কা ইজ্জত দো’ (ভোটকে সম্মান দিন)। এই পক্ষ নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট। তারা বলছে, ভোটের আগে ভোট কারচুপির ব্যবস্থা করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করে তাদের শীর্ষ নেতাদের আটক করা হয়েছে এবং কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। তারা ভোটারদের এসব ‘চক্রান্ত’ নস্যাৎ করতে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের প্রতি জুলুমের দাঁতভাঙা জবাব দিতে বলেছে।

আরেক পক্ষে আছেন ইমরান খানের অনুসারীরা। তাঁদের স্লোগান কিছুটা ভাববাদী। স্লোগানটি হলো, ‘নয়া পাকিস্তান’। এই পক্ষের নেতারা পাকিস্তানে দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রাচীনপন্থী কয়েকটি দলের নেতারা এবং অন্য প্রতিষ্ঠিত দল থেকে বেরিয়ে আসা নেতাদের সঙ্গে নিয়ে একজোট হয়ে তাঁরা এই নয়া পাকিস্তান গঠনের প্রতিশ্রুতি দিচ্ছেন। অবশ্য তাঁদের কথায় বা কাজে ‘পুরোনো’ ও ‘নতুন’ পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।

অপেক্ষাকৃত কম জোরালো পক্ষটি ভুট্টো পরিবারের। একেবারে তরুণ নেতা বিলাওয়াল ভুট্টো তাঁর দলের পুনর্জাগরণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আধুনিক নব্য উদারপন্থায় দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর দলের বেশ কিছু নেতা অন্য দলে চলে গেছেন। বেশ বিপাকে আছে পাকিস্তানের ঐতিহ্যবাহী এই পিপিপি। জারদারি ক্ষমতায় থাকার সময় তিনি বেশ কিছু অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ আছে। এ ছাড়া দলীয় কোন্দল এবং নানা কারণে দলটির এখনকার অবস্থা মোটেও ভালো নয়।

এদের বাইরে বেশ কিছু ছোট দল আছে, যেগুলো এই কিছুদিন আগেও মূলধারার দল হিসেবে পরিচিত ছিল না, সেগুলোও এখন সেনাবাহিনীর আশীর্বাদপুষ্ট হয়ে মূলধারায় চলে এসেছে। তারা ইসলামপন্থী। তারা জনগণকে ‘ইসলামিক পাকিস্তান’ উপহার দেওয়ার কথা বলছে। অর্থাৎ তারা ক্ষমতায় গেলে দেশের আইনকানুন শরিয়ার আলোকে প্রণয়ন করে ইসলামি ভাবাদর্শকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ে আসবে। দেশের অন্যত্র তেমন প্রভাব না থাকলেও সিন্ধু ও করাচিতে তারা সম্প্রতি বেশ মজবুত ঘাঁটি গড়ে তুলেছে।

বেশির ভাগ দেশেই একেক দলের একেক জায়গায় শক্ত ঘাঁটি থাকে। পিপিপি এবং পিএমএলএনের জনসমর্থন পাকিস্তানের সর্বত্রই কমবেশি আছে। তবে তাদের ছাপিয়ে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের প্রভাব এখন দৃশ্যমান হচ্ছে। পাকিস্তানের মানুষের মনে এই ধারণার জন্ম হয়েছে যে ইমরানের ওপর সেনাবাহিনীর সুনজর আছে। তাঁকে ভোটে জিতিয়ে আনতে যা যা করার, তার সবকিছুই করা হবে। ফলে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কি না, ভোটাররা ঠিকমতো ভোট দিলেও তার ফল ঠিকমতো প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান।

তবে এটা ঠিক যে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে একধরনের চাঞ্চল্য এসেছে। তারা আগের নেতৃত্ব নিয়ে বেশ হতাশ। তারা মনে করছে, পিপিপি কিংবা পিএমএলএন এর আগে একাধিকবার ক্ষমতায় এসেছে। তারা কী করতে পারে, সে সম্পর্কে মানুষের ধারণা আছে। এ কারণে তারা ইমরান খানের দিকে ঝুঁকেছে। তরুণ ভোটারদের একটি বিশাল অংশ মনে করে, ইমরানের প্রধানমন্ত্রিত্ব পাকিস্তান এখনো প্রত্যক্ষ করেনি। তাঁকে একবার সুযোগ দেওয়া উচিত।

তবে নির্বাচন নিয়ে পাকিস্তানের মানবাধিকার কমিশন যা বলেছে, তা একেবারে হতাশাজনক। তারা বলেছে, ‘পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও পাতানো নির্বাচন হতে যাচ্ছে।’ তারা মনে করে, এ পর্যন্ত নির্বাচন কমিশন ও রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠান যে আচরণ করেছে, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা সন্দিহান।

এই অবস্থায় জনগণ কেন ভোট দিতে যাবেন, সে প্রশ্ন সংগত কারণেই এসে যায়। প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলে ভোটারদের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। তাঁরা কাদের ভোট দেবেন এবং কেন দেবেন-এ ধরনের প্রশ্ন করা হচ্ছে। জবাবে তাঁদের প্রায় সবাই নাগরিক সুবিধার প্রসঙ্গ আনছেন। তাঁরা বলছেন, যে প্রার্থী নিত্যপণ্যের দাম কমাতে, জীবনযাত্রার মান বাড়াতে এবং দুর্নীতি কমাতে পারবেন বলে তাঁরা মনে করছেন, তাঁকেই তাঁরা ভোট দেবেন। তাঁরা বিশুদ্ধ পানি চান, ভালো রাস্তাঘাট চান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান। কোন নেতা জেলে, কে প্রধানমন্ত্রিত্বের শপথ নেওয়ার রিহার্সাল দিচ্ছেন, এসবের চেয়েও নাগরিক সুবিধা নিয়ে সাধারণ ভোটাররা বেশি চিন্তিত। তাঁরা একরকম ধরেই নিয়েছেন, তাঁদের ভোট দেওয়া না-দেওয়ার ওপর এখন সবকিছু নির্ভর করছে না। বেশির ভাগ রাজনীতিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশ্লেষকেরা মনে করছেন, ভোট কারচুপির কাজ নির্বাচনের অনেক আগেই সারা হয়ে গেছে। তাঁরা মনে করছেন, চুরি যা হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে। ক্ষমতায় বসবেন কে, তা আগেই ঠিক করা আছে।

তাহলে কি ভোটারদের ভোট দিতে যাওয়া উচিত হবে না? আমি মনে করি, ভোটারদের অবশ্যই ভোট দিতে যাওয়া দরকার। আমি বিশ্বাস করি, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যান এবং নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে শক্ত অবস্থান নেন, তাহলে অগণতান্ত্রিক শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তারা যত ক্ষমতাধরই হোক না কেন, ভোটারদের সম্মিলিত শক্তির কাছে তারা পরাজিত হতে বাধ্য হবে। সে কারণে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ভোটারদের ভোট দিতে যাওয়া দরকার।

ডন পত্রিকা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত

এস আকবর জাইদি: পাকিস্তানের সাংবাদিক ও কলামিস্ট