ভ্রাতৃঘাতী সংঘাত নয়, চাই ঐক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাতৃঘাতী সংঘাতে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে আবার এসেছে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু; যা সমতলে ‘বৈসাবি’ নামে সমধিক পরিচিত। বৈসাবি পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ঐক্য ও সংহতির প্রতীক। বিভিন্ন সম্প্রদায় বৈসাবিকে ভিন্ন নামে ডাকলেও উৎসবের দিন ও পালনরীতি একই। আর বৈসাবির দিনে সবার দুয়ার খোলা থাকে সবার জন্য। এদিন শত্রু-মিত্র, ধনী-গরিব, উচ্চ-নিচ সবাই হয়ে যায় সমান। কিন্তু সেই দিন কি আর এখন আছে? এখন কি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ-অধ্যুষিত এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যরা যেতে পারবেন, নাকি জেএসএস-অধ্যুষিত এলাকায় ইউপিডিএফের কর্মীরা যেতে পারবেন? অবশ্যই না। তাহলে বৈসাবির সেই চিরায়ত ঐক্য, সংহতি আর আনন্দ আয়োজন কি পার্বত্য চট্টগ্রামে আগের মতো আছে?বৈসাবিকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের সব এলাকায় কয়েক দিন ধরে চলছে নানা আনন্দ-উৎসব। কিন্তু জেএসএসের (এম এন লারমা) রাঙামাটির সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমাসহ যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারে আনন্দ এসেছে, নাকি প্রায় দুই মাস আগে অপহূত জেএসএসের (সন্তু লারমা) ৫২ জন নেতা-কর্মীর বাড়িতে আনন্দ এসেছে? সুদীর্ঘ চাকমার অবুঝ সন্তান চুগচুগ মন (ভরা মন) চাকমা উৎসবের দিনে তার সমবয়সীদের বাবাদের হাত ধরে ঘুরতে দেখে যদি জানতে চায়, বাবা কোথায়? মা অরুমিতা চাকমার উত্তর কী হবে? ভ্রাতৃঘাতী সংঘাত পার্বত্য চট্টগ্রামে এমন নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বৈসাবিকে আমরা যতই আনন্দ-উৎসব বলি না কেন, ভ্রাতৃঘাতী সংঘাত অনেকের কাছে সেই উৎসবের দিনকে বেদনা ও হতাশ করে তুলছে। এখন মানুষ তার অবসান চায়।বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী দুই যুগের বেশি সময় স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রাম এবং ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পরবর্তী দেড় দশক ধরে বারুদের গন্ধে বিপর্যস্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আর যা-ই হোক, প্রাণভরে আনন্দ-উৎসব করা যায় না। হয়তো ঐতিহ্যের খাতিরে বা প্রধান সামাজিক উৎসব হওয়ায় সামাজিকতার কারণে আদিবাসীদের ঘরে ঘরে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু পালন করা হয়। কিন্তু এখন কি আর আগের সেই মহিমা নিয়ে বৈসাবি পালন করা হচ্ছে। বৈসাবিতে আধুনিকতার ছোঁয়া এসেছে। বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কিন্তু সেই শোভাযাত্রা ও অনুষ্ঠানে এখন মুখ্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়টি। একদিকে চুক্তি বাস্তবায়ন না হওয়া, অন্যদিকে ভ্রাতৃঘাতী সংঘাত সাধারণ আদিবাসীদের মন থেকে মুছে দিচ্ছে আনন্দ নামক শব্দটি। তাই রাঙামাটি শহরের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক মানিক লাল দেওয়ানের কণ্ঠে ফুটে ওঠে সাধারণ খেটে খাওয়া আদিবাসীদের আর্তি, ‘ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে খেলায় মেতে উঠেছি, তা ধ্বংস ছাড়া কিছুই আনবে না।’ (প্রথম আলো, ১০ এপ্রিল ২০১৩)পার্বত্য চট্টগ্রামের আদিবাসীসহ স্থায়ী অধিবাসীদের রাজনৈতিক, অর্থনৈতিক, ভূমি, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার রক্ষার লক্ষ্যে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ১৯৯৭ সালে সই হয়েছে একটি ঐতিহাসিক চুক্তি, যা পার্বত্য চুক্তি নামে পরিচিত। কিন্তু এ চুক্তিকে ঘিরে সৃষ্টি হয়েছে আদিবাসীদের মধ্যে বিভেদ। আর বিভেদ থেকে ভ্রাতৃঘাতী সংঘাত। বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান এ বিষয়ে যথার্থ বলেছেন, ‘চুক্তি বাস্তবায়নের চেয়ে ভ্রাতৃঘাতী সংঘাত এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।’ (প্রথম আলো, ২ এপ্রিল ২০১৩) এ সংঘাতে মতান্তরে কমবেশি হলেও সাধারণভাবে ধরে নেওয়া হয়, সাত শতাধিক আদিবাসী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ-যুবক। আহত হয়েছেন অসংখ্য। এসব আহত-নিহত ব্যক্তির পরিবার হয়তো মনে শান্তি পাবে, যদি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ হয় এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত হয়। কিন্তু তার সম্ভাবনা আছে কি? সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ইতিমধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধাদানকারী হিসেবে অভিহিত করে ইউপিডিএফকে নির্মূলের ঘোষণা দিয়েছে। অপর দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ বহাল রাখতে সন্তু লারমা ভ্রাতৃহত্যায় মেতে উঠেছেন বলে অভিযোগ তুলেছে ইউপিডিএফ। সে কারণে ইউপিডিএফ আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সন্তু লারমার পদত্যাগ দাবি করে আসছে। এ দুই পক্ষের দাবি কতটুকু যুক্তিযুক্ত, সেই বিতর্কে না গিয়েও বলা যায় যে দাবি দুটি পরস্পরবিরোধী। সুতরাং ঐক্য আদৌ সম্ভব কি না, সেই প্রশ্ন থেকেই যায়।তবে পার্বত্য চট্টগ্রামের সাধারণ আদিবাসী থেকে শুরু করে সব শান্তিপ্রিয় মানুষ চায়, ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ হোক। আদিবাসীদের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা জরুরি। আর দেশের একটা অঞ্চলে অশান্তি, ভ্রাতৃঘাতী সংঘাত, অপহরণের মতো ঘটনা ঘটতে থাকলে সামগ্রিকভাবে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে ধরে নেওয়া যায়। তবে এলাকার বৃহত্তর জনগোষ্ঠী যদি ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় সচেতন হয়, তাহলে তা দ্রুত বাস্তব রূপ লাভ করতে পারে। হরি কিশোর চাকমা: সাংবাদিক