ভ্রাম্যমাণ আদালতের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ছে ইলিশের উৎ​পাদন
বাড়ছে ইলিশের উৎ​পাদন

ইলিশ আমাদের অন্যতম জাতীয় সম্পদ। আমাদের গর্ব। বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের উপহার হিসেবে আমরা এটি দিয়ে থাকি। বাংলাদেশের ইলিশের স্বাদ  মানুষের মুখে মুখে। সাম্প্রতিক সময়ে অনেক নেতিবাচক খবরের মধ্যে আশা–জাগানিয়া একটি বিষয় হচ্ছে বিভিন্ন নদ-নদী ও মোহনায় রুপালি ইলিশের জোয়ার। স্মরণকালের সবচেয়ে কম দামে বড় বড় সাইজের ইলিশ আজ সবার পাতে। গত দেড় যুগে এ রকমটি আর দেখা যায়নি।
মৎস্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০০৯ সালে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ মেট্রিক টন এবং ২০১৪-১৫ সালে সে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। এ বছর হবে আরও অনেক বেশি। এ ইলিশ জোয়ার সরকারের বিভিন্ন মহলের অনেক পরিকল্পনার ফসল। এ পরিসংখ্যান অত্যন্ত উৎসাহব্যঞ্জক। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রচুর পরিমাণে রপ্তানির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এ সাফল্যের পেছনের কাহিনিটা জানা থাকলে সবাই মা–ইলিশ সংরক্ষণে আরও বেশি উৎসাহী হবেন বলে আশা করা যায়।
প্রতিবার মা–ইলিশ ও জাটকা নিধনবিরোধী ভ্রাম্যমাণ আদালত ও অভিযানগুলো পরিচালিত হচ্ছে ব্যাপক উৎসাহ ও পরিকল্পনা নিয়ে। উপকূলীয় এলাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসন, পুলিশ, মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, নেভি, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন বিভাগের হাজারো কর্মচারীকে অভিযান চলাকালে রাতগুলো নির্ঘুম কাটাতে হয়। ভ্রাম্যমাণ আদালতগুলোকে বিপজ্জনক ও বিরুদ্ধ পরিবেশে তীব্র শীতের মধ্য দিয়ে সারাটা রাত নদীতেই পার করতে হয়। মোহনার বড় বড় ঢেউয়ের মধ্যে ভাড়া করা হালকা ট্রলার নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সত্যি দুঃসাহসিক। এ সময় হিসাব রাখতে হয় জোয়ার-ভাটার।

কাদামাটি, খানাখন্দ, ডোবা-খাল, সাপ-পোকার মধ্যে নদীর তীরে তীরে, খাল-ডোবার কোনায়-কানায় স্বল্প কয়েকজন পুলিশ সদস্যসহ মাইলের পর মাইল হেঁটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের জীবনে অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রথম প্রথম খুব ভয় লাগত। জেলেরা মানতে চাইতেন না। অনেককে জেল-জরিমানা করতে হতো। উপকূলীয় এলাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ও জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান তদারকিতে নির্ঘুম রাত কাটাতে দেখেছি। জেলার এ কর্মকর্তারা নিজেরাই মাঝেমধ্যে বেরিয়ে পড়েন ইলিশরক্ষার অভিযানে। অনেক দেশপ্রেমিক স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ অভিযানে সহায়তার হাত বাড়িয়ে দেন। মা–ইলিশ রক্ষার অভিযানে সক্রিয় ভূমিকা পালন করা ও ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করায় ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দুষ্কৃতকারীদের রোষের শিকার হয়ে আহত হতে হয়েছিল। লাঞ্ছিত হতে হয়েছে বিভিন্ন পর্যায়ের অসংখ্য সরকারি কর্মচারীকে। তবু অভিযান থেমে থাকেনি।

বাস্তবতা হচ্ছে, বেশির ভাগ জেলে নিজেরাই বুঝতেন, নিষেধ করা সময়ে মা–ইলিশ শিকার অন্যায়। কিন্তু যেসব জেলে ভ্রাম্যমাণ আদালতের শাস্তির ঝুঁকি নিয়ে কাজটি করতেন, তাঁরা আসলে অনেকটাই নিরুপায়। স্থানীয় স্বার্থান্বেষী ও লোভী একটি মহল কৌশলে জেলেদের দুর্বল অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে চড়া সুদে দাদনের জালে জড়িয়ে ফেলতেন। তখন জেলেরা নিরুপায় হয়ে নিজ ইচ্ছা ও রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সময়ে লুকিয়ে ইলিশ শিকারে নামেন।

আশার খবর হচ্ছে, ইলিশ শিকারের নিষেধাজ্ঞাকালীন সরকার জেলেদের বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রণোদনা দিতে হাত বাড়িয়ে দিয়েছে। মৎস্য আহরণ নিষিদ্ধের সময়সহ কর্মহীন মৎস্যজীবীদের ক্ষতিপূরণ/প্রণোদনা হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক মৎস্যজীবী পরিবারে প্রতি মাসে ৪০ কেজি হিসাবে চার মাস চাল দেওয়া হচ্ছে। চিন্তা করা হচ্ছে বিকল্প কর্মসংস্থানের। এটি ইলিশ সংরক্ষণে ব্যাপক ভূমিকা পালন করছে। উপকূলীয় এলাকায় মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা তৈরি করছে গণসচেতনতা।

এত দিন মা–ইলিশ রক্ষায় অভিযান ছিল ১৫ দিনের। সরকার এবার ২২ দিন মা–ইলিশ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের সব নদীতে মা–ইলিশ রক্ষা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় ইলিশ শুধু শিকারই নয়, বিক্রির জন্য হাটবাজারে তোলা বা সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। উপকূলীয় এলাকাসহ সারা দেশে জোরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

তবে আমাদের বিশ্বাস, বরাবরের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শাস্তির ভয়ে নয়, দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে দেশের এ মূল্যবান সম্পদ রক্ষায় সবাই স্বেচ্ছায় এগিয়ে আসবে। সারা বছর ইলিশের প্রাচুর্য আমাদের সফলতার প্রতীক হিসেবে ধরে নিয়ে যার যতটুকু ভূমিকা রাখা সম্ভব, সেটুকু নিয়ে সবাই এগিয়ে এলে জয় আমাদের হবেই। এ দেশের প্রতিটি মানুষের পাতে সারা বছর জুটবে বাংলার রুপালি ইলিশ।

তৌহিদ এলাহী: নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা।