ভোটের পরিসংখ্যানই সব কথা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচন বড় রকমের সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়েছে, এটা স্বস্তির বিষয়। অনেকেই ভোট দিতে গিয়েছেন, নিরাপদে ঘরে ফিরতে পেরেছেন। যাঁরা দিতে পারেননি তাঁরা অসন্তুষ্ট হলেও কোনো বিপাকে পড়েননি, তাতে খুশি।

তবে এ নির্বাচন আমাদের দুটি বড় চমক দিয়েছে; এক. সাম্প্রতিক কালের ইতিহাসে সর্বাধিক ভোটার উপস্থিতি (৮০ শতাংশের ওপরে) এবং দুই. ক্ষমতাসীন দলের ভূমিধস বিজয় (প্রায় ৯০ শতাংশ আসন লাভ)। এর চেয়ে বেশি ভোটের শতকরা হার বোধ করি একমাত্র জেনারেল জিয়াউর রহমানের গণভোটের (১৯৭৭) সময়েই হয়েছিল। সরকারিভাবে দাবি করা হয়েছিল, সেই গণভোটে ভোটার উপস্থিতি ছিল ৯৫ শতাংশ, আর জিয়াউর রহমানের সমর্থনে হ্যাঁ ভোট পড়েছিল ৯৯ শতাংশ।

এবারের নির্বাচনে গড় ভোটার উপস্থিতি জিয়াউর রহমানের গণভোটের চেয়ে অনেক কম হলেও কোনো কোনো আসনে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশ; আর কোনো কোনো বিজয়ী প্রার্থী ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট পেয়েছেন বলে জানা যায়। গণতন্ত্র ও নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের কথা ভাবলে যেকোনো নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতি উৎসাহব্যঞ্জক। তবে বাংলাদেশের এই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে দেশি–বিদেশি বেসরকারি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপরীতধর্মী পরিসংখ্যানও পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো, কোন ভাষ্য বিশ্বাসযোগ্য।

সরকারি পরিসংখ্যান, না বেসরকারি মাধ্যমের খবর? না অনেক সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা? একটি দেশে ভোট হয় ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালকদের নির্বাচনের জন্য। সংসদীয় গণতন্ত্রে নির্বাচন হয় সাংসদ নির্বাচনের জন্য, রাষ্ট্রপতিশাসিত পদ্ধতির গণতন্ত্রে নির্বাচন হয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। অনেক সময় গণভোট হয় কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বা সাংবিধানিক ব্যাপারে জনমত যাচাই করার জন্য, যেমনটি হয়েছিল ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সামরিক শাসন আমলের প্রথম দিকে।

সংসদ কিংবা প্রেসিডেন্ট নির্বাচন হয় দলভিত্তিক। সে জন্য এ নির্বাচন নিয়ে জনসাধারণ খুব সচেতন থাকে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যেহেতু উচ্চ হারের ভোটার উপস্থিতি নির্বাচনকে বৈধতা দেয়, তাই সব সরকারই তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতি ঘটাতে চায়। কিন্তু সে উপস্থিতি বাস্তবিক না কৃত্রিম, তা সব ক্ষেত্রে বোঝা যায় না। সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ না হলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, তখন নানা রকমের ধারণা কাজ করে।

বিপুল ভোটার উপস্থিতি বা ভোটপ্রাপ্তি প্রত্যেক রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের আকাঙ্ক্ষিত। এই লক্ষ্যে তাঁরা নানা রকমের চেষ্টা চালান। যেসব দেশে গণতন্ত্র বহুদিন ধরে বিকশিত হয়েছে, যেখানে রাজনৈতিক দল ও জনসাধারণ গণতন্ত্রের মূল আদর্শে বিশ্বাসী, সেসব দেশের দলগুলো ও তাদের নেতারা নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রচারণা চালান। ভোটাররা যাতে নির্ভয়ে–নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। যেসব দেশে ভোটার উপস্থিতি আর ভোটপ্রাপ্তির সংখ্যার প্রতিই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেসব দেশের সরকারগুলো শুধু পরিসংখ্যানটাই ব্যবহার করতে চায়।

নির্বাচনে হস্তক্ষেপের কাজে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার নিকৃষ্টতম দৃষ্টান্ত ছিল জেনারেল জিয়াউর রহমানের ১৯৭৭ সালের তথাকথিত রেফারেন্ডাম বা গণভোট। এর কিছুদিন আগে তিনি রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদত্যাগে বাধ্য করে নিজে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তারপর তিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান মানুষকে তাঁর ১৯ দফা কর্মসূচিতে যোগদানে উদ্বুদ্ধ করতে। ওই কর্মসূচিতে তিনি জনপ্রশাসনের মাঠপর্যায়ের সব কর্মকর্তা–কর্মচারী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান–মেম্বারদের কাজে লাগান। জেলায় জেলায় ঘুরে ঘুরে জনসভায় বক্তৃতা করার মধ্য দিয়ে কিছুদিন কাটানোর পর যখন তাঁর মনে হলো যে জনসাধারণ তাঁর ভক্ত হয়ে গেছে, তখন তিনি ভাবতে লাগলেন, কীভাবে এই জনসমর্থন ব্যবহার করে নিজের অনির্বাচিত ও অবৈধ ক্ষমতা বা পদটির বৈধতা ও গ্রহণযোগ্য প্রতিপন্ন করা যায়। তিনি ঊর্ধ্বতন সামরিক–বেসামরিক আমলাদের নিয়ে একটি পরামর্শক দল গঠন করেন এবং তাঁদের সঙ্গে পরামর্শ করে একটি রেফারেন্ডাম বা গণভোট অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের ক্ষমতার বৈধতা প্রতিষ্ঠার পরিকল্পনা ও উদ্যোগ নেন।

সেই গণভোট অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালের মে মাসে। এর তিন মাস আগে থেকে থানায় থানায়, গ্রামে গ্রামে প্রচারণা চালানো হয়, জনসাধারণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়। ১৯ দফা কর্মসূচি মাথায় রেখে গণভোটের সরল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়: বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের ওপর আপনার আস্থা আছে কি না (হ্যাঁ অথবা না)। তখন সামরিক শাসন চলছিল, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড ছিল না। ফলে জিয়াউর রহমানের ওই আস্থা ভোটের বিরুদ্ধে কথা বলার বা প্রচারণা চালানোর কেউ ছিল না। জিয়াউর রহমানের নিজের পক্ষে এত প্রচারণারও প্রয়োজন ছিল না। কিন্তু তাঁর বুদ্ধিদাতা পরামর্শক দলটি কোনো ঝুঁকি নিতে সাহস পাচ্ছিল না গণভোটের দিন বিপুল ভোটার উপস্থিতি ও জিয়ার পক্ষে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে। সামরিক–বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলায় জেলায় গিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন, তাঁদের বলেন যে গণভোটে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে না পারলে তাঁরা ব্যর্থ বলে প্রমাণিত হবেন।

ফলে সরকারি কর্মচারীরা মাঠে নেমে পড়লেন: যেভাবেই হোক, ভোটার উপস্থিতি যেন বেশি হয়। এ কাজে জেলা প্রশাসন চাপ প্রয়োগ করে অধস্তন কর্মকর্তা–কর্মচারীদের ওপর, আর তাঁরা এ দায়িত্ব দেন ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের ওপর। এসবের ফলে দেখা গেল, গণভোটে সারা দেশে ভোট পড়েছে ৯০ শতাংশ, আর এই ৯০ শতাংশের ৯৯ শতাংশ ভোটই পড়েছে জিয়াউর রহমানের পক্ষে (অর্থাৎ হ্যাঁ ভোট)।

জিয়াউর রহমানের অতি উৎসাহী বুদ্ধিদাতা ও সরকারি কর্মকর্তা–কর্মচারীদের কারণে হোক, আর যে কারণেই হোক, গণভোটের ঘোষিত ফলাফলে এই ভোটার উপস্থিতি ও হ্যাঁ ভোটের অবিশ্বাস্য উচ্চ হার দেশে–বিদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেশের সংবাদমাধ্যমে এ বিষয়ে বিরূপ কিছু প্রকাশিত না হলেও জনসাধারণ জানত, ভোটের ওই পরিসংখ্যান কতখানি অতিরঞ্জিত, অবিশ্বাস্য ছিল। কারণ, খুব অল্প লোকই ভোট দিতে গিয়েছিলেন, ভোটকেন্দ্রগুলো ছিল দৃশ্যমানভাবে ভোটারবিহীন। খালি ভোটকেন্দ্রে ইউনিয়ন কর্মকর্তারা তাঁদের ওপরওয়ালাদের খুশি করার জন্য ব্যালট বাক্স ভরেছিলেন। আন্তর্জাতিক সমালোচনার মুখে কিছুদিন পর জিয়াউর রহমান নিজেই তাঁর ক্ষমতার বৈধতা ও গ্রহণযোগ্যতার ঘাটতি উপলব্ধি করেন এবং সেটা দূর করার উদ্দেশ্যে পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচন দেন। সে নির্বাচনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন বটে, তবে ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ছিল।

আজ এত বছর পরে জিয়াউর রহমানের গণভোট এবং তার অবিশ্বাস্য ভোট পরিসংখ্যান নিয়ে কথা উত্থাপনের উদ্দেশ্য একটি: নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের প্রমাণ সরকারি পরিসংখ্যান নয়। স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করাই মূল কথা। এ নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে জনমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে এবং জনসাধারণকে সঙ্গে রাখতে নির্বাচনী ব্যবস্থায় আরও স্বচ্ছতার প্রয়োজন। শুধু কথা আর পরিসংখ্যান দিয়ে স্বচ্ছতা আসবে না।

জিয়াউদ্দিন চৌধুরী, ১৯৭৫-৭৮ সালে বৃহত্তর নোয়াখালীর জেলা প্রশাসক ছিলেন