
যেকোনো দেশের রাজধানীর নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাজধানীর নিরাপত্তার সঙ্গে রাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত। কোনো দেশের প্রধান বিরোধী দলের যদি অতিমাত্রায় সহিংসতার ভাবমূর্তি তৈরি হয়, তাহলে সেটা ক্ষমতাসীন দলের জন্য স্বস্তিকর হলেও রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হতে পারে না।
এবার রাজধানীতে সেপ্টেম্বরে পুলিশের দাবি অনুযায়ী যা যা ঘটেছে, তা সত্যি ভয়ংকর। তথ্য অনুযায়ী ওই মাসে ৫৭৮টি নাশকতার মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ৯০টি। উদ্ধার হয়েছে ১ হাজার ১৮৬টি ককটেল ও ৩৭০টি পেট্রলবোমা। শুধু সেপ্টেম্বর নয়, অক্টোবরে ৭৬টি ও নভেম্বরে ৪৩টি নাশকতা মামলার তথ্য পাওয়া গেছে। অথচ এসবের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। গত সেপ্টেম্বর থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত এসব মামলায় বিএনপি ও তার মিত্র সংগঠনের দেড় হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এটাও লক্ষণীয় যে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে হাজির করেছে।
এসব ঘটনা যদি ঘটে থাকে, তবে তা যেমন ভয়ংকর, আর যদি না ঘটে থাকে তবে সেটাও ভয়াবহ। আর এসব ঘটেছে বলে দাবি করে নথিভুক্ত করলেই তা সত্য হয়ে যাবে না। মাত্র তিন বছর আগে সাংবাদিকদের কাছে ডিবির তৎকালীন উপকমিশনার (বর্তমানে যুগ্ম কমিশনার) শেখ নাজমুল আলমের দেওয়া ধারণার সঙ্গে আমরা বর্তমান পরিস্থিতিকে মিলিয়ে দেখতে পারি। তখন দেশজুড়ে চলছিল বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধের মধ্যে আগুন-সন্ত্রাস। শেখ নাজমুল তখন বলেছিলেন, ‘মাত্র ৪৫ থেকে ৫০ জন ব্যক্তি রাজধানীতে নাশকতা করে বেড়াচ্ছে। তাদের তথ্য ডিবির কাছে রয়েছে।’ অথচ সেই ঢাকায় ইদানীং নাকি হরহামেশা ১০০ থেকে ১৫০ জন নাশকতার জন্য জড়ো হন। তঁারা নাশকতা করেন। পুলিশ তাতে আহত হন। কিন্তু কাকপক্ষী টের পায় না।
আদালতের বারান্দায় কান পাতলেই এখন ‘রাজনৈতিক মামলা’ কথাটি শোনা যায়। অথচ দেশের কারাগারগুলোতে কোনো রাজবন্দী নেই। সংবেদনশীল এই শব্দ আমরা মুছে ফেলতে সক্ষম হয়েছি। আগেও গায়েবি মামলা ছিল এবং আগেও এ রকম নাশকতার মামলা ছিল। প্রবীণ আইনজীবী আমীর-উল ইসলাম প্রথম আলোতে প্রকাশিত তাঁর অভিমতে বিএনপি-জামায়াত জোটের তাণ্ডব সম্পর্কে একটি ধারণা তুলে ধরেছেন। তাতে তিনি হাইকোর্ট থেকে সুরক্ষা লাভের স্মৃতিচারণা করেছেন। কিন্তু ২০১৮ সালে যে প্রবণতাটি নতুন সেটি হচ্ছে, সেপ্টেম্বর মাস থেকেই নাশকতা ও ধরপাকড়ের প্রকোপ বেড়ে গেল। আর এবারের নাশকতা ও ধরপাকড়ের যে মহামারি, তার বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথমত, আসন্ন নির্বাচনের আগে প্রধান বিরোধী দলের নেতা-কর্মীরাই এর আসামি। দ্বিতীয়ত, বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) এবং ২৫(ডি) ধারা, যা চুয়াত্তরে বিশেষ পরিস্থিতিতে পাটের গুদাম, রেল, সরকারি অফিসের নিরাপত্তায় যুক্ত করা হয়েছিল, পুলিশ হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির ১৪৩ থেকে ১৪৯ ধারা এবং ১৯৬০ সালের বিস্ফোরক আইনের কতগুলো ধারা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এর সাজা ৭ বছর থেকে মৃত্যুদণ্ড। তৃতীয়ত, মৃত মানুষের নামে মামলা। চতুর্থত, ১ হাজার ১৮৬টি ককটেল ও ৩৭০টি পেট্রলবোমা উদ্ধারে বোমা ডিসপোজাল স্কোয়াডের কাছে পুলিশ সাহায্য নিয়েছে মাত্র একবার।
পুলিশ আমাদের স্বাধীন নির্বাচন কমিশনকে লজ্জার দায় থেকে বাঁচিয়েছে। অন্তত সিইসির মুখরক্ষা করেছে। কারণ, তিনি সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছিলেন। মন্ত্রীরা বলছেন, আমরা সন্দেহভাজন কাউকে ধরি না। কারণ, সন্দেহভাজন তো আর কেউ নেই! তারা ইতিমধ্যে কোনো না কোনোভাবে এজাহারভুক্ত আসামি হয়ে গেছেন। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের একটি তদন্ত আদেশের কারণেই বিচার সম্ভব হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের রায়ে সেটাই বলা হয়েছে। একবার অবৈধ আটকাদেশ দেওয়ায় মির্জা আব্বাসসহ তিনজনকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, কিন্তু পরে আপিলে অবৈধ টিকে যায়, ক্ষতিপূরণ আদেশ খারিজ হয়। গত ২৩ সেপ্টেম্বর গায়েবি মামলার বিষয়ে রিট করেছিলেন বিএনপিপন্থী তিন আইনজীবী। আইজিপিকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর দেওয়া তদন্ত নির্দেশ যদি কার্যকর হতো, তাহলে হয়তো গায়েবি মামলার রাশ টানা সম্ভব হতো। তদন্তের, এমনকি কার্যত আদালতের এখতিয়ারের বিরোধিতা করেছিলেন অ্যাটর্নি জেনারেল। এখন কিন্তু প্রথম আলোয় প্রকাশিত ‘এক ভয়ংকর সেপ্টেম্বর’ বিষয়ে কী বলবেন তিনি? সে বিষয়ে তাঁর কাছে মানুষ জবাবদিহি আশা করতে পারে। গায়েবি মামলার ওই রিটে বিভক্ত আদেশ হয় এবং পরে তা তৃতীয় বেঞ্চে নাকচ হয়ে যায়।
পুলিশের পরই আসে বিচার বিভাগের ভূমিকা। ভয়ংকর সেপ্টেম্বর ঘটানো কেবলই পুলিশ বিভাগের সফলতা-ব্যর্থতার মানদণ্ডে বিচার্য হতে পারে না। আদালতের ঘটনাপ্রবাহ কী বলে? গ্রেপ্তার ও রিমান্ডের বিষয়ে আপিল বিভাগের আপিল বিভাগের রায়টি কি মান্য করা হচ্ছে? গত নভেম্বরে গ্রেপ্তার হওয়া ৪৩৪ জনকে এক দিনে সিএমএম কোর্টে হাজির করানো এবং একই দিনে প্রায় ৩০০ মানুষকে রিমান্ডে যেতে আমরা দেখেছি। গত তিন মাসে ঢাকার পুলিশ সব আসামিকেই ঢাকার সিএমএম কোর্টে হাজির করেছে।
২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হওয়ার আগে সারা দেশে এই আদালতগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হতো। বিচারকেরা বিসিএস ক্যাডার কর্মকর্তা ছিলেন। ঢাকার সিএমএম হতেন একজন যুগ্ম সচিব। ২০০৭ সালের আগের সব নির্বাচনে আমলা নিয়ন্ত্রিত বিচারব্যবস্থার অবসান চেয়েছে দুই বড় দল, যখন তারা ক্ষমতার বাইরে ছিল। তারা দিনরাত বলত, এই আদালতগুলো সরকারের নিয়ন্ত্রণে, তাই তাদের সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করতে হবে। কিন্তু এতে তারা কখনো আন্তরিক ছিল না। শেষ পর্যন্ত দুই দলের অনীহা বা বাধা সত্ত্বেও ২০০৭ সালে পৃথক্করণের আংশিক বাস্তবায়ন ঘটল। কিন্তু এ নিয়ে তর্ক বা উত্তেজনার অবসান ঘটেনি। আশ্চর্যের বিষয়, এবার নির্বাচনী ইশতেহারে বিএনপি নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণ–সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদের বিষয়ে বাহাত্তরের সংবিধানে ফেরার অঙ্গীকার করেছে।
সিএমএম কোর্ট রাজনৈতিক মামলা বা সাজানো মামলা বিবেচনায় আসামিদের তাৎক্ষণিক জামিন দিতে পারেন। এমনকি পুলিশের মুখের ওপর মামলাটাই ডিসমিস করে স্থায়ীভাবে মুক্তি দিতে পারেন। এই এখতিয়ার তঁার সাংবিধানিক। আবার পুলিশের রিপোর্টকেই (প্রাথমিকভাবে) সত্য জেনে জামিন নামঞ্জুর করে সরাসরি কারাগারে বা রিমান্ডে দিতে পারেন। সাম্প্রতিক দেড় হাজার নাশকতা মামলার আসামিদের মধ্যে ঠিক কতজন আদালতের কক্ষ থেকে সরাসরি বাড়িতে কিংবা আদৌ কারও মামলা ডিসমিস হয়েছে কি না, তা জানা যায় না।
রাজধানীতে এক ভয়ংকর সেপ্টেম্বর উদ্ঘাটিত হয়েছে, এটি কি টিপ অব দ্য আইসবার্গ? সারা দেশের চিত্রটি কী?
হাইকোর্টে ভিড়। অথচ আগাম জামিন প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত দিতে পারেন। প্রচলিত আইনের এই বিধান কার্যকর করা হলে হাইকোর্টের ওপর চাপ কমে। নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগার থেকে জামিনের দরখাস্ত করা সহজ নয়। সিএমএম কোর্ট প্রথমে তাঁদের জামিনের আবেদন নাকচ করবেন। এরপর সেই নাকচ আদেশের বিরুদ্ধে তাঁরা যাবেন মহানগর দায়রা জজ আদালতে। সেখানেও জামিনের আদেশ না পেলে তাঁরা হাইকোর্টে আসবেন। কিন্তু এই প্রক্রিয়া (জামিন নেওয়া) শেষ হতে যে কারও অন্তত কয়েকটা সপ্তাহ নির্ঘাত কারান্তরালে কাটাতেই হচ্ছে।
আমরা বুঝতে পারি, ইসি কোনো অসাধারণ প্রতিকারের উদ্যোগ না নিলে ভোটের দিন সারা দেশে বিরোধী প্রার্থীদের নির্বাচনী এজেন্ট সংকট দেখা দিতে বাধ্য। কোনো সাধারণ নির্বাচনের আগে নাশকতা মামলা দায়েরের এ রকম কোনো ঘটনার অতীত নজির নেই। সিইসি কারাগারগুলো পরিদর্শনের উদ্যোগ নিতে পারেন। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন উদ্যোগ নিতে পারে।
নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের উদ্বেগ থাকা স্বাভাবিক। কিন্তু গায়েবি মামলা দায়ের করে তা প্রতিহত করার পদক্ষেপ আত্মঘাতী। ২০১৪ সালের একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২০১৩ সালের ২৫ নভেম্বর। ২৬ নভেম্বর থেকে ৪ জানুয়ারি ৩৯ দিনে হরতাল-অবরোধসহ রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল ১২২। সুতরাং পুলিশ নিশ্চয় অতীতকে বিবেচনায় নেবে।
প্রশ্ন হলো, গায়েবি মামলা এবং পাইকারি গ্রেপ্তারের পরিকল্পনা অত্যুৎসাহী এবং অপরিণামদর্শী কর্মকর্তাদের কাজ বা কারসাজি নয় তো? ২০১৬ সালে পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছিলেন, তা হচ্ছে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবিলা করতে গিয়ে পুলিশের ২১ জন সদস্য মারা গেছেন। এই সময় বিএনপি ও জামায়াত-শিবিরের পেট্রলবোমা হামলায় ২৩১ জন নিহত, ১ হাজার ১৮০ জন আহত, ২ হাজার ৯১৮টি লঞ্চে আগুন, স্থাপনায় আগুন ও ভাঙচুর, ভূমি অফিসে অগ্নিসংযোগ করা হয়। তিনি এই সহিংসতা রুখতে পুলিশের ভূমিকার যথার্থই প্রশংসা করেন। তখন মরণোত্তর পদক দেওয়া হয় ১৯ জনকে। কিন্তু এই সেপ্টেম্বরে যে এতগুলো নাশকতার ঘটনা ঘটল, তার পরিসংখ্যানগুলো কী?
এ ঘটনার কোনো ভালো ব্যাখ্যা হাজির করতে না পারলে এটিকে ব্যক্তি ও গোষ্ঠীগত সংকীর্ণ স্বার্থে প্রতিষ্ঠান ধ্বংস করার প্রচেষ্টা হিসেবেই মানুষ ধরে নেবে। আমীর-উল ইসলাম ২০০১ সালে আদালতের পক্ষে প্রতিকারমূলক সৃজনশীল উদ্ভাবনী আদেশের কথা বলেছেন। এখন সিইসির কাছ থেকে আমরা এই বিষয়ে একটা ব্যাখ্যা আশা করি। তথাকথিত নির্দিষ্ট মামলার ভিত্তিতে পরোয়ানার বৈধতা চ্যালেঞ্জ করা তার দায়িত্বের মধ্যে পড়ে।
মিজানুর রহমান খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক