কিছুদিনের মধ্যে শোকের মাস আগস্ট শুরু হবে। মাসজুড়েই বঙ্গবন্ধুকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হবে, তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধা জানাবে অসংখ্য তরুণও, যারা ইউটিউবে তাঁর ভাষণ শুনে, তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়ে তাঁকে জেনেছে। তিনিই যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তাঁর নেতৃত্বেই যে আমাদের স্বাধিকার আদায়ের সংগ্রাম শুরু হয়েছিল এবং তাঁর অনুপস্থিতিতে তাঁকে প্রেরণা মেনেই যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, এই সত্যগুলো তরুণেরা জেনেছে। এবং যত জানছে, বঙ্গবন্ধুকে তত তারা কাছের মানুষ হিসেবে পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তরুণদের নিয়েই আমার দিন কাটে। তাদের আমি জানি এবং বুঝি বলেই বিশ্বাস করি; তাদের প্রাগ্রসর চিন্তাভাবনা এবং বাংলাদেশ নিয়ে তাদের আশাবাদ আমাকেও উজ্জীবিত করে। কিছুদিন আগে প্রকাশিত বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা অনেকেই পড়েছে। তাদের এখন অনেক প্রশ্ন, যার কিছুর উত্তর আমার কাছে নেই। হয়তো আওয়ামী লীগের নেতৃত্বের কাছে আছে। কয়েকটি প্রশ্ন এ রকম:
১. বঙ্গবন্ধু দীর্ঘ সময় জেল খেটেছেন, অত্যাচার-জুলুম সয়েছেন গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। এখন তাঁর আদর্শের অনুসারীরা কেউ জেল খাটেন না, অত্যাচার-জুলুমও তাঁদের ওপর হয় না—হয় বিরোধীদের ওপর, সাধারণ মানুষের ওপর, সাংবাদিকদের ওপর। কেন?
২. বঙ্গবন্ধু স্বাধীন মতপ্রকাশের ওপর জোর দিতেন। তিনি সাহসী সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। অথচ এখন সংবাদপত্রের এবং সাংবাদিকদের স্বাধীনতা হুমকির মুখে। আইসিটি আইনের ৫৭ ধারার খড়্গ ঝুলছে তাঁদের ওপর। কেন?
৩. বঙ্গবন্ধু চাটুকারিতা পছন্দ করতেন না। কিন্তু এখন তাঁর নাম ভাঙিয়ে চাটুকার বাহিনী সন্ত্রাস ছড়াচ্ছে। এদের কারা আশকারা দিচ্ছে? কেন এদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে না?
৪. বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ অনেক ক্ষেত্রেই তাঁর রেখে যাওয়া আদর্শের উল্টো পথে হাঁটছে। কেন?
আরও প্রশ্ন আছে তরুণদের। তারা কোনো সভা-সেমিনারে সেগুলো তুলতে পারবে না। পারবে না ভীতির কারণে। এই ভীতি এখন সর্বগ্রাসী। এ জন্য তারা এসব তুলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সরকারি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসব যোগাযোগের মাধ্যমে থাকেন কি না জানি না। কিন্তু একটু সময় নিয়ে থাকলে তাঁরা বুঝতেন, মানুষ কতটা ত্যক্তবিরক্ত অনেক কিছু নিয়ে। কিছুদিন আগে বরিশাল জেলা আওয়ামী লীগের এক নেতা বঙ্গবন্ধুর বিকৃত ছবি ছাপার অভিযোগে এক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একেবারে জেলের মুখে নিয়ে গেলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে, নিন্দা-ধিক্কার-প্রতিবাদের যে ঝড় উঠল, তার মাত্রা আওয়ামী লীগের নেতৃত্বও অনুভব করল। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি ওই লোকটিকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। এর ফলে ক্ষোভ কমল, কিন্তু উদ্বেগ কমল না। কারণ, বরিশালের ওই নেতার বিরাগভাজন যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা না হয়ে সাধারণ একজন নাগরিক হতেন, তাহলে কী হতো, তা সহজেই অনুমেয়। কয়েক বছর ধরেই তো দেখা যাচ্ছে ‘মানহানির’ নামে হয়রানিমূলক অনেক মামলা হয়েছে। ৫৭ ধারায় অনেক মামলা ঠোকা হচ্ছে, প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে মানুষকে শায়েস্তা করা হচ্ছে।
উদ্বেগের বড় কারণও রয়েছে। সভা-সমিতিতে মতপ্রকাশের সুযোগ নেই, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে আছে। সেখানে সরকারের, কোনো মন্ত্রীর অথবা গুরুত্বপূর্ণ কারও সমালোচনা করলেই ৫৭ ধারার ফাঁস গলায় পরার ভয় থেকে যায়। এই ধারায় মামলা হলে ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে; মামলা দায়েরের সঙ্গে সঙ্গে পুলিশও অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে নিয়ে যেতে পারে। উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছেছে যে সংবাদপত্রের সম্পাদকেরা সভা করে এটি বাতিলের আবেদন করেছেন। এখন যেহেতু জাতীয় থেকে জেলাপর্যায়ের পত্রিকার অনলাইন সংস্করণ বের হয়, ৫৭ ধারায় এসব পত্রিকায় ছাপানো মতামতের ক্ষেত্রেও
এই ধারা প্রয়োগ হতে পারে। আইনমন্ত্রী অবশ্য বলেছেন, আইসিটি আইন থেকে এই ধারাটি বাতিল হবে, কিন্তু প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ ধারায় বাতিল করা (যদি করা হয়) ৫৭ ধারা আরও শক্তি নিয়ে আবির্ভূত হবে। ফুটন্ত কড়াই থেকে আগুনে পড়ার মতো ব্যাপার।
ভারতের সুপ্রিম কোর্ট সে দেশের তথ্যপ্রযুক্তি আইন থেকে আমাদের মামাতো ভাই ৬৬এ ধারাটি বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন, এই ধারা সংবিধানের প্রধান দুই স্তম্ভ স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার গোড়া ধরেই টান দেয়। আমাদের সম্পাদকেরাও সেই কথা বলেছেন।
বর্তমান তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন ও জাতীয় অনলাইন গণমাধ্যম গাইডলাইনের ৬৬এ ধারা তুলে নেওয়া হোক। এটি করা হলে এবং আগস্টের আগেই, বঙ্গবন্ধুকে আমরা সত্যিকার শ্রদ্ধা জানাতে পারব।
আওয়ামী লীগ পুরোনো একটি দল। গণতন্ত্রের পক্ষে এর ঘোষিত অবস্থানকে এই দল কেন দুর্বল করবে? মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানালে জনগণের সম্মান পাওয়া যাবে। তরুণদের বিশ্বাস করলে, ভিন্নমতকে মেনে নিলে সুশাসনের পরিধি বাড়বে। দুর্নীতি কমবে। দুশ্চরিত্র লোক সবখানেই আছে। কটূক্তি করার লোকেরও অভাব নেই। কিন্তু এদের মোকাবিলার জন্য প্রচলিত আইনই যথেষ্ট। কঠোর আইন করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়া যায় না। মানুষ ও প্রতিষ্ঠানের সুরক্ষা নির্ভর করে সততা ও জনসংশ্লিষ্টতার ওপর।
একটি বাগান একটি ফুল দিয়ে হয় না। শতফুল ফুটলে বাগান পরিপূর্ণ হয়। অনেক মতের সহাবস্থানে গণতন্ত্রেরও একটি
বাগান তৈরি হয়, যাতে প্রবেশের অধিকার থাকে সবারই।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।